চন্দ্রদ্বীপ ডেস্ক: আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি চক্র (২০২৩-২৫) শেষ হওয়ার পথে। ফাইনাল খেলার দৌড়ে রয়েছে চারটি দেশ, এর মধ্যে দুটি দল সেই গন্তব্যে পৌঁছানোর সুযোগ রয়েছে। একই সময়ে ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও নিজেদের অবস্থান রদবদল করছেন ক্রিকেটাররা। প্রথমবার টেস্টের নম্বর ওয়ান ব্যাটার হয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের হ্যারি ব্রুক। একইভাবে বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থানেও বড় পরিবর্তন হয়েছে।
আজ (বুধবার) পুরুষ ক্রিকেটে র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দীর্ঘদিন টেস্ট ব্যাটিংয়ের শীর্ষস্থান দখলের লড়াইয়ে ছিলেন ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। এবার তাদের টপকে প্রথমবার এক নম্বর ব্যাটার হয়েছেন ব্রুক।
ডানহাতি এই ইংলিশ ব্যাটার কিউইদের বিপক্ষে বেসিন রিজার্ভ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১২৩ ও ৫৫ রান করেছেন। যার সুবাদে বর্তমানে টেস্ট ব্যাটারদের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৮৯৮ নিয়ে তিনি রুটকে (৮৯৭ রেটিং) টপকে যান র্যাঙ্কিংয়ে। রুটও ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। টেস্ট ব্যাটারদের সর্বকালের রেটিংয়ে ৩৪তম অবস্থান বর্তমান ব্রুকের পাওয়া পয়েন্ট, এর আগে সমান রেটিং পেয়েছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।





