বাংলাদেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ মৌ শিখা। দীর্ঘদিন ধরে ছোটপর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। বিনয়ের সঙ্গে সহজ-সরল অভিনয়ে তিনি নাট্যপ্রেমীদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই নাটকে তার কাজ কমে যাওয়ায় চরম হতাশায় দিন কাটছে এই গুণী অভিনেত্রীর।
শনিবার (২৬ জুলাই) এক আবেগঘন ফেসবুক পোস্টে মৌ শিখা লিখেছেন, “আমি মৌ শিখা। অনেক বছর ধরে অভিনয় করে আসছি। এতদিন নিজেকে অভিনেত্রী বলেই পরিচয় দিতাম। কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫-২০ দিন কাজ করতাম, এখন করছি মাত্র ৪-৫ দিন। তাহলে কিভাবে ভাবব আমি একজন অভিনয়শিল্পী?”
তিনি জানান, অভিনয়ই তার জীবিকা। এই পেশা দিয়েই সংসার চলে। কাজ না থাকায় তিনি চরম মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। পোস্টে তিনি আরও বলেন, “বেঁচে থাকতে যদি আমার মূল্যায়ন না হয়, মৃত্যুর পরে আফসোস করে কী লাভ? আমি চাই বেঁচে থাকতেই কেউ বলুক—এই মহিলা ভালো অভিনেত্রী ছিলেন।”
শিখার আবেগময় বার্তায় উঠে আসে শিল্পীজীবনের এক নির্মম বাস্তবতা। তিনি লেখেন, “২৫ বছর ধরে মিডিয়ায় কাজ করছি, এখনো আগের রেমুনারেশনেই কাজ করি। কখনো বাড়াইনি। অথচ এখন ডিরেক্টররা আর ডাকছেন না। আমাকে গল্পের চরিত্রে মানানসই ভাবছেন না। কেন?”
এই পোস্টে শিখা সহকর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে বলেন, “যে কটা দিন বাঁচি, কাজ করতে চাই। আপনারা পাশে থাকুন, সহযোগিতা করুন। আল্লাহ নিশ্চয়ই সহায় হবেন।”
মৌ শিখার এই খোলা চিঠির মতো ফেসবুক পোস্ট দেখে অনেক সহকর্মীই আবেগাপ্লুত হয়েছেন। অভিনেত্রী মনিরা মিঠু সান্ত্বনার সুরে মন্তব্য করেন, “ভয় নেই শিখা, আমরা দুইজন মিলে চায়ের টং দোকান দিবো। আমাদের হাতে সবাই চা, কফি, বিস্কিট খাবে, লাইন ধরে দাঁড়িয়ে খাবে।”
এই ঘটনায় অনেকেই বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার প্রসঙ্গ টানছেন। তিনিও একসময় বলিউডে কাজ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় সরাসরি লিখেছিলেন, “আমাকে সবাই ভুলে গেছেন। প্লিজ আমাকে কাজ দিন।” সেই আবেদন থেকেই পরবর্তীতে ‘বাধাই হো’-এর মতো ছবিতে অভিনয় করে আবার আলোচনায় আসেন তিনি।
তেমনি, মৌ শিখার এই খোলা ডাকে মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষেরা আরও সংবেদনশীল হবেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শিল্পীদের মূল্যায়ন হোক তারা বেঁচে থাকতে, তবেই শিল্প জগৎ হবে মানবিক, মর্যাদাপূর্ণ।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





