চন্দ্রদ্বীপ ডেস্ক : ব্যাংকিং খাতে সংস্কার চলছে কিন্তু থেমে নেই কাগজে-কলমে মন্দ ঋণ কমানোর কার্যক্রম। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতেও সুযোগ নিয়ে খেলাপি ঋণ পুনঃতফসিল বা নিয়মিত হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ২০২৪ সালের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংক খাতে ২০ হাজার ৭৩২ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়েছে। এর মধ্যে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চে) পুনঃতফসিল করা হয় ২ হাজার ৪৪৮ কোটি টাকা, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ১০ হাজার ৯২৮ কোটি টাকা এবং তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৭ হাজার ৩৫৬ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করে নিয়মিত করা হয়েছে।
আলোচিত সময়ে ব্যাংকগুলোতে আগের বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৯২২ কোটি টাকা বেশি খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়েছে। এর আগে ২০২৩ সালে তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংক খাতে ১৮ হাজার ৮১০ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল।





