এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে মুজাহিদুল ইসলাম শাহীন

Views: 85

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। তিনি পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান হিসেবেও পরিচিত।

বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে তাঁর দায়িত্বপ্রাপ্তির বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, আগামী এক মাসের মধ্যে বরিশাল বিভাগের প্রতিটি জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব নতুন সাংগঠনিক সম্পাদকদের ওপর ন্যস্ত থাকবে।

দলীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আদর্শিক অঙ্গীকারকে মূল্যায়ন করেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। দলের নেতারা আশা করছেন, তাঁর নেতৃত্বে বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে।

দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সরাসরি বিভিন্ন জেলা কমিটির নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান আরও শক্তিশালী হবে।

নিজের প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, “সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। পাশাপাশি কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা হবে। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।”


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: October 1, 2025 | Author: Chandradip News24