এআই ভিডিও ঘিরে প্রতারণার ফাঁদ, ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য

Views: 50

ফিলিপাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একাধিক ভুয়া ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এসব ভিডিওতে দাবি করা হয়েছে, সরকার নাকি দেশের সব শিক্ষার্থীর জন্য শিক্ষা সহায়তা ভাতা দিচ্ছে—যেখানে বাস্তবে এমন কোনো কর্মসূচির অস্তিত্বই নেই।

এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, একটি স্কুল মাঠে ডিএসডব্লিউডি-র লোগো পরা ব্যক্তি শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন, জানাচ্ছেন অর্থ সহায়তার ঘোষণা। ভিডিওতে স্পষ্টভাবে লেখা ছিল—“শিক্ষা সহায়তা বিতরণ শুরু ১২ জুলাই থেকে।” ব্যবহার করা হয়েছে সরকারি সংস্থার লোগো, পাশাপাশি যুক্ত করা হয়েছে একটি ফরম পূরণের লিংক। এমনকি ভিডিওর ক্যাপশনেও দেওয়া হয়েছে আকর্ষণীয় ট্যাগলাইন: DSWD education cash assistance for everyone in school

তবে বিশ্লেষণে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। ভিডিওটি এআই দিয়ে বানানো। গুগলের ভিডিও জেনারেটর Veo প্ল্যাটফর্ম থেকে তৈরি করা হয়েছে এসব ফুটেজ। এগুলোকে ৮ সেকেন্ডের তিনটি ক্লিপ জোড়া দিয়ে বানানো হয়েছে। ভিডিও বিশ্লেষণে দেখা যায়, পেছনে হাঁটা শিক্ষার্থীরা আস্তে আস্তে একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে—যা স্পষ্টত এআই জেনারেটেড ভিডিওর ভিজ্যুয়াল ত্রুটি।

১১ জুলাই ফিলিপাইনের সামাজিক কল্যাণ বিভাগ (DSWD) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেয়, এই ভিডিওগুলো সম্পূর্ণ ভুয়া এবং জনসাধারণকে বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে। তারা স্পষ্ট জানায়, এ ধরনের নগদ অর্থ বিতরণের কোনো কর্মসূচি বাস্তবায়ন করছে না ডিএসডব্লিউডি। তবে একটি প্রকৃত কর্মসূচির কথা তুলে ধরা হয়—‘টিউটরিং বিনিময়ে সহায়তা’। যেখানে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরা ছোটদের পড়ালে, মূল্যায়নের ভিত্তিতে তারা সহায়তা পান।

১৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ও নিজেদের পেজ থেকে ভিডিওগুলোকে ‘পুরোপুরি মিথ্যা’ ঘোষণা করে। তারা জনগণকে আহ্বান জানায়, সরকারি ঘোষণা ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে এবং কোনো সন্দেহজনক লিংকে ক্লিক না করতে।

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা ভবিষ্যতের ভয়াবহ একটি সতর্ক সংকেত। প্রযুক্তির সদ্ব্যবহার যেমন সমাজকে এগিয়ে নিতে পারে, তেমনি অপব্যবহার প্রতারণাকে সহজতর করে দেয়। ভুয়া লোগো, মিথ্যা ভাষণ আর বিশ্বাসযোগ্যতা তৈরির কৌশলে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হতে পারেন। বিশেষ করে গরিব শিক্ষার্থীরা এমন লোভনীয় প্রতিশ্রুতিতে প্রতারণার শিকার হয়ে পড়েন।

এই কারণেই নাগরিকদের আরও সচেতন হওয়া জরুরি। সরকারি সহায়তা, বৃত্তি বা ভাতার খবর শুধু সরকারি ওয়েবসাইট কিংবা অথরাইজড সোর্স থেকে যাচাই করা দরকার। পরিচিত কেউ শেয়ার করলেও চোখ বন্ধ করে বিশ্বাস না করে তথ্য যাচাই করে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: August 4, 2025 | Author: Chandradip News24