উপার্জনের পথ থাকলে অভিনয় ছেড়ে দিতেন অহনা

Views: 34

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অহনা রহমান জানিয়েছেন, অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেও বিকল্প উপার্জনের মাধ্যম না থাকায় এখনই শোবিজ ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না। মাসখানেক আগে ওমরাহ পালন করে দেশে ফেরার পর থেকেই নিজের জীবনধারায় বেশ কিছু পরিবর্তন আনেন এই অভিনেত্রী। বিশেষ করে পোশাক-পরিচ্ছেদে এসেছে দৃশ্যমান পরিবর্তন। এখন নিয়মিত বোরকা ও হিজাব পরিধান করছেন তিনি।

ওমরাহ্ থেকে ফিরে অহনা ঘোষণা দেন, ২০২৫ সাল থেকেই অভিনয়ে ধীরে ধীরে কাজ কমিয়ে দেবেন এবং এক পর্যায়ে মিডিয়া থেকে বিদায় নেবেন। এরপর থেকেই তার ধর্মীয় অবস্থান ও পেশাগত উপস্থিতি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, ধর্মীয় চেতনা থাকলে কেন এখনও অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি।

এইসব বিতর্কের জবাবে অহনা সরাসরি বলেন, “ইনকামের আরেকটা উৎস থাকলে আমি শোবিজ ছেড়ে দিতাম। কারণ আমি বসে খেতে পারি না। বসে থাকলে রাজার সম্পত্তিও শেষ হয়ে যায়।”

অভিনেত্রী জানান, ওমরাহ পালন করার পর থেকে নিজের জীবনে মানসিক ও আধ্যাত্মিক পরিবর্তন অনুভব করেছেন। তিনি এখন হিজাব-বোরকা পরে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং নাটকের বাইরেও মাথার কাপড় না ফেলে চলতে চান। এমনকি ইন্টারভিউ বা জনসমক্ষে আসার সময়ও মাথা ঢেকে রাখার চেষ্টা করেন।

নেটিজেনদের নানা সমালোচনার জবাবে অহনা বলেন, “যদি মনে করেন আমি সিমপ্যাথি নিচ্ছি, তাহলে আমার মাসিক খরচটা আপনারা দিয়ে যান। এখানে টিভি চ্যানেলের বিকাশ নাম্বার আছে, সেখানেই পাঠিয়ে দিন।”

ব্যক্তিগত বিশ্বাস ও বাস্তবতার টানাপোড়েনে অহনার এই অবস্থান মিডিয়া অঙ্গন ও সাধারণ দর্শকদের মাঝে আলোচনার কেন্দ্রে রয়েছে। তবে একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতা—এই দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা করেই পথ চলছেন তিনি।

উল্লেখ্য, অহনা রহমান মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন এবং খুব দ্রুত ছোট পর্দায় জনপ্রিয় হয়ে ওঠেন। দীর্ঘদিন ধরে নাটক ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তার সরব উপস্থিতি রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Posted on: August 4, 2025 | Author: Chandradip News24