উদ্বোধনের আগেই ফাঁটল ৪০ লাখ টাকার কালভার্টে!

Views: 32

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি বক্স কালভার্ট উদ্বোধনের আগেই ফাঁটল ধরেছে। অভিযোগ উঠেছে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এমন ঘটনা ঘটেছে। ফলে এলাকাবাসীর মধ্যে কালভার্টটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, ২ সেপ্টেম্বর নির্মিত কালভার্টটির চারটি গাইড ওয়ালে ফাঁটল দেখা দেয় এবং কিছু অংশ হেলে পড়ে। পরে ফাঁটল গোপন করতে সেখানে বালু ও সিমেন্ট দিয়ে প্রলেপ দেওয়া হয়।


গ্রামবাসী আব্দুল মান্নান অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান রাতের আঁধারে ১৬ মিলিমিটার রডের পরিবর্তে ১২ মিলিমিটার রড ব্যবহার করে। স্থানীয়রা অভিযোগ করেছেন, পেশাদার প্রকৌশলী নয়, বরং একজন পিয়ন দিয়ে কাজটি তদারকি করা হয়েছে। তাকে ‘ইঞ্জিনিয়ার’ পরিচয়ে ব্যবহার করেন ঠিকাদার মো. মনির হোসেন, যিনি মের্সাস সালেহা কবির এন্টারপ্রাইজের মালিক।


খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দিনের আলোয় এবং জনসম্মুখে কাজ করার নির্দেশ দেন।

পিআইও সোহেল হোসেন বলেন, “এখনো প্রকল্পটি হস্তান্তর হয়নি এবং বিলও দেওয়া হয়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ বলেন, “ফাঁটলের একটি ভিডিও পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

ঠিকাদার মো. মনির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫


image_pdfimage_print

Posted on: September 5, 2025 | Author: Chandradip News24