চন্দ্রদ্বীপ নিউজ :: গাজায় চলমান বর্বরতার প্রতিবাদে ইসরায়েল ও লোহিত সাগরে হামলা চালিয়ে যাওয়া ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিকে রাজনৈতিক স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র। গোষ্ঠীটির দাবি, যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাব দিয়েছে, তারা যদি হামলা বন্ধ করে তবে ইয়েমেনে তাদের সরকারকে স্বীকৃতি দেওয়া হবে।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
এই সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরাও। এরপর থেকে নিয়মিত লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত এই গোষ্ঠী। গত সপ্তাহে প্রথম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালায় তারা।
হুতির সিনিয়র কর্মকর্তা আল বুখাতি বলেন, আমরা যেকোনো অভিযান পরিচালনার পর যুক্তরাষ্ট্র থেকে যোগাযোগ করা হয়। তারা আমাদের সামরিক কার্যক্রম বন্ধ রাখার জন্য চাপ দেয়।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয়ের পক্ষ থেকেই যোগাযোগ করা হয়। অনেক ভয়ভীতি দেখানোর পাশাপাশি লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়ে থাকে। তারমধ্যে একটি ছিল ইয়েমেনের হুতি সরকারকে স্বীকৃতি দেওয়া।
তবে এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, এই দাবি পুরোপুরি অযৌক্তিক। তিনি বলেন, হুতিদের প্রচারণায় সত্য বলে কিছু নেই তারা সত্যের ছদ্মবেশে বিভ্রান্তি ও গুজব ছড়ায়।





