রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনী লড়াই শেষ হলেও এখন শুরু হয়েছে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ।
শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। “সবার আগে বাংলাদেশ” স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের সময় দলের নেতাকর্মীরা কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কাজ করেছেন এবং জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতি আস্থা রেখে সমর্থন দিয়েছে। তিনি উল্লেখ করেন, নির্বাচন শেষ হওয়ার পর দলীয় ইশতেহার এখন দেশের মানুষের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পাওয়ার অর্থ হচ্ছে মানুষের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করা। সেই দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও আশ্বাস দেন তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে সুশাসন, নিরাপদ সমাজ ও উন্নত শিক্ষাব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছে। তিনি এমন একটি বাংলাদেশ গড়ার কথা বলেন যেখানে নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে এবং শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশ পাবে।
রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে ভিন্নমতের প্রতি সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এসময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সরকার সফল করতে সকলের সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ছিল মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম বড় মতবিনিময় সভা।
“এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫”





