বরগুনার আমতলী উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রোকনুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মানববন্ধন করেছেন। মানববন্ধনটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় আমতলী উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি একটি মহলের সহযোগিতায় ইউএনও’র বিরুদ্ধে “আওয়ামী লীগকে পুনর্বাসন” শিরোনামের সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ইউএনও কখনো আমতলীতে আওয়ামী লীগের কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেননি। তারা দাবি করেন, কুচক্রি মহল ইউএনও’র যোগদানের এক সপ্তাহ পূর্বের ছবি ব্যবহার করে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে।
বক্তারা আরও উল্লেখ করেন, ইউএনও ৬ এপ্রিল তার মাকে ঢাকার পথে পাঠানোর সময় একটি হোটেলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে চায়ের জন্য বসেছিলেন। সেখানে স্থানীয় একজন ব্যক্তি কুশল বিনিময় করতে আসেন এবং ছবি তোলা হয়। পরে স্বার্থান্বেষী মহল এটি ভিন্নভাবে উপস্থাপন করে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এ ছাড়াও ঝালকাঠিতে কর্মরত একজন সরকারি কর্মকর্তার পারিবারিক ছবিও বিকৃতভাবে ব্যবহার করে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন:
- শহিদুল ইসলাম মিরাজ, জাতীয়তাবাদী ছাত্রদল, আমতলী উপজেলা শাখা সদস্য সচিব ও আহবায়ক
- জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি
- ফিরোজ খান তাপস, যুবদল নেতা ও আমতলী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান
- ইসা সাইদি, ইসলামি আন্দোলন বাংলাদেশের যুব আন্দোলন, আমতলী উপজেলা সাধারণ সম্পাদক
- শামসুল হক, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলার
- জালাল আহম্মেদ খান, পৌর বিএনপি সদস্য সচিব
- তুহিন মৃধা, উপজেলা বিএনপি সদস্য সচিব
ইউএনও মো. রোকনুজ্জামান খান জানান, “কুয়াকাটা সমুদ্র সৈকতে পারিবারিক ভ্রমনের সময় একটি সরকারি কর্মকর্তার পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সংবাদে যে তথ্য প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমতলী উপজেলা প্রশাসনকে বিব্রত করার উদ্দেশ্য প্রণোদিত এই সংবাদ প্রচার হয়েছে।”
তিনি আরও বলেন, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিকে চেনেন না এবং কোন রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করেননি। তিনি এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





