আওয়ামী দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: তারেক রহমান

Views: 86

চন্দ্রদ্বীপ নিউজ :: তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

তারেক রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ষড়যন্ত্রকারী দুস্কৃতিকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে।’

তিনি বলেন, ‘রাতে দায়িত্ব পালনকালে দুস্কৃতকারীদের কতৃর্ক পৈশাচিক কায়দায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যা তারই ধারাবাহিকতা। সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুস্কৃতিকারীরা তাদের অবস্থান জানান দিলো। এসব দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে।’

বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ওঁত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুস্কৃতকারীদের দমনে সকল শ্রেণি—পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবৃতিতে মো. তানজিম সারোয়ার নির্জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুস্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান।

তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার—পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

image_pdfimage_print

Posted on: September 25, 2024 | Author: Chandradip News24