আঁখি আলমগীর: ভণ্ডামি ও নাটক দেখে বিরক্তি প্রকাশ

Views: 61

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর তার ফেসবুক পোস্টে সম্প্রতি প্রকাশ করেছেন যে, তিনি ভীষণভাবে বিরক্ত এবং রেগে আছেন। তিনি জানান, আশেপাশের কিছু মানুষের নাটক, ভণ্ডামি এবং অভিনয় তাকে ক্লান্ত করেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে আঁখি আলমগীর ফেসবুকে লিখেছেন, “আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ, কারণ আশেপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, ওভার কনফিডেন্সে অন্ধ হয়ে, তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে। নির্মমতা, মানুষ ঠকানোর কথা আর না বলি।”

আঁখি আরও বলেছেন, “বিরক্ত নিজের উপরই। এতকিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ‍্যা, এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।”

ভণ্ডামি থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি বলেন, “কী এক তেলেশমাতি। মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন। বিশ্বাস করুন, আপনার কল্পনার চেয়েও অধিক পাওয়ার যোগ্য আমি।”

এই পোস্টে অনেকে মন্তব্য করেছেন। শিল্পী অনুরুপ আইচ লিখেছেন, “যেন আমার মনের কথাটাই তুমি লিখে দিলে!” আর সংগীতশিল্পী রবি চৌধুরী মন্তব্য করেছেন, “এসব নিয়ে আমাদের থাকতে হবে। বাকি জীবনটা যেন সুন্দরভাবে কেটে যায়, সে দোয়া, শুভকামনা।”

আঁখি আলমগীর সম্প্রতি প্রকাশ করেছেন তার নতুন গান ‘প্রেম ব্যাপারী’, যেখানে দ্বৈত কণ্ঠে উপস্থিত হয়েছেন শিল্পী পুলক অধিকারী। গানটি প্রকাশিত হয়েছে প্রায় এক মাস আগে এবং শ্রোতাদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: November 1, 2025 | Author: Chandradip News24