অসুস্থ লঞ্চযাত্রীর পাশে কোস্ট গার্ড, প্রাণ বাঁচাল জরুরি চিকিৎসায়

Views: 24

ভোলায় যাত্রীবাহী একটি লঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে দ্রুত চিকিৎসাসেবা দিয়ে প্রাণ রক্ষা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

রোববার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, সামসুল হুদা (৫৪) নামের ওই যাত্রী কর্ণফুলী-৯ লঞ্চে করে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হন। ভ্রমণের একপর্যায়ে রাত ৩টার দিকে তিনি হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরিস্থিতি বুঝতে পেরে অন্য যাত্রীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডারের নির্দেশে দ্রুত একটি মেডিকেল টিম ভোলা কোস্ট গার্ড বেইস থেকে খেয়াঘাট লঞ্চঘাটে পাঠানো হয়।

ভোর ৫টার দিকে লঞ্চটি খেয়াঘাটে পৌঁছালে কোস্ট গার্ড সদস্যরা সামসুল হুদাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং এরপর নিজস্ব অ্যাম্বুলেন্সে করে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি সুচিকিৎসা পেয়ে এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোস্ট গার্ড শুধু উপকূলীয় নিরাপত্তায় নয়, বরং মানবিক সেবার ক্ষেত্রেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জনগণের সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল, রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /

image_pdfimage_print

Posted on: May 25, 2025 | Author: Chandradip News24