চন্দ্রদ্বীপ নিউজ :১৮ দিন চিকিৎসার পর বাসায় ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এরপর নুরুল হক বাসার উদ্দেশে হাসপাতাল ছাড়েন বলে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, নুরুল হক আজ ঢাকা মেডিকেল থেকে বাসায় যাবে এবং স্বজনদের সাথে থাকবেন আগামীকাল মঙ্গলবার অন্য আরেকটি হাসপাতালে তাঁর নাকের অস্ত্রোপচার করা হবে।
নুরুল হকের শারীরিক অবস্থা নিয়ে রাশেদ খান বলেন, ‘নুরুল হক এখনো হাঁটাচলা করতে পারেন না। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য আরও কিছুদিন সময় লাগবে। নাকের হাড় ভেঙে যাওয়ায় তিনি এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না।’
রাশেদ খান বলেন, ‘সরকারের পক্ষ থেকে দেশের বাইরে পাঠানোর কথা বলা হলেও গড়িমসি করা হচ্ছে। বিষয়টি ঝুলে থাকায় দলের পক্ষ থেকে আমরা নুরুল হককে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’





