অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা

Views: 26

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সহায়তা চেয়েছেন। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা আপনার আশীর্বাদ চাই, বিশেষত একটি বিষয়ে—অপতথ্যের বিরুদ্ধে, যা আমাদের ধ্বংস করছে।”

অধ্যাপক ইউনূস আরও বলেন, “মানুষ কঠোর পরিশ্রম করে একটি স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, কিন্তু কিছু মানুষ তা পছন্দ করে না। অপতথ্য ছড়ানো থেকে আমাদের রক্ষা করুন, বাকিটা আমরা সামলে নিতে পারব।”

দেশে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষার্থীরা যে ঐক্য তৈরি করেছে, তা সকল স্তরের জনগণের মধ্যে সংহতি সৃষ্টি করেছে। আমাদের জনগণ অনেক বিষয়ে মতানৈক্য পোষণ করলেও একটি বিষয়ে সবাই একমত—আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।”

তিনি আরও বলেন, “গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র আন্দোলন ইতিহাস সৃষ্টি করেছে। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল কেবল আত্মত্যাগের মানসিকতা। তারা স্বাধীনতার জন্য, নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আন্দোলনে নেমেছিল। এটাই আমাদের নতুন বাংলাদেশ।”

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, “এই সফর বাংলাদেশের মানুষের জন্য আনন্দ বয়ে এনেছে। আমরা এখনো রমজানের মাঝামাঝি সময় পার করছি, কিন্তু আপনার আগমনে মনে হচ্ছে আগেভাগেই আমাদের জন্য ঈদ চলে এসেছে।”

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বক্তব্য রাখেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: March 16, 2025 | Author: Chandradip News24