পটুয়াখালী সদর থানার আলোচিত অটোরিকশাচালক মোসারফ হোসেন হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এ আসামিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার জালকুড়ি এলাকা থেকে একটি বিশেষ অভিযানে আটক করা হয়। ঘটনার তদন্তে অগ্রগতি এনে র্যাবের এ অভিযান স্থানীয় মহলে স্বস্তি ফিরিয়েছে।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে ও ভয়াবহ অপরাধ নিয়ন্ত্রণে রাখতে তারা নিয়মিত অভিযানে কাজ করছে। বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা জনগণের আস্থা আরও বাড়িয়েছে। ওই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার বিকেল ৫টার দিকে র্যাব-৮ ও র্যাব-১১-এর যৌথ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জালকুড়ি এলাকায় লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার হওয়া ইব্রাহিম তালুকদার পটুয়াখালী সদর উপজেলার তুষখালী এলাকার জালাল তালুকদারের ছেলে। দীর্ঘ সময় ধরে পলাতক থেকে এলাকা ছাড়লেও গোপন নজরদারির মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। র্যাব জানায়, মোসারফ হত্যা মামলাটি শুরু থেকেই অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচিত হওয়ায় প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণের সমন্বয়ে গ্রেফতারের এ সফলতা আসে।
তদন্ত সূত্রে জানা যায়, ২৯ অক্টোবর গভীর রাতে মোসারফ হোসেন তার ঘরে অবস্থান করার সময় কয়েকজন দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে বাড়ির সিধ কেটে ঘরে প্রবেশ করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের নৃশংসতা এবং পরিবারের ওপর হামলাকারীদের নির্মমতা পুরো এলাকাকে আতঙ্কিত করেছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ইব্রাহিম ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে র্যাব জানিয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, হত্যাকাণ্ডে আর কারা জড়িত ছিল এবং পরিকল্পনার নেপথ্যে কারা ছিল—তা উদঘাটনে জিজ্ঞাসাবাদ আরও জোরদার করা হবে।
গ্রেফতার ইব্রাহিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের গ্রেফতারের অভিযানও চলমান রয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





