কাউখালীতে ঘূর্ণিঝড়ে আমন খেতের ব্যাপক ক্ষতি

বরিশাল অফিস : পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় মিথিলায় আমন ধান, শীতকালীন সবজি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার সহ¯্রাধিক কৃষক এখন তাদের লাগানো ফসল নিয়ে চিন্তিত। বৃষ্টি ও ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাচা, পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪ হাজার ৫০০ হেক্টর আমন ধানের ভিতরে প্রায় ৪ শত ৫০ হেক্টর আমন ধান, প্রায় ৩০ হেক্টর জমিতে সবজি ও প্রায় ২৫ সেক্টর জমিতে খেসারি ডাল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ১ হাজার ১২ শত কৃষক ঘূর্ণিঝড়ে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরি গ্রামের কৃষক আনোয়ার হাওলাদার জানান, তিনি তিন একর জমিতে লোকাল আমন ধান চাষ করেছে তার ভিতরে ৩৩ শতাংশ আমল ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার মাগুরা গ্রামের সবজি কৃষক নাজির হোসেন জানান, তিনি এক বিঘা জমিতে বিভিন্ন ধরনের সবজির অর্ধেক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস বলেন, আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি পাকা ধান কেটে নেওয়ার জন্য। এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আবারও বীজ বিতরণ করা হবে। এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন ইউনিয়নের কৃষকদের পাশে দাঁড়িয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে। আশা করি এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব।




ঘুর্ণিঝড় মিধিলির তান্ডবে বরগুনায় ৫০ লক্ষ কাঁচা ইট নষ্ট, ১১ ঘর বিধ্বস্থ

বরিশাল অফিস: ঘুর্ণিঝড় মিধিলির তান্ডবে আমতলী উপজেলায় ৫০ লক্ষ কাঁচা ইট নষ্ট, ১১ কাঁচা ঘর বিধ্বস্থ, হাজারখানেক গাছপালা, আমন ধানের ক্ষেত, সবজি ও পান বরজ ব্যপক ক্ষতি হয়েছে। এতে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আর্থিক সহায়তার দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

জানাগেছে, ঘুর্ণিঝড় মিধিলি আমতলী উপজেলায় বেশ তান্ডব চালায়। এতে উপজেলার ২১টি ইটভাটার ৫০ লক্ষ কাঁচা ইট নষ্ট, ১১ কাঁচা ঘর বিধ্বস্থ, ২৩৪ হেক্টর আমন ধানের ক্ষেত, ৭৬ হেক্টর সবজি, ৪৫০ হেক্টর খেসারী ডাল ও ৫ হেক্টর জমির পান বরজ ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে অন্তত ৫ কোটি ক্ষয়ক্ষতি হবে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

উপজেলার অর্ধ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ঈশা। রেইন্টি, চাম্বল ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির হাজারখানেক গাছ উপড়ে পরায় অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বন বিভাগ কর্তৃপক্ষ। চাওড়া চন্দ্রা গ্রামের বশির বয়াতির গোয়াল ঘরে গাছ পড়ে দুইটি গরু মারা গেছে। এতে তার অন্তত এক লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ইটভাটার মালিকরা জানান, বছরের শুরুতেই কাঁচা ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। সব মিলে অন্তত ৪ কোটি টাকার ক্ষতি হবে। ক্ষতিগ্রস্থরা দ্রুত আর্থিক সহায়তার দাবী জানিয়েছেন।

সরেজমিনে ঘুরে দেখাগেছে, ঘর আংশিক ও সম্পূর্ন বিধ্বস্থ হয়েছে। গাছপালা উপড়ে পরেছে। ইটভাটার ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। আমন ধানের গাছ মাটিতে লুটিয়ে পরেছে।

আমতলী পৌর শহরে হাসপাতাল এলাকার বলাই ব্যাপারী ও মিল্টন ব্যাপারী বলেন, ঘরের ওপরে চাম্বল গাছ উপড়ে পরে ঘর ভেঙ্গে গেছে।

পশ্চিম সোনাখালী গ্রামের কৃষক সোহেল রানা বলেন, ঘুর্ণিঝড় মিধিলির তান্ডবে আমন ধানের গাছ মাটিয়ে লুটিয়ে পরেছে। ওই জমির ধান চিটা হয়ে যাওয়ার সম্ভবনা বেশী।

বশির বয়াতি বলেন, আমার গোয়াল ঘরে গাছ পড়ে দুইটি গরু মারা গেছে। জিমি ইটভাটার মালিক আবুল বাশার নয়ন মৃধা বলেন, বৃষ্টিতে ভিজে ৭ লক্ষ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আমতলী ইটভাটা মালিক সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র নাজমুল আহসান নান্নু বলেন, ঘুর্ণিঝড় মিধিলির তান্ডবে উপজেলার ২১টি ইটভাটার অন্তত ৫০ লক্ষ কাঁচা ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এতে অন্তত ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্থ কয়েকটি এলাকা পরিদর্শন করে প্রাথমিক তালিকা করা হয়েছে। বরাদ্দ পেলে ঢেউটিন ও আর্থিক সহায়তা করা হবে। তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির তালিকা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।




বরিশালে মিধিলির তান্ডবে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ-ইন্টারনেট বিছিন্ন

বরিশাল অফিস : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে উপজেলায় ‘মিধিলি ঘূর্ণি ঝড়ের কবলে পড়ে অনেক ঘর-বাড়ি এবং দোকানপাট বিধ্বস্ত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে দিনভর টানা তুমুল বৃষ্টি ও ঝড়ো বাতাসে লন্ডভন্ড করে দিয়ে গেছে উপজেলার বেশ কয়েকটি গ্রাম। ঝড়ে মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

বন্ধ রয়েছে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ। ধিলি’র প্রভাবে গাছ পড়ে বেশ কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ৯ নং ওয়ার্ডে জাকির সরদার ও মোজাম্মেল সরদারের বসতঘরে গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে, ৪নং ওয়ার্ডে ফাতেমা বেগম এর ঘরের চালা উড়িয়ে নিয়ে যায়, মাসকাজি বাজারের সাইফুল আকন এর কসমেটিকস’র দোকানের উপর বিদ্যুৎ এর খুটি ভেঙে পড়ে দোকানঘর বিধ্বস্ত হয়েছে। ৫ নং ওয়ার্ডের আব্দুল হাই রাঢ়ীর বসত ঘরের উপর গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎের খুটি ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ রয়েছে।

আলীমাবাদ ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পি বলেন, মিধিলি’র প্রভাবে তার ইউনিয়নে শতাধিক বসত ঘর বিধ্বস্ত হয়েছে, একাধিক দোকানঘর বিধ্বস্ত হয়েছে, শত শত একর সবজি, আমন ধানের ফসল বিনষ্ট হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, বন্যায় উপজেলার প্রায় ৫ হাজার একর জমির আমন ধান, কলাই, মসরি, শাকসবজির ফলন বিনষ্ট হয়েছে।

বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেছেন, ঝড়ো বাতাসে ‘গাছ পড়ে ঘরবাড়ি ভাংচুরের বিষয়টি আমরা শুনেছি। স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি খোঁজ খবর নিচ্ছে। তবে কোন প্রকার মৃত্যুর খবর পাওয়া যায়নি ।




উপকূল অতিক্রম করে দুর্বল ‘মিধিলি’, নামলো বিপৎসংকেত

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে সর্বশেষ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১১) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল ৩টায় উপকূল অতিক্রম করেছে। একই সঙ্গে দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জাগো নিউজকে বলেন, মিধিলি খুবই দুর্বল মানের একটি ঘূর্ণিঝড়। এর কেন্দ্রের আকার ৫০ কিলোমিটারের মতো। পুরো শরীরের আকার ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার।

তিনি বলেন, আগামীকাল (শনিবার) থেকে বৃষ্টি কমে যাবে। তবে উপকূলীয় এলাকায় কিছুটা বৃষ্টি থাকবে। আজ রাত ১২টার পর থেকেই মূলত বৃষ্টি শেষ হয়ে যাবে। ঢাকায়ও সন্ধ্যার পর আর বৃষ্টি থাকবে না।

এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে গত রাত থেকেই সারাদেশে বৃষ্টি হচ্ছে। ঢাকায় দিনভর বৃষ্টি হয়। শুক্রবার ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এছাড়া শুক্রবার সকালে দেশের চারটি সমুদ্রবন্দরে বিপৎসংকেত জারির পর সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।




ঘূর্ণিঝড় মিধিলি : বরিশালে ভারী বর্ষণ, অভ্যন্তরীণ লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল অফিস : ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরিশালে শুরু হয়েছে ধমকা বাতাস আর ভারী বর্ষণ। তবে এখনো বিভাগের গুরুত্বপূর্ণ কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। ফলে অভ্যন্তরীণ রুটের নৌযান লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বিআইডব্লিউটিএ। আজ শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন।

তিনি বলেন, আবহাওয়া অফিস থেকে নদী বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা অভ্যান্তরীণ রুটে চলাচলকারী ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছি।

এছাড়া বরিশাল-ইলিশা-মজুচৌধুরীরহাট রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখনো ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়নি।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস বলেন, ২৪ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি ক্রমে এগিয়ে আসছে উপকূলের দিকে।

তিনি জানান, কেন্দ্রে ৫১ থেকে ৫৪ কিলোমিটার গতিতে বায়ু প্রবাহিত হচ্ছে। পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নদী ও সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকাগুলোকে দ্রæত তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্ততি নেয়া হয়েছে। বরিশাল জেলায় মোট আশ্রয়কেন্দ্রের সংখ্যা ৫৪১টি। দুর্গত মানুষের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্রসমূহ প্রস্তত রাখা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হলে নগরীর প্রায় কেন্দ্র সদররোড সহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে পানিতে তলিয়ে গেছে। অপর দিকে বৃহস্পতিবার রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে বরিশালে। এতে চলাচলে বিড়ম্বণায় পড়তে হচ্ছে খেটে খাওয়া দিন-মজুর সহ স্থানীয়দের।




ঘূর্ণিঝড় ‘মিধিলি’ সারাদেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা

চন্দ্রদ্বীপ নিউজ:  সাগরে গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এ পরিণত হওয়ায় সম্ভাব্য সব বিপদ এড়াতে সারাদেশে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।



ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! পায়রা বন্দরে ৪ নম্বর সংকেত

মো: আল-আমিন (পটুয়াখালী): পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। এর ফলে (১৬ নভেম্ভর) সকাল থেকেই পটুয়াখালী উপকূলসহ জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাই পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে নিরাপদ স্থানে চলাচল করতে বলা হয়েছে।

কুয়াকাটা ও আলীপুর মৎস সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, সমুদ্রে থাকা বেশীর ভাগ মাছ ধরার ট্রলার মহিপুর শিব্বারিয়া নদীতে আশ্রয় নিয়েছে। বাকি ট্রলার ও নৌকা গুলো নিরাপদে রয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সূখী বলেন, সৃষ্টি হওয়া নিম্বচাপটি উপকূলের দিক অগ্রসর হচ্ছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও অতিরিক্ত বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই পরবর্তী কোন নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলার এবং নৌকা সমূহকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।




ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় প্রস্তুত পটুয়াখালী, যোগাযোগ করবেন যেভাবে

মো: আল-আমিন (পটুয়াখালী): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’-তে রূপ নেওয়ার শঙ্কায় পটুয়াখালীতে জরুরি প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর)  রাতে জেলা প্রশাসক দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন আকন প্রমুখ।

জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম বলেন, এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলায় ৭০৩টি সাইক্লোন সেল্টার, ৩৫টি মুজিব কেল্লা, ৮ হাজার ৭৬০ জন সিপিপি সেচ্ছা সেবক, ৭ লাখ ৯০ হাজার নগদ টাকা, ৬৫০ মেট্রিকটন চাল মজুদ রয়েছে। জেলায় স্যালাইন, খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পর্যাপ্ত প্রস্তুত রয়েছে। ৮২টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে কনট্রোল রুমের মোবাইল নম্বর: ০২৪৭৮৮৮০৮৮৭, ০১৭০০-৭১৬৭২৪।




গলাচিপায় উপকূল বাতিঘর উদ্বোধন

এস এল টি তুহিস.বরিশাল : পটুয়াখালীর গলাচিপায় ‘উপকূল বাতিঘর’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। বৃহস্পতিবার অফিসার্স ক্লাব এর পাশে উপজেলা কেন্দ্রীয় গণগ্রহান্থাগার বাতিঘর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, পৌর মেয়র আহসানুল হক তুহিন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েনসহ সরকারি কর্মকর্তা ও সুধিজন।

উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলালের উদ্যোগে সর্ব সাধারনের পাঠাভ্যাস উন্নয়ন ও জ্ঞান প্রসারের জন্য ‘উপকূল বাতিঘর’ নামে গণগ্রহান্থাগার স্থাপন করেন। এখানে স্কুল কলেজের শিক্ষার্থীদের মনযোগ আকর্ষণে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। যে কেউ কমপক্ষে ৫টি বই দান করে বাতিঘরের সদস্য হতে পারবেন।




সাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’, আঘাত হানতে পারে বাংলাদেশে

গত মাসে (অক্টোবর) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘হামুন’ এর সৃষ্টি হয়। এটি গত ২৪ অক্টোবর কুতুবদিয়ার কাছ দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে।

এটি খুলনা ও বরিশালের মাঝখান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে জানিয়ে তিনি বলেন, তবে এটি যে কোন সময় গতিপথ পরিবর্তনও করতে পারে।

আজিজুর রহমান বলেন, ‘গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সতর্ক সংকেত বাড়বে। সংকেত বেড়ে পাঁচ, ছয়, সাত পর্যন্ত যেতে পারে।’

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা  বলেন, ‘গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে, আপাতত আমরা সেটি দেখতে পাচ্ছি। কারণ এটি আরও ঘনীভূত হবে। এ বিষয়ে তথ্য বিশ্লেষণ চলছে, দুপুরের পর অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে।’

গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মিধিলি’। নামটি মালদ্বীপের দেওয়া, যার অর্থ ‘ফলপ্রসূ কোন বিষয়’ বলে জানান একজন আবহাওয়াবিদ।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) অধীন জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের ১৩ দেশের (বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন) আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে।

গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার সকালে বাংলাদেশের উপকূল থেকে সাড়ে ৬০০ কিলোমিটারের মতো দূরে ছিল। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ (১৬ নভেম্বর ২০২৩) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৫৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

গভীর নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। দেশের দক্ষিণাঞ্চল ছাড়াও মধ্যাঞ্চলে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার রাতে ঢাকায় বৃষ্টি হয়েছে এবং বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

শনি এবং রবিবারও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।