ডিসেম্বরের শেষের দিকে হতে পারে শৈত্যপ্রবাহ

চন্দ্রদ্বীপ নিউজ : চলতি মাসের শেষের দিকে দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

রোববার (৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়, ডিসেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে জানিয়ে পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ মাসে দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে নভেম্বর মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৬৫ দশমিক ৮ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কম এবং সারাদেশে গড় তাপমাত্রা ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

অপরদিকে প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিল্লর ও মাসুলিপট্টম দিয়ে ভারতের দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করছে।

এর প্রভাবে উপকূলসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সারাদেশেই হালকা বৃষ্টি হতে পারে।

এদিন সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শুক্রবার পর্যন্ত দেশে বৃষ্টির প্রবণতা থাকতে পারে। বৃষ্টি বিদায় নেওয়ার পর রাতের তাপমাত্রা ক্রমেই কমে শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুণ্ড ও সন্দ্বীপে।

আরএমএম/জেডএইচ/এমএস




পটুয়াখালীতে এক যুগ ধরে অচল একমাত্র ‘ভূকম্পন পরিমাপক যন্ত্র’

মো: আল-আমিন (পটুয়াখালী): এক যুগের বেশি সময়ও সচল করা হয়নি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্র সিসমোগ্রাফ।

প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে স্থাপিত দক্ষিণাঞ্চলে ভূমিকম্পের মাত্রা নির্ণয়কারী একমাত্র যন্ত্রটি দীর্ঘ ১২ বছর ধরে অচল রয়েছে। ফলে সম্প্রতি অনুভূত ভূমিকম্পের মাত্রা জানা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সঙ্গে সম্পাদিত একটি চুক্তির আওতায় দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এবং দুটি জেলা শহরে স্থায়ীভাবে সিসমোগ্রাফি যন্ত্র স্থাপন করা হয়। বাংলাদেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখ্তার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যন্ত্রটি স্থাপিত হওয়ার পর মাত্র দুটি ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা সম্ভব হয়। কিন্তু ২০১১ সালের জানুয়ারিতে যন্ত্রটিতে সমস্যা দেখা দিলে একাডেমিক ভবনে আন্ডারগ্রাউন্ড চেম্বারের সঙ্গে ইন্টারনেটের পূর্ণাঙ্গ সংযোগসহ ভূকম্পন পরিমাপক যন্ত্রটি চালু করা হয়। কিন্তু চালুর এক বছর না যেতেই আবারও নষ্ট হয়ে যায়।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এসএম তাওহীদুল ইসলাম বলেন, এটি অতি পুরোনো একটি অ্যানালগ মেশিন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ডিজিটাল মেশিন বের হয়েছে তাই এই মেশিনের কার্যকারিতা কতটুকু এ ব্যাপারে সিসমোগ্রাফটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রজেক্টের আওতাধীন হওয়ায় তারাই এ ব্যাপারে ভালো বলতে পারবেন।




কপ২৮ জলবায়ু পরিবর্তনের তহবিল সরাসরি শহরগুলোতে পাঠানোর দাবি

রোববার (৩ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কপ২৮ সম্মেলনে এক সভায় এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

ইকুয়েডরের কুইটো শহরের সাবেক মেয়র মৌরিসিও রোডাসের সভাপতিত্বে ‘আরবান এসডিজি ফাইন্যান্সের প্রথম উচ্চ অগ্রাধিকার স্টেকহোল্ডার সভায়’ ডিএনসিসি মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে জেলা শহর কিংবা উপকূলী শহর থেকে মানুষ রাজধানীতে ছুটে আসছে। সেখানেও টিকে থাকার লড়াইটা সহজ নয়। জীবন ও জীবিকা বাঁচাতে সবার আগে এসব মানুষদের পাশে দাঁড়াতে হবে।

এ সময় মেয়র জলবায়ু পরিবর্তনের তহবিল সরাসরি শহরগুলোতে পাঠানোর প্রয়োজনীয়তা তুলে ধরে এর পক্ষে জোর দাবি জানিয়েছেন।




ঘূর্ণিঝড় মিগজাউম : নৌ-যান চলাচলে বিআইডব্লিউটিএ-এর সতর্কতা

চন্দ্রদ্বীপ নিউজ: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি অগ্রসর হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। যা আরো ঘনীভূত হয়ে এরইমধ্যে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এ রূপ নিয়েছে। আগামী ৫ অথবা ৬ ডিসেম্বরের মধ্যে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলে। সেজন্য দেশের নৌপথে নৌযানের চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে এই বিষয়গুলো আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জয়নাল আবেদীন।



সাগরে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

এজন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামি ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩ ডিসেম্বর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।




ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

চন্দ্রদীপ নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। এর উৎপত্তিস্থল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

এদিকে রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়া থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের সময় রাজধানীতে অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন।

চন্দ্রদীপ নিউজ/ এস এল টি




তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস

চন্দ্রদীপ নিউজ ডেস্ক:: উত্তরের জেলা পঞ্চগড়ে পড়তে শুরু করেছে শীত। বিগত কয়েক দিন ধরে সন্ধ্যার পর শীত বেশি অনুভূত হচ্ছে। নদী ও চা শিল্প এলাকা হওয়াতে এ জেলায় শীত বেশি হয়। বিশেষ করে জেলার পর্যটন উপজেলা তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৯টায় তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস

রেকর্ড করা হয়। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে। পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হচ্ছে ।

চন্দ্রদীপ নিউজ/ এস এল টি




নিম্নচাপ আতঙ্কে ধান ঘরে তুলতে ব্যস্ত উপকূলের কৃষকেরা 

মো: আল-আমিন (পটুয়াখালী): দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় এ বছর আমন ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা।

কিন্তু হঠাৎ আবহাওয়া অফিসের দুঃসংবাদে আতঙ্ক বিরাজ করছে কৃষকদের মাঝে।

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে এমন সংবাদের ভিত্তিতে ধান কাটা, মাড়াই দেওয়া এবং ধান ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজারো কৃষক।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ধান কাটতে খুবই ব্যস্ত সময় পার করছেন তারা। কেউ কাটাচ্ছেন মেশিনের মাধ্যমে কেউ আবার কাটাচ্ছেন মানুষ দিয়ে। অনেকে আবার খেতে বসেই বিক্রি করে দিচ্ছেন ধান। ধান কাটার এত তাড়াহুড়ো সবই সমুদ্রে সৃষ্টি হওয়া নিম্নচাপকে কেন্দ্র করে।

উপজেলার কুয়াকাটা এলাকার কৃষক  রহিম মুন্সি বলেন, ১৭ নভেম্বর ঘুর্ণিঝড় মিধিলিতে খেতের অনেক ধান নষ্ট হয়ে গেছে। তাই এখন খেতে যা আছে তা লোকজন দিয়ে কাটায়ে নিচ্ছি। কাটা হয়ে গেলে সব বিক্রি করে দেব। আবহাওয়া খারাপ হওয়ার আগে বিক্রি করতে না পারলে পুরো চালানসহ ক্ষতি হয়ে যাবে।

একই চিত্র দেখা গেছে উপজেলার, মহিপুর, লতাচাপলী, নীলগঞ্জ, ধুলাসর, টিয়াখালী, ধানখালী, চম্পাপুর, ডালবুগঞ্জসহ পুরো উপকূলে। ধান কাটা, মাড়াই করা এমনকি বেচা-বিক্রিও শুরু হয়ে গেছে ইতোমধ্যে। এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট সবাই রয়েছেন নিম্নচাপ আতঙ্কে,এমনটাই বলছিলেন কৃষকরা।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। তিনি আরও বলেন, নভেম্বর মাস সাইক্লোন প্রবণ মাস। জলবায়ুগত কারণে এই লঘুচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মিগজাউমে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

কলাপাড়া উপজেলা কৃষি অফিসার এ আর এম সাইফুল্লাহ বলেন, ইতো মধ্যে পুরো উপজেলায় ধানকাটা শুরু হয়ে গেছে। আমরা আবহাওয়া অফিসের সতর্ক বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকদের পরামর্শ দিচ্ছি ধান কেটে ঘরে নেওয়ার জন্য। তবে এখনো অনেক জায়গায় ধান পুরোপুরি পাকেনি। তবে আবহাওয়া খারাপ হলে এই সময় সবচেয়ে বেশি ক্ষতি হবে কৃষকদের। তাই পুরো উপজেলায় কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন।




সাগরে লঘুচাপ, ৭ দিনের মধ্যে বৃষ্টির আভাস

চন্দ্রদ্বীপ নিউজ :  বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী সাতদিনের মধ্যে দেশে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

মঙ্গল ও বুধবারের আবহাওয়া একই রকম থাকতে পারে জানিয়ে তিনি বলেন, পরবর্তী পাঁচদিনে বৃষ্টি হতে পারে।

সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তাই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুণ্ডে।




ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসছে ঘূর্ণিঝড়

চন্দ্রদীপ ডেস্ক : মিধিলি’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে ‘মিগজাউম’ নামের আরেকটি ঘূর্ণিঝড়। এর কবলে প্রভাবিত হতে পারে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূল।

আবহাওয়ার পূর্বাভাসমূলক তথ্য পরিবেশক ভারতীয় একটি কোম্পানি স্কাইমেট ওয়েদারের বরাত দিয়ে গণমাধ্যম দ্য মিন্ট জানায়, এটি হবে চলতি বছরে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া চতুর্থ ঘূর্ণিঝড়। কিছুদিন আগেই বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ও ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলো ঘূর্ণিঝড় মিধিলিতে প্রভাবিত হওয়ার পর নতুন এ সতর্কবার্তা এলো।

পূর্বাভাস অনুসারে, আগামী ২৭ নভেম্বর থাইল্যান্ড উপসাগর থেকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রবেশ করবে। ক্রমশ উত্তর পশ্চিমদিকে এগিয়ে শক্তি সঞ্চয় করবে। শক্তি বাড়িয়ে ২৯ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণাবর্তটি।

আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, বঙ্গোপসাগরে এ ঝড় সৃষ্টি হওয়ার মতো অবস্থা বিরাজ করছে বলে জানায় স্কাইমেট।

সংস্থাটির বরাত দিয়ে দ্য মিন্টের প্রতিবেদনে বলা হয়, সাধারণত এপ্রিল থেকে ডিসেম্বর সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরি হয়। তবে মে মাসে মৌসুমি বৃষ্টি পূর্ববর্তী আবহাওয়া পরিস্থিতি সাইক্লোন সংখ্যা বাড়ানোর অনুকূলে কাজ করে। নভেম্বরে মৌসুমি বৃষ্টি পরবর্তী সময়ের আবহাওয়া পরিস্থিতিও একই ভূমিকা রাখে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা আগামী ২৯ নভেম্বর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আঘাত হানবে কি না, তা ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি দেখে পরবর্তীতে জানা যাবে।

নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ সমকালকে বলেন, আগামী ১ থেকে ৩ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম উপকূলে আঘাত আনতে পারে।