চুয়াডাঙ্গায় রেকর্ড শীতল তাপমাত্রা ১১.৭° সেলসিয়াস

চুয়াডাঙ্গা, খুলনা বিভাগ, ২২ ডিসেম্বর ২০২৫ (সময় ন্যাশনাল ডেস্ক) – দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায় ১১.৭° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, যদিও উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে

দৈনিক আবহাওয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মধ্যরাত্রি থেকে ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দৃশ্যমানতা কমাতে পারে।

এদিকে, চট্টগ্রাম বিভাগের তেকনাফে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় সাধারণত শুষ্ক আবহাওয়া ও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডিটওয়াহের প্রভাব বাড়ছে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ দ্রুত শক্তি সঞ্চয় করে উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন সাগর এলাকাজুড়ে ঘূর্ণিঝড়টির প্রভাব স্পষ্টভাবে অনুভূত হওয়ায় বাংলাদেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে গভীর সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড়টির অবস্থান ও গতিপথ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সর্বশেষ অবস্থান অনুযায়ী, ‘ডিটওয়াহ’ বর্তমানে শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। দুপুর ১২টার পর্যবেক্ষণে দেখা যায়, ঘূর্ণিঝড়টির অবস্থান চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১৯৪০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৮৮৫ কিলোমিটার, মোংলা থেকে ১৮২০ কিলোমিটার ও পায়রা বন্দর থেকে ১৮২০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের বিরামহীন বেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঘূর্ণিঝড়টির নিকটবর্তী এলাকায় সাগর এখনও অত্যন্ত উত্তাল রয়েছে, ফলে সাগরগামী সব ধরনের নৌযানের জন্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ।

আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা করছে—‘ডিটওয়াহ’ আরও ঘনীভূত হয়ে বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে পরোক্ষ প্রভাব ফেলতে পারে। তাই উপকূলজুড়ে সতর্কতা জোরদার করা হয়েছে। পায়রা ও মোংলা বন্দরে জেলেদের তীরে ফিরতে বারবার মাইকিং করা হচ্ছে। পাশাপাশি কুয়াকাটা, কলাপাড়া, চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে স্থানীয় প্রশাসন সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।

উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষজন ইতোমধ্যে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্থানীয় বাজার, মৎস্যঘাট ও বাঁধ এলাকা গুলোতে বাড়তি সতর্কতা দেখা গেছে। জেলেরা বলছেন—হঠাৎ উত্তাল সাগর ও শক্তিশালী বাতাসের কারণে বহু মাছ ধরার নৌকা তড়িঘড়ি করে তীরে ফিরছে। আবহাওয়াবিদদের মতে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা ঘূর্ণিঝড়টির গতিপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সাধারণত উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড বাতাস, উচ্চ জলোচ্ছ্বাস ও ভারী বর্ষণ সৃষ্টি করে। তাই উপকূলজুড়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সতর্কবার্তা প্রচার করছে। স্থানীয় প্রশাসনও আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে নির্দেশনা পেয়েছে।

ঘূর্ণিঝড়ের অবস্থার আপডেট পর্যবেক্ষণের পাশাপাশি দেশের মানুষও সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নৌযানকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে এবং সাগরে না যেতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ উপকূলের জন্য এটি আরেকটি সম্ভাব্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে। তাই ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বিষয়ে সর্বশেষ আবহাওয়ার তথ্য জানতে নিয়মিত আপডেট অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আরেকটু বড় মাত্রার ভূমিকম্প হলে কী হবে?

এ ভূমিকম্প হুঁশিয়ারি সংকেত, বড় বিপদ তো সামনে…..
আগারগাঁও সিসমিক সেন্টার থেকে ১৩ কিলোমিটার দূরে মাধবদীতে ছিল ২১ নভেম্বর ২০২৫-এর ভূমিকম্পের উৎপত্তিস্থল। মাইলে হিসাব করলে দাঁড়াবে ৮ মাইল।
রিখটার স্কেলে ৫.৭ বলছে বাংলাদেশের আবহাওয়া অফিসের সিসমিক অবজারভেটরি ও রিসার্চ সেন্টার। আর যুক্তরাষ্ট্র বলছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।
একটা ধাক্কা দিয়ে, একটা ঝাঁকুনি দিয়ে ভূমিকম্প আমাদের সতর্ক করে দিল। ১০ জনের মৃত্যু হয়েছে। শত শত আহত প্রধানত পায়ের চাপে পিষ্ট হয়ে, কেউ–বা ভবন থেকে লাফিয়ে নামতে গিয়ে।
অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে, বেশ কিছু ভবন হেলে পড়েছে, বিদ্যুৎকেন্দ্রে আগুন জ্বলেছে, মাঠের মাটি দুভাগ হয়ে গেছে, ঘরের জিনিসপত্র তাক থেকে পড়ে গেছে।




২৪ ঘণ্টার ব্যবধানে নরসিংদীতে ফের ভূমিকম্প

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবারও দেশে ভূমিকম্প হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবারও দেশে ভূমিকম্প হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

 




ঘূর্ণিঝড় টিনোর তাণ্ডবে মৃতের সংখ্যা ৬৬, লাখো মানুষ বাস্তুচ্যুত

চন্দ্রদ্বীপ ডেক্স :  ফিলিপাইন একটি দূরযোগ পুর্নদেশ । প্রতি বছর ফিলিপাইন প্রায় ২০টি টাইফুন ও ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়। এ বছর এর আগে সুপার টাইফুন রাগাসা (নানডো) ও টাইফুন বুয়ালই (ওপং) আঘাত হানে। এ ছাড়া গত মাসেই কেন্দ্রীয় ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্পে বহু মানুষ নিহত হন, যার মধ্যে সেবুই সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ছিল।

এবার ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমেইগি (স্থানীয় নাম: টিনো) এ পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে এবং প্রায় ৪ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু দ্বীপ। সেখানে তীব্র বন্যা, পাহাড়ি ঢল ও প্রবল বাতাস ঘরবাড়ি, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে।

সেবু দ্বীপ দেশের সবচেয়ে জনবহুল অঞ্চলের একটি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে—

অসংখ্য মানুষ ঘরের ছাদে আশ্রয় নিয়েছেন,রাস্তা নদীতে পরিণত হয়েছে,গাড়ি ও কন্টেইনার ভেসে যাচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ মৃত্যুর কারণ ডুবে যাওয়া। আকস্মিক বন্যায় ছোট ছোট ঘরবাড়ি ভেসে গেছে। পানি নামার পর জায়গায় জায়গায় জমেছে ঘন কাদার স্তর। উদ্ধারকর্মীরা নৌকায় করে আটকা পড়া মানুষদের সরিয়ে নিচ্ছেন।

দুর্গত এলাকায় উদ্ধার অভিযানে অংশ নিতে যাওয়ার পথে একটি সামরিক হেলিকপ্টার নর্থ মিন্দানাওয়ের আগুসান ডেল সুর এলাকায় বিধ্বস্ত হয়। এতে ফিলিপাইন এয়ার ফোর্সের (PAF) ছয় জন কর্মকর্তা-কর্মচারী নিহত হয়েছেন।

সেবুর গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানান,

“আমরা ভেবেছিলাম প্রবল বাতাসই সবচেয়ে বড় হুমকি হবে, কিন্তু ভয়ঙ্কর বন্যাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। পানি দ্রুত বাড়তে থাকায় মানুষ পালাতে পারেনি।”




দেশের তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগামীকাল বুধবার (৫ নভেম্বর) দেশের চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (৪ নভেম্বর) সংস্থাটি এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী দুই দিনেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, যখন ঢাকা ও ময়মনসিংহের কিছু অঞ্চলে দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এর আগে, মঙ্গলবার রাত ১০টার পর দেশের ৭ জেলায় বজ্রপাতসহ ভারি বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। কিছু অঞ্চলে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




তিন বিভাগে বৃষ্টির আভাস, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সংকেত

দেশের তিনটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলে অবস্থানরত লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

প্রথম দিনের (মঙ্গলবার) পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামীকাল বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরদিন বৃহস্পতিবারও (৬ নভেম্বর) চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৭ মিনিটে

আবহাওয়া অধিদপ্তর সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে বাড়ছে জোয়ারের উচ্চতা

ঢাকা: পূর্বমধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের তথ্যমতে, এই লঘুচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিয়ানমার ও বাংলাদেশের উপকূল বরাবর উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর ফলে আগামী একদিন বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে জোয়ার স্বাভাবিক থাকতে পারে, তবে পরবর্তী দুদিনে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার দেখা দিতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সোমবার (৩ নভেম্বর) দুপুরে জানান, “লঘুচাপের প্রভাবে ৫ ও ৬ নভেম্বর বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, ঢাকা ও সিলেটের কিছু অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম।”

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বুলেটিনে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও সীতাকুণ্ডে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আগামী ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টিরপাতের সম্ভাবনা

চন্দ্রদ্বীপ নিউজ: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। এছাড়া সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে । এছাড়া অধিকাংশ অঞ্চলেই অস্থায়ীভাবে কম-বেশি বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।

এর মধ্যে, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ ৫ নম্বর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি ভারতের উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 




গভীর নিম্নচাপ উত্তাল সাগর, সমুদ্রবন্দর সমুহে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

চন্দ্রদ্বীপ নিউজ : পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে (১৬.৯° উত্তর অক্ষাংশ এবং ৮৬.০° পূর্ব দ্রাঘিমাংশ) পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৩০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এতে আরও বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।