ফাইনালে ওঠার লড়াইয়ে রংপুর-বরিশাল মুখোমুখি

বরিশাল অফিস :: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)র ফাইনালে ওঠার লক্ষ্যে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে আজ মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অলিখিত সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারের টিকেট পায় বরিশাল। নিউজিল্যান্ডের জেমস নিশামের বিধ্বংসী ইনিংস সত্বেও প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে রংপুর।

বিপিএলে শিরোপা জয়ের লক্ষেই তারকা সমৃদ্ধ দলই গঠন করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। শুরুটা নড়বড়ে হলেও সময়ের সাথে সাথে নিজেদের মেলে ধরছে তামিম-মুশফিক-মাহমুদুল্লাহরা।

দলের শক্তি বাড়াতে কাইল মায়ার্সের সাথে যুক্ত করেছে প্রোটিয়া হার্ডহিটার ডেভিড মিলারকে। ফর্মে রয়েছেন সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজরাও। এদের যে কেউ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যখন-তখন।

এদিকে সাকিবদের রংপুর রাইডার্সও কম যায় না। শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে রংপুর রাইডার্স। প্রথম দিকে চোখের সমস্যায় ভুগলেও এখন পুরোপুরি ফর্মে সাকিব। তাছাড়া নুরুল হাসান সোহানের ব্যাটও হাসছে।

জেমস নিশাম ও নিকোলাস পোরানরা যে কোন সময় ঘুরিয়ে দিতে পারে খেলার মোড়। মোহাম্মদ নবীর স্পিনের পাশাপাশি আবু হায়দার ও ফারুকির পেস বলটা ঠিকঠাকমত হলে বরিশালকে হারানোটা কঠিন হবে না সাকিবদের জন্য।

বরিশাল ও রংপুরের ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। কারণ রংপুরের জার্সিতে সাকিব আল হাসান এবং বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। লিগ পর্বের পর আবারও দেখা হয়ে যাচ্ছে দেশের দুই সেরা ক্রিকেটারের। বাংলাদেশের দুই বড় তারকার সম্পর্কের ফাটল ২২ গজে দু’জনের লড়াইকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

পাশাপাশি দুই তারকার ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।

প্রথম লেগের ম্যাচে তামিমের বরিশালের কাছে ৫ উইকেটে হারের লজ্জা পায় সাকিবের রংপুর। দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারায় রংপুর। দ্বিতীয় লেগে সাকিবের আউটের পর তারই উদযাপনকে অনুকরণ করতে দেখা গেছে তামিমকে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে বিতর্কের জন্ম দেয়।

দুই তারকার মধ্যে সম্পর্কের তিক্ততা থাকলেও দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচটি তাদের কাছে বেশি গুরুত্ব পাবে। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লার ভিক্টোরিয়ান্সের।




তিন দেশের মানুষ দিনকে রাত দেখবে ৮ এপ্রিল

চন্দ্রদীপ ডেস্ক : ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রসহ তিন দেশের মানুষ দিনকে রাতের মতো দেখবেন। বিরল এক সূর্যগ্রহণের কারণে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষ দেখবেন এমন দৃশ্য। ওই দিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। পরে উত্তর আমেরিকা ঘুরে যাবে এ পূর্ণ সূর্যগ্রহণ। প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের সূর্যগ্রহণ খবুই বিরল। পূর্ণ সূর্যগ্রহণের দিন সূর্যোদয় বা সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে। মূলত, সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এলে পূর্ণ সূর্যগ্রহণ হয়। নির্দিষ্ট সময় সূর্যকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলে এটি। এতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়। ফলে আকাশ হালকা অন্ধকার হয়ে যায়। সে সময়কে ভোর বা সন্ধ্যার মতো মনে হয়।

প্রতি ১৮ মাস পর পর পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে চাঁদ। সে সময় সূর্যের রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় এ উপগ্রহ। এর পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুসারে, ৩৭৫ দিন পরপর পূর্ণ সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা থাকে। তবে সময়টা আরও বেশি হতে পারে। সবশেষ ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল উত্তর আমেরিকায়। ৮ এপ্রিল আবার এ দৃশ্যের দেখা মিলবে। এরপর ২০৭৮ সালে এ ঘটনার সাক্ষী হবেন আমেরিকানরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। উত্তর আমেরিকা মহাদেশের দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এ দৃশ্য দেখা যাবে। তবে সব সূর্যগ্রহণের মতো একইসঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এর দর্শন মিলবে না।




কলাপাড়ায় ইউপি সদস্যকে পিটিয়ে জখম

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় জাকির হোসেন দুলাল (৫০) নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আহত দুলাল মহিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

আহত দুলাল জানান, সে বারোটার দিকে মহিপুর থেকে কলাপাড়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় চৌরাস্তা এলাকায় পৌঁছলে স্থানীয় জাকিরের নেতৃত্বে ৫/৭ জন তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। তিনি আরও জানান, ৯ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেমপুর গ্রামে দুটি মসজিদ রয়েছে। এই দুই মসজিদে মুসুল্লী যাওয়াকে কেন্দ্র করে আগে থেকেই জাকিরের সঙ্গে ইউপিস সদস্য দুলালের বিরোধ হয়। এই বিরোধকে কেন্দ্র করে তার উপর হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন বলেন, মসজিদ নিয়ে তার সঙ্গে কোন বিরোধ নেই। তবে পাশাপাশি দুটি মসজিদ হওয়ায় তার বাড়ির মসজিদের মুসুল্লীদের সে সরকারী ত্রান সহায়তা দেয়। অন্য মসজিদে যারা যায় তাদের সঙ্গে ব্যবহার ভালো করেনা। আর আমি দুলাল মেম্বরকে মারি নাই। সে নিজেই আমার উপর হামলা চালিয়েছে। আমি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছি।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।




বিধবার বয়স্ক ভাতা মেম্বারের বউয়ের পেটে

বরিশাল অফিস :: বরগুনায় গত দুই বছর ধরে অসহায় বিধবা বৃদ্ধার বয়স্ক ভাতার টাকা পাচ্ছেন এক ইউনিয়ন পরিষদ সদস্যের স্ত্রী। এই ঘটনায় প্রতারণার শিকার ওই বৃদ্ধা মামলা করেছেন থানায়। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ইউপি সদস্য ও তার স্ত্রীসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে আদালতে। বরগুনা সদরের নলটোনার সোনাতলা গ্রামের ৬৫ বছরের অসুস্থ্য বৃদ্ধা মরিয়ম বেগম (৬২) এখন বিচারের জন্য ঘুরছেন আদালতের বারান্দায়।

অভিযোগ উঠেছে, ২০২১ সালে নলটোনা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পনু মৃধাকে ১ হাজার টাকা ঘুষ দিয়ে মরিয়ম বেগম বয়স্ক ভাতার আবেদন করেন সমাজ সেবা অফিসে। ভাতা উপযুক্ত হওয়ায় দুই বছর মাসিক ৫০০ টাকা ভাতা চালু হয় মরিয়ম বেগমের।

মরিয়ম বেগমের অভিযোগ, পনু মৃধা আবেদনপত্রে তার বিকাশ নম্বর না দিয়ে তার বাসার গৃহকর্মীর বিকাশ নম্বর দিয়েছেন। সিম গৃহকর্মীর নামে থাকলেও ব্যবহার করেন তার স্ত্রী তানজিলা এনি। প্রতি মাসের ভাতার টাকাও পাচ্ছেন এনি।

মরিয়ম বেগম বলেন, ‘আমরা অশিক্ষিত মানুষ। আবেদনের সময় আমার বিকাশ নম্বর না দিয়ে পনু মেম্বার তার বউয়ের বিকাশ নম্বর দিয়েছে। দুই বছর ধরে আমার নামে ভাতা আসে, কিন্তু টাকা খায় পনু মেম্বারের বউ। আমি এখন অসুস্থ ওষুধ কেনার টাকাও নাই। শেখ হাসিনার দেয়া এই টাকাটা যদি আমি পেতাম তাহলে ওষুধ কিনতে পারতাম।’

স্বামী হারা মরিয়ম বেগমের তিন সন্তানের মধ্যে ছোট মেয়ে কহিনুর ভুল বুঝিয়ে নিয়ে গেছেন বসতঘর ও ফসলি জমি। ছেলে ইউনুস তাড়িয়ে দিয়েছেন মাকে। তাই মরিয়মের ঠাঁই এখন বড় মেয়ে মমতাজের ঘরে। অভাবের সংসারে দুই বেলা খাবার দিতে পারলেও ওষুধ কেনার সামর্থ্য নেই তাদের।

মরিয়ম বেগমের বড় মেয়ে মমতাজ বেগম বলেন, ‘আমার ছোট বোন বাবার মৃত্যুর আগে সব জমি টিপ সই দিয়ে ভুল বুঝিয়ে তার নিজের নামে করে নিয়েছে। সেই ক্ষোভে ভাইও মাকে তাড়িয়ে দিয়েছে নিজের বাড়ি থেকে। আমার মাকে আমি ফেলতে পারিনি। মাকে আমি খাবার দিতে পারি কিন্তু, আমাদের ওষুধ কেনার সামর্থ্য নাই।’

এদিকে, মরিয়ম বেগমের অভিযোগ পেয়ে তদন্ত করে সত্যতা পেয়ে আদালতে পনু মৃধা, তার স্ত্রী তানজিলা এনি ও গৃহকর্মী সোনা ভানুকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন বলেন, বয়স্ক ভাতার আবেদনের সময় বাদী মরিয়ম বেগমের দেওয়া বিকাশ নম্বর (০১৩০৪১৬৬৬২৬) না দিয়ে অভিযুক্ত পনু মেম্বারের বাড়ির গৃহকর্মী সোনা ভানুর নামের রেজিস্ট্রেশনকৃত বিকাশ নম্বর (০১৭৯২০৬০৫৩৪) যুক্ত করে দেন। এই সিম ব্যবহার হয়েছে পনু মেম্বারের স্ত্রী তানজিলা ইভা এনি নিজের ব্যবহৃত ফোনে (আইএমইআই-১ : ৮৬৩৩২৮০৫৮৫১৮১৭৭, আইএমইআই-২ : ৮৬৩৩২৮০৫৮৫১৮১৮৫)। তদন্ত করে প্রতারণার সত্যতা পেয়ে পুলিশ পনু মৃধা, তার স্ত্রী তানজিলা ইভা এনি এবং সোনা ভানুর বিরুদ্ধে পেনাল কোড ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগপত্র দাখিল করেছে।

বাদী পক্ষের আইনজীবী হিসেবে বিনা পারিশ্রমিকে মামলা পরিচালনা করছেন জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম রাব্বি। তিনি বলেন, আদালত পনু মৃধার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন। এখন আমরা সাক্ষীদের সাক্ষ্য আদালতে উপস্থাপন করবো। আমরা আশাবাদী ন্যায় বিচার পাবো।

অভিযোগ অস্বীকার করে পনু মৃধা বলেন , এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং মরিয়ম নামের কাউকে চেনেন না।

বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সহিদুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, এই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার বিষয়ে পৃথকভাবে তদন্ত করছেন তিনি।




পটুয়াখালীতে ২১ মামলার আসামি ডিবির হাতে আটক

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মো. সোহেল মাদবর (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটক সোহেলের বিরুদ্ধে মাদক আইনে আরও ২১ টি মামলা রয়েছে। এছাড়াও তার বাবা শাহ আলম মাদবর, মা, বোন এবং বোন জামাতার নামে অন্তত শতাধিক মাদক মামলা রয়েছে।

পটুয়াখালী গোয়েন্দা পুলিশের ইনচার্জ একেএম আজমল হুদা এমন তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবির ওসি একেএম আজমল হুদা বলেন, আটককৃত সোহেল মাদবর শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর পূর্বে মাদকসহ তাকে একাধিকবার আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

কিন্তু জেল থেকে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পরেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান ডিবি পুলিশের সদস্যরা।
এ সময় এসআই সঞ্জিব কুমার সরকারের নেতৃত্বে জেলা প্রশাসকের সরকারি বাসভবনের দক্ষিণ পাশে মূল সড়কে মাদক নিয়ে অবস্থানরত সোহেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।




বিচ্ছেদ ঘোষণার পর কখনো ফুরফুরে, কখনো বিষন্ন মাহি

চন্দ্রদ্বীপ ডেস্ক :  গত ১৬ ফেব্রুয়ারি ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের বিচ্ছেদের খবর জানান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের আড়াই বছরের মাথায় সংসার ভাঙার খবর দেন এই অভিনেত্রী।




সংরক্ষিত নারী আসনে বিজয়ীদের চূড়ান্ত তালিকা প্রকাশ




রাশিয়ার বিজয় ঠেকাতে আমরা সবই করবো: ফ্রান্সের প্রেসিডেন্ট

রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউক্রেনের জয় নিশ্চিত করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ইউরোপের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তার সম্ভাবনাই উড়িয়ে দিতে প্রস্তুত নন। এমনকি প্রয়োজনে সেনাবাহিনী পাঠানোর কথাও বলেছেন তিনি।

সোমবার প্যারিসে ইউক্রেন সংক্রান্ত ইউরোপীয় সম্মেলনে উপস্থিত ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর মাক্রোঁ রাশিয়ার আরও কড়া অবস্থানের উল্লেখ করেন। তার মতে, এমন অবস্থায় ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রাশিয়ার পরাজয় অপরিহার্য। শুধু ইউক্রেন নীতির কারণে নয়, সার্বিকভাবে রাশিয়ার আগ্রাসী মনোভাব বেড়ে চলেছে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট মন্তব্য করেন।

রাশিয়ার হামলা মোকাবিলা করতে ইউক্রেনের সহায়তা সম্পর্কে ইউরোপে নীতিগত ঐকমত্য থাকলেও খুঁটিনাটি বিষয়গুলোর প্রশ্নে মতপার্থক্য রয়েছে। যেমন যুক্তরাষ্ট্রের ঠিক পরেই জার্মানি ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিলেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে নারাজ। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস সম্প্রতি ইউক্রেনকে টাউরুস ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে নিজের দ্বিধার কারণ ব্যাখ্যা করেছেন। জার্মান অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালালে জার্মানিও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ প্যারিস সম্মেলনের পর বলেন, আপাতত ইউক্রেনের কমে আসা গোলাবারুদ ও অস্ত্রসশস্ত্রের প্রেক্ষাপটে অবিলম্বে আরও সামরিক সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। আরও বেশি ও দ্রুত মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বোমা সরবরাহ করে ইউক্রেনকে সাহায্য করতে চায় ইউরোপ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি ভিডিও লিংকের মাধ্যমে প্যারিস সম্মেলনে যোগ দেন। সংক্ষিপ্ত বার্তায় তিনি সমবেতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

 

সূত্র: ডয়েচে ভেলে




বরিশালে জেলে পরিবারের মাঝে চাল বিতরণ

বরিশাল অফিস ::বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৭৩টি জেলে পরিবারের প্রধানের মাঝে ফেব্রুয়ারি মাসের ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে উপস্থিত থেকে চাল বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, ইউপি সদস্য জসীম উদ্দীন, হাবিবুর রহমান, স্বপন কুমার হালদার, সোলায়মান মৃধা, আশরাফ সেরনিয়াবাত, নাজমা খানম প্রমুখ।




দুমকির আঙ্গারিয়ায় সড়কে চরম দূর্ভোগ

মো: আল-আমিন (পটুয়াখালী): উপজেলা শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দুরত্বের আঙ্গারিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডটিতে যাতায়তের একটি রাস্তাও কার্পেটিং করা হয়নি। ২০০৪ সালে প্রায়াত সাংবাদিক হাসান আরেফিনের আবেদনে শহীদ মেম্বারের বাড়ী থেকে জলিশা হাজি হাসমত দাখিল মাদ্রাসা হয়ে পাতাবুনিয়া ওয়াপদা পর্যন্ত এইচবিবি দ্বারা উন্নয়ন করে এলজিইডি। এর পরে সড়কটিতে আর কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।

বর্তমানে সড়কটির হেরিংবন্ড ভেঙ্গেচুড়ে জনচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে পশ্চিম জলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জলিশা হাজী হাসমত বালিকা দাখিল মাদ্রাসাসহ ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারি ও ছাত্রছাত্রী এবং ওয়ার্ডবাসীর নিত্য চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

পটুয়াখালীর দুমকিতে কার্পেটিং সড়কের দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছেন এলাকাবাসী। ভগ্নদশার এইচবিবি সড়কে শতাধিক বিভিন্ন বয়সের নারী-পুরুষ বাসিন্দারা এ মানববন্ধনে অংশ নেয়।

সাংবাদিক হাসান আরেফিনের ছোটবোন অনু মোল্লা বলেন, হেরিংবন্ড রাস্তাটি ভেঙ্গেচুড়ে একাকার ও ইটগুলো খোয়া যাওয়ায় বেহাল হলেও সংস্কারাভাবে জনচলাচলে বিঘ্ন ঘটে। তিনি আরও বলেন, আর কোন বিকল্প পাকা সড়ক না থাকায় বাধ্য হয়ে গ্রামবাসীদের পাঁয়ে হেটে চলাচল করতে হচ্ছে। কেউ অসুস্থ হলে কিম্বা ডেলিভারি রুগীদের হাসপাতালে পাঠানোর জন্য রিস্কা, ভ্যান চলাচলের উপযুগী রাস্তা না থাকায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই এ সড়কটি জরুরী ভিত্তিতে পাকা করা প্রয়োজন। কিন্ত গত ১৫ বছরেও জনপ্রতিনিধিবর্গের দেয়া প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। কেউ কথা রাখেনি, তাই অতিষ্ঠ হয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

একই অভিযোগ, হাজী হাসমত বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ হেমায়েত উদ্দীন বলেন, কয়েকটি স্কুল-মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীসহ এলাকাবাসীর যাতায়তের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন সংস্কারহীন থাকায় মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। সারাদেশে যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন হলেও এ ওয়ার্ডের কোন উন্নয়ন হয় না। শীঘ্রই জনদুর্ভোগ লাঘবের জন্য রাস্তাটি পাকা করা দরকার।

এলাকাবাসীর পক্ষে সাবেক ইউপি সদস্য রাজা বরকত উল্লাহ বলেন, বর্তমানে সড়কটির হেরিংবন্ড ভেঙ্গেচুড়ে জনচলাচলের অনুপোযুগী হয়ে পড়েছে। ফলে পশ্চিম জলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জলিশা হাজী হাসমত বালিকা দাখিল মাদ্রাসাসহ ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারি ও ছাত্রছাত্রী এবং ওয়ার্ডবাসীর নিত্য চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ জসিম উদ্দিন বলেন, আসলেই রাস্তাটির অবস্থা খুব খারাপ। এলজিইডির সরকারি রাস্তায় পরিষদ থেকে কোন বরাদ্দ দেওয়ার সুযোগও নেই। যাতে রাস্তাটি পাকা করা যায় সে ব্যাপারে বেশ কয়েকবার চেয়ারম্যান মহোদয়ের শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু কোন কাজ হয়নি।

ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা বলেন, উপজেলা প্রকৌশল বিভাগকে রাস্তাটি পাকা করণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রক্কলিত বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কাজ শুরু হবে।