‘আলোচনায় নমনীয় হলেও লড়াই চালিয়ে যেতে প্রস্তুত হামাস’




বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বাতিল করছে অ্যাপল

চন্দ্রদীপ ডেস্ক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল বৈদ্যুতিক গাড়ি তৈরির এক দশকের দীর্ঘ প্রচেষ্টা থেকে সরে এসেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, মঙ্গলবার অ্যাপলের অভ্যন্তরীণভাবে দেওয়া এই ঘোষণা প্রকল্পে কর্মরত প্রায় দুই হাজার কর্মীকে বিস্মিত করেছে। চিফ অপারেটিং অফিসার জেফ উইলিয়ামস এবং ভাইস প্রেসিডেন্ট কেভিন লিঞ্চ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তারা কর্মীদের বলেছিলেন যে প্রকল্পটি পর্যায়ক্রমে শুরু হবে এবং তাদের অনেককে কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে স্থানান্তরিত করা হবে।

অবশ্য অ্যাপল এবং এর সিইও টিম কুক কখনই প্রকাশ্যে বৈদ্যুতিক গাড়ি প্রকল্পটির বিষয় স্বীকার করেননি।




রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

চন্দ্রদীপ ডেস্ক : পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পুনর্বিন্যাস করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।

তিনি বলেন, ‘রমজানকে সামনে রেখে ব্যাংক কম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অফিস টাইম নির্ধারণ করবে।




ঘোড়ার মাংস, পচা ভুট্টা গাছের পাতায় চলছে গাজার মানুষের দিন

চন্দ্রদীপ ডেস্ক : উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা আবু জিব্রিল। যুদ্ধবিধ্বস্ত গাজায় পরিবারের ক্ষুধা মেটাতে প্রতিনিয়তই সংগ্রাম করছেন তিনি। একটা পর্যায়ে এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে নিজের পোষা শখের দুটো ঘোড়াও জবাই করে ফেলেছেন।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাচ্চাদের খাওয়ানোর জন্য ঘোড়া জবাই করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ক্ষুধা আমাদের মেরে ফেলছে।’

শুধু আবু জিব্রিল নয়, এমন পরিস্থিতি অবরুদ্ধ অঞ্চলটির লাখ লাখ বাসিন্দাদের। বেঁচে থাকার লড়াইয়ে ঘোড়ার মাংস, পচা ভুট্টা থেকে শুরু করে গাছের পাতা সিদ্ধ খেয়েও চলছে কারও কারও দিন।

ইসরাইলের ভয়াবহ তাণ্ডবের পর গাজায় দেখা দিয়েছে মানবিক সংকট। বেকারি থেকে শুরু করে সুপেয় পানির আধারগুলোও ধ্বংস করে দিয়েছে বর্বর ইসরাইলি বাহিনী। বাইরে থেকে পৌঁছাতে পারছে না প্রয়োজনীয় ত্রাণসামগ্রীও। যা দু-একটা দোকান এখনো টিকে আছে-সেখানেও খাবারের দাম বেশ চড়া। অতি মূল্য দিয়ে সেই খাবার কিনতে হিমশিম খাচ্ছেন স্থানীয়। এমন অবস্থায় বাধ্য হয়েই নোংরা পানি এবং পচা খাবার খেয়ে দিন কাটাচ্ছে হাজার হাজার পরিবার।

অবরুদ্ধ ছোট্ট ভূখণ্ডে ইসরাইল সৃষ্ট এ দুর্ভিক্ষে এমন খবরও সামনে এসেছিল যে-পশুখাদ্য খেয়েও ক্ষুধা মেটাচ্ছে কেউ কেউ।

গাজার এক নারী এএফপিকে জানান, ‘কোনো খাবার নেই, গম নেই, সুপেয় পানি নেই। আমরা প্রতিবেশীদের কাছে টাকার জন্য ভিক্ষা করতে শুরু করেছি। আমাদের বাড়িতে এক শেকেলও (স্থানীয় মুদ্রা) নেই। দরজায় দরজায় কড়া নাড়ছি কিন্তু কেউ আমাদের টাকা দিচ্ছে না।’

খাদ্য সংকটের চলমান এ অবস্থা ভয়াবহ দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে পুরো অঞ্চলকে। জাতিসংঘের তথ্যানুযায়ী, গাজার প্রায় এক-চতুর্থাংশ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বলা হয়েছে, গাজা উপত্যকায় কমপক্ষে ৫ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে। এমনটাই সতর্ক করেছেন জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। মঙ্গলবার নিরাপত্তা পরিষদকে জানিয়ে তিনি আরও বলেন, কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হলে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ ‘প্রায় অনিবার্য’ হয়ে উঠতে পারে।

জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ইউএনওসিএইচএ) কো-অর্ডিনেশন ডিরেক্টর রমেশ রাজাসিংহাম বলেছেন, এভাবে সংঘাত চলতে থাকলে এবং গাজার দক্ষিণে জনাকীর্ণ এলাকায়ও যখন সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে তখন মানবিক বিষয়ক সমন্বয়ের কাজ খুব কমই সম্ভব হবে।

এরপর নিরাপত্তা পরিষদকে তিনি আরও বলেন, গাজার উত্তরাঞ্চলে ২ বছরের কম বয়সি প্রতি ছয় শিশুর মধ্যে এক শিশু তীব্র অপুষ্টির শিকার এবং ফিলিস্তিনি এই ভূখণ্ডের ২৩ লাখ মানুষই কার্যত বেঁচে থাকার জন্য ‘দুর্ভাগ্যজনকভাবে অপর্যাপ্ত’ খাদ্য সহায়তার ওপর নির্ভর করছেন।




ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল

চন্দ্রদীপ নিউজ : ভর্তির ক্ষেত্রে বয়সের নীতিমালা না মানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মাউশি। এসব শিক্ষার্থীদের সবাই ২০২৪ সালে ভর্তি হয়েছিল।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ১ জানুয়ারি ২০১৭ সালের আগে জন্ম গ্রহণকারী ১৬৯ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।




আগুন লাগার ‘গুজবে’ লাফ দিয়ে আরেক ট্রেনে কাটা পড়ে বহু হতাহত

চন্দ্রদীপ ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডের কালাজারিয়া রেলস্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় এই স্টেশনটিতে ট্রেনের নিচে কাটা পড়ে বহু মানুষ আহত ও নিহত হয়েছেন। খবর এনডিটিভির

প্রতিবেদনে বলা হয়েছে, একটি ট্রেনে আগুন লাগার ‘গুজবে’ পর রেললাইনে লাফিয়ে পড়েন যাত্রীরা। তখন আরেকটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়।

ঠিক কতজন মানুষ আহত বা নিহত হয়েছেন সেই সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

নিহত ও আহতরা ভগলপুর থেকে বেঙ্গালুরুগামী অঙ্গা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। এই যাত্রীরা ট্রেনে আগুন লাগার ‘গুজবে’ জীবন বাঁচাতে রেললাইনে নেমে গিয়েছিলেন। ঠিক তখনই আরেকটি ট্রেন তাদের চাপা দেয়। এতে অনেকে কাটা পড়েন।

একজন আধিকারিক জানান, আহতদের তাৎক্ষণিকভাবে জামতারায় আনতে মেডিকেল টিম, চারটি অ্যাম্বুলেন্স এবং তিনটি বাস পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত একটি গুজবকে কেন্দ্র করে। ডাউন অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। ভয়ে হুড়োহুড়ি পড়ে যায় ওই ট্রেনের যাত্রীদের মধ্যে। আগুনের হাত থেকে রক্ষা পেতে ইমারজেন্সি চেন টেনে ট্রেন থেকে লাফিয়ে পড়েন যাত্রীরা। সেই সময় উল্টো দিক থেকে আসা ঝাঁঝা-আসানসোল লোকাল ট্রেনের নিচে কাটা পড়েছেন শতাধিক যাত্রী।

দুর্ঘটনার পর জামতাড়ার এসডিএম জানিয়েছেন, এখন পর্যন্ত আমরা দুটি মরদেহ উদ্ধার করেছি। একটি হেল্পলাইন নম্বর চালু করার জন্য আমরা রেলকে অনুরোধ জানিয়েছি। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।

জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি জানিয়েছেন, ‘আমি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। যারা গুজবের পেছনে রয়েছে তাদের যত দ্রুত সম্ভব খুঁজে বের করা হবে। আমরা এই ঘটনার বিষয়টি বিধানসভায় তুলব। যারা মারা গেছেন তাদের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘অঙ্গ এক্সপ্রেসে আগুন লেগেছিল বলে একটি গুজব ছড়ায়। ট্রেনের ভিতরে কেউ চেন টানেন। জামতাড়ার কাছে অঙ্গ এক্সপ্রেস দাঁড়িয়ে যায়। সেই সময় উল্টো দিকের লাইন ধরে একটি লোকাল ট্রেন আসছিল। সেই ট্রেনে লাইন ধরে হাঁটা দুই ব্যক্তি কাটা পড়েন।’




বরিশালে গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তার কারাদণ্ড

বরিশাল অফিস :: গ্রাহকের সঞ্চয়ের টাকা জমা না দিয়ে আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংক বরিশালের রায়পাশা শাখার সাবেক শাখা ব্যবস্থাপকসহ দুজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় দেন।

দণ্ডিত দুজন হলেন- গ্রামীণ ব্যাংকের বরিশাল সদর উপজেলার রায়পাশা শাখার সাবেক শাখা ব্যবস্থাপক যশোরের ছাতিয়ানতলা গ্রামের দেলোয়ার হোসেন ও বাগেরহাটের শরনখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা ব্যাংকের কর্মকর্তা মো. শাহআলম।

আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারের বরাতে তিনি বলেন, শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও কর্মকর্তা মো. শাহ আলম পরস্পর যোগসাজসে গ্রামীণ ব্যাংকের সদস্য নারী গ্রাহকের সঞ্চয়ের ১৩ হাজার ৮০০ টাকা নেওয়ার জমা স্লিপ দেন। কিন্তু ওই টাকা ব্যাংকের জমা না দিয়ে আত্মসাত করেন। এ ঘটনায় ২০১২ সালের ৩১ ডিসেম্বর দুদকের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করে।

আদালতের বেঞ্চ সহকারী বলেন, ২০১৮ সালের ৩১ মে একই কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ১৫ জনের স্বাক্ষ্য নিয়ে আজকে রায় দিয়েছেন। মামলার পর থেকে তারা পলাতক রয়েছে।




রংপুরকে হারিয়ে ফাইনালে বরিশাল

বরিশাল অফিস :: মুশফিকুর রহিমের ঝলমলে ব্যাটিংয়ে রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলে চতুর্থবার ফাইনালের টিকিট কেটেছে ফরচুন বরিশাল। … উইকেটে জিতে তারা প্রথম শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখলো।

২০১৫ ও ২০২২ সালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে এবারের ফাইনাল, যেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বরিশালের। আগামী ১ মার্চ তৃতীয়বার দুই দলের দেখা হচ্ছে ফাইনালে।

বরিশাল প্রথম আসরেই খেলেছিল ফাইনালে। ওইবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে যায় তারা।

বিস্তারিত আসছে…




বরিশালে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র খোকন

বরিশাল অফিস :: বরিশাল নগরীতে ২০ কোটি টাকার সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

বুধবার বেলা ১২টার দিকে নগরীর ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এবং পোর্ট রোড এ. করিম আইডিয়াল কলেজ এলাকায় পৃথক দোয়া মোনাজাতের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, ঠিকাদার ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, ভাটিখানা মেইন রোডে ৯৯৫ মিটার রাস্তা ও ৮৫৪ মিটার ড্রেন, এবং পলাশপুরে ৯৪০ মিটার রাস্তা ও ১১৬৫ মিটার ড্রেন নির্মাণে বরাদ্দ ছিলো ১১ কোটি ৭৭ লাখ টাকা। অপরদিকে পোর্ট রোডে ৬৩৬ মিটার রাস্তা ও ৪৪২ মিটার ড্রেন এবং বিআইপি রোডে ৮০০ মিটার রাস্তা ও ৩৯০ মিটার ড্রেন নির্মণে বরাদ্দ ছিলো ৯ কোটি ১২ লাখ টাকা। সম্প্রতি এই সড়ক ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হয়। এগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।




বরিশালে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে বুধবার ( ২৮ ফেব্রুয়ারী) সকালে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল শেখ মোঃ আকতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,বরিশাল জেলা অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা সিকদারসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অতিথিরা। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত এক বক্তব্য প্রদান করেন।

পরে বিভিন্ন ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রিয়া প্রতিযোগিতায় রয়েছে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাভ, উচ্চ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ ভারসাম্য দৌড়, অংক দৌড়। সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে কবিতা আবৃত্তি বাংলা, চিত্রাংকন, নৃত্য, গল্প বলা, গান পল্লীগীতি,লোকগীতি, অন্যান্য, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়। বিষয়ভিত্তিক কুইজ বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। এবং কাবিং।