‘ভোট চোর’ স্লোগানে ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট চুরির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে শুরু হওয়া এই মিছিল টিএসসি ঘুরে ভিসি চত্বর প্রদক্ষিণ করে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান

এসময় নেতাকর্মীরা স্লোগান দেন— “জামায়াত-শিবির ভোট চোর”। মিছিল শুরুর আগে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে ভোট জালিয়াতির অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা।

আবিদুল ইসলাম অভিযোগ করে বলেন, রোকেয়া হলে আগে থেকেই কিছু ব্যালটে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী ফরহাদের নামের পাশে ক্রস দেওয়া ছিল। একজন ছাত্রী তাকে অভিযোগ করেছেন, “ভাই, যে ব্যালটপত্র আমাকে দেওয়া হয়েছে, তাতে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া।”

তিনি আরও দাবি করেন, একই ধরনের ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারাও কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

আবিদুল ইসলাম বলেন, “আমরা যেহেতু দুটি ঘটনার প্রমাণ পেয়েছি, তাই ধরে নিচ্ছি আরও অনেক ব্যালটে এমন কারচুপি হয়েছে।”

এর আগে নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘন ও সাইবার হামলার অভিযোগও তুলেছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের নেতারা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার এক মাসের কারাদণ্ড

আশ্রয়ন প্রকল্পের একটি ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম ও গাঁজাসহ আটক এক মাদক বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি এ আদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, গৌরনদীর বার্থী ইউনিয়নের বেজগাতি এলাকার বাসিন্দা মৃত বিমল দাসের ছেলে লিটন দাস (৩০)-কে আশ্রয়ন প্রকল্পের একটি ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে দণ্ডপ্রাপ্ত লিটন দাসকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




৬ বছর পর জয়, সিঙ্গাপুরকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ যুবা দল

৬ বছর পর বাছাইপর্বে জয় পেল বাংলাদেশ যুবা ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়ে দলটি মাঠ ছাড়ে আনন্দ ও স্বস্তির সঙ্গে। ম্যাচ অনুষ্ঠিত হয় ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে।

প্রথমার্ধে বাংলাদেশ দল ভালো খেললেও গোলের দেখা মেলেনি। তবে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফাহামিদুল ইসলাম ৭০ মিনিটে দূরপাল্লার শটে গোল করেন, দুই মিনিট পর আল আমিন ব্যবধান দ্বিগুণ করেন। ৮০ মিনিটে তৃতীয় গোল যোগ করেন মহসিন আহমেদ, আর অধিনায়ক শেখ মোরসালিন একক নৈপুণ্যে চতুর্থ গোল করেন। যোগ করা সময়ে সিঙ্গাপুর একটি গোল শোধ দিলেও ম্যাচের ফলাফল ইতিমধ্যেই বাংলাদেশের জয় নিশ্চিত করে।

এই জয়ের ফলে বাংলাদেশ ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থান অর্জন করেছে। শেষবার বাছাইপর্বে জয় পেয়েছিল দলটি ২০১৯ সালে শ্রীলঙ্কাকে হারানোর মাধ্যমে।

গোলদাতা ফাহামিদুল ইসলাম বলেছেন, “ভালো লাগছে, তবে আমি খুশি নই। আমাদের মূল লক্ষ্য ছিল মূলপর্বে ওঠা। আমরা কঠোর পরিশ্রম করেছি, প্রস্তুতিও নিয়েছিলাম অনেক আগে থেকে, তবে পারিনি।” তিনি আরও বলেন, “প্রথম ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারায় পুরো টুর্নামেন্ট কঠিন হয়ে গিয়েছিল। ইয়েমেনের বিপক্ষে জয়ও পাওয়া যেত।”

বাংলাদেশ যুবা দল এই জয়কে স্বস্তি মনে করছে, তবে মূলপর্বে ওঠা সম্ভব হয়নি, যা আগামী প্রতিযোগিতায় আরও প্রস্তুতি ও মনোযোগ বাড়ানোর তাগিদ দিচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরিশালে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার বেলা ৩ টায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল উদ্দেশ্য ছিল সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলাউল হাসান, নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: আমিনুর রহমানসহ বিভিন্ন স্টেকহোল্ডার।

বেসরকারি প্রতিষ্ঠান ব্রাক আয়োজিত সভায় অংশগ্রহণ করেন ব্রাক কর্মকর্তা মো: নাজমুল হক, ফিল্ড কমিউনিকেটর মো: নজরুল ইসলাম, নথুল্লাবাদ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি মো: সাইদুর রহমান মামুন, চেম্বার অব কমার্স, রোভার, রুপালী ও নথুল্লাবাদ শ্রমিক ইউনিয়ন এবং ছাত্র প্রতিনিধিসহ অন্যান্যরা। সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও গণপরিবহনে নারীদের হয়রানি বন্ধে চালক, যাত্রী ও পথচারীদের করণীয় বিষয় তুলে ধরা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। চালক, মালিক, যাত্রী ও পথচারী যার যতটুকু দায়িত্ব ও কর্তব্য, তার ততটুকু পালন করতে হবে। সড়ক দুর্ঘটনায় আপনজন হারানোর যন্ত্রণা কেউ ভালোভাবে বোঝে। তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে।”

সভায় অংশগ্রহণকারীরা একমত হন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের দায়িত্ববোধ এবং সচেতনতার বিকল্প নেই।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




দক্ষিণাঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে আবাদি জমি

বরিশালসহ দক্ষিণাঞ্চলের আবাদি জমি দ্রুত হারে কমছে। উন্নয়ন প্রকল্প, বসতি নির্মাণ, লবণাক্ততা এবং নদীভাঙনের কারণে চাষযোগ্য জমি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত—ঝড়-ঝঞ্ঝা, খরা, অতিবৃষ্টি, বন্যা ও জলোচ্ছ্বাস—কৃষিনির্ভর এই অঞ্চলটিকে বহুমুখী ঝুঁকিতে ফেলেছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত ৫ বছরে দক্ষিণাঞ্চলের জনসংখ্যা বেড়েছে প্রায় ৯ লাখ ৫৯ হাজার ১৭০ জন। আবাদি জমি কমলেও আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে খাদ্য উৎপাদন বেড়েছে প্রায় ২ লাখ মেট্রিক টন। বর্তমানে আবাদি জমির পরিমাণ ৮ লাখ ১৪ হাজার ৯৬৮ হেক্টর, আর অনাবাদি জমি প্রায় ৩২ হাজার হেক্টর।

তবে কৃষি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার কারণে উদ্বেগ তৈরি হয়েছে। বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামে প্রায় আড়াই হাজার একর জমি এক যুগ ধরে অনাবাদি রয়েছে। স্থানীয় কৃষকরা অভিযোগ করছেন, খালে অনিয়ন্ত্রিত বাঁধ ও কালভার্টের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে চাষযোগ্য জমি হারাচ্ছে। চরকাউয়ার কৃষক সেলিম মীর বলেন, “খালে একটি কালভার্ট দেয়ার পর থেকেই একরের পর একর জমি অনাবাদি পড়ে আছে।”

কৃষক সবুজ গাজী এবং আজিজুল ব্যাপারী আরও জানিয়েছেন, বর্ষায় অতিরিক্ত বৃষ্টি ও গরমে খরার প্রভাব এবং নদীভাঙনের কারণে জমি বিলীন হয়ে যাচ্ছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত ৫ বছরে আবাদি জমি প্রায় ২৪ হাজার হেক্টর কমেছে, যার জন্য দায়ী করা হচ্ছে উন্নয়ন প্রকল্প, ইটভাটা, বসতি নির্মাণ, লবণাক্ততা ও নদীভাঙন। এছাড়া ঘূর্ণিঝড় সিডর, আইলা, আম্পান এবং জলবায়ুর অনিয়মিত আচরণও কৃষিকে সংকটে ফেলেছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ড. নজরুল ইসলাম সিকদার বলেন, “গ্রামীণ বসতবাড়ির আঙিনায় পতিত জমিও চাষের আওতায় আসছে। যদি আরও উচ্চফলনশীল জাত উদ্ভাবন করা যায়, তাহলে একই জমি থেকে ৪-৫ গুণ বেশি ফসল উৎপাদন সম্ভব।”

কৃষি বিভাগ ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর দিচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারের দাফন সম্পন্ন

দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় তার মরদেহ বরিশাল প্রেস ক্লাবে আনা হয়। সহকর্মীরা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অশ্বিনী কুমার হলের নগরীর সদর রোডে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর পর মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক গ্রামে জোহর নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরিফিন তুষারের মৃত্যু হয়। বরিশালের সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি দেড় বছর বয়সী এক ছেলে, স্ত্রী, মা-বাবা, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আরিফিন তুষার বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং বারবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




উপপ্রধানমন্ত্রীর পর সাবেক এক প্রধানমন্ত্রীকেও রাস্তায় ফেলে মার নেপালে

চন্দ্রদ্বীপ ডেক্স.. রাজনৈতিক নেতারা জনগনের রোষানলে পুরছে  ,  নেপালের উপপ্রধানমন্ত্রীর পরে এ বার বিক্ষোভকারীদের হাতে মার খেলেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা। নেপালের বিভিন্ন প্রান্তে নেতা-মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে। আগুন ধরানো হয়েছে নেপালের পার্লামেন্টেও।

এর আগে নেপালের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেলকে রাস্তায় ফেলে উন্মত্ত জনতার পেটানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই  করা যায়নি ।

প্রধানমন্ত্রীর পদ থেকে কেপি শর্মা ওলির ইস্তফার পরেও শান্ত হচ্ছে না নেপাল। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে নেপালের সুপ্রিম কোর্টেও উত্তেজিত জনতা ভাঙচুর চালিয়েছে। ভাঙচুর হয়েছে নেপালের অ্যাটর্নি জেনারেলের দফতরেও।




নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। টানা দুইদিনের বিক্ষোভ ও উত্তেজনার মুখে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান। এই তথ্য মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এক বিবৃতিতে বলেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন।

এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হন ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা সহ বিভিন্ন রাজনৈতিক নেতার বাড়ি। রাজনৈতিক দলের কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি জানান, মঙ্গলবারের বিক্ষোভে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আরও ৯০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পদত্যাগের আগে প্রধানমন্ত্রী ওলি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান। তিনি বলেন, সংকটের সমাধান শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক মাধ্যমেই সম্ভব, এবং সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




উজিরপুরে মামার ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের উজিরপুর উপজেলায় মামার বাড়ি থেকে ন্যান্সি মণ্ডল (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

ন্যান্সি ধামসর গ্রামের মৃত মিন্টু মণ্ডলের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

তিনি জানান, ন্যান্সির সঙ্গে ফেসবুকে ফরিদপুরের টুম্পা নামের এক তরুণীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত ২৪ আগস্ট ন্যান্সি ওই তরুণীর সঙ্গে পালিয়ে মাদারীপুরে আত্মগোপন করেন। বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ তাকে উদ্ধার করে মামা মাইকেল পান্ডের বাড়িতে নিয়ে আসে।

ওসি আরও বলেন, সোমবার রাতে ন্যান্সি মামার বাসায় খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ন্যান্সির মামা মাইকেল পান্ডে জানান, ফেসবুকের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ন্যান্সি। পরিবারের মান-সম্মান ক্ষুণ্ণ হওয়া এবং ব্যক্তিগত টানাপোড়েন থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা।

স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ন্যান্সির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনরা শোকাহত।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় ডেঙ্গুতে প্রভাষকের মৃত্যু, জেলায় প্রাণহানি ৪৫

বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। এবার প্রাণ গেল বামনা সরকারি কলেজের প্রভাষক শাহানারা বেগমের। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শাহানারা বেগম পাথরঘাটার সরকারি হাজ্বী জালাল উদ্দিন কলেজের প্রভাষক মো. নিজাম উদ্দিনের স্ত্রী এবং পাথরঘাটা সদরের বাসিন্দা। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় বরগুনায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪০১ জনে।

বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ বলেন, “প্রভাষক শাহানারা বেগমের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডেঙ্গুতে মৃত্যুহার কমাতে হলে উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দেরি করলে জটিলতা বাড়ে।”

স্থানীয়রা জানিয়েছেন, ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন বিভিন্ন হাসপাতালে। এ পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫