বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে পরিকল্পিত উন্নয়ন করতে হবে: মেনন

বরিশাল অফিস :: বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতমূলক সমন্বিত ও পরিকল্পিত উন্নয়ন করতে হবে।

সোমবার (৪ মার্চ) সকাল ১০ টায় বানারীপাড়ায় উপজেলার সদর, সলিয়াবাকপুর ও চাখার ইউনিয়ন এবং পৌর শাখা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ‘উন্নয়ন শীর্ষক’ এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বানারীপাড়া উপজেলা বিনির্মাণে উন্নয়ন বরাদ্দ বাস্তবায়নে আওয়ামী লীগ নেতাকর্মীদের সমন্বিত ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে পৌর ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী প্রমুখ বক্তৃতা করেন।

 




ভেবেচিন্তেই হচ্ছে কুয়াকাটা বিমানবন্দর

অনেক কিছু ভেবেচিন্তেই কুয়াকাটা বিমানবন্দর

পটুয়াখালী প্রতিনিধি :

প্রাথমিকভাবে স্থান নির্বাচন সৈকত থেকে ২২ কিমি. দূরে কলাপাড়া ও আমতলীতে শুধু পর্যটনকেন্দ্রিক না করে বৃহত্তর জনগোষ্ঠীকে রানওয়ের সুবিধা দেওয়ার পরিকল্পনা।

নামে কুয়াকাটা বিমানবন্দর হলেও প্রাথমিকভাবে এর স্থান নির্বাচন হয়েছে সৈকত থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে।

পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার আমতলী উপজেলার ৩ হাজার একর জমিতে এটি নির্মাণের প্রস্তাব দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ইতোমধ্যে বিমানবন্দরের জন্য সম্ভাব্য ওই স্থান পরিদর্শন করেছে বেবিচকের বিশেষ টিম। কেবল পর্যটন নির্ভর বন্দর পরিচালনা লাভজনক হবে না বিবেচনায় সৈকত থেকে এতটা দূরে এটি করার পক্ষে তারা। সেক্ষেত্রে কুয়াকাটার পাশাপাশি দক্ষিণ উপকূলের উদীয়মান শিল্প এলাকার কেন্দ্রে হবে এর অবস্থান। ফলে বন্দর লাভজনক হওয়ার পাশাপাশি রানওয়ের সুবিধা পাবে সবাই।

১৯৯৮ সালে পর্যটনকেন্দ্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায় কুয়াকাটা সমুদ্রসৈকত। এরপর থেকেই মূলত সেখানে শুরু হয় সরকারি পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড। পদ্মা সেতু চালু হওয়ার পর কম সময়ে যাতায়াতের সুবাদে প্রতিদিনই হাজার হাজার পর্যটক যাচ্ছেন কুয়াকাটায়। ছুটির দিনে সেখানে থাকা ২শ’র মতো হোটেল-মোটেল ছাপিয়ে সৈকতেও রাত কাটাতে হয় অনেককে। সৈকতভিত্তিক পর্যটন জমে ওঠার পাশাপাশি কুয়াকাটা সংলগ্ন কলাপাড়ায় পায়রা সমুদ্রবন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্রসহ গড়ে ওঠে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। বর্তমানে কেবল কলাপাড়ায়ই রয়েছে ৩টি তাপবিদ্যুৎ কেন্দ্র। পার্শ্ববর্তী বরগুনার তালতলীতে রয়েছে একটি। প্রস্তাবিত পটুয়াখালী ইপিজেডের অবস্থানও এগুলোর বেশ কাছে। পদ্মা সেতুকেন্দ্রিক নয়া অর্থনৈতিক অঞ্চল হিসাবে সেখানে গড়ে উঠছে আরও নানা শিল্পপ্রতিষ্ঠান। ক্রমবর্ধমান এই পর্যটন ও শিল্প এলাকায় একটি বিমানবন্দর স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন মহলে ওঠে আলোচনা।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গত বছরের ১১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত সমন্বয় সভায়ও আলোচিত হয় বিষয়টি। সেখান থেকে কুয়াকাটায় বিমানবন্দর স্থাপন বিষয়ে তথ্য চাওয়া হয় নগর উন্নয়ন অধিদপ্তরে। অধিদপ্তর এই বিষয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে বললে তারা চিঠি দেয় বেবিচককে। পুরো বিষয়ে ধারণা পেতে ৮ সদস্যের একটি কমিটি গঠন করে বেবিচক। সংস্থার পরিচালক (প্রশাসন) জহিরুল ইসলামকে করা হয় এর প্রধান। ১৭ ফেব্রুয়ারি কমিটির সদস্যরা আসেন কলাপাড়ায়। পরিদর্শন করেন বিমানবন্দর নির্মাণের সম্ভাব্য স্থান। যার অবস্থান কলাপাড়া ও আমতলী উপজেলায়। দুই উপজেলার দুটি ইউনিয়নের ৪টি গ্রামকে পছন্দ করেন তারা।

কমিটির প্রধান জহিরুল ইসলাম বলেন, বিমানবন্দর তো ছোটখাটো কোনো বিষয় নয়। আমাদের প্রস্তাবনায় এর দৈর্ঘ্য ও প্রস্থ ধরা হয়েছে যথাক্রমে ৬ ও ২ কিলোমিটার। এজন্য দরকার হবে ৩ হাজার একর জমি। যে জায়গাটি আমরা দেখেছি সেখানে এই জমির সংস্থান করা সম্ভব। সেক্ষেত্রে ব্যক্তিমালিকানাধীন জমি খুব একটা নিতে হবে না। আলোচ্য স্থানে সরকারের বিপুল আয়তনের জমি রয়েছে। ঘরবাড়িসহ তেমন কোনো স্থাপনাও ভাঙা পড়বে না। বিপুল আয়তনের এই জমি যদি কিনতে না হয় তাহলে সরকারের ব্যয় অনেক কমে যাবে।

পরিদর্শন দলের সঙ্গে থাকা কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, কলাপাড়া ও আমতলীর সীমান্তবর্তী চাকামইয়া এবং নীলগঞ্জ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়ে এই বিমানবন্দর নির্মাণের চিন্তা করছে বেবিচক। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় এটাই সঠিক। চাকামইয়া ইউনিয়নটি কলাপাড়ার সবচেয়ে বড় ইউনিয়ন। এর দৈর্ঘ্য ১৫ কিলোমিটারের বেশি। বিশাল এলাকা হলেও ভোটার সংখ্যা মাত্র ১৪ হাজার। জনবসতি কম হওয়ার পাশাপাশি এখানে সরকারের বিপুল আয়তনের খাস জমি রয়েছে। যতদূর জানি পার্শ্ববর্তী আমতলী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নেরও প্রায় একই অবস্থা। এর বিপরীতে কুয়াকাটায় এত বিপুল আয়তনের খাস জমি যেমন নেই তেমনি পর্যটন কেন্দ্র হওয়ায় সেখানে জমির দামও অনেক বেশি। কুয়াকাটায় করতে গেলে এই বিমানবন্দর নির্মাণ ব্যয় কয়েকগুণ বেড়ে যাবে।

কলাপাড়া ও তালতলী মিলিয়ে বিমানবন্দর স্থাপনের প্রস্তাবে কুয়াকাটার সাধারণ মানুষের মধ্যে খানিকটা অসন্তোষ দেখা দিলেও তার উত্তর দিয়েছেন সেখানকার সংসদ-সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
তিনি বলেন, কুয়াকাটায় যে ২শর মতো হোটেল-মোটেল রয়েছে তার মাত্র ২৮ ভাগ আধুনিক সুবিধাসম্পন্ন। এসব হোটেলের গ্রাহকরাই প্রধানত হবে বিমানের যাত্রী। তাও কেবল ছুটি আর পর্যটন মৌসুমের দিনগুলোয়। এই স্বল্পসংখ্যক যাত্রী দিয়ে বিমানবন্দর চলবে না। প্রকারান্তরে কলাপাড়ার চাকামইয়ায় বিমানবন্দর হলে সেটা কুয়াকাটা সমুদ্রসৈকতের পাশাপাশি পুরো শিল্পাঞ্চলকে সংযুক্ত করবে। চাকামইয়া থেকে কুয়াকাটা যেতে সময় লাগে ২০-২৫ মিনিট। এর আশপাশেই অবস্থান পায়রা সমুদ্রবন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্রসহ পুরো শিল্প এলাকার। প্রস্তাবিত পটুয়াখালী ইপিজেড আর বরগুনা জেলাও কাছে হবে। সেক্ষেত্রে পায়রা বন্দরের পণ্য কার্গো বিমানে পরিবহণসহ শিল্প এলাকার সঙ্গে সংশ্লিষ্টদের যাতায়াত মিলে টিকে যাবে বিমানবন্দর। এজন্যই কলাপাড়ার চাকামইয়াকে বেছে নেওয়া হয়েছে।

পরিচয় না প্রকাশের শর্তে বেবিচকের এক কর্মকর্তা বলেন, স্থান নির্বাচনসহ প্রাথমিক পর্যায়ের কাজগুলো সম্পন্নের সঙ্গে সঙ্গে কুয়াকাটাকেন্দ্রিক বিমানবন্দর স্থাপনে দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে। সেখানে এবং একনেকে এটি অনুমোদন পেলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ শুরু করা যাবে বিমানবন্দরের কাজ। কেবল কুয়াকাটা কিংবা উপকূলীয় অর্থনৈতিক অঞ্চল নয়, ভবিষ্যতের অনেক কিছু মাথায় নিয়ে এগোচ্ছে সরকার। সমুদ্র সীমান্তের নিরাপত্তা প্রশ্নে ভবিষ্যতে এখানে এয়ার ফোর্সের বেইজও হতে পারে। এসব বিবেচনায় নিয়ে এগোচ্ছি আমরা।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, পর্যটন কেন্দ্র হিসাবে কুয়াকাটার ক্রমবর্ধমান জনপ্রিয়তাসহ ওই এলাকায় শিল্পপ্রতিষ্ঠানকেন্দ্রিক অর্থনৈতিক যে হাব তৈরি হচ্ছে তাতে সেখানে বিমানবন্দর প্রয়োজন। সেই বিষয়টিতেই গুরুত্ব দিচ্ছে সরকার। স্থান নির্বাচনসহ প্রকল্পের কাজ এগিয়ে নিতে ৮ সদস্যের কমিটি করা হয়েছে। তাদের দেওয়া রিপোর্ট আর অর্থ সংকুলান হলেই পরবর্তী ধাপের কাজ শুরু করব আমরা।

 




বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক বদরুজ্জামান

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক বদরুজ্জামান বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াকে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

সোমবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্যের অনুমোদনক্রমে ও বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুসারে ড. বদরুজ্জামান ভূঁইয়াকে ট্রেজারার পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।




১১ দফা দাবিতে নৌ শ্রমিকদের কর্মবিরতি সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল

বরিশাল অফিস :: নাবিক কল্যান তহবিল ও ট্রাস্টি বোর্ডের মাধ্যমে নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্টিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠন করাসহ ১১ দফা দাবিতে সোসবার রাত ১২ টা থেকে সারাদেশে নৌযান ধর্মঘট শুরু হচ্ছে।

বাংলাদেশ নৌজান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন সারা দেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ডাক দিয়েছে।

১১ দফা দাবি বাস্তবায়ন ও শ্রমিকদের কর্মবিরতি সফল করতে আজ (৪) মার্চ সোমবার বেলা ১১ টায় বরিশাল নৌবন্দর সহ নগরীরর লবিেোৌভিৈন্নস্থানে প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল করেছে নৌ শ্রমিকরা।

 

বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকরা জানান, নিয়োগপত্র-পরিচয়পত্র-সার্ভিসবুক প্রদানের গৃহীত সিধান্ত অবিলম্বে বাস্তবায়ন এবং কর্মস্থলে দূর্ঘটনায় মৃত্যুজনিত ক্ষতিপূরন ১০ লক্ষ টাকা নির্ধারন করাসহ তাদের দেওয়া ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মবিরতি পালন করবে শ্রমিকরা। তবে সরকার যদি বিষয়টি সমাধানের উদ্যোগ নেন তবে তারা কর্মবিরতি থেকে সরে আসবেন।

উল্লেখ, বরিশাল নৌ বন্দর থেকে বরিশাল-ঢাকা রুটে ও বরিশাল থেকে অভ্যন্তরীণ ২০ টিরও বেশি রুটে লঞ্চ চলাচল করে।

 




কীর্তনখোলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল অফিস :: নিখোঁজের তিনদিন পর বরিশাল কীর্তনখোলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সকালে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম তানভীর বলে শনাক্ত করেছেন তার স্বজনরা।

তানভীর ঢাকার ডেমরা থাকতেন। চরমোনাইর মাহফিলে তিনি এসেছিলে। মাহফিলে এসে গত এমভি আচল লঞ্চের ২০২ নং কেবিনে থাকতেন তানভীর।

শুক্রবার ১১ টার দিকে তিনি নদীতে গোসল করতে গিয়ে পরে আর ফিরে আসেনি।

এ ঘটনায় শনিবার বরিশাল মেট্রোপলিন কোতয়ালি থানায় তিনি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয।

সোমবার ( ৪ ষ্ঠ মার্চ) সকালে তার মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশের সংবাদ দিলে কোতয়ালী পুলিশ, কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।

 




রোনালদোর পর মেসির ৫০০

সর্বশেষ গত রোববার যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) নিজের দল ইন্টার মিয়ামির হয়ে জোড়া গোল করেছেন মেসি। প্রতিপক্ষ নগরপ্রতিদ্বন্দ্বী অরলান্ডো সিটি।

মেসি সংখ্যার হিসেবে দুই গোল করেছেন ঠিকই। কিন্তু প্রতিটি গোলেই ছিল তার অবদান। এদিন মিয়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছেন বার্সেলোনায় মেসির ৬ বছরের সতীর্থ লুইস সুয়ারেজ। তিনিও করেছেন জোড়া গোল। দুই প্রধান তারকার জোড়া গোলের দিনে দল জিতেছে ৫-০ গোলে।

দলকে বড় ব্যবধানে জেতানোর দিনে দারুণ এক মাইলফলক স্পর্শ করে ফেলেছেন মেসি। ক্লাব ক্যারিয়ারে নিজের ৫০০তম গোলটি এই ম্যাচেই পেয়েছেন তিনি। এই মাইলফলকে পৌঁছাতে মেসিকে খেলতে হয়েছে ৫৮৭ ম্যাচ।

মেসির আগে গত বছর এই মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রোনালদো থেকে ৬৭ ম্যাচ কম খেলে ৫০০ গোলের ক্লাবে নাম লিখিয়েছেন মেসি।

২০০৪ সালে লা লিগায় বার্সেলোনার হয়ে ক্লাব ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন মেসি। ২০২১ সালে সেই ক্লাব ছাড়ার আগে ১৭ বছরের ক্যারিয়ারে ৫২০ ম্যাচ খেলে ৪৭৪ গোল করেছেন তিনি।

২০২১ সালে ফরাসী লিগ আঁ-তে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন মেসি। সেখানে ২ বছরের ক্যারিয়ারে ৫৮ ম্যাচ খেলে করেন ২২ গোল।

এরপর ২০২৩ সালে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের চলে আসেন মেসি। সেখানে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। বর্তমানে মিয়ামির হয়েই খেলছেন এই তারকা ফুটবলার। মিয়ামির হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে করেছেন ৪ গোল।

আর ক্লাব ও নিজের জাতীয় দল আর্জেন্টিনার খেলা- সবমিলিয়ে মেসির গোলসংখ্যা ৮২৪টি।




চেইন অব কমান্ড মেনে বিজিবিকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড একটি বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।’ শৃঙ্খলার ব্যাঘাত না ঘটিয়ে চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৪ মার্চ) রাজধানী ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক প্রদান করেন।

আনুষ্ঠানিক কুচকাওয়াজে প্রধানমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য বিজিবি পুনর্গঠনের আওতায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বিজিবিকে একটি বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন-২০৪১’ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবিতে অত্যাধুনিক অস্ত্র-সরঞ্জামাদি সংযোজন করে বিজিবিকে একটি দক্ষ, শক্তিশালী আধুনিক ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে। বিজিবি এখন জল, স্থল ও আকাশপথে দায়িত্ব পালনে সক্ষম।

তিনি বলেন, পার্বত্য সীমান্তের নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্গম পার্বত্য এলাকায় বসবাসকারী জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১ হাজার ৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ৩১৭ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।

 প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার বিজিবি সৈনিকদের জীবনমান উন্নয়নে নানামুখী কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন র্যাংক ব্যাজ প্রবর্তন, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, সীমান্ত ভাতা প্রদান, জুনিয়র কর্মকর্তা ও হাবিলদার পদবীর সদস্যদের বেতন স্কেল উচ্চ ধাপে উন্নীতকরণ, অগ্রিম বেতনসহ বার্ষিক ২ মাসের ছুটি প্রদান, পারিবারিক রেশন ও ৩ বছরের নিচে সন্তানদের পূর্ণ স্কেল রেশন প্রদানসহ বিজিবি সদস্যের প্রতিবন্ধী সন্তানদের অবসরের আগ পর্যন্ত নগদমূল্যে রেশন প্রদান করা হচ্ছে। দুর্গম প্রত্যন্ত ও পার্বত্য অঞ্চলের জনবিচ্ছিন্ন ৫০টি বিওপিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্ভর ভি-স্যাট প্রযুক্তি স্থাপন করে আইপি টেলিফোনের মাধ্যমে বিওপি থেকে বিজিবি সদর দপ্তর ও অন্যান্য স্থানে যোগাযোগসহ বিজিবি সদস্যরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সক্ষম হচ্ছে।

প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে কোনো পেশাদার বাহিনীর জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুশৃঙ্খল, দক্ষ ও পেশাদার বাহিনীর জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিজিবি সদস্যদের উন্নত প্রশিক্ষণের জন্য সাতকানিয়ার ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ’ এর পাশাপাশি চুয়াডাঙ্গায় অত্যাধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত আরও একটি প্রশিক্ষণ সেন্টার নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে মিয়ানামরের অভ্যন্তরীণ সংঘাতের ফলে বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী এলাকায় সশস্ত্র সংঘাত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এই সংঘাতের ফলে বিজিবির সদস্যরাও অত্যন্ত ঝুঁকির মধ্যে ছিল। তবুও বিজিবি সদস্যরা একটি বুলেটও ফায়ার না করে অত্যন্ত ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। সহনশীলতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বিজিবির মনোমুগ্ধকর কুচকাওয়াজ বিশেষ করে নারী সৈনিকদের ড্রিল দেখে অত্যন্ত মুগ্ধ হন। তিনি বিজিবিতে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রাপ্তদের অভিনন্দন জানান।

ভাষণ প্রদান শেষে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ‘প্রেরণা’র উদ্বোধন করেন।

এরপর ডগ মার্চ, ট্রিক ড্রিল, বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা এবং বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সম্মিলিত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

পটুয়াখালী প্রতিনিধি  :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা মো. সামসুল হককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা ১৫ দিন পর আন্দোলন প্রত্যাহার করে আজ সোমবার সকাল থেকে ক্লাস ও পরীক্ষার কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান মিয়া বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে আমরা আন্দোলন করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমরা আন্দোলন প্রত্যাহার করেছি এবং আজ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা একাডেমি কার্যক্রমে যথারীতি অংশ নিয়েছেন।’

শিক্ষক লাঞ্ছনার ঘটনাটি তদন্তে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তিন কার্যদিবসের মধ্যে ২২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদনে শিক্ষকের সঙ্গে অভিযুক্ত কর্মকর্তার অসদাচরণের বিষয়টির সত্যতা পাওয়া গেছে। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিল।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত জরুরি নোটিশে সব প্রতিনিধিকে ডিন ও কোর্স টিচারদের সঙ্গে সমন্বয় করে ক্লাস পরীক্ষা শুরু করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. সামসুল হক শিক্ষক কর্মকর্তাদের কৃষি কুঞ্জের ডাইনিং কক্ষে পোস্ট-হারভেস্ট টেকনোলজি অ্যান্ড মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বিক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। বিচার চেয়ে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে লাগাতার ক্লাস বর্জনসহ শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে শিক্ষক সমিতি। শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত সামসুল হককে সাময়িক বরখাস্ত করল।




৮ বিভাগেই বৃষ্টির আভাস, ৬০ কিমি বেগে বইতে পারে ঝড়

চন্দ্রদ্বীপ ডেস্ক : সোমবার দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

তবে মঙ্গলবার সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, কমতে পারে রাতের তাপমাত্রা।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

মঙ্গলবার আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে। বুধবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে হলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।




দশমিনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর দশমিনায় মো. রাসেল খান (২৪) নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ।

রোববার (৩ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বহরমপুর ইউনিয়নে বগুড়া বাজারে ইয়াবা বিক্রয়কালে রাসেলকে গ্রেফতার করে পুলিশ।

(৪ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার বিষয়টি জানিয়েছেন। গ্রেফতার রাসেল খান উপজেলার ৫ নম্বর বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের জাকির খানের ছেলে।

ওসি মো. নুরুল ইসলাম মজুমদার জানান, পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের দিক নির্দেশনায় দশমিনা থানার একটি বিশেষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রোববার সন্ধ্যায় ৫০ পিস ইয়াবাসহ রাসেল খানকে গ্রেফতার করে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ (৪ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।