বরগুনায় সাংবাদিকদের জন্য ডাটা-ভিত্তিক জলবায়ু প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ

জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যনির্ভর সাংবাদিকতা জোরদার করতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ডাটা-ভিত্তিক জলবায়ু প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ। বুধবার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংগঠন ওয়েব ফাউন্ডেশন এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণ পরিচালনা করেন ডাটাফুল এর ডাটা এডিটর মো. আলমগীর হাসান এবং ডিজাইন অ্যান্ড ইনফোগ্রাফিকস প্রধান মো. মোতাসিম বিল্লাহ পিন্টু। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক মো. মোশাররফ হোসেন, বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন, সহ-সভাপতি হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ডাটা সংগ্রহ, বিশ্লেষণ এবং গ্রাফিক উপস্থাপনার মাধ্যমে জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্রতিবেদন তৈরির কৌশল শিখেন। আয়োজকরা জানান, এই ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে এবং জলবায়ু বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

সকাল সাতটা থেকে হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং মুনসুরাবাদ ও সুয়াদী এলাকায় অবরোধ করা হয়। এতে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে ও গাছের ডাল ফেলে সড়ক অবরোধ করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় অবরোধ প্রত্যাহারের সময় আন্দোলনকারীরা ঘোষণা দেন, আজ মহাসড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করা হবে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভাঙ্গা হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন— “রক্ত লাগলে রক্ত নে, আমার ভাঙ্গা ফিরায় দে”, “মরলে মরব রাস্তায়, যাব না রে সালথায়” প্রভৃতি। এতে ঢাকা, ফরিদপুর, খুলনা, গোপালগঞ্জ ও বরিশালের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “আমরা অনেকটা অসহায় অবস্থায় আছি। স্থানীয়রা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা সড়ক ছাড়বেন না।” জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, “এই দাবি জাতীয় পর্যায়ের বিষয়। স্থানীয় প্রশাসনের পক্ষে সমাধান সম্ভব নয়।”

এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ইতোমধ্যে জানিয়েছেন, প্রকাশিত সংসদীয় আসনের সীমানা তালিকা আইন অনুযায়ী পরিবর্তন করার সুযোগ নেই। বিক্ষোভ-আন্দোলন করেও এর সমাধান হবে না বলে তিনি মন্তব্য করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী জুলাই আন্দোলনের অগ্নিকন্যা আলোচিত মুখ তন্বি

চন্দ্রদ্বীপ নিউজ..ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় পেয়েছেন জুলাইয়ের পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্বি । তিনি (স্বতন্ত্র) প্রার্থী ছিলেন। ১১ হাজার ৭৭৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন সংশ্লিষ্টরা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

এরই মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল এবং উমামা ফাতেমা। আব্দুল কাদেরও নির্বাচনের ব্যাপক সমালোচনা করে কারচুপির অভিযোগ এনেছেন।

 




ডাকসু নির্বাচনে শিবিরের তিন ত্রয়ীর চমক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চমক দেখালেন শিবিরের তিন ত্রয়ী—সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান। ডাকসুর তিনটি গুরুত্বপূর্ণ পদে তারা তিনজনই বড় ব্যবধানে জয়ী হয়েছেন। নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। এর আগে সকাল ৬টার দিকে ১৮টি হলের ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়—

  • সহ-সভাপতি (ভিপি) পদে: সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৬৫৮ ভোট।
  • সাধারণ সম্পাদক (জিএস) পদে: এস এম ফরহাদ পেয়েছেন ১০,৭৯৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের শেখ তানভীর বারী হালিম পেয়েছেন ৫,২৮৩ ভোট।
  • সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে: মহিউদ্দিন খান পেয়েছেন ৯,৫০১ ভোট, আর প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন ৮,২৫৪ ভোট।

প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৭১ জন। এছাড়া ১৮টি হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন।

আল-আমিন

 




অতিবৃষ্টি ও ঢলের পানিতে বন্দি দুই হাজার পরিবার

চন্দ্রদ্বীপ নিউজ..বৃষ্টি ও উজানের ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে জেলার প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাড়তি পানি সরানোর জন্য  এক ফুট করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট তাতে ও কমছে না পানি । জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হ্রদে পানি বাড়ার কারণে রাঙামাটি শহর, লংগদু, বাঘাইছড়ি, বরকল ও বিলাইছড়ির নিচু এলাকা ডুবে রয়েছে। এতে ভোগান্তিতে দিন কাটছে বাসিন্দাদের। গতকাল সকালে শহরের কুমড়াটিলা, লুম্বিনী, আসামবস্তি, নোয়াপাড়া, মুসলিমপাড়া, ব্রাহ্মণটিলাসহ শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, অনেক সড়ক পানিতে ডুবে রয়েছে। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।পানিবন্দি থাকার ফলে নিরাপদ পানির অভাব দেখা দিয়েছে যার ফেলে পানিবাহিত রোগ ছড়িয়ে পরছে।




ভোটারদের রায়কে সম্মান করা আমাদের দায়িত্ব : হাসনাত আব্দুল্লাহ

চন্দ্রদ্বীপ নিউজ..ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন-

” সকলের উচিত ভোটারদের রায়কে সম্মান করা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি এসব কথা বলেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আজ ডাকসুতে যারা জিতবে, তারা কীভাবে দায়িত্ব নেবে এবং যারা হারবে, তারা কীভাবে পরাজয় গ্রহণ করবে এই দুইটি প্রশ্নের উত্তর বলে দেবে আমাদের জাতীয় রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে।

তিনি আরও লেখেন, বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ-পরোক্ষ প্রভাব বিস্তার অত্যন্ত উদ্বেগজনক। পেশিশক্তি, জনশক্তি ও সংগঠিত উপস্থিতির মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণের চেষ্টা ছাত্র রাজনীতির নিজস্ব চরিত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। ডাকসু এখন শুধু ছাত্রদের ম্যান্ডেট বহন করছে না, বরং জাতীয় রাজনৈতিক দলের এক্সটেনশন গেমে পরিণত হয়েছে, যা ভবিষ্যতের জন্য নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।

ছাত্র রাজনীতিকে পুনরুজ্জীবিত করতে হলে নিয়মিত নতুন নেতৃত্বের উত্থান এবং পরাজয়কে পরবর্তী প্রস্তুতির অংশ হিসেবে গ্রহণের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ডাকসু নির্বাচন সেই সংস্কৃতি তৈরির সূচনা হতে পারত, তবে ফলাফল গ্রহণ নিয়ে অনিশ্চয়তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর দৃষ্টান্ত তৈরি করছে।

সব রাজনৈতিক দলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সকলের উচিত ভোটারদের রায়কে সম্মান করা। গণতন্ত্রের মূল ভিত্তি সহিষ্ণুতা। যাকে আমি পছন্দ করি না, তাকেও যদি জনগণ বেছে নেয়, সেটিকে সম্মান করাই গণতন্ত্র।

তিনি সতর্ক করে তিনি আরও লেখেন, গত ১৭ বছর ধরে রাজনৈতিক দলগুলোর স্বল্পমেয়াদি স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার ফল ভুগছে দেশ। এবার সময় এসেছে পরাজয়কে সম্মানিত করার সংস্কৃতি গড়ে তোলার। অন্যথায় আগামী দিনের রাজনীতি থেকে যাবে কেবল জয়ীদের উল্লাস আর পরাজিতদের ক্ষোভে বন্দী, আর গণতন্ত্র কোনদিন পূর্ণতা পাবে না।

 




ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা উমামা ফাতেমার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন।”

তিনি আরও উল্লেখ করেন, “৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিলো ঢাবি প্রশাসন। এটি শিবির পালিত প্রশাসন।”

এর আগে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানও পরিকল্পিত কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় ‘মিনি পার্লামেন্ট’ খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। এবার বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৭১ জন প্রার্থী।

 

আল-আমিন

 




পরিকল্পিত কারচুপির অভিযোগে ডাকসুর ফল প্রত্যাখ্যান আবিদুল ইসলাম খানের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পরিকল্পিত কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ফলাফল ঘোষণার সময় তিনি প্রতিক্রিয়ায় বলেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নেওয়া হয়েছে। তাই এই পরিকল্পিত প্রহসন আমি প্রত্যাখ্যান করছি।”

এদিকে ভোটগ্রহণ চলাকালে থেকেই ছাত্রদল সমর্থিত প্রার্থীরা নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছিলেন। ফলাফল ঘোষণার পর তা আরও তীব্র আকার ধারণ করে।

উল্লেখ্য, ডাকসুর শতবর্ষ পূর্তির এ বছরেই অনুষ্ঠিত হলো ৩৮তম নির্বাচন। এবার প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন এবং ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

আল-আমিন

 




ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক আবারও অবরোধের ঘোষণা

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক আবারও অবরোধের ঘোষণা দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালনের পর তা সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে বুধবার সকাল ৮টা থেকে নতুন করে অবরোধ শুরু করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সকাল থেকে ভাঙ্গা গোলচত্বরসহ অন্তত ৯টি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে মহাসড়কে অবস্থান নেয় হাজারো মানুষ। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে প্রায় ২৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী।

অবরোধ চলাকালে মহাসড়ক প্রকম্পিত হয় ‘ভাঙ্গার এক ইঞ্চি মাটিও নগরকান্দার সঙ্গে মিশতে দেওয়া হবে না’ এবং ‘রক্ত লাগলে রক্ত নে, ভাঙ্গাবাসীকে মুক্তি দে’ স্লোগানে।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে নির্বাচন কমিশন। তালিকায় ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তে স্থানীয় জনতা ও রাজনৈতিক মহলে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

এ বিষয়ে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিঞা বলেন, “দুটি ইউনিয়ন কেটে নেওয়ার আগে আমাদের অবহিত করা উচিত ছিল। ফরিদপুর-৪ আসনে পুনরায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




যান্ত্রিক ত্রুটিতে বন্ধ ৩ বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিংয়ের আশঙ্কা

যান্ত্রিক ত্রুটির কারণে দেশের তিনটি বড় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে আগামী দুই-তিন দিন কিছু এলাকায় লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র জানায়, ভারতীয় কোম্পানি আদানির একটি ইউনিট থেকে ৮০০ মেগাওয়াট, রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে ১,৩২০ মেগাওয়াট এবং ইউনাইটেড গ্রুপের আশুগঞ্জ কেন্দ্র থেকে ১৯৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

তবে পিডিবির আরেকটি সূত্র জানিয়েছে, বড় আকারের লোডশেডিংয়ের সম্ভাবনা নেই। সামান্য ঘাটতি হলেও বিকল্প উৎস থেকে সরবরাহ বাড়িয়ে তা পূরণ করা সম্ভব হবে।

বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ১৩২ মেগাওয়াট। অন্যদিকে, রাতের বেলায় সর্বোচ্চ চাহিদা থাকে ১৫ থেকে ১৭ হাজার মেগাওয়াট এর মধ্যে। ফলে উৎপাদন সক্ষমতা বেশি থাকায় বড় ধরনের সংকট হওয়ার কথা নয় বলেও জানায় কর্তৃপক্ষ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫