বরিশালেও বেড়েছে নিত্যপণ্যের দাম

বরিশাল অফিস :: রমজান ঘিরে বরিশালেও বেড়েছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে ছোলা, ডাল ও আলুর দামে বেড়েছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। আর গত বছরের রমজানের আগ মুহুর্তের তুলনায় এবছরের এ সময়টাতে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে খেজুর।ভোক্তারা বলছেন, অভিযান হচ্ছে, তবে তা যেন কোন কাজেই আসছেনা, তাই অভিযানগুলো শুধু লোক দেখানোই কিনা এমন প্রশ্ন তুলেছেন তারা। বরিশাল নগরের বটতলা এলাকার বাসিন্দা সুজন হাওলাদার বলেন, টেলিভিশন এবং পত্র-পত্রিকায় দেখছি বাজার দর নিয়ন্ত্রনে রাখতে প্রতিদিন অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন দপ্তর।

তবে কার্যত এক সপ্তাহের ব্যবধানে ছোলাবুট, শশা, টমেটো, বেগুন, খেজুর, বিভিন্ন ধরণের ডালের দাম বেড়েই গেল। তাহলে অভিযান কি কাজে আসলো। বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানাগেছে, বাজারে বিভিন্ন মানের ছোলাবুট, চিড়া, খেজুর এবং বিভিন্ন ধরণের ডাল পাওয়া যাচ্ছে। যার মানভেদে দামেও তারতম্য আছে। আবার শসা, আলুসহ ফলও মানভেদে বিভিন্ন দরে বিক্রি হচ্ছে।

খুচরো বাজারের ক্রেতা ও বিক্রেতাদের তথ্যানুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে ৯৫ টাকার ছোলা ঠেকেছে ১১০ টাকায়। এক লাফে ৪০ টাকা বেড়েছে মুগ ডালে। বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। বাজারে খেসারি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। মুড়িতে কেজি প্রতি বেড়েছে ১০ টাকা। চিড়ার কেজি ৬০ টাকা। চিনি ১৪০ টাকা।এদিকে কেজি প্রতি ৫০ থেকে ১শ টাকা বেড়েছে ফলের দাম। পাঁচ টাকা বেড়ে আলুর কেজি ৩৫ টাকা। তবে দাম কমেছে সয়াবিন তেলের। ১৭৩ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ১৬২ টাকায়। যদিও পাইকার ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বাড়ায় কিছু কিছু কাঁচা পন্যের দাম উৎপাদন পর্যায়ে বেড়েছে, তবে ছোলাবুট-চিড়াসহ অন্যান্য সামগ্রীর দাম তুলনামূলক ঠিক রয়েছে। তবে খুচরো বাজারে কেউ বেশি দামে বিক্রি করলে সেক্ষেত্রে পাইকারদের কিছু করার থাকে না। এদিকে বাজার নিয়ন্ত্রণে ভোক্তাদেরও সোচ্চার হওয়ার আহবান জানান ক্যাব বরিশালের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত।

আর অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই জানিয়েছেন, বাজার দর নিয়ন্ত্রনে রাখতে প্রশাসন মাঠ পর্যায়ে তৎপর রয়েছে। সেইসাথে নিয়মিত পরিচালিত হচ্ছে বাজার মনিটরিং অভিযান। রোজার আগে বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে গত ৮ ফেব্রয়ারি চাল, চিনি, তেল ও খেজুরের শুল্ক-কর কমানোর ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড। তবে, বরিশালের বাজারে তেল ব্যতিত অন্য পণ্যের দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা।




বাউফলে জাটকা পাচারের সময় ৩ জন গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফল উপজেলায় জাটকা পাচারের সময় ৩ জন মাছ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

সোমবার ভোর ৬টায় উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় এদের কাছ থেকে সাতশ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দশমিনা উপজেলার বাশবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে স্বপন মোল্লা (২৫), বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের শাহজাহান মিয়ার ছেলে আব্দুল লতিফ (২৭) ও একই ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে ইব্রাহীম খাঁ (২২)।

কালাইয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. লুৎফর রহমান বলেন, গোপন সূত্রে খবর পাই যে কালাইয়া লঞ্চ ঘাটের পূর্বপাশে জাটকা ইলিশ পাচার করার জন্য রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ৬টার দিকে অভিযান করলে সাতশ কেজি অবৈধ জাটকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 




গলাচিপায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত

পটুয়াখালী প্রতিনিধি :

” ইলিশ হলো মাছের রাজা-জাটকা ধরলে হবে সাজা” এ শ্লোগানে আজ ১১ মার্চ সোমবার পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন ও মৎস্য প্রাণিসম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ পালিত হয়।

এ সময়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিস চত্তর থেকে বর্ণাঢ্য আয়োজনে ব্যানার ও ফেস্টুন নিয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন এলাকার জেলে, জনসাধারণ, আওয়ামী মৎস্যজীবী লীগ অঙ্গ সংগঠনে অংশগ্রহণে একটি বিশাল র‌্যালী বের হয়।

পরে উপজেলা চত্তরে নির্বাহী অফিসার মোহাম্মদ  মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে বিশেষ অথিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন, বিশেষ অতিথি পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান সাবু প্রমূখ।

আলোচনায় ১০ ইঞ্চি বা ২৫ সেন্টমিটার ইলিশ ধরা, মজুদ/হেফাজতে রাখা (১) বছর অথবা ২ বছর সহ ৫ হাজার টাকা অথবা উভয় দন্ডে দণ্ডিত হওয়ার আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে। তাই সকলকে দেশের রুপালী সম্পদ রক্ষায় রাষ্ট্রীয় আইন মেনে চলার অনুরোধ জানান।

পরে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় ।




দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

চন্দ্রদীপ নিউজ: দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানান জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্মমন্ত্রী বলেন, দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে। আজ তারাবি পড়ে ও সেহেরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তিনি দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে সৌদি আরবে সোমবার পবিত্র রমজান শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে দেশটিতে রোজা শুরু হয়।




বরিশালে চিকিৎসককে আটক করে অমানুষিক নির্যাতন

বরিশাল অফিস :: রোগীকে চিকিৎসা দিয়ে ফেরার পথে একজন এমবিবিএস চিকিৎসক ও তার সাথে থাকা ওষুধ কোম্পানীর এক প্রতিনিধিকে আটক করে অমানুষিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গ্রামের কতিপয় বখাটে যুবক নির্যাতনের পর ওই দুইজনের সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে।

নির্যাতনের শিকার গৌরনদী উপজেলার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক মোঃ জাকির হোসেন সোমবার (১১ মার্চ) দুপুরে অভিযোগ করে বলেন, ছোট বাশাইল গ্রামে গত শুক্রবার রাতে ওষুধ কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধিকে নিয়ে অসুস্থ এক শিশুকে চিকিৎসা দিতে যাই। চিকিৎসা শেষে ফেরার পথে রোগীর বাড়ির পাশ্ববর্তী রাস্তার ওপর বসে ২০/২৫ জন অপরিচিত লোক আমাকে (জাকির) এবং ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মাহমুদ হোসেনকে আটক করে অমানুষিক নির্যাতন করে। একপর্যায়ে আমাদের দুইজনের সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে আরো দুই লাখ টাকা চাঁদা দাবি করে হামলাকারীরা।

অন্যথায় আমাদের হত্যার হুমকি দেওয়া হয়। পরে চিকিৎসা দিতে যাওয়া শিশুর বাড়ির লোকজন এসে আমাদের উদ্ধার করেন। ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মাহমুদ হোসেন অভিযোগ করে বলেন, কোন কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা আমাদের আটক করে অমানুষিক নির্যাতন করে।
নির্যাতনের একপর্যায়ে আমাদের হত্যার হুমকি দিয়ে বিভিন্নধরনের ভিডিও ধারন করে রাখে। অসুস্থ শিশুর মা মুন আক্তার অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে আমার পাঁচ বছর বয়সের ছেলের সুন্নাতে খৎনা করিয়েছি।

শুক্রবার রাতে আমার ছেলে গুরুত্বর অসুস্থ হয়ে পরলে পূর্ব পরিচিত চিকিৎসক জাকির হোসেন স্যারকে অনেক অনুরোধ করার পর সে আমাদের বাড়িতে আসেন এবং ছেলের চিকিৎসা করে চলে যান। পরে জানতে পারি রাস্তায় বসে আমার (মুন) শশুর বাড়ির লোকজন ওই চিকিৎসক ও তার সাথে থাকা একজনকে আটক করে অমানুষিক নির্যাতন করেছে। খবরপেয়ে আমার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেছেন। মুন আক্তার আরো জানান, হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




বাউফলে বড় ভাইয়ের পিস্তলের গুলিতে ছোট ভাই নিহত

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে বড় ভাই মো. সজিব হোসেনের (২১) অবৈধ পিস্তলের গুলিতে প্রতিবন্ধী ছোট ভাই সাব্বির হোসেন (১৬) নিহত হয়েছেন।

সোমবার (১১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে মো. সজিব হোসেনকে আটক করে পুলিশ।

সাব্বির হোসেন উপজেলার সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামের বাবুল সরদারের ছেলে। আর মো. সজিব হোসেন বাউফল নবারুণ সার্ভে ইনস্টিটিউটের পঞ্চম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে সজিব হোসেন একটি পুরানো পিস্তল নিয়ে নড়াচড়া করতে গিয়ে ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়। সেই গুলি তার প্রতিবন্ধী ছোট ভাই সাব্বিরের কপালের বাম পাশে চোখের ওপরে গিয়ে লাগে। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান বলেন, সাব্বিরকে আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তখন রোগীর অবস্থা আশংকাজনক ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।

নাম প্রকাশ না করার শর্তে এক স্বজন বলেন, রোববার বিকেলের দিকে সাব্বিরকে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক গুলিবিদ্ধর বিষয়টি জানতে পেরে তাকে ঢাকা নিউরোসায়েন্স হাসাপাতালে রেফার্ড করেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে রাত ১টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরের বড় ভাই সজিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।




রোজায় স্কুল বন্ধ রাখার আদেশ বহাল, আপিল শুনানি মঙ্গলবার

চন্দ্রদীপ নিউজ: রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামীকাল (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১১ মার্চ) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ।

শুনানিতে এ কে এম ফয়েজ বলেন, রমজান মাস পবিত্র মাস। করোনার সময় দুই বছর সব প্রতিষ্ঠান বন্ধ ছিল। রমজানে ১০-১৫ দিন স্কুল বন্ধ রাখলে পড়ালেখার কোনো ক্ষতি হবে না। বরং খোলা রাখলে যানজটের সৃষ্টি হবে। অভিভাবকরা সমস্যায় পড়বেন। এ ছাড়া স্কুল বন্ধ রাখতে অভিভাবকরা বিভিন্ন জায়গায় মানববন্ধন করে যাচ্ছেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, স্কুল খোলা রাখা সরকারের পলিসিগত বিষয়। এক্ষেত্রে হাইকোর্ট এখানে হস্তক্ষেপ করতে পারে না।

এর আগে সকালে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

তার আগে রোববার (১০ মার্চ) রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদা খানম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান।

গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায়ও জানায়, রমজানে ১০ দিন ক্লাস চলবে প্রাথমিক বিদ্যালয়ে।

তাদের এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ১২ বা ১৩ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে।




বরিশালের বিনোদন স্পটে পুলিশের অভিযান

বরিশাল অফিস :: নগরীর বিনোদন স্পট গুলোতে পুলিশ অভিযান চালিয়েছে। যে সকল শিক্ষার্থীরা তাদের ক্লাস সময় ফাঁকি দিয়ে বন্ধু-বান্ধবীদের নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে আড্ডা দেয় তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ।

তারই ধারাবাহিকতায় সোমবার (১১ মার্চ) সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা এই অভিযান চালিয়েছে। এ সময় বেশ কয়েক যুগলদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিবারের সাথে কথা বলে মুক্তি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে শিক্ষার সময়সূচীতে এমনভাবে যেন বিনোদন কেন্দ্রগুলোতে উপস্থিত হতে না পারে তার জন্য সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোর্ট ও ড্রেস পরে বিনোদন কেন্দ্রগুলোতে এসে অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পরে। এ থেকে রক্ষা পেতে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সিদ্ধান্ত মোতাবেক এ অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশের সদস্যরা।

 




দুমকীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

পটুয়াখালী প্রতিনিধি: 

পটুয়াখালীর দুমকী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে “নারীর সম‌অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ ” স্লোগানকে ধারণ করে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

সোমবার (১১মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক সভাপতি রেজ‌ওয়ানা হিমেল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পরে একটি আনন্দ শোভাযাত্রা বের করে  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।




‘ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্যিক লেনদেন করতে চায় বাংলাদেশ’

চন্দ্রদ্বীপ ডেস্ক :  বাংলাদেশসহ অনেক উন্নত ও উন্নয়নশীল দেশ লেনদেনের খরচ কমাতে নয়াদিল্লির সাথে ভারতীয় মুদ্রা রুপিতে বাণিজ্য করতে চায় বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি।