স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান

বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি দেশপ্রেমিক আন্দোলনের নাম। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে জনগণের রাষ্ট্র গঠনের রূপরেখা।”

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, “সুন্দর বাংলাদেশ গড়তে হলে ধানের শীষে ভোট দিতে হবে। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে গিয়েও আপোষ করেননি। বিএনপি দ্রুত সুষ্ঠু নির্বাচন চায়, কারণ বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায়।”

তিনি আরও দাবি করেন, একটি স্বৈরাচার সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। তাই প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. মাহাবুব তালুকদার এবং সঞ্চালনা করেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ হোসেন।
সমাবেশে আরও বক্তব্য দেন—

  • জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ

  • বরিশাল জেলা বিএনপির সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুস সাত্তার খান

  • বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার

  • স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভিপি লিপন

  • জেলা কৃষক দলের সভাপতি মহসিন আলম

  • দক্ষিণ যুবদলের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন

  • জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম রবিন

  • আগরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহীদ প্যাদা

  • জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মেহেদী হাসান প্রমুখ।

ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই জাতির মুক্তির সনদ। বিএনপি গত ১৬ বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে শুধুমাত্র জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য। এখন গণতন্ত্র ফিরিয়ে আনা বিএনপির একমাত্র লক্ষ্য।”

সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। বিকেলে মাঠে জনস্রোত নেমে আসে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




চট্টগ্রামের বাঁশখালীর এস এস পাওয়ার প্ল্যান্ট জেটিঘাটে ড্রেজিং বন্ধ চেয়ে রিট আবেদন

চন্দ্রদ্বীপ নিউজ:  বুধবার (১০ সেপ্টেম্বর) বাঁশখালীর গন্ডামারা বরগুনা বহুমুখী সমবায় সমিতির সহকারী সাধারণ সম্পাদক আবুল হোসেন , চট্টগ্রামের বাঁশখালীতে বড়ঘোনার এস আলম পাওয়ার প্ল্যান্ট কর্তৃক ড্রেজিং বন্ধ, ব্রেকওয়াটার (পাথর ফেলে সাগরে জেটি নির্মাণের) সরানোর নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছেন ।

এস আলম গ্রুপের কয়লাবাহী লাইটার জাহাজ ভিড়ানোকে কেন্দ্র করে এ জেটিঘাটে জেলেদের জীবিকার যে ক্ষতি হচ্ছে তার ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ সাইফুল আলম, এসএস পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সহকারী ভূমি অফিসারসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হবে বলে জানান রিটকারীর আইনজীবী মোহাম্মাদ ফারুক হোসেন।

তিনি জানান, এলাকাটি দীর্ঘদিন ধরে স্থানীয় জেলেদের কর্মব্যস্ততার প্রাণকেন্দ্র। প্রায় সময় এ জেটিঘাট থেকে তিন হাজারেরও বেশি জেলে নৌকা ও সাম্পান নিয়ে গভীর সাগরে মাছ আহরণে যান এবং জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি এস আলম গ্রুপের কয়লাবাহী লাইটার জাহাজ ভিড়ানোকে কেন্দ্র করে এ জেটিঘাটে জেলেদের জীবিকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তিনি বলেন, জাহাজের ধাক্কায় জাল ছিঁড়ে যাওয়া, রাতের আঁধারে সাম্পানে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটার মতো ঘটনাও নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। এমনকি নৌকা ডুবিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছেন স্থানীয় জেলেরা।




আবার ও অস্থির তেলবাজার বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

চন্দ্রদ্বীপ নিউজ:পৃথিবীর মানুষের  জীবনযাত্রার মান আবারও হুমকির মুখে , কাতারে ইসরায়েলি হামলা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বানের পর বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। আর তেলের দাম বেড়ে গেলে তা মানুষের সামগ্রিক জীবনের উপর প্রভাব ফেলে। তবে বাজারে দুর্বল চাহিদা এবং সামগ্রিক মনোভাবের কারণে দাম বৃদ্ধির গতি ছিল সীমিত।

এই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ৬৭ ডলারে দাঁড়িয়েছে। অপরদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুড তেলের দামও ৬১ সেন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে ৬৩.২৪ ডলারে পৌঁছেছে।

বিশ্ববাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, কাতারে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তিনি জানান, যদি ওপেকপ্লাস সদস্যদের তেল স্থাপনাগুলো হামলার লক্ষ্য হয়, তবে তা স্বল্পমেয়াদে তীব্র সরবরাহ সংকট সৃষ্টি করতে পারে।

ইসরায়েল হামলায় দাবি করেছে, তারা হামাস নেতৃত্বকে লক্ষ্য করেছে, তবে কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে শান্তি আলোচনার জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন।

হামলার পর প্রথম দিকে তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে গেলেও, যুক্তরাষ্ট্রের আশ্বাসে যে সরবরাহে কোনো তাৎক্ষণিক বিঘ্ন ঘটবে না, তা বাজারকে স্থিতিশীল করে তোলে।

এদিকে, ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন যাতে তারা চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। তার লক্ষ্য হচ্ছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। চীন এবং ভারত বর্তমানে রাশিয়ার প্রধান তেল ক্রেতা।

বিশ্লেষকদের মতে, চীন ও ভারতের মতো বৃহৎ ক্রেতাদের ওপর শুল্ক আরোপ করা হলে রাশিয়ার তেলের রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে, যা বিশ্বব্যাপী সরবরাহ সংকোচনের মাধ্যমে তেলের দাম আরও বৃদ্ধি করতে পারে।

সূত্র: রয়টার্স

 




হিজলায় মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন: স্থানীয়রা নিন্দা জানালেন

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর বাজারে বুধবার সকাল ১১টায় স্থানীয় জনগণের ব্যানারে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রধান বক্তব্য রাখেন নুর হোসেন সুজন, বরিশাল জেলার জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ও বিএনপির সক্রিয় নেতা।

নুর হোসেন জানান, দীর্ঘদিন ধরে মাজহারুল ইসলাম, বাদল মুন্সী ও যুবলীগ নেতা জনি খন্দকার তার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস ও পরিবারের সম্মান ক্ষুন্ন করার পরিকল্পনা করছেন। তিনি দাবি করেন, ২০২১ সালে রাতের আধারে তার ড্রেজার থেকে জোরপূর্বক পাইপ ও নগদ প্রায় আড়াই লক্ষ টাকা চুরি করা হয়।

মানববন্ধনে তিনি আরও বলেন, মাজহারুল ইসলাম বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং এলাকার যুব সমাজকে মাদকের মাধ্যমে ধ্বংস করছে। এছাড়া হরিনাথপুরে আলহাজ্ব আব্দুল জব্বার মেহমান কলেজ থেকে দুর্নীতির দায়ে সোকজ করে বের করা হয়।

সুজন অভিযোগ করেন, মাজহারুল ইসলাম ও বাদল মুন্সী তার উপর ভয়ভীতি সৃষ্টি করে, ব্যবসায়ের অংশীদারিত্ব দাবি করেছেন এবং সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার হুমকি দিয়েছেন। তিনি বলেন, মাজহারুল ফ্যাসিস্ট আমলের ইউনিয়ন পরিশোধের সদস্য এবং আওয়ামী লীগের চেয়ারম্যান তৌফিকের সহযোগী।

মানববন্ধনে স্থানীয়রা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড ও চাঁদাবাজি প্রতিরোধের আহ্বান জানান এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




ডাকসু নির্বাচনে ভরাডুবি বিএনপির জন্য সতর্কতা সংকেত: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, পতিত সরকারের দোসরদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বড় ধরনের ব্যর্থতা ঘটেছে। তিনি বলেন, এই ফলাফল বিএনপির জন্য একটি সতর্কতা সংকেত।

বুধবার (১০ সেপ্টেম্বর) বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে সেলিমা রহমান জেলা ও মহানগরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য এখনও অর্জিত হয়নি, তাই নেতাকর্মীদের সতর্ক থাকা ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জরুরি।

সেলিমা রহমান আরও উল্লেখ করেন, নির্বাচনের বিষয় নিয়ে ষড়যন্ত্র চলছে এবং কিছু রাজনৈতিক দল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাচ্ছে না। তিনি বলেন, মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে চায়, যা কোনো পিআর পদ্ধতির মাধ্যমে বাধাগ্রস্ত করা উচিত নয়।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাটামারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্দুর রহমান। প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য আলহাজ্ব আব্দুস ছত্তার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, ইসরাত হোসেন কচি তালুকদার, আব্দুর রব খান প্রমুখ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরিশালে লাভজনক ও নিরাপদ ধান চাষে তারুণ্যের অংশগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশালে ধান চাষে নতুন প্রযুক্তি ও নিরাপদ চাষ পদ্ধতি শিখতে শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি, ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আশিক ইকবাল খান বলেন, ভাত দেশের প্রধান খাদ্য। ধান উৎপাদন বৃদ্ধি করতে কৃষি যান্ত্রিকীকরণের বিকল্প নেই। এর ফলে উৎপাদন খরচ কমবে এবং শ্রম ও সময় বাঁচবে।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে কীভাবে ধানের চারা রোপণ করা হয় তা সরাসরি দেখতে পায়। এছাড়া সিড সোয়ারে চারা উৎপাদন কৌশল সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজ প্রান্ত। অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, সিমিট বাংলাদেশের কর্মকর্তা মো. শফিক ইসলাম, বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা মহুয়া নন্দী ও ইমদাদুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরিশালে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

সারা দেশের ন্যায় বরিশাল বিভাগেও ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনের প্রথম ১০ কার্যদিবস প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টিকা প্রদান করা হবে। এরপর বিভিন্ন ইপিআই সেন্টার, কমিউনিটি ক্লিনিক এবং স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকাদান চলবে।

এ তথ্য বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এর আয়োজিত এ্যাডভোকেসি সভায় জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার।

বিভাগীয় কমিশনার বলেন, ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকা পাবার যোগ্য সকলকে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এই টিকা গ্রহণ করবে।

সভায় আরও জানানো হয়, টাইফয়েড টিকায় সাধারণত কোন বড় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। তবে টিকা নেওয়ার পরে বমি ভাব, টিকা গ্রহণস্থলে লালচে ভাব বা সামান্য জ্বর হতে পারে। এগুলো স্বাভাবিক এবং কোনো স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং অসুস্থ ব্যক্তিরা টিকা নিতে পারবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পরিবার পরিকল্পনার বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং। বিভিন্ন জেলার সিভিল সার্জন, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, নিহত ২

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে নবীনগর হাউজিং এলাকায় দুই দফায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)। আহত অবস্থায় আটক হয়েছেন নাটা ফয়সাল ও শরীফ, বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতের দিকে স্থানীয়রা ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সুজনের মৃত্যু হয়। পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়ার পর হানিফও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত সুজন ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরটিট্টা এলাকার বাসিন্দা। হানিফসহ দুজনই মোহাম্মদপুরের বছিলা ৩ নম্বর রোড এলাকায় থাকতেন। ওসি রফিক জানান, নিহতদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির অভিযোগে চারটি করে মামলা রয়েছে। এ ঘটনায় শরীফ ও নাটা ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে সুজন ও শরীফকে স্থানীয়রা ধরে গণপিটুনি দেয়। পরে হাসপাতালে নেওয়ার পর সুজন মারা যান। ভোরে একই এলাকায় হানিফ ও ফয়সালকে গণপিটুনি দেওয়া হলে হানিফ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে ছিনতাইয়ের ঘটনায় আরেক যুবক ইয়ামিন (২৩) জনতার গণপিটুনিতে নিহত হন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার সকালে সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের ওই শাখায় অভিযান চালিয়ে লকারটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।

তিনি জানান, লকারটির দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র থাকতে পারে। তবে ভেতরে কী রয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

অভিযান শেষে সিআইসির কর্মকর্তারা জানান, লকারটি সিলগালা করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

ভোলার জেলা জজ এ এইচ এম মাহমুদুর রহমানের দুর্নীতির খবর প্রকাশের জেরে সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ সাংবাদিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, “এই মামলা সম্পূর্ণ হয়রানিমূলক। সংবাদে অসত্য থাকলে মানহানির মামলা করা যেত, কিন্তু সাজানো চাঁদাবাজির মামলা দিয়ে সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে।” তারা আরও মন্তব্য করেন, একজন জেলা জজের নির্দেশে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা জাতির জন্য লজ্জাজনক।

বক্তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য নুরুল হোসেন কাইয়ুম, রাজু আহমেদ, জিয়াউর রহমান, বিপ্লব সিকদার, সাংবাদিক হাফিজুর রহমান শফিক, নেত্রী জেসমিন জুই, আনিছুর রহমান মোল্লা, কাজী টিটু, কবির হোসেন এবং মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ইমনসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা।

মানববন্ধনের সভাপতিত্ব করেন দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ মাসুদ এবং সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুল ইসলাম।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত সংবাদে ‘ভোলা কোর্টের বিচারক ও আইনজীবীদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন’ এবং ‘ভোলা জেলার জজ মাহমুদুর রহমানের অনিয়ম ও দুর্নীতি’ শিরোনামের প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ আড়াল করতেই জেলা জজের নির্দেশে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এটি ক্ষমতার অপব্যবহার এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড আড়াল করার স্পষ্ট উদাহরণ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫