ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে আহত তিন

পটুয়াখালী প্রতিনধি :

দশমিনায় ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে তিনজন আহতের ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দশমিনা সদর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের বাবুলের ছেলে আবদুল গনি (২০), রফিক গাজীর ছেলে মো. রাকিব (১৮) এবং মো. আলাউদ্দিনের ছেলে মো . সোহাগ (২০)।

জানা যায়, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট ব্রিজের ঢালে আসলে মালবাহী একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক সহ দুজন আহত হয়। আহত একজনের ডান পা ভেঙ্গে যায়। ট্রলি চালক পালিয়ে যায়। আহতদের স্থানীয়রা দশমিনা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিঠুন চন্দ্র হালদার বলেন, আহত তিনজনের মধ্যে আবদুল গনি ডান পা ভেঙেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বলা হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনাস্থল থেকে ট্রলি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রলি চালককে পাওয়া যায়নি। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

 




অবন্তিকার হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল অফিস :: জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের অবন্তিকার কাঠামোগত হত্যা” র সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে

সোমবার( ১৮ মার্চ) সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার অর্থ সম্পাদক ফারজানা আক্তার, স্কুল বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ফারহান, সদস্য রেজওয়ান হোসেন সিয়াম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি বরিশাল কলেজ শাখার সদস্য ঐশী হালদার, এ কে স্কুল শাখার সংগঠক সোহান শরীফ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবন্তিকা গতবছর নভেম্বর মাস থেকে তার সহপাঠী ছাত্রলীগ নেতা আম্মান সিদ্দীকী কর্তৃক নানাবিধ উত্যক্তকরণ ও নিপীড়নের শিকার হয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোন বিচার পায়নি বরং সহকারী প্রক্টর দীন ইসলাম অভিযোগ করার জন্য তাকে অফিসে ডেকে হয়রানি করেছেন যা সে আত্মহত্যার পূর্বে তার স্ট্যাটাসে উল্লেখ করেছে।

বক্তারা বলেন, বিচারহীনতার অপসংস্কৃতি ও স্বৈরাচারী রাজনীতির পৃষ্ঠপোষকতার ফলে ছাত্রলীগ নেতা আম্মান সিদ্দিকী দীর্ঘদিন ধরে অবন্তিকাকে উত্যক্ত করার সাহস পেয়েছে। ক্যাম্পাসগুলিতে শুধু সন্ত্রাস-দখলদারিত্বের রাজত্ব কায়েম করেই ক্ষান্ত হয়নি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, উপরন্তু দেশের আপামর ছাত্রী-নারীর কাছে বিভীষিকাময় মূর্তি নিয়ে হাজির হয়েছে৷ আর এসবের সাথে যুক্ত হয়ে ক্যাম্পাসের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ছাত্রলীগ নেতা আম্মান সিদ্দীককে রক্ষা করার জন্য নির্লজ্জ দালালি করেছেন।

বক্তারা বলেন, অবন্তিকার মৃত্যু আত্মহত্যা নয়, কাঠামোগত হত্যা। বক্তারা অবিলম্বে অবন্তিকার “কাঠামোগত হত্যা” র সাথে জড়িত সকল ব্যক্তিদের তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।




কীর্তনখোলা নদীতে নিখোঁজ জেলের পা উদ্ধার

বরিশাল অফিস :: বরিশাল কীর্তনখোলা নদীতে পারাবাত-১১ লঞ্চের নিচে পড়ে আবেদ আলী (৩০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় অনেক খোঁজাখুঁজির পর তার একটি পা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দুপুরে বরিশাল বিআইডব্লিউটিএ নদীবন্দর এলাকায় কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জলিল জানান, আমরা শুনতে পাই যে কিছুক্ষণ আগে দুপুরে বরিশাল নদী বন্দর এলাকায় একজন জেলে মাছ ধরছিলো। এসময় তার জাল লঞ্চের ইঞ্জিনের পাখার সাথে আটকে যায়। এতে ওই জেলে জাল ছাড়াতে পানির নিচে যায়। হঠাৎ করে ওই লঞ্চ চালু দিয়ে অন্য জায়গায় নোঙ্গর করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পরে পাখায় আঘাত পেয়ে ওই জেলে নিখোঁজ হয়।

তিনি বলেন, আমরা আসার পর ফায়ার সার্ভিসেরকে ফোন করলে তারা এসে খোঁজাখুঁজি করে নিখোঁজ জেলের একটি বাম পা উদ্ধার করতে সক্ষম হয়। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনা তদন্ত সাক্ষেপে আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 




অক্টোবরে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল উদ্বোধন

অক্টোবরে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি :

দেশের আধুনিক তৃতীয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণকাজ প্রায় শেষের দিকে। এটি উদ্বোধন হবে অক্টোবরের মধ্যেই। যার জন্য পুরোদমে চলছে নির্মাণকাজ। টার্মিনাল চালুর পরেই বন্দরের কার্যক্রম আরো গতিশীল হবে।

শুধু এ নয়, সড়কপথে পণ্য পরিবহনের জন্য প্রথম টার্মিনালের সাথে ছয় লেনের ৬ দশমিক ৩৫০ কিলোমিটার সড়কের নির্মাণ কাজও চলমান রয়েছে।

এ ছাড়াও আন্ধারমানিক নদীতে এক দশমিক ১২ কিলোমিটার চার লেনের সেতুর নির্মাণ কাজও শুরু হয়েছে।

পায়রা কর্তৃপক্ষ জানায়, বন্দরের প্রথম টার্মিনালে পণ্যবাহী জাহাজ ভেড়ানোর লক্ষ্যে দিনরাত কাজ করছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। রাবনাবাদ চ্যানেলের চারিপাড়ায় এ টার্মিনালে একই সাথে ২০০ মিটারের তিনটি মাদার ভেসেল ভেড়ানোর সক্ষমতা থাকবে। এ ছাড়া ৬৫০ মিটার দীর্ঘ মূল টার্মিনাল, তিন লাখ ২৫ হাজার বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড ও ১০ হাজার বর্গমিটার সিএফএস সুবিধা থাকছে।

উদ্বোধনের পরেই প্রথম টার্মিনাল থেকে সড়ক পথে আন্ধারমানিক নদীর উপর সেতু দিয়ে পণ্য পরিবহন করা হবে। ভাড়ি যানবাহন চলাচলের জন্য শিগগিরই ওই নদীতে ফেরি সার্ভিস চালু করা হবে। এ ছাড়াও নদীর উপর যানবাহন চলাচলের জন্য সেতু নির্মাণ করা হচ্ছে বলেও জানায় সংশ্লিষ্ট সূত্র।

পায়রা বন্দরের প্রথম টার্মিনাল, ছয় লেন সড়ক ও চার লেন সেতু নির্মাণসহ এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে চার হাজার ৫১৬ কোটি টাকা।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, পায়রা একটি অপারেশনাল বন্দর হিসেবে কাজ শুরু করেছে। এ বন্দর ব্যবহার করে ব্যবসায়ীরা এরই মধ্যে সিমেন্টের কাঁচামালসহ অনেক ধরনের পণ্য নিয়ে আসছেন। বিদেশী বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

 




দুমকীতে আলোচিত কিশোরী ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :

র‌্যাবের জালে পটুয়াখালীর দুমকীতে ১২ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা মামলার পলাতক আসামী দুলাল খন্দকারকে (৩৫) মামলা রুজু হওয়ার মাত্র ১২ ঘন্টার মধ্যে আটক হয়েছে। 

রবিবার(১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৮ (সিপিসি-১) পটুয়াখালী ক্যাম্পের বিশেষ আভিযানিক দলের কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার সদর থানার ফুলঝুঁড়ি এলাকা থেকে দুলালকে আটক করা হয়।

আটক আসামী দুলাল খন্দকার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারেক খন্দকারের ছেলে। সে ৩ সন্তানের জনক।

আট মাস আগে ধর্ষণের ঘটনায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ কবির খন্দকারের মেয়ে ভুক্তভোগী সাদিয়া আক্তার (৭ম শ্রেণির শিক্ষার্থী) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে দুলাল খন্দকারের নামে দুমকী থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা হলে ঘটনাটি র‌্যাবের নজরে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেজর সোহেল রানা জানান, গ্রেফতারকৃত আসামী দুলালকে দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

 




বরিশালে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

বরিশাল অফিস :: বরিশাল নগরীতে জুনিয়র সিনিয়র নিয়ে দ্বন্দ্বে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে নগরীর শশী মিষ্টান্ন ভাণ্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত কলেজছাত্র হলো ইমাম হোসেন মইন ওরফে মাহী। সে নগরীর বগুড়া রোড বাংলাদেশ ব্যাংকের পেছনের গলির বাসিন্দা মৃত আহসান হাবীবের ছেলে। নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এ বছর তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।

মাহী বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর শ্যালক। তিনি জানান, মাহী বন্ধুদের নিয়ে শশী মিষ্টান্ন ভাণ্ডারের পাশে দোকানে আড্ডা দিচ্ছিলো। এ সময় তার জুনিয়র সাইভি এসে সিগারেট কিনে দিতে বলে। এতে মাহী রাগ করে সাইভিকে সরিয়ে দেয়। সেখান থেকে সাইভি চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবারও এসে মাহীকে ডেকে পাশের একটি গলিতে নেয়। সেখানে আগে থেকে সাকিব ও রাফাতসহ সাইভি মাহীকে চাপাতি দিয়ে কোপানো শুরু করে।

মঞ্জু জানান, মাহীর ডাক-চিৎকারে বন্ধুরা এসে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

মাহীর ঘাড়ে, গলায় ও মাথায় তিন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে জানিয়ে মঞ্জু বলেন, চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করছে। তা ঘাড়ের ওপ জখম গুরুতর। তাকে ঢাকায় নেওয়া হবে।

এ ঘটনায় মামলা করা হবে বলেও জানিয়েছেন মঞ্জু।

কোতয়ালী মডেল থানার ওসি আরিচুল হক  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কারা জড়িত ছিলো তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে সকালে মাঠে নামবে বাংলাদেশ। রাতে পিএসএলের ফাইনালে মুলতানের প্রতিপক্ষ ইসলামাবাদ।



গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল, বললেন সাবেক সেনা কমান্ডার

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে হেরেছে ইসরায়েল। সাবেক এক ইসরায়েলি কমান্ডারই বলেছেন এমন কথা।



নিপুণের প্যানেলের সভাপতি নায়ক মাহমুদ কলি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা জমে উঠেছে। আগামী ২৭ এপ্রিল চলচ্চিত্রশিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে প্যানেল গঠনের কাজ নিয়ে শিল্পীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সমিতির বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন এবারের নির্বাচনে অংশ নেবেন না বলে আগেই জানা গেছে।

গত মাসে ইলিয়াস কাঞ্চনের ঘোষণার পর নতুন সভাপতি খুঁজছেন নিপুণ। এবার সভাপতি খুঁজে পেয়েছেন তিনি। চলচ্চিত্রের সোনালি দিনের জনপ্রিয় অভিনেতা মাহমুদ কলি হচ্ছেন নিপুণের প্যানেলের সভাপতি।

আজ (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিকেলে শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান শিল্পী সমিতির সদস্যরা। এসময় নিপুণের পাশেই ছিলেন নায়ক মাহমুদ কলি।

সভাপতির বিষয়ে কোনো ঘোষণা না দিলেও আজ ইফতারের পর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান নিপুণ। তবে নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল জাগো নিউজকে নিশ্চিত করেন মাহমুদ কলি-ই সভাপতি হচ্ছেন।

আশি-নব্বই দশকের জনপ্রিয় নায়ক ছিলেন মাহমুদ কলি। দীর্ঘদিন তিনি চলচ্চিত্রপ্রেমীদের মাত করে রেখে ছিলেন। মাহমুদ কলি ‘মাস্তান’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পথচলা শুরু করেন।

এরপর ১৯৭৮ সালে অশোক ঘোষ নির্মিত ‘তুফান’ চলচ্চিত্রে মূল নায়কের ভূমিকায় অভিনয় করেন। মাহমুদ কলি ৬১টি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে দুটি সিনেমা মুক্তি পায়নি।

মাহমুদ কলি অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘নেপালি মেয়ে’, ‘শ্বশুরবাড়ি’, ‘সুপারস্টার’, ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘গোলমাল’, ‘মহান’, ‘দেশ বিদেশ’, ‘মা বাপ’‘গ্রেফতার’ ও ‘খামোশ’।




নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। ইসরায়েলের বড় বড় শহরগুলোতে  বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহুকে অবশ্যই পদত্যাগ করতে হবে। খবর আল জাজিরার।

গাজায় ইসরায়েলি সরকার যেভাবে যুদ্ধ পরিচালনা করছে সে বিষয়ে দেশটির সাধারণ জনগণ বেশ ক্ষুব্ধ। এছাড়া গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়েও ইসরায়েলি সরকারের ব্যর্থতায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

রোববার (১৭ মার্চ) যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের কাতারে সফর করার কথা। ১৬৩ দিন ধরে চলা এই যুদ্ধ নিয়ে অনেক ইসরায়েলিই ধৈর্য্যহারা হয়ে পড়েছেন।

গাই জিনাত নামের এক বিক্ষোভকারী বলেন, আমরা চাই সরকার আমাদের গুরুত্ব সহকারে নেবে এবং এই যুদ্ধ বন্ধ করবে। আমাদের দেশ হবে মানুষের জন্য। আমাদের দেশ এমন কোনো একনায়কতন্ত্রের দেশ হবে না যারা নিজেদেরকে বিশ্বের অন্যতম কিছু মনে করবে।

গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে ইসরায়েলি তাণ্ডবে যেন লাশের সারি থামছেই না। বেশ কিছু ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজার কেন্দ্রীয় দেইর আল বালাহ শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এর মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

অবশেষে জাবালিয়া এবং গাজা সিটিতে নিরাপদেই ১৩টি ত্রাণবাহী ট্রাক পৌঁছাতে সক্ষম হয়েছে। গত চার মাসের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণাঞ্চল থেকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে কোনো ধরনের সহিংসতা ছাড়াই ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলো।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩১ হাজার ৫৫৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৩ হাজার ৫৪৬ জন।

শনিবার মধ্য গাজার একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৬ জন নিহত হয়। ওই বাড়িটি নুসিরাত শরণার্থী ক্যাম্প থেকে বেশি দূরে নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় একটি বাড়ি ধ্বংস হয়েছে। নিতহদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

গাজায় ত্রাণ সহায়তা পাওয়ার জন্য জড়ো হওয়া লোকজনের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার উত্তরাঞ্চলে এ ধরনের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দেড় শতাধিক মানুষ। এই হামলাকে একটি নতুন পূর্বপরিকল্পিত হত্যাযজ্ঞ বলে অভিহিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।