ঝালকাঠিতে শিশু হত্যা : এক যুবকের ফাঁসি, এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল অফিস::  ঝালকাঠির কাঁঠালিয়ায় শিশু হত্যার দায়ে ইয়াসিন জোমাদ্দার (২০) নামে এক যুবকের ফাঁসি ও রেহেনা বেগম (৪৫) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: মাসুদুর রহমান এ রায় ঘোষণা করেন।

এ সময় শাহাদাত হোসেন নামে অপর এক আসামিকে খালাস দেয়া হয়। এর আগে শিশু আদালত থেকে মামলার তিন শিশু আসামি খালাস পায়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, কাঁঠালিয়া উপজেলার জোরখালী গ্রামের শাহিন জোমাদ্দারের মেয়ে মাদরাসায় যাতায়াতের পথে প্রতিবেশী ইয়াসিন জোমাদ্দার উত্যক্ত করত। এতে বাঁধা দিতো শাহিনের শিশুপুত্র মেহেদী হাসান (৮)। এতে মেহেদী হাসানের ওপর ক্ষিপ্ত ছিল ইয়াসিন। ২০১৫ সালের ২৮ আগস্ট বিকেলে বাসা থেকে বের হলে শিশু মেহেদী হাসান নিখোঁজ হয়। পরে ৩১ আগস্ট বিকেলে স্থানীয় আনসার আলির বাড়ির বাগানে ধারলো অস্ত্রদিয়ে ক্ষত বিক্ষত অবস্থায় শিশু মেহেদী হাসানের লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় ৩১ আগস্ট মেহেদী হাসানের বাবা শাহিন জমাদ্দার প্রতিবেশী তিন শিশুসহ ছয় জনকে আসামি করে কাঁঠালিয়া থানায় মামলা করে। ২০১৭ সালে ৩০ ডিসেম্বর সর্বশেষ ঝালকাঠি সিআইডির এসআই সিদ্দিকুর রহমান আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

আদালত ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করে রায় ঘোষণা দেন। রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি আ স ম মোস্তাফিজুর রহমান মনু ও আসামিদের পক্ষে নাসির উদ্দিন কবির মামলা পরিচালনা করেন। এই মামলার আসামি মো: শাহাদাত হোসেন এবং অপর তিন শিশু আসামিকে শিশু আদালত থেকে খালাস প্রদান করা হয়।




গলাচিপায় কিশোর গ্যাংয়ের হাতে এইচএসসি পরিক্ষার্থী নিহত

বরিশাল অফিস::  গলাচিপায় কিশোর গ্যাংয়ের হাতে জিসান ডাক (১৮) নামের তরুণ নিহত হয়েছে।  মঙ্গলবার (১৯ মার্চ) শেষ বেলায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

জিসান ডাক উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মশিউর রহমান নান্নু ডাকের ছোট ছেলে। সে হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বানিজ্য শাখার শিক্ষার্থী বলে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জাহিদুল ইসলাম জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ মার্চ শুক্রবার জিসান বাড়ি থেকে বটতলা বাজারে পায়ে হেঁটে যাচ্ছিল। এ সময় কিশোর গ্যাং সদস্য রাস্তার ধুলাবালি উড়িয়ে অতি দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। জিসান তাকে মোটরসাইকেল ধীরে চালাতে বলায় কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেলচালক অন্য কিশোর গ্যাং সদস্যদের বটতলা বাজারে জড় হতে বলে। জিসান বাজারে পৌঁছামাত্র বাপ্পি, মাহিন, জহিরুল, বেল্লাল ও ইছাসহ কিশোর গ্যাং সদস্যরা জিসানকে কাঠের গুড়ি (চলা) দিয়ে এলোপাথারি আঘাত করে।

স্থানীয়রা আহত জিসানকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করে। ঢাকা চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়ি আনা হয়। বাড়িতে ৫-৬ ঘণ্টা অবস্থান করলে জিসান আবার অসুস্থ হয়। পরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফেরদাউস আলম খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




ভোলায় চাচিকে হত্যায় ভাতিজাসহ গ্রেফতার ৩

বরিশাল অফিস::  চাচিকে হত্যা মামলায় ভাতিজাসহ মোট তিন আসামিকে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কাদেরজঙ্গল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতড়াপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে লালমোহন থানায় আনা হয়। এরআগে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. রিপন ও তার স্ত্রী সুইটি বেগম এবং মা বিবি ছকিনা। রিপন উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুড়ালিয়া কান্দি এলাকার আবুল কালাম সিকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, ২০২৩ সালের ৩০ ডিসেম্বর সকালে একটি গাছের মালিকানা দাবি করে রিপন ও তার চাচি পারভিন বেগমের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পারভীন বেগমকে গাছের ডাল দিয়ে আঘাত করে রিপন। এতে গুরুতর আহত হন পারভিন। পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন চিকিৎসক। বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পারভীন বেগম।

তিনি আরো জানান, ওই ঘটনায় চলতি বছরের জানুয়ারি মাসে নিহত পারভীন বেগমের স্বামী বাচ্চু সিকদার বাদী হয়ে ভাতিজা রিপনসহ ৪ জনকে আসামি করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে পালিয়ে থাকতে শুরু করেন আসামিরা। তবে তথ্য-প্রযুক্তির সহায়তায়, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে সোমবার রাতে কিশোরগঞ্জ জেলায় অবস্থিত মূল অভিযুক্ত রিপনের শ্বশুরবাড়ি থেকে তাকেসহ মোট ৩ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মঙ্গলবার সকালে তাদেরকে লালমোহন থানায় আনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।




বরিশালে বেসরকারি হাসপাতালের ভুল রিপোর্টে হয়রানির শিকার রোগী

বরিশাল অফিস:;  বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারি হাসপাতালের ডাক্তারের ভুল রিপোর্টের কারণে রোগীর অর্থনৈতিক ক্ষতিসহ হয়রানির শিকার হয়েছেন। ওই রোগীকে অন্যত্র পরীক্ষা করালে কোনো সমস্যা ধরা না পড়ায় ভুল রিপোর্টের প্রতিবাদ করায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা রোগীর সঙ্গে দুর্ব্যবহার করেন।

ওই ডাক্তারের দেওয়া ওষুধ সেবন করলে রোগীর অবস্থা আরও খারাপ হতো বলে জানান উপজেলা সরকারি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন। এ ঘটনায় রোগী সিয়াম উপজেলা হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মানিক সরদারের ছেলে সিয়াম সরদার (২৫) পেটে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ১৩ মার্চ রাতে আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে বেসরকারি আগৈলঝাড়া দুস্থ মানবতা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নেয়ামত উল্লা সজীব রোগী দেখে তাকে ইসিজি করতে বলেন। ইসিজি করার পূর্বেই ওই রোগীর জটিল রোগ হয়েছে বলে জানান ডা. নেয়ামত উল্লা। পরে ইসিজি রিপোর্ট দেখে ডা. নেয়ামত উল্লা বলেন- হার্টের সমস্যা দেখা দিয়েছে। তাৎক্ষণিক সেবনের জন্য সে কয়েকটি হার্টের ওষুধ লিখে দেন।

রোগী উপজেলা সদরের একাধিক দোকান থেকে ওষুধ কিনতে গেলে তাকে দোকানিরা খেতে নিষেধ করেন। পরে দুস্থ মানবতা হাসপাতালের চিকিৎসক ডা. নেয়ামত উল্লা গভীর রাতে দ্রুত তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। পরে রোগী সিয়াম সরদার বরিশাল শেবাচিম হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে সেখানে ইসিজিতে হার্টের কোনো রোগ ধরা পড়েনি। পর দিন ১৪ মার্চ পুনরায় আগৈলঝাড়া উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনকে দেখালে তিনিও পরীক্ষা-নিরীক্ষা করে বলেন সিয়ামের হার্টের কোনো রোগ নেই। এতে রোগী ও তার পরিবারের অনেক হয়রানিসহ অর্থ ব্যয় হয়েছে।

রোগী সিয়ামের বড় ভাই সজীব সরদার বলেন, আগৈলঝাড়া দুস্থ মানবতা হাসপাতালে ডাক্তারের ভুল রিপোর্টের কারণে আমার ভাইকে নিয়ে বরিশাল শেবাচিম ও গৈলা হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা সঠিক রিপোর্ট পেতে অর্থ ব্যয়সহ হয়রানির শিকার হয়েছি। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।

এ ব্যাপারে আগৈলঝাড়া দুস্থ মানবতা হাসপাতালের ডা. নেয়ামত উল্লা সজীব বলেন, রোগী যখন অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন, তখন তার এ সমস্যা ছিল। পরবর্তীতে তার সমস্যা কমে যায়। রোগী বরিশাল যেতে চাইলে আমরা বরিশাল রেফার করে দিয়েছি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন সিরামের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তার হার্টের কোনো রোগ নেই। আগৈলঝাড়া দুস্থ মানবতা হাসপাতালে যে পরীক্ষা করা হয়েছিল তাদের রিপোর্টে ভুল ছিল। অভিযোগটি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হবে।




ঝালকাঠিতে ১৩ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা

বরিশাল অফিস::  ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৩ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহম্মেদ, মহিন উদ্দিন, মাইনুল ইসলাম খান ও ঝন্টু বিকাশ চাকমা এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঝালকাঠি শহরে পণ্যের মূল্য বাড়িয়ে বিক্রির অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে ১৩ হাজার এবং নলছিটি উপজেলায় একটি ফলের দোকান ও জুয়েলারিতে মূল্য তালিকা না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, ‘বাজার মনিটরিং প্রতিদিন চলবে। পণ্যের দাম কেউ বাড়ালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’




কিশোর গ্যাংয়ের হামলায় এইচএসসি পরিক্ষার্থী নিহত

পটুয়াখালী প্রতিনিধি :

গলাচিপায় কিশোর গ্যাংয়ের মারধরে জিসান ডাক(১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার শেষ বেলায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। জিসান ডাক উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মশিউর রহমান নান্নু ডাক এর ছোট ছেলে। সে হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বানিজ্য শাখার শিক্ষার্থী বলে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮মার্চ শুক্রবার জিসান বাড়ি থেকে বটতলা বাজারে পায়ে হেটে যাচ্ছিল। এ সময় কিশোর গ্যাং সদস্যরা রাস্তার ধুলাবালি উড়িয়ে অতি দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। জিসান তাকে মোটরসাইকেল ধীরে চালাতে বলায় কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালক বাপ্পি কিশোর গ্যাং সদস্যদের বটতলা বাজারে জড় হতে বলে।

জিসান বাজারে পৌছা মাত্র বাপ্পি, মাহিন, মহিবুল,  জহিরুল, বেল্লাল ও ইছা সহ কিশোর গ্যাং সদস্যরা জিসানকে কাঠের গুড়ি(চলা) দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারি আঘাত করে। এ হামলায় জিসান মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।

স্থানীয়রা আহত জিসানকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করে। ঢাকায় প্রায় ১০ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়ি আনা হয়। বাড়িতে এনে ৫/৬ঘন্টা অবস্থান করলে জিসান আবার অসুস্থ হয়ে পড়লে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদাউস আলম খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 




বরিশাল নগরীতে পষঁন ৬০+ নামের নতুন সংগঠনে আত্ব প্রকাশ

বরিশাল অফিস:; বরিশাল নগরীতে মধ্য বয়সীদের নিয়ে দোয়া মোজাত ও ইফতারের মাধ্যমে পষঁন ৬০ + নামের
নতুন একটি বন্ধুমহল সংগঠনের আত্ব প্রকাশ ঘটেছে।

মুনিবুর রহমান মনি সভাপতি ও গোলাম কিবরিয়া সেলিম সাধারন সম্পাদক ও জাহিদুর রহমান দুলালকে অর্থ বিষয়ক সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯) মার্চ নগরীর কলেজ রো আরিফ মেমোরিয়াল হটেল কেন্টিনে ইফতার পূর্ব দোয়া মোনাজাতের মাধ্যমে এই নতুন সংগঠনের আত্ব প্রকাশ ও যাত্রা কার্যক্রম
শুরু করেছে।

ইফতার পূর্ব দোয়া মোনাজাত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম, বিশিষ্ট ক্রিড়া সংগঠক মাকসুদ আলম বেগ সহ সংগঠনের বিভিন্ন সদস্য গণ।




ভোলায় ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ ৩০ শিক্ষার্থী

বরিশাল অফিস::  ভোলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ করে ৩০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। পরে আশংকাজনক অবস্থায় তাদের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ভোলা সদরের পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে। ঘটনার পরপরই হাসপাতালে নিয়ে আসা হয় তাদের।

এ ঘটনায় আতঙ্ক আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানিয়েছেন, শ্রেণি কক্ষে দ্বিতীয় ক্লাস চলছিল। এ সময় জাহিদ নামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর অসাবধানতাবশত বলপেনের পিন তার হাতের আঙ্গুলে ঢুকে যায়। এতে অসুস্থ হয়ে পড়ে সেই শিক্ষার্থী। এটি দেখে কিছুক্ষণের মধ্যে সহপাঠীরা মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন।

এভাবে অল্প সময়ের মধ্যে ওই শ্রেণির ১৬ জন এবং পরবর্তীতে অন্য শ্রেণির ১৪ জনসহ মোট ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর পরই অভিভাবকদের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে শিক্ষার্থীদের ভোলা হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যে অনেকেই সুস্থ। তবে তাদের অসুস্থ হয়ে পড়ার পেছনে অন্য কোনো কারণ নেই।

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েবুর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে কেউ কোনো রোগে আক্রান্ত হয়নি। তাদের দেখে মনে হচ্ছে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। সবাই এখন সুস্থ। ভয়ের কারণ নেই।




জাটকা পরিবহন করায় মুলাদীতে ১৫ জনকে জরিমানা

বরিশাল অফিস:: জাটকা পরিবহন করার অপরাধে বরিশালের মুলাদীতে ১৫ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি ৫ মণ জাটকাও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে জাটকা পরিবহন করার অপরাধে ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন পরিচালিত মোবাইল কোর্টে সোপর্দ করা হয়। মোবাইল কোর্ট তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ৫ মণ জাটকা জব্দ করে তা ১৩টি এতিমখানা ও গরিব-দুঃখি মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

এছাড়ি আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১টি মশারি জাল, ৩৫টি চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।




মির্জাগঞ্জে ব্রিজ নির্মাণে ধীরগতি

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রীমন্ত নদের ওপর নির্মাণাধীন গার্ডার ব্রিজের নির্মাণ কাজ তিন বছরেও শেষ হয়নি। উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী-রামপুর সংযোগ ব্রিজের এই অবস্থা। ৩ বছরে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র ৪০ শতাংশ। ফলে দীর্ঘদিন ধরে এলাকার কয়েক হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এছাড়াও যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। নেই বিকল্প পারাপারের ব্যবস্থাও। লোকজন বাধ্য হয়ে পাশের ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে চলাচল করছে।

উপজেলা এলজিইডি বিভাগ সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে জাপান সরকার (জাইকা) অর্থায়নে ৬ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ৭৬ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের কাজটি যৌথভাবে পায় বরিশালের এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লি. ও মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন।

কাজটি তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী বিভাগ। কিন্তু নির্মাণ কাজ শুরুর ৩ বছর পার হলেও এখনও শেষ হয়নি ব্রিজটির কাজ। তবে ব্রিজ নির্মাণের সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দা মোসা. রিংকু বেগম বলেন, নতুন ব্রিজের কাজ শুরু করে কয়েক বছর ফেলে রাখা হয়েছে। বিকল্প যোগাযোগের কোন ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে নদীর দুই পারের মানুষজনকে চলাচল করতে হচ্ছে। কিন্তু কোন গাড়ি পার হতে পারে না। পায়ে হেঁটে পার হতে হয়। ফলে কোন লোক মৃত্যুবরণ করলে ব্রিজের ওপর গাড়ি থামিয়ে স্ট্রেতে করে লাশ বাড়ি নিয়ে যেতে হয়। এটা আমাদের জন্য খুব কষ্টকর।

স্থানীয় আরেক বাসিন্দা মো. সুমন বলেন, ব্রিজটি নিয়ে আমরা অনেক সমস্যা আছি। ৩ বছরের বেশি সময় ধরে পরে আছে। গাড়ি নিয়ে আমরা পারাপার হতে পারিনা। খুবই দুর্ভোগ পোহাচ্ছি।

গাড়ি চালক আব্দুস সালাম বলেন, নতুন ব্রিজ নির্মাণ কাজ শুরু করে শেষ করার কোন নামই নাই। অন্যদিকে পুরাতন ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা গাড়ি পার করতে পারছি না। ব্রিজের ঢালে যাত্রী নামিয়ে দিতে হয়। এতে আমাদের অনেক আর্থিক লোকসান হচ্ছে।

ব্রিজ নির্মাণের দায়িত্বরত ইঞ্জিনিয়ার মো. পারভেজ আকন বলেন, আমি এখানে সাত মাস হয়েছে এসেছি। কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সময় বৃদ্ধিকরণের নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজের কাজ শেষ হবে।

এ বিষয়ে কথা বলতে মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. আমির হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আলমগীর হোসেন বাদশা বলেন, ব্রিজটি নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের কিছুটা গাফিলতি রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণ কাজটি শেষ করার জন্য ঠিকাদারকে জোর তাগিদ দেওয়া হয়েছে।