বরিশালে এসএম জাকিরের উপহারের ভ্যান পেয়ে হাসি ফুটেছে হতদরিদ্র ইসমাইলের মুখে

বরিশাল অফিস:: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের হতদরিদ্র ইসমাইল হোসেন সিকদারকে ভ্যান প্রদান করে কর্মসংস্থানের ব্যাবস্থা করে দিয়েছেন সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরিনয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।

মঙ্গলবার (১৯মার্চ) বিকেলে চরকাউয়া খেয়াঘাট এলাকায় সমাজসেবক এসএম জাকির হোসেন হতদরিদ্র ইসমাইলের হাতে ভ্যানটি তুলে দেয়। এসময় স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নতুন ভ্যানটি পেয়ে অসহায় ইসমাইলের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। ইসমাইল হোসেন বলেন, এসএম জাকির হোসেন ভাইয়ের দেয়া নতুন ভ্যান পেয়ে আমি খুব খুশি। এখন আমি ভ্যান চালিয়ে সংসার চালাতে পারবো। আমি জাকির ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বেশি বেশি করে মানুষের জন্য কাজ করার তৈফিক দান করেন।

অন্যদিকে বিকেলে চরকাউয়া এলাকার সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এছাড়া চাঁদপুরা ইউনিয়নের হিজলতলা মৌলভিরহাট বাজারে সাধারন মানুষ ও ব্যবসায়ীদের সাথেও কুশল বিনিময় করেন তিনি। এসময় সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলাকে আধুনিক ও স্মার্ট উপজেলা গড়ার প্রতিশ্রুতি দেন এসএম জাকির হোসেন।

এর আগে চরকাউয়া সাতআনি মৃধা বাড়ি নিবাসী মোঃ মতিউর রহমানের মৃত্যুর খবর শুনে ছুটে যান এসএম জাকির হোসেন। জানাজায় উপস্থিত হয়ে তিনি মরহুমের পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি গভীর সমবেদনা জানান।




উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় এমপি মেনন

বরিশাল অফিস:: বরিশাল জেলার উজিরপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কমরেড রাশেদ খাঁন মেনন।

১৯ মার্চ মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার,উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন,

উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাবেক প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা সাবরেজিস্টার মোঃ ইমরান খান, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিনুর জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুব হোসেন হাওলাদার, মোঃ নজরুল ইসলাম মাঝি, আওরঙ্গজেব হাওলাদার, আঃ খালেক রাড়ী, বেবি রানী দাস, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহানা পারভীন, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কমরেড রাশেদ খাঁন মেনন বলেন ,উপজেলার সকল দপ্তরের সমস্যা ও উন্নয়ন কার্যক্রমের বিষয়ে রেজুলেশনের মাধ্যমে লিপিবদ্ধ করে অগ্রাধিকার ভিক্তিতে বাস্তবায়ন করা হবে। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের মাধ্যমে সমাধান করা হবে।




বরিশালে ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩ জন কারাগারে

বরিশাল অফিস:: বরিশালে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে জখমের মামলায় মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) বরিশাল মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে তারা উচ্চ আদালতের দেওয়া জামিন বাড়ানোর আবেদন করেন।

মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. আশরাফউদ্দিন আবেদন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জিআরও এনামুল হক জানিয়েছেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস, তার অনুসারী হাসান ও অপু।

মামলার বরাতে জিআরও এনামুল হক জানান, বরিশাল মহানগর ছাত্রলীগের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মেহেদি হাসান মিথুনকে ১৯ জানুয়ারি কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় মিথুনের শ্বশুর বাদশা চৌধুরী নামধারী চারজনসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে। ওই মামলার আসামি হিসেবে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা প্রদীপ দাসসহ নামধারী ৪ আসামি। এর মধ্যে প্রদীপসহ তিন আসামি হাজির হয়ে জামিন বাড়ানোর আবেদন করেন। তবে মামলার অপর আসামি ছাত্রলীগ নেতার ভাই রাধেশ্যাম দাস আদালতে হাজির হননি।




আবারো বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন আফজাল হোসেন

বরিশাল অফিস::  পুনরায় বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আফজাল হোসেন।

আজকে সাড়ে ১২ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়, বরিশাল এর সম্মেলন কক্ষে জানুয়ারি, ফেব্রুয়ারি /২০২৪ মাসের “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম ।

এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি), বরিশাল; জনাব মো: মেহেদী হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বরিশাল; জনাব এস.এম বায়জীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার, মুলাদী সার্কেল, বরিশাল; জনাব জি.এম মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, মেহেন্দিগঞ্জ সার্কেল, বরিশাল; জনাব মো: মাজহারুল ইসলাম, সহকারি পুলিশ সুপার, (উজিরপুর সার্কেল), বরিশালসহ জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের মধ্যে র‍্যাব, কোষ্টগার্ড, নৌপুলিশের কর্মকর্তাগণ সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সভায় জানুয়ারি, ফেব্রুয়ারি /২০২৪ মাসের গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন সভাপতি বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামবিপিএম।

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট পাওয়ায় বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বি পি এম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসি আফজাল হোসেন।

অফিসার ইনচার্জ আফজাল হোসেন সকলের কাছে দোয়া চেয়েছেন যেন দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থেকে নিরবিচ্ছিন্ন ভাবে সেবা প্রদান করতে পারেন।




বরিশালে জাটকা পরিবহন করায় ১৫ জনকে জরিমানা

বরিশাল অফিস::  বরিশালের মুলাদী উপজেলায় অবৈধ্য ভাবে জাটকা পরিবহন করার অপরাধে ১৫ জনকে আটক করা হয়েছে। ৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে মুলাদী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি বলেন, উপজেলার আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় জাটকা পরিবহন করার অপরাধে ১৫ জন কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ মণ জাটকা জব্দ করা হয়।

পরে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন পরিচালিত মোবাইল কোর্টে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত ৫ মণ জাটকা ১৩টি এতিমখানা ও গরীব-দুঃখী মানুষের মাঝে বিতরণ করা হয়।

অপরদিকেউপজেলার আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১টি মশারী জাল ও ৩৫টি চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।




পিরোজপুরে সুপারি চোরাচালান মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান

বরিশাল অফিস::  অবৈধ পথে ভারতে দেড় কোটি টাকার সুপারি চোরাচালান মামলার আসামি মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে (৬০) কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১৮ মার্চ) পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি নেছারাবাদ থানা পুলিশ সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকার নদীতে অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলার আটক করে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সুপারি উদ্ধার করে। এ সময় ট্রলার থেকে পুলিশ তিন জনকে আটক করে এবং অন্য কয়েকজন পালিয়ে যায়।

পরে পুলিশ বাদী হয়ে সুপারি চোরাচালানের অভিযোগে নেছারবাদ থানায় আটক মো. হারুন মাঝি, নূর নবী মাঝি, অলি হাওলাদারসহ তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করে। এরপর থেকে মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য উপস্থিত হলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

প্রসঙ্গত, ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে এর আগেও একাধিক মামলা হয়েছিল।




বিএ পাস করলেন ভ্যান চালক পিরোজপুরের হায়দার আলী

বরিশাল অফিস::  তখনও জানে না; বাচ্চারা কী খেয়ে রাতে ঘুমাতে যাবে? পরদিন পরীক্ষা তাই ভ্যান নিয়ে কাজে যেতে পারেনি। ছয়টা পেট অভুক্ত, ঘরে খাবার নাই। একদিন চাকা না ঘুরলে চুলায় আর ভাত উঠে না- এই হলো হায়দার আলীর অবস্থা! কথাগুলো বলছিলেন হায়দার আলীর পাশের ঘরের বাসিন্দা হাশেম মিয়া।

পেশায় একজন ভ্যানচালক হায়দার আলী। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা। অভাব অনটন আর নিয়তির সঙ্গে লড়াইটা সেই শৈশব থেকে। তবে পরাজিত সৈনিক নয় বরং অপরাজিত নায়কের মতো বাঁচার প্রত্যয়ে চলছে তার জীবন সংগ্রাম। কখনো ভ্যান চালানো, দিন মজুরের কাজ কিংবা মাছ ধরা এই তার জীবিকার উৎস। এভাবে এসএসসি, এইচএসসি পাশ তার।

এরপর ২০১৮ তে নাজিরপুর কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাউবিতে ভর্তি হন তিনি। গতকাল বাউবির বিএ/বিএসএস এর প্রকাশিত ফলাফলে ২.৮৩ (জিপিএ) পেয়ে উত্তীর্ণ হন হায়দার আলী।

জীবনে কোন কিছুই বাঁধা হতে পারেনি হায়দার আলীর শিক্ষা অর্জনের পথে। ভ্যান চালানোর পাশাপাশি লেখাপড়া শেখার অদম্য আগ্রহের কারণে রাতে পরিবারের সকলে ঘুমিয়ে পড়লে এবং দিনে ভ্যান চালানোর ফাঁকে ফাঁকে পড়ালেখা চালিয়ে যেতেন হায়দার। ইংরেজিতে তার বেজায় দখল। কথায় কথায় ইংরেজি বলার প্রাকটিস ও নতুন শব্দ শেখার আগ্রহ তার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।

ব্যক্তিগত জীবনে হায়দার আলী ৪ সন্তানের জনক। হায়দার আলী ১৯৯৪ সালে প্রথম বিভাগে মাধ্যমিক পাস করেন। সংসারের অভাব অনটনের কারণে অনেকটা বাধ্য হয়ে শিক্ষা জীবনের ইতি টানতে হয় তার। দীর্ঘ শিক্ষা বিরতির পর ২০১৩ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি তে ভর্তি হন। পরিবারের ঘানি, স্ত্রী-সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব পালনের পরেও ৩.৮৩ পেয়ে এইচএসসিতেও এলাকায় চমক দেখান তিনি।

ভ্যান চালিয়ে প্রতিদিন গড়ে তিন/চারশো টাকা আয় হয় তার। পৈতৃক সম্পত্তির মধ্যে তার একটি ঝুপড়ি ঘর আর মাত্র ৩ শতাংশ জমি আছে। হায়দার আলী বলেন, ‘এবার আমার স্বপ্ন উচ্চতর ডিগ্রি অর্জন। যত বছরই লাগুক আমি এম.এ পাস করবই করব। চাকরি প্রাপ্তির জন্য না, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার বাসনা থেকে এ শিক্ষা অর্জন করছি। তারপরেও যদি একটি অন্য কাজ পেতাম; পরিবার পরিজন নিয়ে একটু ভাল থাকতে পারতাম। বয়স এখন ৪৭। যত বাড়ছে বয়স, ভ্যান টানার শক্তি ততই কমে যাচ্ছে। খুব কষ্টের কাজ চরাঞ্চলে ভ্যান টানা।’

হায়দার আলীর মতো সুযোগ বঞ্চিত, অবহেলিত, বয়স্ক ও অদম্য শিক্ষার্থীর শিক্ষার সুযোগ সম্পর্কে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘হায়দার আলী একটি সাহসের নাম। সংগ্রামী, পরিশ্রমী, দৃঢ়, অপরাজিত, স্বপ্নবান একজন। শিক্ষাবঞ্চিত মানুষের আদর্শ তিনি। এই রকম মানুষের পাশে সব সময় রয়েছে বাউবি। প্রযুক্তির কল্যাণে আমাদের শিক্ষাক্রম এখন সারাদেশেই সকল বয়সের, পেশার নাগরিকের ঘরে বসে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিচ্ছে। শুধু তাই নয়, জনকল্যাণের জন্য সম্প্রতি গবেষণার সুযোগকে অবারিত ও বিস্তৃত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বাউবি।’




রমজানে বেড়েছে দুধের দাম, লিটার ১১০ টাকা

বরিশাল অফিস:: বরগুনার পাথরঘাটায় রমজান মাসে বেড়েছে গরুর দুধের দাম। বাজারে প্রতি লিটার দুধ এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। গত তিন দিন আগেও যার দাম ছিলো ৭০ থেকে ৮০ টাকা।

বিক্রেতারা জানান, রমজানে খাবারের দাম বাড়ার কারণে দুধের দামও বৃদ্ধি পেয়েছে। তাছাড়া বর্তমানে দুধের চাহিদা রয়েছে অনেক।

উপজেলার পৌরসভার বাসিন্দা পাথরঘাটা বাজার থেকে বুধবার (১৩ মার্চ) সকালে দুধ কিনতে আসেন আলতাফ হোসেন। তিনি বলেন, গত দুদিন আগেও ৭০ টাকা করে দুধ কিনেছি, আজ এসে দেখি ১০০ টাকা। দুদিনের ব্যবধানে দাম বাড়ার কোন কারণ দেখছি না। এটা একটি সিন্ডিকেট, যারা রমজান এলেই সবকিছুর দাম বাড়িয়ে ফেলে।

দুধ বিক্রেতা আকবর আলী বলেন, বর্তমানে গরুর খাবারের দাম বেড়ে যাওয়ায় দুধের দাম ও বাড়িয়ে বিক্রি করছি। আগে ৭০ টাকা লিটার বিক্রি করতাম। তাছাড়া রমজানে চাহিদা বেশি থাকায় একটু বেশি দামে বিক্রি করা যায়।

বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী জামাল শরীফ বলেন, এ বাজারে প্রতিদিন ৭ থেকে ১০ মণ দুধ বিক্রি হয়। সারা বছর দুধের দাম কম থাকে। বর্তমানে দুধের দাম বাড়ার কারণ জানা নেই। বাজার গিয়ে এর একটা ফয়সালা করা হবে বলেও জানান তিনি।




চরফ্যাশনে বঙ্গবন্ধুর জন্মদিনে ইসলামী ফাউন্ডেশনের দিনব্যাপী কর্মসূচী

বরিশাল অফিস:: ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে পবিত্র কুরআন খতম, র‍্যালি, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামি ফাউন্ডেশন চরফ্যাশনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

১৭ মার্চ ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাশন উপজেলার হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ, পৌর আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল আমিন।

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের খেদমতে নিবেদিত ছিলেন। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন ইসলামের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে । তিনি আরো বলেন, এদেশের আলেম সমাজ জাতির পিতার এই অবদানকে স্মরণ করে। বক্তৃতায় সারাদেশে প্রায় ৬শ’ আধুনিক মডেল মসজিদ নির্মাণ করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা‍‍`র ভূয়সী প্রশংসা করেন তিনি।

ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাশন উপজেলার সুপারভাইজার মো. জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন উপজেলা মডেল মসজিদের কর্তব্যরত ইমাম ও খতিব মাওলানা ছালাউদ্দিন, চরফ্যাশন উপজেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাশন উপজেলার মডেল কেয়ার টেকার মো. ইসমাঈল। অনুষ্ঠানে আলেম ওলামা ও ইসলামি ফাউন্ডেশনে কর্মরত কয়েকশ’ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে কুরআন তিলাওয়াত, বঙ্গবন্ধুর ভাষণ ও রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিকে জোহর নামাজের পর ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাশনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।




পিরোজপুরের ইন্দুরকানীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম

বরিশাল অফিস::  পিরোজপুরের ইন্দুরকানীতে টিসিবির পণ্য বিতরণ অনিয়ম অভিযোগে বিক্ষোভ করেছেন সাধারণ জনগণ।মঙ্গলবার বালিপাড়া ইউনিয়নের বরাদ্দকৃত টিসিবির কার্ডধারীদের পণ্য বিতরণের সময় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিসিবির নিয়োগপ্রাপ্ত ডিলার মেসার্স রাসেল স্টোর বালিপাড়া ইউনিয়নের টলঘরে মাল বিতরণের সময় জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি ছোলা, ২ কেজি ডাল ও ২ লিটার তেল সর্বমূল্য ৫২৫ টাকায় ক্রয় করতে হয়। কিন্তু চালে ৪০০ গ্রাম, ছোলায় ৩০০ গ্রাম ও ডালে ২০০ গ্রাম কম দিলে এলাকার লোকজন প্রতিবাদ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, টিসিবির ডিলার কার্ডধারীকে না জানিয়ে হঠাৎ মাল বিতরণ করেন। অনেক কার্ডধারীরা অনুপস্থিত থাকে। সেই টিসিবির মালগুলো অনেক মুদি দোকানে বেশি দামে বিক্রি করেন।

টিসিবির ডিলার শাহাদত হোসেন হিরু জানান, আমাদের মিটারে সমস্যা থাকার কারণে কিছু মাল কম হয়েছে। স্থানীয়রা কিছু লোকজন কার্ড ছাড়াই টিসিবির মাল নিতে আসে। তারাই এই ঝামেলা সৃষ্টি করেছেন।

৩নং বালিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন বয়াতি জানান, বালিপাড়া ইউনিয়নে টিসিবির ৮৬২টি কার্ড রয়েছে। আমি টিসিবির মাল বিতরণ উদ্বোধন করে চলে যাওয়ার কিছুক্ষণ পর এমন ঝামেলা হয়েছে। প্রায় শতাধিক টিসিবির কার্ডধারী মাল কম পেয়েছে বলে জানতে পেরেছি।