চশমায় এআই প্রযুক্তি

চন্দ্রদীপ ডেস্ক : বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) উৎসবে ‘এয়ার গ্লাস ৩’ উন্মোচন করেছে অপো, যা অ্যাসিস্টেড রিয়েলিটি চশমার নতুন প্রজন্মের প্রটোটাইপ। চশমা দিয়ে কথা বলা, বার্তা পড়া, ছবি তোলা, ভিডিও– সবই করা সম্ভব। স্মার্টফোন দিয়ে অ্যান্ডেসজিপিটি মডেলে প্রবেশ করতে পারবে এয়ার গ্লাস থ্রি, যা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভিজ্ঞতা দেবে।

উন্মোচনের আগেই এআই সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ‘এআই স্মার্টফোন হোয়াইট পেপার’ প্রকাশ করে ব্র্যান্ডটি, যা স্মার্টফোনকে এআই ঘরানার স্মার্টফোনে রূপান্তরের সূচনা করল।

বাইনোকুলার এআর চশমা: ইমেজ, টেক্সট, অডিও-ভিডিও ডেটা বুঝতে চশমাটি চৌকস। যার মাল্টিমোডাল এআই প্রযুক্তি ভয়েস ও ভিজ্যুয়ালের মতো আরও জটিল ইউজার সিনারিওর প্রক্রিয়া করে তা ব্যাখ্যা করতে সক্ষম। এটি যোগাযোগে খুলে দেবে নতুন সম্ভাবনার দ্বার। ফিচার ব্যবহারে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে এক্সআর (এক্সটেন্ডেড রিয়েলিটি) সব ডিভাইস। সত্যিকার অর্থে ব্যক্তিগত, দৈনন্দিন স্মার্ট সহকারীর ভূমিকা নিতে হলে প্রয়োজন মানোন্নত কার্যকারিতা ও লাইটওয়েট ডিজাইন। লক্ষ্য পূরণে একেবারে নতুন এয়ার গ্লাস ৩ প্রটোটাইপ চালু করে ব্র্যান্ডটি।

এআই গবেষণা: সুদীর্ঘ সময় ধরে ব্র্যান্ডটি এআই উন্নয়নে বিনিয়োগ করেছে। ব্র্যান্ডটি এখন এআই প্রযুক্তিকে দীর্ঘমেয়াদি সমৃদ্ধির কৌশল হিসেবে অন্তর্ভুক্ত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ব্র্যান্ডটি ফেব্রুয়ারি মাসে এআই সেন্টার উদ্বোধন করে। ব্র্যান্ডের সক্ষমতাকে এআই রিসার্চ অ্যান্ড ডেভেলপ করে যথাযথ কাজে লাগানো হবে। সারাবিশ্বে এআই প্রযুক্তির সুবিধা ছড়িয়ে দিতে অত্যাধুনিক এবং গ্রাহকবান্ধব প্রযুক্তি ও অ্যাপ নিয়ে নিয়মিত গবেষণা সচল থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।

২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে বৈশ্বিক বাজারে রেনো-১১ সিরিজ ও ফাইন্ড এনথ্রি সিরিজে এআই সুবিধার জেনারেটিভ এআই ফিচার যুক্ত করা হবে। ভবিষ্যতে ব্র্যান্ডটি ‘জেনারেটিভ এআই’ ফিচারকে বৈশ্বিক বাজারে রেনো সিরিজের নেক্সট জেনারেশন ডিভাইসে যুক্ত করবে। ফলে এআই প্রযুক্তির মাধ্যমে স্মার্ট, কার্যকর ও সুবিধাজনক জীবনযাত্রার অভিজ্ঞতা পাবে ব্যবহারকারীরা।




৮০০ বন্দীকে মুক্তি দিতে রাজি ইসরাইল!

চন্দ্রদীপ ডেস্ক : গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধে আন্দোলন হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি করতে আরেকটু ছাড়ে রাজি হয়েছে ইসরাইল। তবে হামাসের প্রধান দুটি দাবি তারা মানতে এখনো রাজি হয়নি। নতুন এক খবরে বলা হয়েছে, হামাসের হাতে থাকা ৪০ জন ইসরাইলি বন্দীর মুক্তির বিনিময়ে ইসরাইল তাদের কারাগারে আটক ৭০০-৮০০ ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে। প্রস্তাবটি হামাসের কাছে হস্তান্তর করা হয়েছে। হামাস তিন দিনের মধ্যে এ ব্যাপারে জবাব দেবে বলে ধারণা করা হচ্ছে। চুক্তিটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা ৫০-৫০।

প্যারিস শান্তিচুক্তির কাঠামো অনুযায়ী হামাসের হাতে আটক ৪০ পণবন্দীর (তারা হবে নারী, শিশু, অসুস্থ ও বয়স্ক) মুক্তির বিনিময়ে ৪০০ ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীকে মুক্তির কথা বলা হয়েছিল। ইসরাইল এখন ওই সংখ্যার দ্বিগুণ বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে বলে চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে। এদের মধ্যে ১০০ জন থাকবে ‘খুনি’।
এসব ফিলিস্তিনির বিরুদ্ধে ইসরাইলিদের হত্যা করার অভিযোগ রয়েছে। তারা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। তবে আরেকটি হিব্রু মিডিয়া জানিয়েছে, ইসরাইল তাদের ৪০ বন্দীর বিনিময়ে ৭০০ ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে।

টিভির ওই খবরে আরো বলা হয়েছে, আলোচনার এই পর্যায়ে ইসরাইল প্রথমবারের মতো উত্তর গাজা থেকে সরে যাওয়া লোকদেরকে শর্তসাপেক্ষে তাদের বাড়িঘরে ফিরে যেতে দিতে রাজি হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে, পুরুষদের তাদের বাড়িঘরে ফিরতে দেয়া হবে না।

তবে হামাসের প্রধান দুটি দাবি এখনো মানতে রাজি নয় ইসরাইল। এই দুটি দাবি হলো স্থায়ী যুদ্ধবিরতি এবং এবং গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার। তারা আবারো বলছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তারা আবারো হামলা শুরু করবে। চুক্তিটির প্রথম দফায় ছয় সপ্তাহের অস্ত্রবিরতির কথা বলা হয়েছে।

ইসরাইলি মিডিয়ার খবরে বলা হয়েছে, আলোচনা এগিয়ে নেয়ার স্বার্থে কাতারে অবস্থানরত ইসরাইলি দলকে ‘ম্যান্ডেট’ দেয়া হয়েছে।

সূত্র : টাইমস অব ইসরাইল ও জেরুসালেম পোস্ট




ভারতের উত্তর প্রদেশে মাদরাসা শিক্ষা নিষিদ্ধ করে আদালতের রায়

চন্দ্রদীপ ডেস্ক : ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে মাদরাসা শিক্ষা নিষিদ্ধ করে আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। শুক্রবার (১৫ মার্চ) রাজ্যের এলাহাবাদ হাইকোর্ট এ রায় দেয়।

রায়ে উত্তর প্রদেশের মাদরাসা পরিচালনাকারী আইন-২০০৪ বাতিল করা হয়েছে। আদেশে বলা হয়, ‘এই আইন ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী’। রায়ে মাদরাসায় লেখাপড়া করা শিক্ষার্থীদের প্রচলিত স্কুলগুলোতে শিক্ষাগ্রহণের জন্য পাঠানোর কথাও বলা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই রায়ের ফলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন হিন্দু-জাতীয়বাদী সরকারের সঙ্গে দেশটির মুসলিমদের দূরত্ব তৈরি হতে পারে।

এলাহাবাদ হাইকোর্টের এই রায় ২৭ লাখ শিক্ষার্থী এবং ২৫ হাজার মাদরাসার প্রায় এক লাখ শিক্ষকের জীবনে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন রাজ্যের মাদরাসা শিক্ষা বোর্ডের প্রধান ইফতিখার আহমেদ জাভেদ।

রায়ে বিচারপতি সুভাষ বিদ্যার্থী এবং বিবেক চৌধুরী বলেন, ‘রাজ্য সরকার এটাও নিশ্চিত করবে যে, রাজ্যের ৬ থেকে ১৪ বছর বয়সী কোনো শিশু যেন যথাযথভাবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ থেকে বাদ পড়ে না যায়।’

অংশুমান সিং রাঠোর নামে একজন আইনজীবীর আবেদনের ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্ট মাদরাসা নিষিদ্ধের এই রায় দেয়।

রাজ্য সরকার মাদরাসা শিক্ষার বিরুদ্ধে নয়, বরং তারা মুসলমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন জানিয়ে উত্তর প্রদেশের ক্ষমতায় থাকা বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠী বলেন, ‘আমরা কোনো মাদরাসার বিরুদ্ধে নই। কিন্তু আমরা ভেদাভেদের যে অনুশীলন চলে তার বিরুদ্ধে। আমরা অবৈধ অর্থায়নের বিরুদ্ধে এবং আদালতের নির্দেশ অনুসরণ করে রাজ্য সরকার এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ’

আগামী ১৯ এপ্রিল থেকে ভারতে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। দেশটির মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ মুসলমান। নির্বাচনী প্রচারের ডামাডোলের মধ্যে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে মাদরাসা নিষিদ্ধ করা হলো।




৯৯৯ নম্বরে ফোনকলে দুর্লভ মেছোবাঘ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী থেকে একজন নারী কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তাদের বাড়ির পাশে একটি মেছোবাঘ দেখা গেছে। সেটি লোকজনের তাড়া খেয়ে একটি গাছের ওপর উঠে বসে আছে। মেছোবাঘটিকে উদ্ধার করা না হলে সেটিকে লোকজন পিটিয়ে মেরে ফেলতে পারে।

আজ রবিবার (২৪ মার্চ) এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল অঞ্জন বড়ুয়া কলাতলী থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান।

আরও পড়ুন : শেখ হাসিনা সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনী

পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই সালাউদ্দীন কলার এবং সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কলাতলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মেছোবাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বন বিভাগের কাছে সেটি বুঝিয়ে দেওয়া হয়।

 




গলাচিপায় কলেজছাত্র জিসান হত্যা ঘটনায় ২ জন আটক

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় কলেজছাত্র জিসান হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে র‌্যাব সদস্য।

রোববার (২৪ মার্চ) দুপুরে পটুয়াখালী র‌্যাব ক্যাম্পে র‌্যাবের বরিশাল বিভাগীয় অধিনায়ক যোবায়ের আলম শোভন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটকরা হলেন প্রধান অভিযুক্ত বাপ্পি চৌকিদার (১৮) এবং তার অন্যতম সহযোগী মাহিন শিয়ালী (১৮)।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শ্বাসরুদ্ধকর ৬৫ ঘণ্টার অভিযান চালিয়ে শুক্রবার ভোলার দক্ষিণ আইচা থানার করিমপাড়ার একটি বিচ্ছিন্ন চর এলাকা হতে পলাতক প্রধান অভিযুক্ত বাপ্পিকে গ্রেফতার করে র‌্যাব-৮।

এর আগে শনিবার ভিন্ন একটি অভিযানে র‌্যাব-১৫-এর সহযোগিতায় দ্বিতীয় আসামি মাহিনকে বান্দরবান পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড আর্মি পাড়া হতে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন : কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। মামলা হওয়ায় গ্রেফতার থেকে বাঁচতে তারা আত্মগোপন করেছিল। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, ৮ মার্চ গলাচিপা উপজেলার দক্ষিন চর বিশ্বাস গ্রামের বাসিন্দা মশিউর রহমান ডাকের মারধর শিকার হয়। এ ঘটনায় ১১ দিন চিকিৎসার পর গত ১৯ মার্চ জিসানের মৃত্যু হয়। পরে জিসানের বাবা অভিযুক্তদের বিরুদ্ধে গালাচিপা থানায় মামলা করেন।




বরিশালে ভ্রাম্যমান আদালতে অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল অফিস :: পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট অভিযানে ৬ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

বরিবার( ২৪ মার্চ) বিকালে বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের নির্দেশনায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল নগরীর কয়েকটি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন,
বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান ও মোঃ শাহরুখ আলম শান্তনু।

এ সময় তারা নগরীর রুপাতলী বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কৃষিপণ্য বিপণন আইন ও ভোক্তা অধিকার আইনে এসময় নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়। এছাড়াও, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূলে বিভিন্ন পণ্য বিক্রয়ের অপরাধে ৬টি মামলায় ৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর ৩ টি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




৫১১ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের সংগ্রহ ৫/৪৭

চন্দ্রদীপ ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট সিরিজে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ দল। দুই ম্যাচের প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চরম ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা।

শ্রীলংকার বিপক্ষে ৫১১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৩৭ রানে প্রথম সারির ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ দল।

সাজঘরে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আরেক ওপেনার জাকির হাসান, তরুণ ক্রিকেটার শাহাদাত হোসেন ও উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস।

৮.৪ ওভারে ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে গর্তে পড়ে যাওয়া দলকে টেনে তোলার চেষ্টা সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। রোববার তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৭ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খালেদ-শরিফুলদের ব্যাটিং দৃঢ়তায় সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৮৮ রানে থেমেছে বাংলাদেশ। এতে ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারী শ্রীলঙ্কা। যেখানে বড় লিডে চোখ রেখে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল লঙ্কানরা। সেই ধারা বজায় রেখে তৃতীয় দিনে ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের শতকে লঙ্কানরা ৪১৮ রানে থামে। তাতে বাংলাদেশের সামনে দাঁড়ায় ৫১১ রানের লক্ষ্য।

৯২ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি লঙ্কানদের। তবে দলীয় ১৯ রানের মাথায় নিশান মাদুশঙ্কাকে ফিরিয়ে বাংলাদেশকে কিছুটা স্বস্তি দেন অভিষিক্ত পেসার নাহিদ রানা। ২০ বলে ১০ রান করে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটার। এরপর চা বিরতিতে যায় উভয় দল। চা বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার লিড হয় ১১১ রান। চা বিরতির পর আবারও লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন রানা। এবার তার শিকার কুশল মেন্ডিস। রানার করা বাউন্সার পুল করতে গিয়েও শেষ মুহূর্তে ছেড়ে দিতে গিয়ে ব্যাট ছুইয়ে দেন কুশল। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় লিটন কুমার দাসের গ্লাভসে। ১০ বলে ৩ রান করে ফিরেছেন মেন্ডিস।

এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়ে সেই চাপ সামাল দেন করুনারত্নে। এই দুইজনের ২৮ রানের জুটি থামান তাইজুল। ম্যাথিউসকে আউট করে নিজের প্রথম উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার। ম্যাথিউসের বিদায়ের পর আরও বড় ধাক্কা খায় লঙ্কানরা। এবার বিদায় নেন অভিজ্ঞ দিনেশ চান্দিমাল। মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। চার উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলার দায়িত্ব নেন করুনারত্নে। এক প্রান্ত আগলে রেখে সাবলীল ব্যাটিং করে যান এই বাঁহাতি ব্যাটার। তার সঙ্গে যোগ দেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

এই দুইজনের ব্যাটিংয়ে ভর করে ভালো সংগ্রহ পায় শ্রীলঙ্কা। দিনের একেবারে শেষদিকে করুনারত্নেকে ফেরান শরিফুল। ১০১ বলে ৫২ করে ফেরেন তিনি। এরপর ফার্নান্দোকে নিয়ে দ্বিতীয় দিনশেষ করেন ধনঞ্জয়া। তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দিনের তৃতীয় ওভারেই খালেদের বলে স্লিপে থাকা মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিশ্ব ফার্নান্দো। ২৪ বলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি। এরপরই পাল্টে যায় দৃশ্যপট। বাংলাদেশের বোলারদের কোনো পাত্তা না দিয়ে কামিন্দু মেন্ডিসকে নিয়ে ফের বড় জুটি গড়েন ধনঞ্জয়া।

১৬৪ বলে সেঞ্চুরি তুলে নেন ধনঞ্জয়া। তার সঙ্গে পাল্লা দিয়ে রান তোলে কামিন্দু। মাঝে অবশ্য ২-৩ বার বাংলাদেশের ভুলে জীবন পান ধনঞ্জয়া। শেষমেশ বহু চেষ্টার পর দলীয় ২৯৯ রানের মাথায় মিরাজের বলে তুলে মারতে গিয়ে জাকির হাসানের হাতে ক্যাচ দেন ধনঞ্জয়া। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৭৯ বলে ১০৮ রান। এটি ধনঞ্জয়ার টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।

তার বিদায়ে ভাঙে এই জুটির ২৭৩ বলে ১৭৩ রানের জুটি। ধনঞ্জয়ার বিদায়ের পরও রানের চাকা থেমে থাকেনি লঙ্কানদের। প্রভাত জয়সুরিয়াকে নিয়ে দলকে এগিয়ে নেন কামিন্দু। ১৭১ বলে তুলে নেন সেঞ্চুরি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এরপর দলীয় ৩৬৬ রানে জোড়া উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রবাথ জয়সুরিয়া ৪৭ বলে ২৫ ও লাহিরু কুমারা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

তবে একপ্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে দেড়শো রান পূর্ণ করেন কামিন্দু। শেষ ব্যাটার হিসেবে ২৩৭ বলে ১৬৪ রান করে কামিন্দু আউট হলে ৪১৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৫১০ রানের লিড পায় লঙ্কানরা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।




পোলিশ আকাশসীমা লঙ্ঘন করে ইউক্রেনে হামলা মস্কোর

চন্দ্রদীপ ডেস্ক : কিয়েভে রবিবার একাধিক বিস্ফোরণ ঘটেছে এবং রাশিয়ার বিমান হামলা শুরু হওয়ায় পুরো ইউক্রেনকে সতর্ক করা হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, পোল্যান্ডের সীমান্তবর্তী লভিভ অঞ্চলটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পোলিশের আকাশসীমায় প্রবেশ করেছে। এদিন স্থানীয় সময় ভোর ৫টায় ইউক্রেনের রাজধানীতে হামলা শুরু হয়। ১৮টি রুশ ক্ষেপণাস্ত্র এবং ২৫টি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে কিয়েভ।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে নিয়োজিত ছিল। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, রাজধানী ও এর আশপাশে প্রায় এক ডজন রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। হামলার ফলে কোন হতাহতের বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে তিনি টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছেন।

লভিভের মেয়র অ্যান্ড্রি সাদোভিই টেলিগ্রামে বলেছেন, শহরটি আঘাতপ্রাপ্ত হয়নি।

গুরুত্বপূর্ণ অবকাঠামো’ লক্ষ করে বিস্তৃত লভিভ অঞ্চলের বিরুদ্ধে প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র এবং সাতটি ড্রোন ছোড়া হয়েছিল।ইউক্রেন এর আগে দেশব্যাপী রাশিয়ার কৌশলগত বোমারু বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে সতর্কতা জারি করেছিল।

এদিকে পোল্যান্ড বলেছে, রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। দেশটির সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘বস্তুটি ওসারডো শহরের কাছে পোলিশ মহাকাশে প্রবেশ করে সেখানে ৩৯ সেকেন্ডের জন্য অবস্থান করে।

উড্ডয়নের পুরো সময় এটি সামরিক রাডার সিস্টেম দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে।’ইউক্রেনের রাজধানীতে বাসিন্দাদের মেট্রো স্টেশনে আশ্রয় নেওয়ার ছবি দেওয়া হয়েছে। শুক্রবার রাশিয়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর একটি বাঁধ আঘাতপ্রাপ্ত হয়। এতে ১০ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। রবিবারের হামলার বিষয়ে মস্কো এখনো কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে সংযুক্ত ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দরের মস্কো নিযুক্ত গভর্নর বলেছেন, রাশিয়ার বাহিনী শনিবার গভীর রাতে শহরের ওপর দিয়ে যাওয়া ১০টি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র গুলি করেছে। মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে বলেছেন, একটি অফিস ভবন ও একটি গ্যাসলাইন ধ্বংস হয়ে গেছে এবং এক নারী আহত হয়েছেন।

সূত্র : বিবিসি




এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

চন্দ্রদীপ ডেস্ক : চলতি বছরের অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। যদিও এ বছরের এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র অনুযায়ী কলেজের তালিকা দেয়া হয়েছে। ৩০ জুন এই পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এদিকে গত বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, এ বছর এইচএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল ও জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফিসহ ২৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২ মে পর্যন্ত। আর পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০ জুন।

ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।

সাধারণত এপ্রিলে দেশে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হলেও কোভিড মহামারির ধাক্কায় শিক্ষা সূচি এলোমেলো হওয়ায় এবারও পরীক্ষা পিছিয়ে নেওয়া হচ্ছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল থেকে, চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।




বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

চন্দ্রদীপ ডেস্ক : বড় সংগ্রহের ভিত গড়ে মধ্যাহ্ন-বিরতিতে শ্রীলঙ্কা। আবারো ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস হয়ে উঠেছেন গলার কাঁটা। দিনের শুরুতে উইকেটের দেখা পেলেও বেলা বাড়ার সাথে সাথে উইকেটের জন্য হাহাকার বেড়ে চলছে বাংলাদেশের। দিতে হচ্ছে কঠিন পরীক্ষা।

রোববার ৫ উইকেটে ১১৯ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। সকাল সকাল বিশ্ব ফার্নান্দো (৪) ফিরলে লঙ্কানরা পরিণত হয় ৬ উইকেটে ১২৬ রানে। তবে এরপর উইকেটের জন্য এক প্রকার লড়াই করতে হচ্ছে স্বাগতিকদের।

এরপর ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ও কামিন্দু মিলে গড়ে তুলেছেন অবিচ্ছিন্ন ১০৭ রানের জুটি। যেখানে ভর করে প্রথম সেশন শেষে লঙ্কানদের সংগ্রহ ছুঁয়েছে আর কোনো উইকেট না হারিয়ে ২৩৩ রান। লিড বেড়ে হয়েছে ৩২৫, হাতে আছে এখনো ৪ উইকেট।

প্রথম ইনিংসে শতক পাওয়া ধনঞ্জয়া এই ইনিংসেও যেন হাঁটছেন সেই পথেই। ক্যারিয়ারের ১২তম শতক থেকে মাত্র ১৫ রান দূরে তিনি। কামিন্দুর সাথে মিলেছে যোগ করেছেন শতরান। ফিফটি তুলে নিয়েছেন কামিন্দুও। অপরাজিত আছেন ৫০ রানে।

সব মিলিয়ে কঠিন একটা টেস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ধনঞ্জয়া-কামিন্দু জুটিতে বেহাল টাইগাররা।