চ্যাটজিপিটির সেবা পাওয়া যাবে এখন হোয়াটসঅ্যাপেই

চন্দ্রদ্বীপ নিউজ: প্রযুক্তি মানুষের জীবনকে সহজ থেকে সহজতর করেছে দিনকে দিন , তারই ধারাবাহিকতায় আর এক  নতুন চমক নিয়ে হাজির জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ । এখন আর আলাদা কোনো অ্যাপ, ওয়েবসাইট বা সফটওয়্যার আর লাগবে না। জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তার সহজ ঠিকানা। এখন থেকে হোয়াটসঅ্যাপে সরাসরি ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি।

ওপেনএআইয়ের এই সেবাটি যুক্ত হওয়ার ফলে হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে যেকোনো প্রশ্নের উত্তর, লেখালেখির সহায়তা, অনুবাদ কিংবা নানা ধরনের তথ্য। ব্যবহারও অত্যন্ত সহজ। শুধু ‪+1 (880) 242-8478 নম্বর সেভ করে অফিসিয়াল বটের সঙ্গে যুক্ত হয়ে চ্যাটে প্রশ্ন করলেই পাওয়া যাবে তাৎক্ষণিক উত্তর। চাইলে ব্যবহারকারীরা বাংলাসহ একাধিক ভাষায় প্রশ্ন করতে পারবেন।

শিক্ষার্থী, সাংবাদিক কিংবা ব্যবসায়ী সবাই উপকৃত হবেন এই সেবায়। তথ্য খোঁজা থেকে শুরু করে সংবাদ তৈরি বা লেখালেখির সহায়তা, এমনকি কাস্টম টিপসও পাওয়া যাবে মুহূর্তেই। প্রতিষ্ঠানগুলো চাইলে গ্রাহকসেবা বা প্রাথমিক তথ্য সরবরাহের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবে এই নতুন প্রযুক্তি।

হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি সেবাটি ২৪/৭ চালু থাকবে। ব্যবহার যত বাড়বে, ততই ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ অনুযায়ী সাড়া দিতে আরও নিখুঁত ভাবে কাজ করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। টেক্সট চ্যাটের বাইরে ছবি, ভিডিও বা কোনো নথি আপলোড করার সুযোগ কিন্তু থাকছে না।

ওপেন এআই জানিয়েছে, নিয়মিত নতুন ফিচার ও ভাষা যোগ করা হবে। ফলে ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের ভেতরেই পাওয়া যাবে আরও উন্নত সেবা, অটো রিকমেন্ডেশন।। প্রযুক্তির এই নতুন সংযোজনকে অনেকেই বলছেন যোগাযোগের জগতে বড় পরিবর্তন

 




কুয়াকাটায় বর্ষার ঢেউ দেখতে ছুটির দিনে পর্যটকদের উপচে পড়া ভিড়

সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের ঢল নেমেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই আকাশে মেঘ আর মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মিলেমিশে এক ভিন্ন আবহ তৈরি করে। এ সময় সাগরের উন্মত্ত ঢেউ আছড়ে পড়তে থাকায় পর্যটকদের আকর্ষণ আরও বেড়ে যায়। সৈকতের জিরো পয়েন্টসহ বিভিন্ন অংশে নারী-পুরুষ-শিশুসহ সব বয়সী মানুষকে ঢেউয়ের সঙ্গে খেলতে, ছবি তুলতে এবং সমুদ্রে গোসল করতে দেখা গেছে।

শুঁটকি পল্লি, গঙ্গামতি সৈকত, রাখাইন নারী মার্কেট, রাখাইন পল্লি, কুয়াকাটা জাতীয় উদ্যান, ইলিশ পার্ক, লেম্বুর বন এবং সৈকতের ঝাউবাগানসহ আশপাশের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোতেও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। স্থানীয়দের মতে, বর্ষার মৌসুমে কুয়াকাটার বিশাল ঢেউই এখন প্রধান আকর্ষণ, যা ছুটির দিনে পর্যটকদের জন্য বিশেষ উপভোগ্য হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা থেকে আসা পর্যটক নূর ইসলাম বলেন, “কুয়াকাটার বিশাল ঢেউ উপভোগ করতে অসাধারণ লাগছে। পরিবার নিয়ে আসায় আনন্দটা আরও বেড়েছে।”
খুলনা থেকে আসা ফারহানা আক্তার জানান, “বর্ষার ঢেউয়ের মজা নেওয়ার জন্যই এখানে আসা। ভিড় থাকলেও সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।”

সৈকত লাগোয়া ক্ষুদ্র ব্যবসায়ী মহিবুল্লাহ বলেন, “বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন পর্যটকশূন্য ছিল কুয়াকাটা। তবে ছুটির দিনে বিপুল সংখ্যক পর্যটক আসায় ব্যবসা আবারও জমে উঠেছে।”

এদিকে হোটেল ব্যবসায়ীরাও পেয়েছেন ইতিবাচক সাড়া। হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী জানান, বিচ সংলগ্ন হোটেলগুলোতে শতভাগ বুকিং থাকলেও শহরের ভেতরের হোটেল-মোটেলগুলোতে ৫০ থেকে ৬০ শতাংশ বুকিং হয়েছে। পর্যটকদের উপস্থিতি কুয়াকাটার অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশও কঠোর নজরদারি চালাচ্ছে। কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের অনুরোধ করা হচ্ছে যেন তারা নিরাপদে ঢেউ উপভোগ করেন।”


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নির্বাচিত হলে বাবুগঞ্জ-মুলাদীর বেকার সমস্যা সমাধানে পদক্ষেপ: জয়নুল আবেদীন

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, নির্বাচিত হলে বাবুগঞ্জ-মুলাদী অঞ্চলের বেকার সমস্যা দূরীকরণের জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে।

শুক্রবার বিকেলে বাবুগঞ্জের ঐতিহ্যবাহী জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান, স্থানীয় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও অগ্রাধিকার দেওয়া হবে। জয়নুল আবেদীন প্রতিশ্রুতি দেন, জনগণের সঙ্গে থেকে এলাকার সার্বিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রকিবুল হাসান খান রাকিব, সঞ্চালনা করেন যুবদল নেতা মাহমুদুল হাসান লিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বিএনপির বরিশাল জেলা (দক্ষিণ) সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট ইউনুস আলী রবিসহ শিক্ষক, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না: ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের জাতীয় নির্বাচন জুলাই সনদ চূড়ান্তভাবে বাস্তবায়ন করা ছাড়া অনুষ্ঠিত হবে না।

শুক্রবার বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ফুয়াদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে গণপরিষদ নির্বাচন বা হ্যাঁ-না ভোট দিতে হতে পারে। তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের পর আরও পাঁচ বছর অপেক্ষা করার সুযোগ নেই, কারণ দেশের ছাত্র-যুবকরা জুলাই আন্দোলনে জীবন দিয়েছেন।

ফুয়াদ আরও বলেন, ডাকসু নির্বাচনে ভোটারদের প্রকৃত চাওয়া বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপি ও অন্যান্য বড় রাজনৈতিক দল। এই নির্বাচনে মূলত প্রচলিত রাজনীতির ধারা পরাজিত হয়েছে। তিনি দাবি করেন, চাঁদাবাজি, মাস্তানী, দখল ও সন্ত্রাসের মতো রাজনীতির অনৈতিক দিক এখন জনসমাজে হারিয়ে গেছে।

জাতীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, কিছু ইস্যুতে বিএনপি সংবিধানের কথা বলছে, তবে দেশের বাস্তবতায় সংবিধানের অন্তত ৫০টি ধারা লঙ্ঘিত হয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফুয়াদ ও তার দল কোনো জাতীয় নির্বাচন স্বীকার করবেন না।

মতবিনিময় অনুষ্ঠানে বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির সদস্য সচিব জিএম রাব্বি উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি বাস চরপ্রসন্নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘আমাদের পরিবহন’-এর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন, অন্যরা স্থানীয় ক্লিনিকে ভর্তি হন।

দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। পরে দুপুর ১২টার দিকে বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গোপালগঞ্জের মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পবিসের গণছুটি কর্মসূচি প্রত্যাহার

দেশের সামগ্রিক পরিস্থিতি ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) চলমান গণছুটি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এ সময় আন্দোলনরত সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি আস্থা রাখার বিষয়টিও জানানো হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন। সংগঠনটির নেতারা বলেন, সরকারের বিদ্যুৎ উপদেষ্টা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। তার আহ্বান ও আশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

লিখিত বক্তব্যে জানানো হয়, প্রায় দুই বছর ধরে আন্দোলন চললেও বিদ্যুৎ সরবরাহ বা গ্রাহকসেবা কখনো বন্ধ রাখা হয়নি। বর্তমান কর্মসূচিতে ৮০টি সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে প্রায় ৩৩ হাজার কর্মচারী অংশগ্রহণ করেছেন। তবুও উপকেন্দ্রগুলো সচল রাখা হয়েছিল, যাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে।

নেতারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সরাসরি বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগের সুযোগ না থাকায় আরইবি বারবার বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। এর ফলে আন্দোলনরত কর্মীদের অন্যায়ভাবে দেশবিরোধী বা ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

তাদের দাবি, যারা ঝড়-বাদল-রোদ উপেক্ষা করে ১৪ কোটি মানুষের ঘরে আলো জ্বালান, তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশবিরোধী বলা কষ্টকর। তারা জানান, গ্রাম-শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করতে এবং একটি টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়তে ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন শুরু হয়েছিল।

তবে আন্দোলনের কারণে এখন পর্যন্ত ১৭২ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, ২০ জন কর্মকর্তার দীর্ঘ কারাবাস, ৪০ জনের চাকরিচ্যুতি, ৮৭ জনের বরখাস্ত ও সংযুক্তি এবং সাড়ে ৬ হাজার কর্মকর্তার শাস্তিমূলক বদলি হয়েছে বলেও দাবি করা হয়।

নেতারা বলেন, সরকারের আশ্বাস বাস্তবায়িত হলে বিদ্যমান সমস্যার সমাধান হবে এবং কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




“দুই নাম্বারি রাজনীতি আর চলবে না” — ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “জনআকাঙ্ক্ষা আর সময়কে সঠিকভাবে পড়তে না পারলে রাজনীতি সম্ভব নয়। অতীতের ধারা দিয়ে বর্তমানকে বিশ্লেষণ করা হলে সেটা হবে ভয়াবহ ভুল।”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত “বরিশালের উন্নয়ন ও সমসাময়িক ইস্যু” বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন প্রমাণ করেছে যে প্রচলিত ধ্যানধারণার বাইরে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। তরুণদের বিজয়কে কেউ জঙ্গিবাদ, মৌলবাদ কিংবা নির্দিষ্ট কোনো মতাদর্শের উত্থান হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। অথচ এটি তরুণদের পরিবর্তনের স্পষ্ট বার্তা।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “ভোট চুরি বা প্রোপাগান্ডার মাধ্যমে কাউকে পাকিস্তানি বা অচেনা হিসেবে ট্যাগ দেওয়া যাবে না। তরুণরা এসব মানবে না। দুই নাম্বারি চক্করের রাজনীতি এখন অতীত। রাজনীতিতে স্বচ্ছতা, সততা আর ভদ্রতা না থাকলে ভবিষ্যতে জনগণ কাউকে গ্রহণ করবে না।”

তিনি জোর দিয়ে বলেন, “৭১-এর ব্যবসা, ২৪-এর ব্যবসা বা চেতনার নামে কেনাবেচা করে আর রাজনীতি টিকবে না। ঠিকাদারির রাজনীতি মানেই রাজনীতির মৃত্যু।”

প্রেস ব্রিফিংয়ে এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব জিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, মহানগরের যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ, সদস্য হায়দার ভূঁইয়া, নাজমুল মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




“জনগণ এবার জামায়াতকে বেছে নেবেন” – অ্যাডভোকেট হেলাল

নতুন বাংলাদেশ গঠনে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নেবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বরিশাল টাউন হল অডিটোরিয়ামে মহানগর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অ্যাডভোকেট হেলাল বলেন, “দেশের জনগণের আসল স্পন্দন বুঝতে হবে। বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না—এর প্রমাণ মিলেছে দেশের বৃহৎ ক্যাম্পাসগুলোর নির্বাচনে। সব চাপ উপেক্ষা করে যুব সমাজ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে বিভিন্ন ষড়যন্ত্র ও মেকানিজমের চেষ্টা চলছে। কিন্তু দেশের তরুণ ও যুবসমাজ কোনো রক্তচক্ষু কিংবা অপতৎপরতা মেনে নেবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হবে।”

হেলাল আরও উল্লেখ করেন, “ইতিহাসে দেখা গেছে, রাসুল (সা.)-এর অনেক গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন যুবক। তাঁদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী সমাজব্যবস্থা। বাংলাদেশের যুবকরাও যখন রাস্তায় নামে, তখন স্বৈরাচারী শক্তিকে পিছু হটতে হয়েছে। তাই ৫৬ হাজার বর্গমাইলের এ ভূখণ্ডে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় যুবকেরাই অগ্রণী ভূমিকা রাখবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জাফর ইকবাল। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি অ্যাডভোকেট কাওসার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল্লাহ তালুকদার, যুব নেতা আবু বকর সিদ্দিক, বায়জীদ বোস্তামী, গাজী মিজানুর রহমান ও হাসিবুর রহমান অনিক প্রমুখ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




সুন্দরবনে জিম্মি থাকা ৯ জেলে উদ্ধার, রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক

সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছে জিম্মি থাকা ৯ জন জেলেকে উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় জেলেদের জিম্মি করে রেখেছে। ভোর ৫টায় মোংলা বেইস থেকে বিশেষ অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুই সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে রাঙ্গা বাহিনী তাদের আটক করে মুক্তিপণ দাবি করে। তারা সবাই খুলনার দাকোপ থানার বাসিন্দা।

আটককৃতরা হলো— নাসির মোল্লা (৩১) ও মিন্টু সরদার (৪০)। তারা বাগেরহাট ও খুলনা জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর সঙ্গে সহযোগিতা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত জেলে, আটক আসামি এবং জব্দকৃত আলামত আইনি প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকলেও আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “দল থাকলে মতপার্থক্য থাকবেই। কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে। নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট।”

প্রেস সচিব আরও বলেন, “কেউ যদি মনে করেন নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তা সম্ভব নয়। এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যা সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫