দক্ষিণাঞ্চলের যাত্রীদের নিরাপদ ভ্রমণে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নির্বিকার

সামনে পবিত্র ঈদ-উল-ফিতর

বরিশাল অফিস::  মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী সহ সারা দেশ থেকে ঘরমুখী এবং পরবর্তীতে কর্মস্থলমুখী দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণে রাষ্ট্রীয় সড়ক, নৌ ও আকাশ পরিবহন সংস্থাগুলো এবারো অনেকটা নির্বিকার।

ফলে এ অঞ্চলের বিশাল জনগোষ্ঠীকে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করা সহ কর্মস্থলে ফিরতে বেসরকারী সেক্টরের কাছে জিম্মি থাকতে হচ্ছে। যাত্রীদের অভিযোগ, এসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মীরা দেশের জনগনের টাকায় সারাজীবন বেতন-ভাতা নিলেও অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সময়েও তাদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার ক্ষেত্রে স্বেচ্ছা অন্ধত্বে ভোগেন। ফলে জনগনের দুর্ভোগ সব সীমা ছাড়িয়ে গেলেও সরকারী প্রতিষ্ঠানগুলো অনেকটাই নির্বিকার থাকছে। অথচ ঈদের আগে ও পরে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাগুলো সড়ক, নৌ ও আকাশ পথে কিছু বাড়তি যানবাহনের ব্যবস্থা করলে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি ঘর ও কর্মস্থলমুখী বিশাল জনগোষ্ঠীর কিছুটা হলেও নিরাপদ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যেত। পাশাপাশি বেসরকারী পরিবহন সেক্টরের স্বেচ্ছাচারিতা থেকেও মানুষের রেহাই মিলতো।

এবারো রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থা-বিআরটিসি’র বরিশাল বাস ডিপো থেকে আসন্ন ঈদ উল ফিতরের আগে-পরে কোন বিশেষ বাস সার্ভিস থাকবেনা বাসের অভাবে। ডিপোটিতে ৭০টি যাত্রীবাহী বাসের মধ্যে ‘অচল ও চলাচল অযোগ্য’ ১৬টি ইতোমধ্যে বিক্রী হয়ে গেছে। অবশিষ্ট ৫৪টি বাসের ৫২টি বরিশাল-ঢাকা ছাড়াও এ বিভাগীয় সদর থেকে খুলনা, যশোর, রংপুর,রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত যাত্রী পরিবহন করলেও আসন্ন ঈদের আগে-পরে বাড়তি যাত্রী পরিবহনের মত কোন বাস ডিপোটির হাতে নেই। দেশের অন্যতম লাভজনক এ বাস ডিপোটিতে গত দু বছরেও কোন নতুন-পুরাতন যাত্রীবাহী বাস সরবরাহ করেনি সংস্থাটির সদর দপ্তর। ফলে ১৮টি বাতানুকুল ও ৩৬টি দীর্ঘদিনের পুরনো বাস দিয়েই যাত্রী সেবা করছে রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থাটি।

এ ব্যাপারে বিআরটিসি’র বরিশাল ডিপোর ব্যবস্থাপক জানান, ‘আমাদের বাড়তি কোন গাড়ী না থাকলেও বিদ্যমান বাস দিয়েই অতিরিক্ত ট্রিপে যাত্রী পরিবহনের চেষ্টা করব’। এদিকে রাষ্ট্রীয় নৌ-বানিজ্য সংস্থা বিআইডব্লিউটিসি করোনা মহামারীর আগে থেকেই যাত্রী সেবা খাতে হাত গোটানোর পর থেকে গত ৪ বছরে ঢাকা থেকে বরিশাল হয়ে দেশের একমাত্র অভ্যন্তরীণ রকেট স্টিমার সার্ভিসটি আর চালু করার কোন উদ্যোগ নেয়নি। ফলে আসন্ন ঈদের অগে পরে রাজধানী সহ চট্টগ্রাম অঞ্চল থেকে চাঁদপুর হয়ে বরিশাল অঞ্চলের যাত্রীরা বেসরকারী নৌযান মালিকদের স্বেচ্ছাচারিতার কাছেই জিম্মি হয়ে পড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

এমনকি গত ২০ বছরে রাষ্ট্রীয় নৌ-বানিজ্য প্রতিষ্ঠানটি বরিশাল-চট্টগ্রাম রুটের কথা বলে সরকারী শতাধিক কোটি টাকায় উপকূলীয় দুটি নৌযানের পুনর্বাসন ছাড়াও ‘এমভি বার আউলিয়া’, ‘এমভি তাজউদ্দিন আহমদ’ ও ‘এমভি আইভি রহমান’ নামের ৩টি নতুন নৌযান সংগ্রহ করেছে। কিন্তু ২০২১ সালের মে মাস থেকে বরিশাল-চট্টগ্রাম রুটে উপকূলীয় স্টিমার সার্ভিসটি বন্ধ রয়েছে। এদিকে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা-বিমান পদ্মা সেতু চালুর পরে যাত্রী সংকটের ধুয়া তুলে বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট সপ্তাহে ৩দিনে হ্রাস করে।

ব্যাপক যাত্রী চাহিদার পরেও এক বছর ধরে বরিশাল সেক্টরে ফ্লাইট বাড়ানোর কথা বলা হলেও ৩১ মার্চ থেকে মাত্র ১টি ফ্লাইট বৃদ্ধি করা হচ্ছে। অথচ বরিশাল-ঢাকা আকাশ পথে ৩২শ টাকার টিকিট এখন বিমান বিক্রী করছে ৮ হাজার ৬শ টাকায়। আসন্ন ঈদ উল ফিতরের আগে-পরেও সরকারি আকাশ পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশাল সেক্টরের যাত্রীরা। এ ব্যাপারে সোমবার বিমান এর বরিশাল সেলস অফিসের জেলা ব্যবস্থাপকের টেলিফোনে কল করেও পাওয়া যায়নি। তবে সেলস কাউন্টারে যোগাযোগের পর ‘আসন্ন ঈদ উল ফিতরের আগে-পরে বরিশাল সেক্টরে কোন বিশেষ ফ্লাইট নেই’ বলে জানান হয়েছে। বিমান এর অপর একটি সূত্র থেকে ঈদের আগে আগামী ৮ ও ১০ এপ্রিল বরিশাল সেক্টরে দুটি বিশেষ ফ্লাইট বরিশাল-ঢাকা আকাশ পথে চলবে বলে জানান হয়েছে।




কাউখালীতে মৎস্য সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন

বরিশাল অফিস:: ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২৫ মার্চ সোমবার সকালে উপজেলা শাপলা চত্বরে মৎস্য কার্ডধারী সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস.এম আজহারুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ হান্নান, সমাজ সেবক আঃ লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী রাকিবুল আলম।

উপজেলার আমরাজুড়ী ইউনিয়ন, কাউখালী সদর ইউনিয়ন, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন ও শিয়ালকাঠি ইউনিয়ন সহ মোট চারটি ইউনিয়নের ৩২জন সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। সুফলভোগী জেলে কাউখালী সদরের বেল্লাল ফকির ও আমরাজুড়ি ইউনিয়নের হরে কৃষ্ণ দাস বলেন, বিকল্প হিসেবে এ বকনা বাছুর পেয়ে নিজেদের কে সাবলম্বি গড়ে তোলবো। নিষিদ্ধ সময় আমরা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকব এবং অবৈধ জাল দিয়ে কখনো মাছ শিকার করব না।




বরিশালে কেন্দ্রীয় যুবলীগ নেতার গণসংযোগ

বরিশাল অফিস::  কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দীন খসরু নিজ জন্মভূমি জেলার মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য গত কয়েকদিন থেকে ব্যাপক গণসংযোগ করে আসছেন।

দলীয় নেতাকর্মীদের অনুরোধ চতুর্থ ধাপের মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভ্রাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠে গণসংযোগে নেমে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে জহির উদ্দীন খসরু ব্যাপক সারাজুগিয়েছেন। প্রতিদিনের ন্যায় তিনি শনিবার দিনভর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জালালপুর, নাতিরহাট, হুলারহাট এবং মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর বাজারে গণসংযোগ করেছেন।

এসময় তার সাথে ছিলেন, বাটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দীন অশ্রু, আওয়ামী লীগ নেতা আলহাজ হেমায়েত উদ্দীন বয়াতী, মীর মহসিন নান্নু, মনিরুজ্জামান মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন বাদল,

বাটামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফকর উদ্দীন, বাটামারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, বাটামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদারসহ অন্যান্যরা।




বরিশালে খেয়াঘাটে নৈরাজ্য জিম্মি লক্ষাধিক মানুষ

বরিশাল অফিস:: বরিশাল সদর উপজেলার আড়িয়াল খাঁ নদীর শায়েস্তাবাদ খেয়াঘাটে ভাড়া আদায়ে ইজারাদারের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ উঠেছে। ঘাটে জনপ্রতি ১২ টাকা ভাড়া নির্ধারণ করা থাকলেও নেওয়া হচ্ছে ১৫ টাকা করে। রাত নামলে যাত্রীদের কাছ থেকে ৩০ থেকে ৫০ টাকা করে আদায় করা হচ্ছে। বিকল্প কোন উপায় না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়েই পারাপার হতে বাধ্য হচ্ছেন লক্ষাধিক মানুষ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রতিদিনই এ খেয়াঘাট দিয়ে কয়েক হাজার মানুষ পারাপার হচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী শায়েস্তাবাদ খেয়াঘাটে জনপ্রতি ১২ টাকা, চালকসহ বাইসাইকেল ১৫ টাকা ও চালকসহ মোটরসাইকেল ২৫ টাকা ভাড়া নির্ধারণ করা রয়েছে। কিন্তু ঘাটে এ নিয়মের তোয়াক্কা না করে যাত্রী প্রতি ১৫, বাইসাইকেল ৩০ টাকা ও মোটরসাইকেল ৫০ টাকা করে আদায় করা হচ্ছে। খেয়াঘাটে টোল আদায়ের চার্ট টানানোর কথা থাকলেও তা মানছেন না ইজারাদার। এমনকি বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করলে যাত্রীদের লাঞ্ছিত করারও অভিযোগ রয়েছে।

অতিসম্প্রতি শায়েস্তাবাদ খেয়া ঘাটে গিয়ে দেখা গেছে, ঘাটে যাত্রী সাধারণ, বিভিন্ন যানবাহন ও মালামাল পারাপারে সরকার অনুমোদিত চার্ট সহজে দর্শনীয় জায়গায় নোটিশ বোর্ড আকারে টানানোর বিধান থাকলেও দুইপাড়ের কোথাও চার্ট টানানো দেখা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, ইজারাদার তার ইচ্ছে অনুযায়ী ভাড়া আদায় করছেন। যেকারণে যাত্রীরা নিরুপায় হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই পারাপার হচ্ছেন। স্থানীয় বাসিন্দা কবির গাজী বলেন, এ খেয়া ঘাটে দীর্ঘদিন থেকে জুলুম চলছে। ইজারাদারের এই জুলুম দেখার যেন কেউ নেই। ইজারাদারের লোকজনে ভয়ভীতি প্রদর্শন করে যাত্রীদের জিম্মি করে রেখেছে।

ভাড়ার চার্ট না টানানোসহ অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি শিকার করে ইজারাদার মোঃ সুমন রাজ বলেন, মাঝে মাঝে যখন কোনো লোক থাকে না তখন অল্প লোক নিয়ে ট্রলার ছাড়লে কিছু টাকা বেশি চেয়ে নেওয়া হয়। এখানে দোষেরতো কিছু নেই। তবে যাত্রীদের সুবিধার্থে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট খুব শীঘ্রই টানানো হবে।

লাঞ্ছিতের অভিযোগ সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, শায়েস্তাবাদ খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি আমার জানা ছিলো। দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




গলাচিপায় দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে স্বপ্ন উপকারভোগী নির্বাচন অনুষ্ঠিত

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় গ্রামের দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২য় পর্যায়) প্রকল্পের স্বপ্ন উপকারভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার গোলখালী ইউনিয়নে সোমবার (২৫ মার্চ) সকাল ৯ টায় লটারীর মাধ্যমে শুরু হয় এ যাচাই বাছাই
নির্বাচন। গোলখালী ইউনিয়নের ৩টি বুথে ৯টি ওয়ার্ডের ৪ জন করে মোট ৩৬ জন দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে নির্বাচিত করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলন গলাচিপা উপজেলার পিসি মোসা. মারুফা সুলতানা, পানপট্টি ইউনিয়নের ওয়ার্কার মোসা. মুক্তা, গোলখালী ইউনিয়নের ওয়ার্কার মোসা. মানসুরা, চরবিশ^াস ইউনিয়নের ওয়ার্কার মো.
আমিনুল ইসলাম (অনিক), গলাচিপা সদর ইউনিয়নের ওয়ার্কার মোসা. সালমা বেগম,
গোলখালী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মেম্বর, সংরক্ষিত মহিলা মেম্বর ৩ জন সহ
সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজ।

এ সময় প্রধান অতিথি হিসেবে মো. নাসির উদ্দিন হাওলাদার, দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ফলে দেশের উন্নয়নে নারীরা অবদান রাখছে। নারীদেরকে স্বাভলম্বী করার সুযোগ করে দিচ্ছে সরকার। উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২য় পর্যায়) প্রকল্প বিষয়ে

বিশেষ অতিথি সুশীলন গলাচিপা উপজেলার পিসি মোসা. মারুফা সুলতানা বলেন, স্বপ্ন প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প। এই প্রকল্পের উপকারভোগী শতভাগই হত দরিদ্র নারী। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা করেছিলেন ঘরে
ঘরে চাকুরী প্রদান করবেন। এই প্রকল্পটি শতভাগই হত দরিদ্র নারীদের চাকুরী প্রদানের প্রকল্প। উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হয়েছে।

তিনি বলেন, (স্বপ্ন-২য় পর্যায়) প্রকল্প সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে এবং কাঙ্খিত ফলাফল অর্জিত হয়েছে। গোলখালী ইউনিয়নে ৯টি ওয়ার্ড থেকে ৪ জন করে মোট ৩৬ জন উপকারভোগী নির্বাচিত করা হয়েছে। যাদের সবাই হত দরিদ্র, অসহায়, বিধবা নারী। এরা উন্নয়নমুখী কাজ করে অত্র ইউনিয়নের সুনাম বয়ে আনবে এবং সবার জন্য প্রেরণা হয়ে উঠবে বলে আমি মনে করি।




বরিশালে ব্যস্ত বাজারে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

বরিশাল অফিস::  বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট বাজারের ব্যস্ত সড়কে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী।

রবিবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এরপর মা ও নবজাতক বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা দুজনেই সুস্থ আছেন বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল।

বন্দর থানার নারী-শিশু কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রোজিনা আক্তার বলেন, সন্তানটির মা যেহেতু মানসিক ভারসাম্যহীন, তাই বিষয়টি আদালতকে জানাব। আদালত যে ব্যবস্থা নেবেন সে অনুযায়ী পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআই রোজিনা আরও বলেন, এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। এ খবরে তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আবদুর রহমান মুকুল বলেন, মা-মেয়ে বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে সুস্থ আছেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




ববিতে স্বাধীনতা দিবসে আবাসিক শিক্ষার্থীরা পাবে উন্নতমানে খাবার

বরিশাল অফিস;: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৪টি আবাসিক হলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে উন্নতমানের খাবারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে ইফতারের পূর্বে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে।

শিক্ষার্থীদের হল থেকে আইডি কার্ডের মাধ্যমে বিনামূল্যে টোকেন সংগ্রহ করে খাবার নিতে পারবে শিক্ষার্থীরা। খাবার হিসেবে দেওয়া হবে, রোস্ট,পোলাও, ডিম, কোক, পানি, ফিরনি। এবছর খাবারের বাজেট মাথাপিছু ২৬৫ টাকা৷

বরিশালের স্বনামধন্য একটি রেস্তোরা থেকে খাবার অর্ডার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস৷

তিনি আরও বলেন, প্রতিবারের মতো এবারো স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ৪টি হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে। সাধারণত দুপুরের খাবার দেওয়া হয়, এবার রমজানের কারণে খাবার ইফতারের পূর্বে দেওয়া হবে। আশা করি খাবারের মান মানস্মত হবে।




বেতনভাতা বৃদ্ধির দাবিতে শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বরিশাল অফিস;: বেতনভাতা ৩০ হাজার টাকায় উন্নীতকরণ ও বকেয়া ভাতা পরিশোধসহ ৪ দফা দাবিতে বরিশালে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

এর আগে শনিবার রাত থেকে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও বঙ্গবন্ধু ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না বলে জানান ইন্টার্ন চিকিৎসকরা।

এর অংশ হিসেবে সোমবার (২৫ মার্চ) দুপুরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে জরুরি বিভাগের সামনে মানববন্ধন করেন তারা।

ধর্মঘটের মধ্যেই হাসপাতালে অন্যান্য স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চললেও নতুন রোগীরা সমস্যায় পড়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই ইন্টার্ন চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবা প্রদান করেন। কিন্তু কর্মবিরতি থাকায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

মানববন্ধনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন ডা. আরিফুজ্জামান ইমন, বঙ্গবন্ধু ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি তাইমুর মাহামুদকে এবং সাধারণ সম্পাদক মাসুম রেজাসহ নেতারা উপস্থিত ছিলেন।

দাবিগুলো হলো— পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনিং চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা করতে হবে। এফসিপিএস, রেসিডেন্ট, নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করতে হবে। বিএসএমএমইউয়ের অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করতে হবে। পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন করতে দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে বর্তমানে আমাদের যে সম্মানি ভাতা প্রদান করা হয় তা খুবই সামান্য। এই সম্মানি ভাতা দিয়ে আমরা কোনভাবেই চলতে পারছিনা। আমাদের এই দাবি দীর্ঘদিনের হলেও দাবি পূরণ হয়নি। তাই অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। বাধ্য হয়ে এ কর্মবিরতি ডেকেছেন দাবি করে রোগীদের সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেন চিকিৎসকরা।




নির্বাচিত হলে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের দূরত্ব কমাতে চাই : এসএম জাকির হোসেন

বরিশাল অফিস::  চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষের সাথে জনপ্রনিধিদের দূরত্ব দূর করে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের এক কাতারর রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক এসএম জাকির হোসেন।

সোমবার (২৫মার্চ) বিকেলে সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময়কালে এ প্রতিশ্রুতি দেন তিনি।

এসএম জাকির বলেন, আমার সাথে কথা বলতে কোন মাধ্যমের প্রয়োজন হবে না, সকলে তাদের  সুখ-দুঃখে আমার সাথে কথা বলতে পারবে। সকলের দোয়া নিয়ে আমি বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই।

এসময় রায়পাশা কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন বলেন, গত কয়েকদিন ধরে আমি সব জায়গাতেই বলি আমার একটা বিশ্বাস জন্মেছে যে আসন্ন উপজেলা নির্বাচনে এসএম জাকির সাহেব উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন। ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবো।

শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না বলেন, এসএম জাকির ভাই অত্যান্ত ভালো মনে একজন মানুষ তাই আমরা তাকে উপজেলা হিসেবে দেখতে চাই। তিনি ইনশাআল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তরিত করবেন।

মতবিনিময়কালে এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও এস এম জাকির হোসেন এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এ্যাডঃ আবুয়াল মাসুদ মামুন, বরিশাল মহানগর ১৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, রায়পাশা কড়াপুর ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টু, নাঈম আকন, জহিরুল ইসলাম, সেলিম হাওলাদার, আব্দুর রশিদ সরদার, আবুল বাশার, মো: মিরন, সংরক্ষিত ইউপি সদস্য রুনা লায়লা সোনালী, ফরিদা বেগম, মাহিনুর বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত সকলে আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনে এসএম জাকির হোসনকে বিজয়ের লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান।




চালকের গাফিলতিতে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে চালকের দ্বায়িত্বহীনতার কারণে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ট্রাফিক পুলিশ গাড়ি আটকে রেখেছে এমন কথা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ট্রাফিক পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ জনতা ঢাকা কুয়াকাটা মহাসড়কে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।

রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় পটুয়াখালীর হেতালিয়া বাধঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

ঘণ্টাব্যাপী রাস্তায় বিক্ষোভ চলার কারণে সড়কের প্রায় চার কিলোমিটার রাস্তা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে থানা পুলিশ এসে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে অ্যাম্বুলেন্স চালক ফাঁকা রাস্তায় হুইসেল বাজিয়ে যাচ্ছিলেন।
হেতালিয়া বাধঘাট এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জন মাখন লাল অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় তাকে জবাবদিহির আওতায় আনেন। তার  অ্যাম্বুলেন্সের বৈধ কাগজপত্রে ত্রুটি থাকায় আইনি পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নেন। পরে অ্যাম্বুলেন্সচালক মুমূর্ষু রোগী আনতে যাওয়ার কথা বললে তার ড্রাইভিং লাইসেন্স রেখে তাকে ছাড়া হয় এবং রোগী নিয়ে ফেরার পথে লাইসেন্স ফেরত নেওয়ার কথা জানান।

কিছুক্ষণ পরে ড্রাইভার রোগী নিয়ে ফেরার পথে ট্রাফিক বক্সের সামনে দাঁড়ায় এবং ট্রাফিক পুলিশকে খুঁজতে থাকেন। অ্যাম্বুলেন্সে মুমূর্ষ রোগী থাকা সত্ত্বেও এভাবেই তিনি ২৫-৩০ মিনিট অপেক্ষা করেন। এ সময় চিকিৎসার উদ্দেশ্যে আসা বেবি বেগম (৫৫) নামের এক মুমূর্ষ রোগী অ্যাম্বুলেন্সেই মৃত্যুবরণ করেন। মৃত বেবি বেগম পটুয়াখালী সদর উপজেলার মরিচবুইয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের শাহ শহিদুল ইসলামের স্ত্রী।

পরে স্থানীয়রা জানতে চাইলে ড্রাইভার বলেন, ট্রাফিক সার্জন তাকে দাঁড় করিয়ে রাখায় রোগীর মৃত্যু হয়েছে। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় দায়িত্বরত জাকির ট্রাফিক সদস্যের ওপর হামলা করে। আহত ট্রাফিক সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন : টকটকে লাল ও সুস্বাদু রাঙ্গাবালীর ‘রাঙা তরমুজ’

অ্যাম্বুলেন্স চালক বিজন হাওলাদার বলেন, আমি রোগী আনতে যাওয়ার সময় হুইসেল বাজিয়ে যাচ্ছিলাম তখন মাখনলাল স্যারে আমার লাইসেন্স রাইখা দেয় আর কয় যে যাওয়ার কালে লাইসেন্স লইয়া যাইতে। আমি লাইসেন্স নেওয়ার জন্য দাঁড়ায়ে ছিলাম। আর তখনই রোগী মারা যায়।

বেবি বেগমের ছেলে মেহেদী বলেন, আমি কলাগাছিয়া থেকে পটুয়াখালী পর্যন্ত আইন্নাও আমার মারে হাসপাতালে নিতে পারিনি। ড্রাইভারকে বার বার অনুরোধ করার পরও তিনি কইছে আমি এহন গেলে পরে লাইসেন্স পামু না। আমি এর বিচার চাই।

হামলার শিকার হওয়া আহত ট্রাফিক সদস্য জাকির বলেন, আজ আমার ও মাখনলাল স্যারের হেতালিয়া বাধঘাট এলাকায় ডিউটি ছিল। আমি মাগরিবের আগ মুহূর্তে বাসায় আসি এবং ইফতার ও মাগরিবের নামাজ শেষ করে আবারও ডিউটিতে যাই। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক ‘আইছে’ বলে আমার দিকে দৌড়ে আসে এবং মারধর করে। এসময় তারা আমার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করে।