দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর দুমকি- বাউফল সড়কের চরগরবদি ভাঙ্গাব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিকাশ চন্দ্র রায় (৪০) নামের এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত বিকাশ চন্দ্র রায় ব্যুরো বাংলাদেশ দশমিনা ব্রাঞ্চ ব্যবস্থাপক পদে সদ্য যোগদানকারী কর্মকর্তা।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে নিজ মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে উপজেলার চরগরবদি ভাঙ্গাব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নিহত হন।

আরো পড়ুন : পটুয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে সাত ইউপি সদস্যদের লিখিত অভিযোগ

খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাত ১০ টায় দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুরের কালিকাবাড়ী এলাকায়। তার পিতার নাম বিমল চন্দ্র রায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।




পটুয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে সাত ইউপি সদস্যদের লিখিত অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু জাফর হাওলাদারের বিরুদ্ধে নানান দূর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন সাতজন ইউপি সদস্য।

সোমবার (২৫ মার্চ) দুপুর দেড়টায় এ অভিযোগ দেয়া হয়েছে বলে জানান ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কায়সার আকন।

অভিযোগের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক, দূর্নীতি দমন কমিশনসহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পটুয়াখালী বরাবর দেয়া হয়েছে।

লিখিত অভিযোগ বলা হয়েছে, ২০২২-২০২৩ অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স চেয়ারম্যান তার নিজের একটি এনজিও দিয়ে আদায় করিয়ে নিজে হাতিয়ে নেন এবং ব্যাংকে জমা দেননি। ২০২৩-২০২৪ অর্থ বছরের ফেব্রুয়ারী ও মার্চ মাসের মৎস ভিজিএফ এর চাল চেয়ারম্যান কম দিতে চাইলে ইউপি সদস্যরা বারণ করেন আর চাল আনতে ক্যারিং খরচ হয়েছে বলে ইউপি সদস্যদের অকথ্য ভাষায় গালি-গালাজ করেন চেয়ারম্যান। ৩ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্যদের থেকে টিউবওয়েল বাবদ ১৬ হাজার টাকা নেন যার টিউবওয়েল বা টাকা আজ পর্যন্ত কোনটাই ফেরত দেননি। ইউনিয়ন পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে আজ পর্যন্ত প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়নি। পরিষদের আয় ও ব্যয়ের হিসাব নিকাশ আজ পর্যন্ত ইউপি সদস্যদের না দেয়া। সুবিধা ভূগীদের দেয়া সরকারি চাল ইউনিয়ন পরিষদের গোডাউনে না রেখে চেয়ারম্যান তার বাসার সামনে নিজস্ব অফিস করে সেখানে রাখেন। গত ১ বছরেও ইউপি সদস্যদের নিয়ে পরিষদের মাসিক সভা না করা। সদস্যদের হাজিরা খাতা ও রেজুলেশন খাতা চেয়ারম্যান তার বাসায় নিয়ে রাখেন, যখন তার প্রয়োজন হয় তার পচ্ছন্দের সদস্যদের সাক্ষর নেন এবং বাকীদের সাক্ষর নেন না। বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কোন তথ্যই দেন না চেয়ারম্যান, মৃত বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার নাম পরিবর্তন করে নিজে টাকা নেন। এছাড়াও গ্রাম্ আদালতের লোক কার্যক্রম এখন পর্যন্ত হয়নি, যাতে করে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের সুবিধা বঞ্চিত জনগণ।

আরো পড়ুন : পটুয়াখালীতে মহান স্বাধীনতা দিবস পালিত

বড়বিঘাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাফর হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে যেসকল অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আসলে টিসিবির মালামাল প্রকৃত কার্ড ধারিরা পেতো না কারন ইউপি সদস্যরা বিভিন্ন লোকের ভোটার আইডি কার্ড দিয়ে ছাড়িয়ে নিতো। যা তারা বাহিরে বিক্রি করত। আর এসবে বাঁধা দেয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন তারা।

পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




যে কারণে ফ্রান্সিস স্কট ব্রিজে ধাক্কা দেয় জাহাজ ‘ডালি’

চন্দ্রদীপ ডেস্ক : জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্রান্সিস স্কট কী ব্রিজে ধাক্কা দেয় বলে জাহাজ ‘ডালি’র ক্রুরা কর্তৃপক্ষকে জানায় বলে জানিয়েছেন মেরিল্যান্ডের গভর্নর। ঘটনার আগে বিষয়টি কর্তৃপক্ষকে জাহাজের ক্রুরা অবহত করেছেন বলেও জানিয়েছেন মেরিল্যান্ডের গভর্নর।

মঙ্গলবার তিনি এ কথা জানান। খবর সিএনএন।

ঘটনার আগে কন্টেইনার জাহাজ থেকে কর্মকর্তাদের একটি জরুরি কল দিয়ে ফ্রান্সিস স্কট ব্রিজে যানবাহন চলাচল বন্ধ করার জন্য বলা হয় বলে জানিয়েছেন মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর। তিনি বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে ঘটনার আমাদের কর্মকর্তারা ট্র্যাফিক প্রবাহ বন্ধ করতে সক্ষম হয়েছিলেন, ফলে ব্রিজে বেশি গাড়ি উঠতে পারেনি।’

তিনি বলেন, ‘আমি লোকদের জন্য কৃতজ্ঞ, একবার সতর্কতা এসেছিল এবং একবার ঝুঁকির বিজ্ঞপ্তি এসেছিল। যার ফলে ব্রিজের উপরে গাড়ির চলাচল বন্ধ করা সম্ভব হয় —এই লোকেরা হিরো। তারা গত রাতে জীবন বাঁচিয়েছেন।’




চেন্নাইয়ের জয়ে মুস্তাফিজের ২ উইকেট

চন্দ্রদীপ ডেস্ক : আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মুস্তাফিজ-ধোনির চেন্নাই সুপার কিংস। টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৬ রান তুলে চেন্নাই। এরপর দারুণ বোলিংয়ে ৮ উইকেটে ১৪৩ রানে গুজরাট টাইটান্সকে আটকে রাখে তারা। ৬৩ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে চেন্নাই। দুইয়ে নেমে গেছে রাজস্থান রয়্যালস।

মুস্তাফিজ ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়ে চেন্নাইয়ের জয়ে ভূমিকা রাখেন। নিজের তৃতীয় ওভারে প্রথম উইকেট নেন মুস্তাফিজ। বাঁহাতি এ পেসারের কাটারে বিগ শট খেলতে গিয়ে লেগ সাইডে ক্যাচ তুলে দেন গুজরাটের আফগান অলরাউন্ডার রশিদ খান। শেষ ওভারে রাহুল টেওয়াটিয়ার উইকেট তুলে নেন তিনি।

মুস্তাফিজ অবশ্য শুরুতেই উইকেট পেতে পারতেন। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে পঞ্চম বলে সুযোগ সৃষ্টি করেছিলেন তিনি। কিন্তু ঋদ্ধিমান সাহার ব্যাটের বাইরের কাঁনায় বল লেগে উইকেটকিপার ধোনি ও প্রথম স্লিপের মাঝ দিয়ে চার হয়ে যায়। ২টি করে উইকেট পেয়েছেন চেন্নাইয়ের অপর দুই পেসার দীপক চাহার ও তুষার দেশপান্ডে। এরমধ্যে দুই ওপেনাকে বিদায় করে শুরুতেই গুজরাটকে চাপে ফেলেন দীপক চাহার।

ব্যাটিংয়ে চেন্নাইয়ের হিরো দুজন। কিউই ওপেনার রবীন্দ্র জাদেজা ২০ বলে ৪৬ রান করে উড়ন্ত সূচনা এনে দেন দলকে। তিনি আউট হওয়ার পর হাল ধরেন শিভম দুবে। ২৩ বলে ৫১ রান করে চেন্নাইকে দুরন্ত গতিতে এগিয়ে নেন তিনি। তবে চেন্নাইয়েরে ফিনিশিংটা তেমন ভালো হয়নি। কিউই অলরাউন্ডার ড্যারেল মিচেল একটু মন্থর ব্যাটিং করেন, ২০ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন তিনি। না হলে চেন্নাইয়ের রান দুইশ কুড়ি ছাড়িয়ে যেতো।

এর আগে চেন্নাইয়ের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন মুস্তাফিজ। আইপিএল ক্যারিয়ারে প্রথমবারের মতো চার উইকেট উইকেট হন ম্যাচ সেরাও। ২৯ রানের খরচায় সেদিন তুলে নিয়েছিলেন ফাফ ডু প্লেসি, রজত পতিদার, বিরাট কোহলি ও ক্যামেরুন গ্রিনের উইকেট

 




আজ থে‌কে রাতে ১ ঘণ্টা বে‌শি চল‌বে মে‌ট্রো‌রেল

চন্দ্রদীপ ডেস্ক : আজ থে‌কে ঈদুল ফিতর পর্যন্ত রা‌তে ১ ঘণ্টা বে‌শি চলবে মে‌ট্রো‌রে‌লের ট্রেন। মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়‌বে রাত ৯টা ৪০ মিনিটে। উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টা ২০ মিনিটে ছাড়বে।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠান‌টির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

মঙ্গলবার পর্যন্ত মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন যাত্রা ক‌রছে রাত ৮টা ৪০ মিনিটে। উত্তরা থেকে সর্বশেষ ট্রেন যাত্রা ক‌রে রাত ৮টা ২০ মিনিটে যাত্রা। এম এ এন ছি‌দ্দিক জানান, বাড়তি সময়ে ১২ মিনিট পরপর ১০টি ট্রেন চলবে। এখন দিনে ১৮৪ বার ট্রেন চলে। বুধবার থে‌কে চলবে ১৯৪ বার। প্রতি ট্রেনে ২ হাজার ৩০৮ জন করে মোট ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।




লঞ্চে যাত্রী চাপ কম : শেষ মুহূর্তে ভিড় বাড়ার আশা

চন্দ্রদীপ নিউজ: ঢাকা নদী বন্দরের (সদরঘাট) টার্মিনাল। ১০০ ফুট দৈর্ঘ্যরে ২৫টি পন্টুন পাশাপাশি এক সারিতে সাজানো। এসব পন্টুনে কমবেশি একশ লঞ্চ ঠায় দাঁড়িয়ে আছে। বেশিরভাগ লঞ্চই অলস বসে আছে। হাতেগোনা কয়েকটি লঞ্চে যাত্রী তোলা হচ্ছে। এসব লঞ্চের সামনে কর্মচারীদের হাঁকডাক। যাত্রী ডেকে ডেকে তুলছেন লঞ্চে। মঙ্গলবার বিকালের দৃশ্য এটি। এদিন সকালে ছিল আরও করুণ দৃশ্য। শুধু চাঁদপুর ঘাটে কিছু সংখ্যক যাত্রী দেখা যায়। লঞ্চের মালিক-শ্রমিক জানান, ঈদের মাত্র অল্প কয়েকদিন বাকি থাকলেও নৌপথে যাত্রী চাপ নেই বললেই চলে। যাত্রী সংকট থাকায় লঞ্চ শ্রমিকেরা ডেকে ডেকে যাত্রী তুলছেন। তবে তাদের আশা, ঈদের আগের কয়েকদিন যাত্রী চাপ বাড়বে। যাত্রী চাপ অনুযায়ী বাড়তি লঞ্চও চালাবেন মালিকরা। গুলিস্তান থেকে সদরঘাট পর্র্যন্ত যানজট কমিয়ে আনার দাবি মালিক সমিতির। মঙ্গলবার সরেজমিন সদরঘাটে এ দৃশ্য দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একাধিক কর্মকর্তা জানান, সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ৪১টি রুটে লঞ্চ চলাচল করত। পদ্মা সেতু চালুর পর থেকে লঞ্চের যাত্রী অনেক কমে গেছে। যাত্রী না থাকায় ৭-৮টি রুটে কোনো লঞ্চ চলাচল করে না। বাকি রুটগুলো সচল থাকলেও সীমিত আকারে লঞ্চ চলাচল করছে। তারা আরও জানান, পদ্মা সেতু চালুর আগে সাধারণ সময়ে প্রতিদিন সদরঘাট থেকে ৬৫-৭৫টি লঞ্চ ছেড়ে যেত। সেখানে রোববার ও সোমবার (২৪ ও ২৫ মার্চ) ৪৭টি করে লঞ্চ ছেড়ে গেছে। তার আগে শনিবার ৪৫টি লঞ্চ ছেড়ে যায়। এসব লঞ্চে গড়ে ৫০০ জন যাত্রী ঢাকা ছেড়েছেন বলে ওই কর্মকর্তাদের ধারণা। এই অবস্থায় মালিকদের খরচ পোষাতে লঞ্চে যাত্রীর পাশাপাশি মোটরসাইকেল বহনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। আকারভেদে বড় লঞ্চগুলোতে সর্বোচ্চ ছয়টি মোটরসাইকেল বহন করা যাবে।

লঞ্চে যাত্রী কমে যাওয়ার বর্ণনা দিতে গিয়ে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থার প্রেসিডেন্ট মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম গণমাধ্যমকে বলেন, আগের মতো যাত্রী সংকট চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর যাত্রী কিছুটা বাড়লেও তা উল্লেখ করার মতো না। বেশিরভাগ লঞ্চ কেবিন ফাঁকা রেখে চলাচল করছে। তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর থেকে দীর্ঘদিন থেকে নৌপথে যাত্রী সংকট থাকায় মালিকরা লঞ্চ চালিয়ে পোষাতে পারছেন না। লোকসানের মুখে ২০০টির বেশি লঞ্চ স্ক্র্যাপ (ভেঙে বিক্রি করা হয়েছে) হয়ে গেছে। মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম আরও বলেন, মালিকদের পক্ষ থেকে আমরা ১৮ দফা দাবি জানিয়ে আসছি। এর মধ্যে অন্যতম হচ্ছে-সদরঘাট পর্র্যন্ত যাতায়াতের পথ নির্বিঘ্ন এবং যানজটমুক্ত রাখা। নদী বন্দরে কুলি-হয়রানি, হকার, ক্যানভাসার, ছিনতাইকারীমুক্ত রাখা। তাহলে যাত্রীরা নৌপথে যেতে আগ্রহী হবেন।




যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় ধসে পড়েছে সেতু

চন্দ্রদীপ ডেস্ক : জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের শহর বাল্টিমোরের ফ্রানসিস স্কট কি সেতু ধসে পড়েছে।

মেরিল্যান্ড পরিবহন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে মঙ্গলবার জানিয়েছে এএফপি।

বাল্টিমোর শহরের ফায়ার সার্ভিসের যোগাযোগ পরিচালক কেভিন কার্টরাইট জানান, একটি বড় জাহাজের ধাক্কায় সেতুটি প্যাটাপস্কো নদীতে ধসে পড়েছে। এতে অন্তত সাত ব্যক্তি ও বেশ কয়েকটি পরিবহণ নদীতে পড়ে গেছে।

তবে এখনো হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

মেরিল্যান্ড পরিবহন কর্তৃপক্ষ (এমটিএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানায়, জাহাজের ধাক্কায় ধসে পড়েছে আই-৬৯৫ কি সেতু।

সংস্থাটি মার্কিন অঙ্গরাজ্য মেরিল্যান্ডের বাল্টিমোর শহরের নৌযানচালকদের প্যাটাপস্কো নদীপথ এড়িয়ে যেতে অনুরোধ করে এবং জায়গাটিকে দুর্ঘটনাস্থল বলে অভিহিত করে।

বাল্টিমোর পুলিশ বিভাগের এক মুখপাত্র জানান, নদীতে মানুষ আটকে থাকতে পারেন




পটুয়াখালীতে মহান স্বাধীনতা দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি: 

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।

২৬ মার্চ মঙ্গলবার সকালে ডিসি স্কয়ারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগ কার্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও ‍বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

আরো পড়ুন : পটুয়াখালীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজের কর্মচারীকে পেটানোর অভিযোগ

ভোর ৫ টা ৫৬ মিনিটে কলাপাড়া আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান মহিব।

এদিকে একই সময় শহীদদের স্মরণে জেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংরক্ষিত আসনের সংসদ সসদ্য নাজনিন নাহার লাইজু ও  জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।
এরপর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

 




পটুয়াখালীতে চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

বরিশাল অফিস:: পটুয়াখালীর বাউফলে একটি দোকানে ব্যবসায়ীর অনুপস্থিতিতে ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে খাওয়ার অপরাধে তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে আনোয়ার হাওলাদার নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার মদনপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মৃধার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। শিশুদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শিশু ইমাম হোসেন (৭), আব্দুল্লাহ (৯) ও ফাহিম (১০) মৃধার বাজার এলাকার ব্যবসায়ী আনোয়ার হাওলাদারের দোকানের ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে খেয়ে ফেলেন। পরে ব্যবসায়ী দোকানে এসে শিশুদের আইসক্রিম খেতে দেখে রেগে যায়। একপর্যায় তিনি চুরির অপবাদ দিয়ে তিন শিশুকেই শিকলে বেঁধে রাখেন এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তাদের পরিবারের সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে এলাকা থেকে সটকে পড়েন ব্যবসায়ী আনোয়ার হাওলাদার।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাইদুর রহমান বলেন, শিশুদের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানের আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷

এ বিষয়ে বাউফল থানা পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, কোনো লিখিত অভিযোগ পাইনি। তবুও ঘটনাস্থল এবং হাসপাতাল পুলিশ পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যবসায়ী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।




শেবাচিমে এক কিশোরকে পিটিয়ে মামলা দিল চিকিৎসকেরা

বরিশাল অফিস:: ব্রেইন স্ট্রোক করার পর শাজহান রাঢ়ি (৭০) নামের এক বৃদ্ধকে গতকাল সোমবার দুপুরে ভর্তি করা হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম)। বিকেল গড়ালেও সেবা মিলছিল না। এ নিয়ে উত্তেজিত রোগীর স্বজনদের সঙ্গে ডাক্তারদের হাতাহাতি হয়। ওই ঘটনায় জড়িত রোগীর জামাতাকে না পেয়ে রোগীর নাতি জিহাদ হাওলাদারকে (১৪) ধরে বেদম মারধর করে পুলিশে দিয়েছেন চিকিৎসকেরা। তাতেও ক্ষান্ত হয়নি। ৯ম শ্রেণির ছাত্র জিহাদ এবং তাঁর খালু মো. জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন চিকিৎসক ডা. তারিকুল ইসলাম। স্বজনদের অভিযোগ, থানায় ওই ডাক্তারের পা ধরে মাফ চাইলেও রেহাই পায়নি কিশোর জিহাদ।

জানা গেছে, উজিরপুরের সাবেক ইউপি সদস্য মুমূর্ষু শাজহান রাঢ়ি এখন ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আর ছাত্র জিহাদকে রাতভর থানায় রেখে পরদিন পুলিশ দুপুরে আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। জিহাদ নগরের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে কোতোয়ালি মডেল থানা কম্পাউন্ডে পুলিশ ভ্যানে তোলার সময় দেখা হয় কিশোর জিহাদ হাওলাদারের সঙ্গে। করুণ দৃষ্ঠিতে তাকিয়ে জিহাদ জানায়, স্ট্রোক করায় তাঁর নানার অবস্থা খারাপ ছিল। কিন্তু ডাক্তার দুপুর গড়িয়ে বিকেল হলেও চিকিৎসা দেয়নি। এ নিয়ে তর্ক হয়েছে। পরে ডাক্তাররা তাঁকে ধরে মারধর করে পুলিশে দিয়েছে বলে জানায় জিহাদ। ওই সময় জিহাদের মাকে থানায় ছোটাছুটি করতে দেখা যায়। পরে পুলিশ ভ্যানের পিছু পিছু আদালতে ছোটে জিহাদের মা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাইনুল ইসলাম  বলেন, ‘রোগীর স্বজন বিবাদীরা হয়তো হাসপাতালে মাথা গরম করেছে। এ নিয়ে দুই পক্ষে হাতাহাতি হয়েছে। মামলায় মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তি এবং জিহাদ হাওলাদার নামে ৯ম শ্রেণির এক ছাত্রকে আসামি করেছেন বাদী ডা. তারিকুল ইসলাম। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। গ্রেপ্তারকৃত জিহাদকে আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।’

সোমবার রাতে কোতোয়ালি মডেল থানার দ্বিতীয় তলায় গিয়ে মামলার বাদী ডা. তারিকুল ইসলামের পা জড়িয়ে ধরেন ছাত্র জিহাদের খালা। নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, ডা. তারিকুলের সঙ্গে থাকা কয়েক প্রভাবশালী লোক তাঁর গায়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পা ধরে স্কুল পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে মামলা না করার অনুরোধ জানালেও তাঁরা সন্ত্রাসীর মতো আচরণ করে। গায়ে হাত দেওয়ায় তিনি নারী নির্যাতন মামলা করবেন বলেও জানিয়েছেন।

ওই নারী কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, তাঁর বাবা শাজাহান রাঢ়ি মৃত্যুর পথে। তাঁর ওপর বোনের বাচ্চা ছেলে থানায়। ডাক্তাররা এত নির্দয় যে, পা ধরেও নিস্তার পাননি। শেবাচিম হাসপাতালে চিকিৎসা না হওয়ায় সোমবার গভীর রাতে তার বাবাকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করিয়েছেন। আর কিশোর বয়সী জিহাদের পেছনে ছুটছেন তাঁর মা।

জানতে চাইলে ডা. তরিকুল ইসলাম  বলেন, তিনি থানায় মামলা করেছেন। মানসিকভাবে একটু বিপর্যস্ত আছেন। হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে তারপর তিনি গণমাধ্যমে কথা বলবেন।নএকজন কিশোরকে কেন আসামি করলেন—জিজ্ঞেস করা হলে তিনি কোনো জবাব না দিয়ে মোবাইল ফোন কেটে দেন।

এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম  বলেন, ‘উজিরপুর থেকে স্ট্রোকের মুমূর্ষু রোগী নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই রোগীকে দেখার সময় এক স্বজন ভিডিও করার একপর্যায়ে তর্কবিতর্ক হয়। উত্তেজনার প্রেক্ষিতে দুই পক্ষে হাতাহাতি হয়। এ সময় মেডিসিন ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. তরিকুল ইসলামকে মারধর করে। পরে ওই ডাক্তারের লোকজন এসে থানায় মামলা করেছে।’

পরিচালক আরও বলেন, ‘ওই মুহূর্তে যাকে পাওয়া গেছে তাকেই পুলিশে দেওয়া হয়েছে। সে কিশোর কি না তা পুলিশ এবং আদালত বুঝবে।’