রাশিয়ার ২৬ ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রাশিয়ার ২৮টি অ্যাটাক ড্রোনের মধ্যে ২৬টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।



নতুন মন্ত্রিসভা গঠন পশ্চিম তীরে, অনুমোদন আব্বাসের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের মধ্যেই পশ্চিম তীরে ২৩ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টাইনিয়ান অথরিটি-পিএ)।



সকালে বরিশাল ও পটুয়াখালীসহ ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

চন্দ্রদীপ ডেস্ক : ঢাকাসহ দেশের ৮ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।




তিন শিশুর মৃত্যু : অ্যানেসথেসিয়ার ওষুধ পরিবর্তন করার নির্দেশ মন্ত্রণালয়ের

চন্দ্রদীপ ডেস্ক : ভেজাল অ্যানেসথেসিয়া ওষুধে তিন শিশুর মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এই তিন শিশুর কানে ককলিয়ার ইমপ্লান্ট বসানোর সময় তাদের অ্যানেসথেসিয়া দেওয়া হয়েছিল। সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে, তাদের যে অ্যানেসথেসিয়া ওষুধ হিসেবে ‘হ্যালোথেন’ ব্যবহার করা হয়েছিল। কিন্তু ওই ওষুধে হ্যালোথেনের উপাদানই ছিল না। অর্থাৎ এটা ভেজাল। এই রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসেছে গতকাল। এ কারণে গতকাল জরুরি মিটিংয়ে বসে স্বাস্থ্য প্রশাসন। সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন হাসপাতালে অস্ত্রোপচারে ব্যবহূত ওষুধ পরিবর্তনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি সব হাসপাতালের অপারেশন থিয়েটারে ‘ইনহেলেশনাল অ্যানেস্থেটিক’ হিসেবে ‘হ্যালোথেন’ এর পরিবর্তে ‘আইসোফ্লুরেন বা সেভোফ্লুরেন’ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার স্বাস্থ্য সেবা বিভাগ এ বিষয়ক প্রজ্ঞাপনে অ্যানেসথেসিয়জনিত মৃত্যু ও এর অপপ্রয়োগ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে।

তবে এর আগে সারাদেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতে অপারেশন করার সময় অনেক রোগী মারা যায়। ধারণা করা হচ্ছে, এই ভেজাল হ্যালোথেনের কারণে। এটা গত বছরের ২৩ এপ্রিল থেকে হ্যালোফেন উৎপাদন ও বাজারজাত বন্ধ রয়েছে। বাংলাদেশে এসিআই ওষুধ কোম্পানি এই ওষুধটি তৈরি করতো, যার নাম ছিল হ্যালোসিন। তারাও এটার উৎপাদন বন্ধ করেছে এক বছর ধরে। তবে পাশ্ববর্তী দেশ থেকে চোরাই পথে আসে এই হ্যালোথেন। যেটা ভেজাল ও নকল। এ কারণে খৎনা করাতে গিয়েও শিশুর মৃত্যু হয়েছে। হ্যালোথেন ওষুধটি রোগীকে অজ্ঞান করতে ব্যবহার করা হয়। আইসোফ্লুরেন ও সেভোফ্লুরেনও রোগীকে অজ্ঞান করতে ব্যবহার হয়। এগুলো আলাদা ওষুধ হলেও মূল কাজ রোগীকে অজ্ঞান করা। একটি বিশেষ যন্ত্রের সাহায্যে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ওষুধগুলো শরীরে প্রবেশ করালে রোগী অজ্ঞান হয়। সম্প্রতি ঢাকার ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ান আহমদ এবং মালিবাগের জেএস ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে আহনাফ তাহমীদ আলম আয়হাম নামে দুই শিশুকে খৎনা করানোর জন্য অজ্ঞান করার পর ওই দুই শিশুর মৃত্যু হয়। ওই দুই শিশুর মৃত্যুর পর দেশে সঠিক পদ্ধতিতে অ্যানেসথেসিয়া দেওয়া হচ্ছে কি না সে প্রশ্ন সামনে আসে। এ নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অবশেষে স্বাস্থ্য বিভাগের টনক নড়েছে। যারা ব্যবহার করছেন তারা এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর জন্য দায়ী। স্বজনহারা পরিবারগুলোর একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে অর্ধহারা, অনাহারে জীবন পার করছেন। এসব দেখভাল করার দায়িত্ব ওষুধ প্রশাসন অধিদপ্তরে। এছাড়া দেখভাল করার অনেকে আছেন। তারপরও ভেজাল হ্যালোথেন ব্যবহারে এতোগুলো মানুষ মারা গেল। খৎনা করাতে গিয়ে মারা গেছে। এর কারণ এই ভেজাল হ্যালোথেন। যেটা গতকাল প্রমাণিত হলো। স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশে টিম পাঠিয়ে তদন্ত করে দেখেছে যে, সার্জন ঠিক আছে, অজ্ঞানকারী ডাক্তার ঠিক আছে ও অপারেশন থিয়েটার ঠিক আছে। তাহলে রোগী মারা গেল কেন? কিছুই খুঁজে পাচ্ছিলেন না তারা।

না। বিশ্বব্যাপী হ্যালোথেন ৮০ থেকে ৯০ বছর ধরে ব্যবহার হয়েছে। গত এক বছর ধরে বিশ্বব্যাপী এটি আর ব্যবহার হয় না। এখন নতুন ওষুধ হলো আইসোফ্লুরেন। আমাদের দেশে যে হেলোসিন তৈরি হয়, সেটার কাঁচামাল ভারত থেকে আসতো। গত এক বছর ধরে আর আসে না। এদিকে নতুন ওষুধ আইসোফ্লুরেন ব্যবহার করার মেশিন আলাদা। নতুন ওষুধ ব্যবহার করতে হলে মেশিনের কিছু পার্টস পরিবর্তন করতে হয়। অনেকে তা করে না। আইসোফ্লুরেন ব্যবহার করার মেশিনের নাম হলো ভ্যাপোরাইজার। এটার মূল্য দুই লাখ টাকার বেশি। এ কারণে অনেক বেসরকারি হাসপাতাল-ক্লিনিক এটি কেনে না। বরং ভেজাল হ্যালোথেন ব্যবহার করছে। এ কারণে রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে প্রতিদিন। প্রতিটি আসল হ্যালোথেন এর দাম ২০০ থেকে ৩০০ টাকা। আর আইসোফ্লুরেন এর দাম ৬০০ টাকা।

সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্ট সম্প্রতি লিখিতভাবে জানিয়েছে, অ্যানেসথেসিয়া ওষুধ ব্যবহার নিয়ে অসঙ্গতি দেখা দিয়েছে। এ জন্য তারা সরকারের কাছে এর ব্যবহারের জন্য সুনির্দিষ্ট আদেশ দেওয়ার জন্য সুপারিশ করেন। যদি হ্যালোথেন ব্যবহার করেন, তাহলে অরিজিনাল হ্যালোথেন ব্যবহার করতে হবে। তবে হ্যালোথেন কিংবা আইসোফ্লুরেন যেটিই ব্যবহার হবে, অবশ্যই তাকে ওষুধ প্রশাসনের অনুমোদন থাকতে হবে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে বিএসএমএমইউয়ে জরুরি মিটিং হয়। এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, অ্যানেসথেসিয়ার ওষুধ হিসেবে আইসোফ্লুরেন ব্যবহার করতে হবে। ডিগ্রীধারী কোনো ডাক্তার ছাড়া কেউ অ্যানেসথেসিয়া দিতে পারবে না।




দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, এক শিশু বাদে সব যাত্রী নিহত

চন্দ্রদীপ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৫ জন নিহত হয়েছেন। খবর স্কাই নিউজের।

খবরে বলা হয়েছে, বাসটিতে চালকসহ ৪৬ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর শুধু ৮ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত ওই শিশুটিকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এক বিবৃতিতে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় বলেছে, যাত্রীবাহী বাসটি বোস্টওয়ানা থেকে আসছিল। লিমপোপোর মোরিয়াতে খ্রিস্টানদের এক ধর্মীয় অনুষ্ঠানের উদ্দেশ্যে যাত্রা করছিল। পথে লিমপোপো প্রদেশের মামাতলাকালার কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি ব্রিজ থেকে ৫০ মিটার নিচে খাদে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়।

দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আগুনে অনেক মৃতদেহ এতোটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

এ দুর্ঘটনার তদন্ত চলছে বলে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।




জাতিসংঘে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রস্তাবে রাশিয়ার ভেটো

চন্দ্রদীপ ডেস্ক : জাতিসংঘের একটি প্রস্তাবে বৃহস্পতিবার ভেটো দিয়েছে রাশিয়া। এতে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি প্যানেল উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার ‘পর্যবেক্ষণ’ কার্যকরভাবে বাতিল করেছে। খবর বার্তাসংস্থা এপির।

মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নিরাপত্তা পরিষদের প্রস্তাবে প্যানেলের ম্যান্ডেট এক বছরের জন্য বাড়ানো হতো, তবে রাশিয়ার ভেটো এর কার্যক্রম বন্ধ করে দেবে। তবে নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভোট পড়ে পক্ষে ১৩টি, রাশিয়া বিপক্ষে ও চীন ভোটদানে বিরত থাকে।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া ভোটাভুটির আগে নিরাপত্তা পরিষদকে বলেন, পশ্চিমা দেশগুলো উত্তর কোরিয়াকে ‘গলা টিপে’ ধরার চেষ্টা করছে ও দেশটির পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞাগুলো ‘অপ্রাসঙ্গিক’ ও ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’ প্রমাণিত হয়েছে।




বিবিএস’র জরিপ : সাবলেট ভাড়াটিয়া পরিবার বেড়েছে

চন্দ্রদীপ ডেস্ক : চলমান সংকটের ধাক্কা লেগেছে জীবনযাত্রায়। বাড়িভাড়াসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে টিকে থাকতে গিয়ে মানুষের স্বাভাবিক বসবাস বিঘ্নিত হচ্ছে। বাধ্য হয়ে মানুষ বাসস্থান ভাগ করে নিচ্ছেন। আর এ কারণে দেশে সাবলেট ভাড়াটিয়া পরিবারের (খানা) সংখ্যা বেড়েছে। শহর ও গ্রামে সাবলেট দেওয়ার সংখ্যা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন জরিপে এমন চিত্র উঠে এসেছে। ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩’ শীর্ষক প্রতিবেদনে খানার (পরিবার) বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে মাঠপর্যায় থেকে সাবলেটের এ তথ্য তুলে আনা হয়েছে।

বুধবার স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম ইন ডিজিটাল প্ল্যাটফর্ম (এসভিআরএস) প্রকল্পের পরিচালক আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, বর্তমানে দ্রব্যমূল্য ব্যাপক হারে বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বাড়ি ভাড়াও। তবে এর সঙ্গে তাল মিলিয়ে মানুষের আয় বাড়েনি। ফলে যারা একক বাসা ভাড়া নিয়ে থাকতেন তারা সাবলেট দিচ্ছেন। কেউ কেউ একক বাসা ছেড়ে দিয়ে সাবলেটে উঠছেন। এক্ষেত্রে আয় ও ব্যয়ের সঙ্গে সমন্বয় করতে গিয়ে সাধারণ মানুষ এমন কাজ করছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গ্রামে সাবলেট বেড়ে যাওয়ার কারণ-গ্রামেও এখন বিভিন্ন এনজিও, ব্যাংকের শাখা, স্কুল বা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এগুলোতে যারা চাকরি করেন তাদের অধিকাংশই ভাড়া থাকেন। ভাড়া দেওয়ার জন্য শহরের মতো আলাদাভাবে বাড়ি গ্রামে সাধারণত কেউ করেন না। তবে নিজের থাকার বাড়িতেই সাবলেট ভাড়া দিয়ে থাকেন। এখন সেই সংখ্যা বেড়ে গেছে। উদাহরণ দিতে গিয়ে প্রকল্প পরিচালক বলেন, শরীয়তপুর ফিল্ড ভিজিটের সময় দেখেছি-প্রত্যন্ত গ্রামের অনেক বাড়িতে সাবলেট ভাড়াটিয়া আছেন। কারণ মানুষগুলো পদ্মার বিভিন্ন চরের। নদীভাঙা কিংবা অন্য কোনো কারণে তারা এসব বাড়িতে পরিবার নিয়ে সাবলেট ভাড়া থাকেন। কিন্তু চর জাগলে তারা সেখানে গিয়ে থাকেন ও চাষাবাদ করেন।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে সাবলেট বাসাভাড়া গ্রহণকারী পরিবারের সংখ্যা ছিল ২ দশমিক ৪ শতাংশ। সেটি বেড়ে ২০২২ সালে ৩ দশমিক ৩ শতাংশ হয়। ২০২৩ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ১ শতাংশ। সাবলেট ভাড়া প্রদানকারী পরিবারও বেড়েছে। ২০২১ সালে এ হার ছিল শূন্য দশমিক ৫ শতাংশ, ২০২২ সালে শূন্য দশমিক ৭ শতাংশ এবং ২০২৩ সালে শূন্য দশমিক ৯ শতাংশে দাঁড়ায়। এ অবস্থার সঙ্গে তাল মিলিয়ে কমেছে একক খানায় (পরিবার) বসবাসকারীর সংখ্যা। ২০২১ সালে এ হার ছিল ৯৭ দশমিক ১ শতাংশ, পরের বছর সেটি কমে হয় ৯৬ শতাংশ, ২০২৩ সালে আরও কমে হয়েছে ৯৫ শতাংশ।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. মোস্তফা কে. মুজেরি বলেন, কোভিড পরবর্তী সময়ে মূল্যস্ফীতি বেড়ে যায়। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মূল্যস্ফীতি ব্যাপক হারে বেড়েছে। ফলে মানুষের স্থানান্তরও বেড়ে গেছে। অর্থাৎ শহর থেকে টিকতে না পেরে অনেক পরিবার গ্রামে চলে গেছে। আবার গ্রাম থেকে অনেক পরিবার শহরে আসছে। আঞ্চলিক স্থানান্তরও বেড়েছে। এসব পরিবার সাবলেট বাসা ভাড়া নিতে বাধ্য হচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক সংকট ও কর্মসংস্থানের সুযোগ না থাকায় অনেকে বড় বাসা ছেড়ে সাবলেটে চলে যাচ্ছে। অর্থনৈতিক সংকটের নেতিবাচক প্রভাব জীবনযাত্রার মানের ওপর পড়ছে। এমন পরিস্থিতি স্বল্প ও নিু আয়ের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। গ্রামে বা পল্লী অঞ্চলে সাবলেট ভাড়াটিয়া পরিবারের সংখ্যা বেড়েছে। ২০২১ সালের হিসাবে এ হার ছিল ১ দশমিক ৮৫ শতাংশ, ২০২২ সালে বেড়ে হয় ২ দশমিক ৫২ শতাংশ এবং ২০২৩ সালে সেটি আরও বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৮ শতাংশে।




দশমিনায় তিন জেলেকে পাঁচ দিনের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :: দশমিনা উপজেলায় অভয় আশ্রম তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে উপজেলা উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার সকাল ১১ টায় অবৈধ ভাবে মাছ ধরার সময় একটি বেহুন্দি জাল, ও তিন জনকে আটক করা হয়।

আটককৃত তিনজনকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াসিউজ্জামান চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করেন।

আরো পড়ুন :পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতির ইন্তেকাল

কারাদন্ড প্রাপ্তরা হলেন পটুয়াখালী জেলার, বাউফল উপজেলার ইউনূচ হাওলাদারের ছেলে মোঃ নরফাত(২১), আবদুস ছালাম মৃধার ছেলে মোঃ বরকত হোসেন(২০) ও জাহাঙ্গির মৃধার ছেলে মোঃ হাবিব মৃধা(২১)।

অভিযান পরিচালনা করেন উপজেলা সামুদ্রিক মৎস্য  কর্মকর্তা নাজমুল হাসান, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুমন, উপপুশি পরিদর্শক(এসআই) আশ্রাফ সহ সঙ্গীয় ফোর্স।

পড়ে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

আরো পড়ুন :খালের পানিতে ডুবে প্রতিবন্ধি যুবকের মৃত্যু



পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতির ইন্তেকাল

পটুয়াখালী প্রতিনিধি :: জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আামীন হাওলাদারের বড়ভাই জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্জ সুলতান আহম্মেদ হাওলাদার ইন্তেকাল করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে সুলতান আহম্মেদের বয়স হয়েছিল ৭৭বছর। বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকার গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে মরহুমের ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় দুমকি সরকারি জনতা কলেজ মাঠ ও বিকেল ৪টায় নিজ গ্রামের বাড়ি আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচরে ২য় ও তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি, বেগম রওশন এরশাদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক খান, পটুয়াখালী জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রমিক লীগ সভাপতির সংবাদ সম্মেলন



ঝালকাঠিতে নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল ভাসমান মরদেহ

বরিশাল অফিস::  ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের ২ দিন পর কচা নদী থেকে মামুন হোসেন (২৫) নামে এক ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে রাজাপুরের সাতুরিয়া গ্রামের ইদুরবাড়ি এলাকার কচা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত মামুন উপজেলার পশ্চিম সাতুরিয়া গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকার মোকসেদ আলীর ছেলে।

স্থানীয় জাহিদ হোসেন কিবরিয়া, তরিকুল ইসলাম ও মুন্না জানান, মোটরযুক্ত ভ্যান চালাতেন মামুন। গত ২ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

রাজাপুর থানার এসআই মো. মামুন জানান, তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তার মৃত্যুর কারণ বা বিস্তারিত তদন্ত সাপেক্ষ জানা যাবে।