গলাচিপায় ৪ দিন ধরে কিশোর নিখোঁজ

পটুয়াখালী সংবাদদাতা :: গলাচিপায় মো: জুনায়েদ (১৫) নামের এক কিশোর ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) তার বাবা গলাচিপা থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ১১৭৬

জুনায়েদ কল্যাণ কলস নেছারিয়া সিনিয়র আলিম মাদরাসার অফিস সহকারী মো: রুহুল আমিনের একমাত্র ছেলে ও গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

আরো পড়ুন : স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক কারাগারে

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড রতনদী (রুপনগর) এলাকা থেকে জুনায়েদ নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। জুনায়েদকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছে নিখোঁজের বাবা, মা ও আত্মীয়-স্বজন।

আরো পড়ুন : ডাকাতিসহ ১২ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার



ডাকাতিসহ ১২ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন থানায় সশস্ত্র ডাকাতির অভিযোগে মোট ১২টি মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক দুর্ধর্ষ ডাকাত সর্দার সাইদুর রহমান মানিককে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

শনিবার (৩০ মার্চ) দিবাগত রাতে র‍্যাব-৩ এর একটি দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মানিক পটুয়াখালী সদরের দক্ষিণ বাজারঘোনার আ. সাত্তার মৃধার ছেলে।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, গ্রেপ্তার সাইদুর রহমান মানিক পটুয়াখালী ও বরগুনা জেলার মূর্তমান আতঙ্ক সশস্ত্র আন্তঃজেলা ডাকাত দল মানিক বাহিনীর সর্দার। তার নেতৃত্বে পটুয়াখালীসহ আশপাশের বেশ কয়েকটি জেলায় প্রায় ২০টিরও বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে বরগুনা জেলার আমতলী বাজার থানায় ৫টি ডাকাতি মামলা ও ২টি অস্ত্র আইনে মামলা রয়েছে। এছাড়াও পটুয়াখালী সদর থানায় ৫টি ডাকাতি মামলাসহ তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। গ্রেপ্তার মানিক মামলাগুলোর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

আরো পড়ুন : স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক কারাগারে

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক জানায়, বহুল আলোচিত ২০১৫ সালে পটুয়াখালী সদর থানাধীন মাদারবুনিয়া ও বোতলবুনিয়া গ্রামে একই রাতে তিনটি বসতবাড়িতে ডাকাতির ঘটনাটি তার নেতৃত্বেই ঘটেছিল। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর পূর্বপরিকল্পনা অনুযায়ী গ্রেপ্তার মানিকের নেতৃত্বে ডাকাত দলের অপরাপর সদস্য নড়াইল শহীদ, নাদ্রা আল আমিন, রাসেল তালুকদার, জব্বার, রাকিব হাওলাদার, আলামিন মাতুব্বর, কামাল মাতুব্বর, চাঁন হাওলাদার, বশির সরদারসহ ১০/১২ জন সদস্যের একটি ডাকাত দল মানিকের বাড়িতে বসেই ডাকাতির প্রস্তুতি সম্পন্ন করে। একই রাতে বোতলবুনিয়া গ্রামের বাসিন্দা মমতাজের বাড়িতে মমতাজের পার্শ্ববর্তী পাড়ার বাসিন্দা আজিজ মাঝির বাড়িতে ও মাদারবুনিয়া গ্রামের বাসিন্দা আইয়ুব আলী চৌধুরীর বসতবাড়ির দরজা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে।

আরো পড়ুন : সূর্যমুখী চাষে সফলতার মুখ দেখছেন উপকূলের হাজারও কৃষক

গ্রেপ্তার মানিক সম্পর্কে এএসপি শামীম বলেন, মানিক আলিম পাস। সে চাকরি না পাওয়ায় ২০০৪ সাল হতে ২০১২ সাল পর্যন্ত নিজ এলাকায় রাইড শেয়ার করতো। তখন তার ডাকাতি কার্যক্রমের অন্যতম সহযোগী নড়াইল শহীদের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে ২০১৫ সালে ডাকাতির কাজে জড়িয়ে পড়ে। ২০২০ সালে একাধিক ডাকাতির মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া শুরু হলে সে পালিয়ে নিজ এলাকা ছেড়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চর সুমিলপাড়া এলাকায় আত্মগোপন করে।
আত্মগোপনে থাকাকালে সে একটি সিকিউরিটি কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতো এবং প্রকৃত নাম পরিচয় গোপন করে সে নিজেকে সাঈদ নামে পরিচয় দিত। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রহমান আমির (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন ।

ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন : সূর্যমুখী চাষে সফলতার মুখ দেখছেন উপকূলের হাজারও কৃষক

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী উপজেলা সদরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ে। ৭ বছর আগে তার মা ও বাবার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। তার বাবা দ্বিতীয় বিবাহ করে মাধবখালী ইউনিয়নের চৈতা বাজারে ভাড়া বাসায় এবং মা আমড়াগাছিয়া ইউনিয়নের বটতলা এলাকায় বসবাস করে। ভুক্তভোগী ওই ছাত্রী মায়ের সঙ্গে থেকেই লেখাপড়া করে। স্কুল বন্ধ থাকায় সে চৈতা বাজারে বাবার বাসায় বেড়াতে যায়। ঘটনার দিন ২২ মার্চ সকাল সাড়ে ১১ টায় সৎ মায়ের সঙ্গে রাগারাগি করে সুবিদখালী যাওয়ার জন্য রওয়ানা দেয়। চৈতা বাস কাউন্টারে আসলে অভিযুক্ত আব্দুর রহমান আমির প্রথমে তাকে কোথায় যাবে জিজ্ঞাসা করে আলাপচারিতা শুরু করে। আলাপচারিতার এক পর্যায় ভুক্তভোগী ওই ছাত্রীকে হোটেলের রিসিপশনে চাকুরি দেয়ার কথা বলে মোটরসাইকেলে করে কুয়াকাটা নিয়ে গিয়ে অজ্ঞাত একটি হোটেল কক্ষে আটকে রেখে ধর্ষণ করে। ধর্ষণের চিত্র অভিযুক্ত তার মোবাইল ফোনে ধারণও করে রাখে। কুয়াকাটা হোটেলে দুইদিন আটকে রাখার পর গত ২৫ মার্চ ভুক্তভোগীকে নিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেখে চলে যায়।

এ ঘটনায় স্কুল ছাত্রীর বড় বোন বাদী হয়ে আব্দুর রহমান আমিরের বিরুদ্ধে গত বুধবার (২৬ মার্চ) দুপুরে মির্জাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে, অভিযান চালিয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ অভিযুক্তকে আটক করে।

আরো পড়ুন : ডাকাতিসহ ১২ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর বোনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আব্দুর রহমান আমিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু দমন নির্যাতন আইনে একটি মামলা রুজু হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




সূর্যমুখী চাষে সফলতার মুখ দেখছেন উপকূলের হাজারও কৃষক

পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল কলাপাড়া উপজেলার মাঠে প্রান্তরে এ যেন হলুদের সমারোহ। মাঠের পর মাঠ বিলের পর বিল যেদিকে তাকাই সেদিকে শুধু হলুদ গালিচার মতো সূর্যমুখী খেত। কম খরচে অধিক ফলন ও লাভবান হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছে এ উপজেলার কৃষকরা। ভোজ্যতেলের মূল্য বৃদ্ধিতে বিকল্প পদ্ধতি ও অধিক লাভের আশায় দিন দিন এটি চাষ বাড়ছে বলে মনে করছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় সূর্যমুখী খেত পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছে উপকূলের হাজারও কৃষক। ভালো ফলন ঘরে তোলার আশায় পরিচর্যার কোনো কমতি নেই তাদের মাঝে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর মোট ১৯৫০ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। এর মধ্যে হাইসান-৩৩, বারি সূর্যমুখী-১ ও বারি সূর্যমুখী-২ জাতের ফুলের চাষ বেশি করেছে কৃষকরা। তবে গত বছরের তুলনায় এ বছর প্রায় ১২’শ হেক্টর জমিতে এ ফুলের চাষ বেশি হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় কমবেশি এ সূর্যমুখী ফুলের চাষ হয়েছে বলে কৃষি অফিস নিশ্চিত করেছে।

আরো পড়ুন : পটুয়াখালীতে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেনী‌তে পড়ুয়া শিশু

কৃষকরা জানান, তাদের প্রতি বিঘা জমিতে ১৩ থেকে ১৭ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ভালো হবে। এতে তারা সুর্যমূখীর বিচি প্রতি মণ ৩৫’শ টাকার ওপরে বিক্রি করতে পারবেন। তবে স্থানীয়ভাবে এ বীজ থেকে তৈল উৎপাদনের সুযোগ থাকলে আরও লাভবান হওয়া যেত বলে একাধিক সূর্যমুখী চাষিরা জানান।

লতাচাপলী ইউনিয়নের নয়া পাড়া গ্রামের কৃষক সোহরাফ জানান, বর্তমানে তার খেতের ফলন খুব ভালো হয়েছে। শুরুতে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলেও কৃষি অফিসের পরামর্শে তা ঠিক হয়ে গেছে। এ বছর তিনি ১০ একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা। ফসল উঠলে পাঁচ লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

কুয়াকাটা পৌরসভার তুলাতলী এলাকার কৃষক জয়নাল আকন বলেন, আমি এক একর জমিতে সূর্যমুখী চাষ করেছি। অন্যান্য বছরের চেয়ে এ বছর আমাদের সূর্যমুখী ফলন খুবই ভালো। সঠিকভাবে সার ওষুধ ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে ভালো ফলনের আশা করছি আমরা। তবে বৃষ্টি হলে আরও ভালো ফলন হতো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.চিন্ময় হাওলাদার বলেন, সূর্যমুখী ফুলের তেল স্বাস্থ্যসম্মত ও বিভিন্ন রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এ তেলের ব্যবহার বাড়ানো গেলে স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমবে।

আরো পড়ুন : ৭ম শ্রেণির শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, কৃষকদের আমরা বিনামূল্যে বীজ, সার ও প্রয়োজনীয় কীটনাশক দিয়ে সহযোগিতা করেছি। কৃষকরা সূর্যমুখী চাষ করে ভালো ফলন পেয়েছে। গত বছর ৭২০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হলেও এ বছর তা অনেক বেড়েছে।

তিনি আরও বলেন, এ বছর উপজেলায় মোট ১৯৫০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। আমরা কৃষি প্রণোদনার আওতায় ২৪’শ কৃষককে ১ কেজি করে সূর্যমুখীর বীজ ও পর্যাপ্ত পরিমাণ সার দিয়েছি। আগামীতে আরও বেশি জমি এ চাষাবাদের আওতায় আনা হবে।




নারী ক্রিকেট : হেসে খেলে বাংলাদেশকে হারালো অস্ট্রেলিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও সেই দাপট ধরে রেখেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অজি মেয়েরা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

রোববার (৩১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে টাইগ্রেসরা।

৬৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। এছাড়া ফাহিমা খাতুন করেন ২১ বলে ২৭ রান। অস্ট্রেলিয়ার পক্ষে সোফি মোলিনাক্স নেন ২টি উইকেট

১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই অজি ওপেনার এলিসা হিলি ও মেথ মোনি। টাইগ্রেস বোলারদের ওপর চড়াও হয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার।

দু’জনেই দেখা পান ফিফটির। মারুফা-নাহিদাদের কোনো সুযোগ না দিয়ে মাত্র ১৩ ওভারে দলের জয় নিশ্চিত করেন এই দুই অজি ওপেনার। তাদের ব্যাটিং নৈপুণে ৭ ওভার বাকী থাকতে ১০ উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া। এলিসা ৪২ বলে ৬৫ ও মোনি ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন।




প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। নিগার সুলতানার দলকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অসিরা।

আজ রোববার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নিগার সুলতানার দাপুটে ফিফটিতে ১২৬ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪২ বল আগেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো ম্যাচেই ১০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। আজ নিগারের ফিফটিতে আশার প্রদীপ কিছুটা জ্বলে উঠলেও দুই অসি ওপেনার অ্যালিশা হিলি ও বেথ মুনির জোড়া ফিফটিতে সেই আলো ধপ করে নিভে যায়।




ইসরায়েলি হামলায় রেড ক্রিসেন্টের ২৬ সদস্য নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক : গাজায় ইসরায়েলি তাণ্ডবে প্রতিদিন শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। সেখানে হাসপাতাল, বাড়ি-ঘর, মসজিদ কোনো কিছুই হামলা থেকে বাদ যাচ্ছে না। যারা বিভিন্ন ধরনের সহায়তার কাজে নিয়োজিত রয়েছেন তাদের ওপরও হামলা চালানো হচ্ছে।

রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সহায়তা সংস্থার সদস্যরা হামলায় হতাহত হচ্ছেন। ত্রাণ সহায়তা বা চিকিৎসা সেবা দিতে গিয়েও প্রাণ হারাচ্ছেন বিভিন্ন সংস্থার সদস্যরা।

গাজায় প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত সংস্থাটির ২৬ সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

সংস্থাটি বলছে, তাদের প্রায় ১৫ জন কর্মী মানবিক দায়িত্ব পালনের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। সে সময় তারা রেড ক্রিসেন্টের পোশাক পরা ছিলেন। তারপরেও তাদের ওপর হামলা চালানো হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় আক্রমণ করে ইসরায়েল। গাজার উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলে কোনো স্থানই ইসরায়েলি আগ্রাসন থেকে রেহায় পায়নি। পুরো গাজা যেন এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার অধিকাংশ মসজিদ, বাড়ি-ঘর এবং ভবনই ধ্বংস করে দেওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৩২ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৫ হাজার ১৯০ জন।

অপরদিকে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মিশর, ফ্রান্স এবং জর্ডান। একই সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা লোকজনকে মুক্তি দেওয়ার আহ্বানও জানানো হয়। শনিবার মিশরের রাজধানী কায়রোতে তিন দেশের কূটনীতিকদের মধ্যে বৈঠকের পর তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান। খবর আল জাজিরার।

এক যৌথ সংবাদ সম্মেলনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজোর্নে বলেন, এই যুদ্ধের রাজনৈতিকভাবে নিষ্পত্তির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করবে তার সরকার।

তিনি বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্রিক সমাধানের সব মানদণ্ডই এতে অন্তর্ভুক্ত থাকবে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এর বিরোধিতা করে আসছে।

 




রাতেই আসছে ভারতের পেঁয়াজ, ৪০ টাকা কেজিতে বিক্রি করবে টিসিবি: বাণিজ্য প্রতিমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌ বলেছেন, আজ রোববার রাতের মধ্যেই ভারত থেকে প্রথম চালানে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে। এরপর শিগগির এ পেঁয়াজ টিসিবির মাধ্যমে প্রতিকেজি ৪০ টাকা দরে ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করা হবে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স’ সভা শেষে তিনি এ কথা বলেন।

প্রথম রোজা ও ১৮তম রোজায় বিভিন্ন ভোগ্যপণ্যে তুলনামূলক দাম উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই দাম অনেক কমে গেছে। তাছাড় সব পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। তাই আগামীতেও বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, ভারত থেকে মোট ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির কথা রয়েছে। পর্যায়ক্রমে এ পেঁয়াজ আনবে সরকার। বাজারে বর্তমানে ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে মসলাজাতীয় এই পণ্য।




ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : নির্বিঘ্নে বাড়ি যেতে আগামী ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা করেছে আইশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 কমিটির সুপারিশ আগামীকাল মন্ত্রিসভা বৈঠকেও উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন মোজাম্মেল হক।



ঈদের আগে ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংক

চন্দ্রদ্বীপ ডেস্ক : শিল্প এলাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাসসহ অন্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের সুবিধার্থে ঈদের আগে তিনদিন সীমিত পরিসরে কিছু এলাকার ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রপ্তানি বিল বিক্রয় ও শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ৫, ৬ ও ৭ এপ্রিল খোলা থাকবে।

এ ছাড়া পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৫, ৬ ও ৭ এপ্রিল সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।