আরও দু’দিন পরে কমতে পারে তাপপ্রবাহ

চন্দ্রদীপ ডেস্ক : ঢাকাসহ চার বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি থাকায় মানুষের মধ্যে অস্বস্তি বাড়ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদফতর জানায়, গরমে মানুষের প্রচুর ঘাম ঝড়ছে। এতে ক্লান্ত হয়ে পড়ছে, বাড়ছে অবসাদ। তাপমাত্রা যাই থাকুক না কেন গরম বেশি অনুভব হচ্ছে। তবে আগামী ৭ এপ্রিল রোববার থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। তখন দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, বৃহস্পতিবারও (৪ এপ্রিল) রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। আগামী শনিবার (৬ এপ্রিল) পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুল রহমান সাংবাদিকদের বলেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর চলমান তাপপ্রবাহ আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। আগামী ৭ এপ্রিল থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু এবং ৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। বৃহস্পতিবার রাজশাহীর ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।




ভূমিকম্পে কাঁপল ভারতের হিমাচল প্রদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশের চাম্বা শহরে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে শহরটিতে ভূমিকম্প অনুভূত হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৯টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভারতের জাতীয় ভূমিকম্প সেন্টার এ তথ্য জানিয়েছে।

এদিকে শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে চাম্বা শহর থেকে ১০০ কিলোমিটার দূরের মানালি শহরেও কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, চণ্ডীগড় এবং পাঞ্জাব ও হরিয়ানার কিছু অংশসহ উত্তর ভারত জুড়ে কম্পন অনুভূত হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস




ঈদযাত্রায় আজ থেকে সারাদেশে চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে আজ শুক্রবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে আট জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

মাসুদ সারওয়ার বলেন, এবারের ঈদযাত্রায় সবকিছু নিয়মতান্ত্রিকভাবে চলছে। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। শেষ মুহূর্তে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও পোশাক কারখানা ছুটি হলে যাত্রীর চাপ বেড়ে যাবে সেদিক লক্ষ্য রেখে কাল থেকে সারাদেশে আট জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

ঈদের আগে অতিরিক্ত যাত্রীর চাপ কীভাবে সামাল দেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের স্টেশনের গেটে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। টিকিটের বাইরে কাউকেই আমরা প্রবেশ করতে দেবো না। জনস্রোত সামাল দেওয়ার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে নোটিশ করেছি। আমরা যেহেতু নিরস্ত্র তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, হঠাৎ রেলের ইঞ্জিনে সমস্যা হলে আমাদের অতিরিক্ত ইঞ্জিনের ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত লোকোমোটিভও রয়েছে। আশা করছি শেষ মুহূর্তে যেন নির্ঝঞ্ঝাট ঈদযাত্রা উপহার দিতে পারি।




বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজারকে উদ্ধার

চন্দ্রদ্বীপ ডেস্ক : বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

খন্দকার আল মঈন বলেন, র‌্যাবের মধ্যস্থতায় বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।

২ এপ্রিল রাত ৮টার দিকে বান্দরবানের রুমায় উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনে হামলা চালিয়ে সোনালী ব্যাংক থেকে অস্ত্র ও টাকা লুট করে নিয়ে গেছে একটি সশস্ত্র সন্ত্রাসী দল। এ সময় তারা ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।

রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম জানান, নেজাম উদ্দীনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। রাত ৮টার দিকে দুবৃর্ত্তরা উপজেলা প্রশাসন কমপ্লেক্সের মসজিদে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন নামাজের জন্য অনেক কর্মকর্তা সেখানে ছিলেন। তাদেরকে সবাইকে বন্দি করে সন্ত্রাসীরা প্রচণ্ড মারধর করে। তারা অস্ত্র হাতে ব্যাংক ম্যানেজারকে জিম্মি করে ব্যাংকে নিয়ে যায়। ঘটনাটি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ঘটিয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করেন।




দশমিনায় ১৫ জেলেকে ৭৫ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :: দশমিনা উপজেলায় অভয় আশ্রম তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে র‍্যাব-৮ পটুয়াখালী, উপজেলা মৎস্য অফিস দশমিনা, নৌ-পুলিশ ফাঁড়ি, কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করেন অবৈধ মাছ ধরায় ১৫ জেলেকে আটক ও ৭ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা যৌথ অভিযান জন্য করেন র‍্যব-৮ পটুয়াখালী, উপজেলা মৎস্য অফিস দশমিনা, নৌ-পুলিশ ফাঁড়ি, কোস্টগার্ড।

আরো পড়ুন : ঋণ আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর গ্রেফতার

পড়ে সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পটুয়াখালী জেলা প্রশাসকের কর্যালয় জিয়াউল হাসান সৌরভ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫জেলেকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দ জাল তেঁতুলিয়া তীরবর্তী হাজিরহাট লঞ্চ ঘাট এলাকায় পুরিয়ে ফেলা হয়।

সহকারি কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যরেট  জিয়াউল হাসান সৌরভ বলেন, তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অভিযান পরিচালনা করে ১৫ জেলেকে আটক করে ৭৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয় এবং জব্দ ৭ লক্ষ মিটার জাল(বাঁধা, কারেন্ট, চরবেড়া, ফ্যার) পুড়িয়ে ফেলা হয়। এ অভিযান অব্যহত থাকবে।




ঋণ আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :: ন্যাশনাল ব্যাংক পটুয়াখালী শাখার ঋণ খেলাপি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জাহাঙ্গীর গাজীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ন্যাশনাল ব্যাংক পটুয়াখালী শাখার ব্যবস্থাপক মনি শংকর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিবি হেডকোয়ার্টারের একটি আভিযানিক দল প্রযুক্তির সহায়তায় গত ২৭ মার্চ নারায়ণগঞ্জ থেকে জাহাঙ্গীর গাজীকে গ্রেফতার করে। এরপর দিন তাকে পটুয়াখালী যুগ্ম দায়রা জজ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে ১ সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫২৩ ডায়রিয়া রোগী

মনি শংকর আরো বলেন, জাহাঙ্গীর গাজী ২০১৮ সালের ১৫ অক্টোবর ন্যাশনাল ব্যাংক পটুয়াখালী শাখা থেকে ২৮ লক্ষ টাকা সিসি ঋণ নিয়ে সময়মত তা পরিশোধ না করে চুক্তি ভঙ্গ করেন। ব্যাংক কর্তৃপক্ষ তাকে ঋণ পরিশোধের জন্য তাকে বারবার নোটিশ করা সত্ত্বেও তিনি ঋণ পরিশোধ না করে ২০২০ সালের ৬ জানুয়ারি কর্তৃপক্ষকে তার একাউন্টের ৩৩ লক্ষ ১০ হাজার ৯৬৮ টাকার চেক প্রদান করেন। একই দিন চেকটি তার একাউন্টে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅর্নার হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেয়া হলেও তিনি কোন যোগাযোগ না করায় তার বিরুদ্ধে আদালতে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। দীর্ঘ আপিল শুনানি শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর জাহাঙ্গীর গাজীর অনুপস্থিতিতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের টাকা পরিশোধের আদেশ দান করে আদালত। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবশেষে গত ২৮ মার্চ তাকে গ্রেফতার করে পুলিশ।




নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, ব্যবসায়ী নিহত

বরিশাল অফিস : বরিশালের কাশিপুরে বেপরোয়া গতির একটি ট্রাক উল্টে রবিন রঞ্জন দে (৬৫) নামের এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী মো. হৃদয় (২৯)।

তবে দুর্ঘটনার পর ট্রাকচালকের হদিস পাচ্ছে না পুলিশ। দুর্ঘটনাটি ঘটেছে কাশিপুর চৌমাথা এলাকায়।

নিহত রবিনের বাড়ি উপজেলার চৌদ্দ পুড়িয়া এলাকায়। আহত হৃদয়কে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডের আন্দলিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস দক্ষিণের স্টেশন অফিসার মো. বাহাউদ্দিন জানান, বেপরোয়া গতির একটি ট্রাক কাশিপুর চৌমাথা এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে।
পরে সেটি ভেঙে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনকে ট্রাক কেটে বের করা হয়। তার দুই পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তার অবস্থাও মুমূর্ষু।

বরিশাল মেট্রোপলিন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুল আলম জানান, সিলেট থেকে কাঠের গুঁড়ি নিয়ে পটুয়াখালীতে যাচ্ছিল একটি ট্রাক। বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর আঘাত করে আছড়ে পড়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালকের সহকারী ও গাছ ব্যবসায়ী আহত হয়।

তিনি আরও জানান, বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাছ ব্যবসায়ীকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়েছেন। তাকে না পেলে বিস্তারিত বলতে পারছি না।




একসঙ্গে ৩ ছেলে সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে একসঙ্গে ৩ টি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।

বুধবার (৩ এপ্রিল) গভীর রাতে গলাচিপা উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এই তিন নবজাতকের জন্ম হয়।

তিন শিশু জন্ম দেওয়া প্রসূতির নাম আছিয়া বেগম (১৯)। তিনি  রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা গ্রামের রাজিব হাওলাদারের স্ত্রী।

দুটি শিশু সুস্থ থাকলেও একটি শিশুর শ্বাসকষ্ট রয়েছে। মা সুস্থ আছেন।

বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার রাজিব হাওলাদারের স্ত্রী আছিয়া বেগকে ক্লিনিকে ভর্তি হয়। পরে আছিয়ার সিজার ছাড়া সন্তান প্রসবের জন্য চিকিৎসকরা অপেক্ষা করতে থাকেন। এ সময় রাত ৩টার দিকে আছিয়া বেগম পর পর তিনটি পুত্রসন্তানের জন্ম দেন। শিশুর মা আছিয়া বেগমের সুস্থ হতে সময় লাগবে। চার জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরো পড়ুন : বাউফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

ওই শিশুদের বাবা রাজিব হাওলাদার বলেন, ‘আমি দরিদ্র জেলে। আমার একার আয় দিয়ে সংসার চলে। স্ত্রী বুধবার দুপুরে অসুস্থ হলে গলাচিপা নিয়া আসি। এখানে আসার পর জানতে পারি তার গর্ভে একাধিক সন্তান রয়েছে। রাত ৩টায় পরপর তিনটি ছেলেসন্তান জন্ম দেয়। এখন মা ও বাচ্চাদের চিকিৎসা খরচ চালানো আমার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে ডাক্তাররা একটি বাচ্চার শ্বাসকষ্ট হলে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যেতে বলছে। কী করব বুঝতে পারছি না।’

 




বাইডেনের ইফতার আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন মুসলিমরা

চন্দ্রদ্বীপ ডেস্ক : হোয়াইট হাউজে পবিত্র রমজান উপলক্ষে ইফতারের আয়োজন করেছিল বাইডেন প্রশাসন। কিন্তু পরবর্তীতে তা বাতিল করা হয়েছে। এই ঘটনা সম্পর্কে জানেন এমন দুজন বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বাইডেনের সমর্থনের প্রতিবাদে কয়েকজন মুসলিম আমেরিকান তার এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। ফলে ওই ইফতার আয়োজন বাতিল করতে হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই দুজন আল জাজিরাকে বলেন, ইফতারের ওই আয়োজন মঙ্গলবার বাতিল করা হয়। এর আগে মুসলিম কমিউনিটির সদস্যরা হোয়াইট হাউজের এ আয়োজনে অংশগ্রহণ করার বিষয়ে নেতাদের সতর্ক করে দেন।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, আমন্ত্রিত অনেকেই এতে অংশ নেওয়ার বিষয়টি পছন্দ করেননি বলে এটি বাতিল করা হয়েছে। তবে তাদের মধ্যে এমন অতিথিরাও রয়েছেন যারা প্রাথমিকভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রাজি হয়েছিলেন।

আহমেদ মিচেল আল-জাজিরাকে বলেন, আমেরিকান মুসলিম কমিউনিটি অবশ্য বেশ আগেই বলেছিল, গাজায় ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখা এবং হামলা চালিয়ে হত্যা করছে যে ইসরায়েল সরকার তাদেরকে সক্রিয় সমর্থন দেওয়া হোয়াইট হাউজে ইফতার করা তাদের কাছে একবারেই গ্রহণযোগ্য নয়।

এর আগে সিএনএন ও এনপিআর উভয়ই জানিয়েছিল যে, হোয়াইট হাউজ মুসলিম কমিউনিটির জন্য ছোট আকারে ইফতারের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

এ খবরের কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, তারা ইফতারের আয়োজনের পরিবর্তে মুসলিম সরকারি কর্মীদের জন্য খাবারের আয়োজন করবে এবং মুসলিম আমেরিকান কমিউনিটির নেতাদের সঙ্গে আলাদা একটি সাক্ষাতের ব্যবস্থা করবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলের এই বর্বর কর্মকাণ্ডে শুরু থেকেই সমর্থন দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। এতে করে বিশ্বজুড়ে সমালোচনা হচ্ছে।

ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট বাইডেনের এমন নিঃশর্ত সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রেও আরব বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও মুসলিম জনগোষ্ঠীর মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। হোয়াইট হাউজের ইফতার বাতিলের মাধ্যমে সে বিষয়টিই আরও স্পষ্ট হলো। এমনকি দেশটিতে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন বাইডেনের জন্য বিপদ ডেকে আনতে পারে বলেও সমালোচকরা সতর্ক করে দিয়েছেন।




টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক :  ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া নারী দল। তিন ম্যাচের সিরিজের শেষ টি-টোয়ন্টিতে বাংলাদেশকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অসিরা।

আজ বৃহস্পতিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান করেছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ৭৮ রানে।

অস্ট্রেলিয়ার দেওয়া ব্ড় রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারেই সাজঘরে ফেরত যান ওপেনার মুর্শিদা খাতুন (২ বলে ১)। এরপর ১০ রান করে রিতু মনি আউট হলে শুরু হয় আসা-যাওয়ার মিছিল।

মিছিলে যোগ দেন স্বর্ণা আক্তার (০), দিলারা আক্তার (১২), রাবেয়া খান (১) ও ফাহিমা খাতুন (১১)। অর্থাৎ ৩৯ রানে নেই ৬ উইকেট। এরপর তাদের দেখানো পথে হাঁটেন শরিফা আক্তার (০), নাহিদা আক্তার (১) ও মারুফা আক্তার (০)।

১০ উইকেটে ২৫ রানের জুটি করে একটি রেকর্ড করেন অধিনায়ক নিগার সুলতানা ও ফারিহা তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ জুটি। ৩১ বলে ৩২ রান করে আউট হন নিগার সুলতানা।

এর আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান করে অস্ট্রেলিয়া। এরপর ৫৯ রানের মধ্যে ৫ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা হাতে নেয় বাংলাদেশ।

তবে ষষ্ঠ উইকেটে তাহলিয়া ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিসের ২৭ বলে ৫৭ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে হাঁটে অস্ট্রেলিয়া। অবেশেষে ৬ উইকেটে ১৫৫ রানের বড় স্কোরই দাঁড় করায় তারা।