পটুয়াখালীতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

পটুয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে পরীক্ষার স্বচ্ছতা নষ্টের অভিযোগে এক নারী পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস, সিম কার্ড ও প্রবেশপত্র জব্দ করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে পটুয়াখালী পৌরসভাধীন পিটিআই ভবনের ১ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। দায়িত্বে থাকা কর্মকর্তাদের সন্দেহজনক আচরণ চোখে পড়লে ওই পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস (VIP Pro Max No-20260918), একটি সিম কার্ড এবং পরীক্ষার অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়।
আটক পরীক্ষার্থীর নাম মোসা. সুমাইয়া বেগম (২৫)। তিনি কলাপাড়া উপজেলার লোন্দা এলাকার বাসিন্দা মো. নূরুল ইসলামের মেয়ে। সুমাইয়া বেগম ওই কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব রায়হান। তিনি ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন। শুনানি শেষে মোবাইল কোর্ট আইন অনুযায়ী এবং দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অভিযুক্ত পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্র জানিয়েছে, শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি বরদাস্ত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা জুড়ে কঠোর নজরদারি রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








