চ্যালেঞ্জিং সময়ে আছি, ইসরায়েল সব ফ্রন্টে হামলার জন্য প্রস্তুত




হাজারো পর্যটকে মুখর সমুদ্রকন্যা কুয়াকাটা

পটুয়াখালী প্রতিনিধি : ঈদের দ্বিতীয় দিনে দেশি-বিদেশি হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সমুদ্রকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। লেম্বুর বন থেকে চর গঙ্গামতি পর্যন্ত সমুদ্র সৈকতের বেলাভূমিতে পর্যটকদের আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

আজ শুক্রবার (১২ এপ্রিল) সৈকতে গিয়ে দেখা যায়, আগত পর্যটকরা সৈকতের বুকে আছড়ে পড়া ছোট-বড় ঢেউয়ে সাঁতার কেটে মিতালীতে মেতেছেন। অনেকে বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড়ে মেতেছেন। অনেকে আবার ঘোড়া বা মোটরবাইকে চড়ে সৈকতের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে ঘুরে দেখছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটনকেন্দ্রের দোকানগুলোতে বেড়েছে বিক্রি।

হোটেল-মোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ জানান, কুয়াকাটার বেশির ভাগ হোটেল বুকিং হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা লক্ষ করা গেছে।




দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অংশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।

শুক্রবার নিয়মিত বুলেটিনে সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার বার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী ও বান্দরবানসহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এতে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।




পদ্মা সেতুতে ফের দুর্ঘটনা, প্রাণ গেল মাইক্রো চালকের

চন্দ্রদ্বীপ ডেস্ক : পদ্মা সেতুতে আবারও দুর্ঘটনা ঘটেছে। সেতুর উপরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ১১ ও ১২ নাম্বার পিলারের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকা থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস গোপালগঞ্জের কাশিয়ানীতে যাওয়ার পথে পদ্মা সেতুর উপরে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে মাইক্রো বাসটির পেছনের চাকার। পরে মাইক্রো বাস চালক গাড়ি থেকে নেমে চাকা মেরামতের চেষ্টা চালান। এ সময় পেছন থেকে এসে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাস চালক মোহাম্মদ তৈয়ব আলী (৩৪)।

এরপর তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত মোটরসাইকেল চালক আজমীর হোসেন (২৮) ও তার স্ত্রী শ্রাবণী ইসলামকে (২৭) আটক করেন পুলিশ ও সেতু নিরাপত্তার দায়িত্বে থাকা নিয়োজিত কর্মীরা।

নিহত তৈয়ব আলী গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাগিয়া এলাকার মো. বেলায়েত শেখের ছেলে বলে জানিয়েছে পুলিশ।




আল্লাহর কাছে ছেলেকে ভিক্ষা চাইছিলাম’

পটুয়াখালী প্রতিনিধি :: “মসজিদে ১০০ টাকা দিছি আর আল্লাহর কাছে বাবার প্রাণ ভিক্ষা চাইছি কিন্তু আল্লায় আমার কথা শোনলো না” এমন কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন সদর ঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত রিপন হাওলাদারের ছোট মেয়ে মেঘলা।

মেঘলা আরো বলেন, নামাজ পড়ছি আর আল্লাহর কাছে মানত করছি বাবায় সুস্থ হইলে সবাই মিলে মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা সাহেবের মাজারে যামু। আমার বাবারেতো আল্লায় নিয়া গেলো।

আরো পড়ুন : অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

নিহত রিপনের ছেলে রিফাত বলেন, চানরাইতে বাবার সাথে কথা হইছে হে আমাগো ঈদের জামা কাপড় কেনার জন্য দুই হাজার টাকা পাঠাইছে আর কইছে ঈদের পরদিন আইতাছি তোগো নিয়া জামা কাপড় কিন্না দিমু হানে। কিন্তু কাইল লঞ্চে ওডার সময় তার এক্সিডেন্ট হইছে। বাবায় আমাগো ছাইড়া চইল্যা গেছে।

নিহত রিপনের বৃদ্ধ বাবা জয়নাল আবেদীন হাওলাদার বলেন, বাবায় কইছে ঈদের পরদিন বাড়ি আইবে মায়ের কবর জিয়ারত করবে। বাড়িতেতো আইলো কিন্তু লাশ হইয়া।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১ টার দিকে নিহত রিপনের লাশ তার গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার শিয়ালীতে নিয়ে আসা হলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। কান্নায় ভেঙ্গ পড়েন বৃদ্ধ বাবা, ৪ সন্তান, দুই স্ত্রী, ভাই বোন সহ আত্মীয় স্বজনেরা।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে আটটায় বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী গ্রামে তার শ্বশুর বাড়িতে দ্বিতীয় জানাজা এবং  শিয়ালী গ্রামে নিজ বাড়িতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

আরো পড়ুন : একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

রিপনের দুই স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি ঢাকায় মোটর সাইকেল চালাতেন। গুলশান নতুন বাজার এলাকায় দ্বিতীয় স্ত্রীর বড় বোন হেলেনা বেগম ও তার মেয়ে তানিয়াকে নিয়ে থাকতেন। ঈদের দিন তিনি তানিয়াকে নিয়ে শ্বশুর বাড়ি বরগুনার বেতাগী উপজেলায় আসার জন্য সদর ঘাটে যান। ঢাকা-বরগুনা রুটে চলাচল রত তাসরিফ-৪ লঞ্চে ওঠার জন্য অপেক্ষা করার সময় ঘটা দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মারা যান তিনি।




অস্ত্রের অভাবে মিত্রদের ওপর ক্ষোভ ঝাড়লেন জেলেনস্কি

সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পশ্চিমা মিত্রদের থেকে যথেষ্ট সামরিক সহায়তা না পাওয়ার বিষয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, সহযোগী দেশগুলোর কাছে এমন কিছু অস্ত্র রয়েছে, যা ইউক্রেনের অস্তিত্বের খাতিরে এখনই প্রয়োজন। কেন সেই অস্ত্র ইউক্রেনের হাতে তুলে দেওয়া হচ্ছে না, তা বুঝতে পারছেন না তিনি।

বিশেষ করে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের অভাব সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে তিনি জার্মানির কাছ থেকে দূরপাল্লার টাউরুস ক্ষেপণাস্ত্র পাওয়ার আশাপ্রকাশ করেন। যদিও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বারবারই সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকির কারণেই জার্মান চ্যান্সেলর তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ইউক্রেনকে দিতে ভয় পাচ্ছেন।

মার্কিন কংগ্রেসে আটকে থাকা বিশাল অংকের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদনেরও আশা ছাড়ছেন না জেলেনস্কি। পশ্চিমা মিত্রদের থেকে আধুনিক অস্ত্র পেলে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি।




একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে ছয় সন্তান জন্ম দিয়েছেন সুমনা আক্তার (২৬) নামের এক গৃহবধূ। তবে জন্মের পরে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তিনি ছয় সন্তান জন্ম দেন।

সুমনা আক্তার উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা এলাকার ফরহাদ মিয়ার স্ত্রী।

প্রবাসীর মামা শাহজাহান মিয়া জানান, সকালে ব্যথা উঠলে সুমনা আক্তারকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তার পেটে ছয়টি বাচ্চার বিষয় নিশ্চিত হন। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি মেয়ে ও দুটি ছেলে প্রসব করেন তিনি। জন্মের কিছুক্ষণ পর ছয় নবজাতক মারা যায়।

এ বিষয়ে বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা জানান, ছয় সন্তান জন্মের বিষয়টি শুনেছি। জন্মের পর তারা মারাও গেছে। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।




যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা চালাবে ইরান

চন্দ্রদ্বীপ ডেস্ক:  নাম গোপন রাখার শর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, দখলদার ইসরায়েলে আগামী কয়েকদিনের মধ্যে যে কোনো মুহূর্তে হামলা চালাবে ইরান। ইসরায়েলের ওপর এই হামলা সরাসরি ইরান থেকে হতে পারে। অথবা মধ্যপ্রাচ্যজুড়ে ইরানপন্থি যেসব সশস্ত্র বাহিনী রয়েছে তারাও হামলা চালাতে পারে।



হানিয়ার সন্তানদের মৃত্যু প্রসঙ্গে যা বলছে ইসরায়েলের সংবাদমাধ্যম

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ও গোষ্ঠীটির রাজনৈতিক বিভাগের প্রধান ইসমাঈল হানিয়ার তিন ছেলের নিহত হওয়া নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলেছে, সেনা কমান্ডার এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার কোনো সদস্যের সঙ্গে আলোচনা না করেই চালানো হয়েছিল এই হামলা।



ঈদুল ফিতর উপলক্ষে কুয়াকাটায় পর্যটকদের মিলন মেলা

পটুয়াখালী প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের মিলন মেলা বসেছে।

ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১০টার পর থেকে সৈকতে হাজারো পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে, আগতদের মধ্যে বেশির ভাগই স্থানীয়। তারা সৈকতের বালিয়াড়ীতে দিনটি উদযাপন করছেন।

আগামীকাল শুক্রবার থেকে দেশি-বিদেশি পর্যটকরা আসতে শুরু করবেন বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এদিকে, সৈকতে আগতদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা পুলিশের সদস্যদের কাজ করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, অনেক পর্যটক সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সৈকতের বুকে আছড়ে পড়া ছোট বড় ঢেউ। অনেককে আবার ঘোড়াসহ বিভিন্ন বাহনে দীর্ঘ ২২ কিলোমিটার সৈকত ঘুরে দেখতে দেখা গেছে। অনেককেই মোবাইলে সেলফি তুলে বেড়াতে আসার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা গেছে।

আরো পড়ুন : কুয়াকাটায় আড়াই লাখ পর্যটক আগমনের আশা

আমতলী থেকে আসা পর্যটক সালেহীন আহম্মদ বলেন, আমি মূলত ঢাকায় চাকরি করে। অনেকদিন পর বাড়িতে এসেছি। নামাজ শেষ করেই বন্ধুদের সঙ্গে সৈকতে এসেছি। এখন জোয়ার চলছে। তাই সবাই মিলে সাঁতার কাটছি। দারুন অনূভূতি হচ্ছে।

পটুয়াখালী থেকে আসা নাইম হোসেন বলেন, আমরা পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী। নামাজ পরেই বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। এখন বেঞ্চিতে বসে সমুদ্র তটের ছোট বড় ঢেউ দেখে সময় অতিবাহিত করছি। সময় ভালোই কাটছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ট্যুরিষ্ট পুলিশের পাশাপাশি আমাদের টহল টিম মাঠে রয়েছে। অপৃতিকর ঘটনা এড়াতে আমরা তৎপর রয়েছি।