শিক্ষক নিয়োগে অনলাইনে আবেদন শুরু, শূন্যপদ প্রায় ৯৭ হাজার

চন্দ্রদ্বীপ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে অনলাইনে এ প্রক্রিয়া শুরু হয়। প্রার্থীরা আগামী ৯ মে রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। পরদিন ১০ মে রাত ১২টা পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

গত ৩১ মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এবার ৯৬ হাজার ৭৩৬টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬ এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি শূন্যপদ রয়েছে।

এনটিআরসিএ সূত্র জানায়, ৯৬ হাজার ৭৩৬টি শূন্যপদের পদভিত্তিক তালিকা এনটিআরসিএর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়।

আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা কত হবে, তা নিয়ে আগ্রহ বেশি চাকরিপ্রত্যাশীদের। গণবিজ্ঞপ্তিতে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে এনটিআরসিএ।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আবেদনকারী প্রার্থীর বয়স ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে ৩৫ বছর বা তার চেয়ে কম হতে হবে। চলতি বছরের ১ জানুয়ারি তারিখে যাদের বয়স ৩৫ বছরের বেশি হয়েছে, তারা কোনোভাবেই আবেদন করার সুযোগ পাবেন না।

এদিকে, গণবিজ্ঞপ্তির শূন্যপদে আবেদন করতে সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী এনটিআরসিএর নিবন্ধন সনদধারী হতে হবে। আবেদনের জন্য সব স্তরের প্রার্থীকে এক হাজার টাকা ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদন বাতিল বলে বিবেচিত হবে।

কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন। তাহলে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবচেনা করা হবে। এমপিওভুক্ত প্রার্থীর এক পর্যায়ের (স্কুল বা কলেজ) একাধিক নিবন্ধন সনদ থাকলে ওই প্রার্থী একই পর্যায়ে আবেদন করতে পারবেন না।

সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) পদে চাকরিপ্রত্যাশী আবেদনকারীকে অবশ্যেই সেই ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে।

আবেদন প্রক্রিয়া, ফি পরিশোধসহ বিস্তারিত নিয়মাবলী গণবিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। গণবিজ্ঞপ্তির যেকোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসিএ যেকোনো সময় সংযোজন, বিয়োজন ও পরিবর্তন এবং স্থগিত করতে পারবে।

একইসঙ্গে মামলা বা আইনগত অন্য কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ দেওয়া সম্ভব না হলে এনটিআরসিএ দায়ী থাকবে না বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




পর্যটকদের মন কাড়ছে কুয়াকাটার কীটনাশকমুক্ত শুঁটকি

পটুয়াখালী প্রতিনিধি :: কোনো ধরনের ক্ষতিকারক কীটনাশক ব্যবহার ছাড়াই প্রাকৃতিকভাবে শুকানো হচ্ছে শুঁটকি। সমুদ্রপাড়ে খোলা আকাশের নিচে রোদের সাহায্যে মাছ শুকিয়ে বিক্রি করা হয় ক্রেতাদের কাছে।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত প্রাকৃতিকভাবে দর্শনার্থীদের কাছে বিখ্যাত হলেও বেশ কয়েক বছর ধরে সুনাম কুড়াচ্ছে এই পর্যটন নগরীর বিষমুক্ত শুঁটকি, যা ইতোমধ্যে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ঘুরতে আসা প্রকৃতিপ্রেমীদের কাছে কুয়াকাটার শুঁটকি এখন অন্যতম। প্রাকৃতিকভাবে উৎপাদিত এ শুঁটকির রয়েছে ব্যাপক চাহিদা। শুঁটকিপ্রেমীরা শুঁটকি কিনতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন কুয়াকাটায়। এখানকার শুঁটকি সুস্বাদু হওয়ায় দেশে ও বিদেশের রয়েছে আলাদা চাহিদা। প্রতি বছরই এ শুঁটকি রপ্তানি হচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও।

আরো পড়ুন : পটুয়াখালী মেডিকেলের শিক্ষার্থীরা ভবিষ্যতে কেমন চিকিৎসক হবেন?

সরেজমিনে দেখা গেছে, সামুদ্রিক মাছ সহজে পাওয়ায় কুয়াকাটায় বেশ কয়েকটি স্থানে গড়ে উঠেছে অস্থায়ী শুঁটকি পল্লী। এসব পল্লীতে প্রতিদিন সকাল থেকে শুরু হয় শুঁটকি প্রক্রিয়াজাত কার্যক্রম। এ কাজে অংশ নেন নারী, পুরুষ ও শিশুসহ পরিবারের সকল সদস্যরা। পোয়া, সোনাপাতা, মধুফাইস্যা, রূপচাঁদা, শাপলাপাতা, চাপিলা, ফাইস্যা, লইট্রা, চিংড়ি, ছুড়ি, হাঙ্গর, ভোল ও কোড়ালসহ প্রায় ৫০ প্রজাতির মাছ সংগ্রহ করে খোলা জায়গায় বাঁশের মাচা বানিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় শুঁটকি। কোনো কীটনাশক ছাড়া শুধু লবণ মেখে প্রক্রিয়াজাত করায় এর আলাদা স্বাদ ও চাহিদা রয়েছে। তবে নির্দিষ্ট কোনো পল্লী না থাকায় বছরের ছয় মাস চলে এ ব্যবসা।

জানা গেছে, স্বাদে ও গুণে বেশ সুনাম আছে এখানকার শুঁটকির। প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়ার কারণে পর্যটন মৌসুমে কুয়াকাটার শুঁটকি দোকান থেকে প্রতিদিন কয়েক লাখ টাকার শুঁটকি বিক্রি হয়। যারা বেড়াতে আসেন তারা ফিরে যাওয়ার সময় আর কিছু না হোক কিছু শুঁটকি কিনে নিয়ে যান।

ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক নজরুল ইসলাম বলেন, কুয়াকাটার শুঁটকির অনেক নাম রয়েছে। এখানে এসে নিজ চোখে শুঁটকি শুকানো করা দেখেছি। তারা কোনো রাসায়নিক ব্যবহার করে না। আমাদের এলাকার চেয়ে দাম অনেক কম। মানও ভালো, তবে স্থায়ী পল্লী থাকলে আরও পরিছন্নভাবে করতে পারত।

শুঁটকি শ্রমিক মো. হোসেন বলেন, শুঁটকি প্রক্রিয়াজাত করার কোনো নির্ধারিত জায়গা না থাকায় আমরা সৈকতের পাশে মাছ শুকাই। অনেক সময় উচ্ছেদ অভিযানে সব কিছু ভেঙে ফেলে। আবার শুঁটকি ব্যবসায় আসা কষ্টের হয়ে যায়। শুঁটকি ব্যবসায় আলাদা করে লোনও পাই না আমরা।

আরো পড়ুন : বেড়েই চলছে গরমের তীব্রতা, নিম্নআয়ের মানুষ দিশেহারা

শুঁটকি ব্যবসায়ী ফারুক ঘরামি বলেন, অনেক বছর ধরে শুঁটকি ব্যবসা করি তবে স্থায়ী শুঁটকি মার্কেট না থাকায় কিছু দিন পরে উঠে যেতে হয়। কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকদের কাছে সবচেয়ে প্রিয়ই হচ্ছে শুটকি। তাই সরকারের কাছে আমরা স্থায়ী শুঁটকি মার্কেট চাই।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু বলেন, সারা দেশে কুয়াকাটার শুঁটকির একটা সুনাম রয়েছে। স্বাস্থ্যসম্মত শুঁটকি প্রক্রিয়াজাতকরণে শ্রমিকদের আর্থিক সুযোগ-সুবিধা এবং স্থায়ী শুঁটকি পল্লীর জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তবে উন্নতমানের শুঁটকি উৎপাদনের জন্য এই পেশার সঙ্গে সংশ্লিষ্টদের মৎস্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়া হয়।




বরিশালে ধর্ষণের অভিযোগ তোলা তরুণীর বিরুদ্ধে উল্টো পর্নোগ্রাফি মামলা

বরিশাল অফিস:: বরগুনার তালতলীতে এক তরুণীর বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ড. কামরুজ্জামান বাচ্চু। পরে গোয়েন্দা পুলিশ ওই তরুণী এবং তার ‘সহযোগী’ জাহিদুল ইসলাম সবুজ ফকিরকে আটক করে। আদালতে তোলা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠায়। তবে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তরুণীর পরিবার।

সোমবার (১৫ এপ্রিল) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তরুণীর জামিন আবেদন করা হয়। বিচারক মো. আরিফুর রহমান তার জামিন আবেদন নাকচ করে।

এজাহার সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে ঢাকায় একটি রেস্টুরেন্টে বাচ্চুর দেখা হয়। এরপর তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুবাদে তারা পারাবাত লঞ্চে পাশাপাশি দুটি কেবিনে চড়েন। রাতে ওই তরুণী বাচ্চুর কেবিনে এসে খাবার খান এক পর্যায়ে সেখানেই শুয়ে পড়েন তিনি।

এজাহারে উল্লেখ করা হয়েছে, এক পর্যায়ে তরুণী বাচ্চুকে জড়িয়ে ধরে মোবাইলের ক্যামেরায় আপত্তিকর ভিডিও ধারণ করেন। বাচ্চু, মামলার সাক্ষী আব্দুর রাজ্জাক হাওলাদার ও মিনহাজুল আবেদীন মিঠুর আপত্তিকর ভিডিও মামলার অপর আসামি মো. জাহিদুল ইসলাম সবুজ ফকিরের কাছে সংরক্ষিত আছে।

বাদী কামরুজ্জামান বাচ্চু বলেন, ‘সুপার এডিটের মাধ্যমে আপত্তিকর ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাঁয়তারা চালায় ওই নারী। যাদের সঙ্গে এমন প্রতারণা করেছে আমরা সবাই মিলে পর্নোগ্রাফি আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছি।’

তবে ওই তরুণীর নানা অভিযোগ করে বলেন, ‘নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু, পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিঠু আমার নাতনিকে ফাঁদে ফেলে ধর্ষণ করেছে। এখন উল্টো তারাই মামলার বাদী ও সাক্ষী হয়ে আমার নাতনির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি।’

তালতলী থানার পরিদর্শক রনজিৎ কুমার বলেন, ‘এ ঘটনায় পর্নোগ্রাফি আইনের ৮(১)(২)(৩)(৫)-এর (ক) (৭) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি অধিকতর তদন্তের জন্য বরগুনা জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম বলেন, ‘এক অভিযোগের ভিত্তিতে তদন্তে গেলে সমাজের বিভিন্ন জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতাদের গোপনে আপত্তিকর ভিডিও করার পেনড্রাইভ উদ্ধার করি। এ ঘটনায় জড়িত হিসেবে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা দোষ স্বীকার করে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




বরিশালে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ

বরিশাল অফিস :: তীব্র দাবদাহে পুড়ছে বরিশাল নগরীসহ জেলার প্রতিটি উপজেলা। অসহনীয় তীব্র গরমে সবচেয়ে কষ্টে আছেন দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষ। রৌদ্র ও গরমের তীব্রতা এতোটাই বেশি যে, বাহিরে কাজে বের হয়ে অনেকে অসুস্থ হয়ে পরছেন।

ফলে একটু স্বস্তি পেতে অনেকে আশ্রয় নিচ্ছেন পার্কে কিংবা রাস্তার পাশে গাছের ছায়ায়। জীবিকার তাগিদে তীব্র রোদের মধ্যেই কাজে বের হতে বাধ্য হয়েছেন খেটে খাওয়া দিনমজুররা। বৈশাখের তৃতীয় দিনে মঙ্গলবার তীব্র গরমে নাজেহাল নগরবাসী। গত এক সপ্তাহ ধরে পুড়ছে নগর জীবন। গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। দিনে তীব্র গরমের পর রাতেও নেই স্বস্তি। রাতে একদিকে মশার উৎপাত ও প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। এরমধ্যে কোনো ভালো খবর দিতে পারছে না আবহাওয়া অফিস।

মঙ্গলবার দুপুরে আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, গত কয়েকদিনের চেয়ে মঙ্গলবার তাপমাত্রা আরো বেড়েছে। বরিশালে সহসাই বৃষ্টির দেখা মিলবে না। বাড়বে আরো তাপের তীব্রতা। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাজহারুল ইসলাম বলেন, সোমবার সকাল থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত তাপমাত্রা ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে।

উল্লেখ্য, গত বছর পরে আবারো বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে শুক্রবার বিকেলে। ওইদিন বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ২০১২ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এবার বরিশালে সর্বোচ্চ ৩৭ দশমিক ৬ সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়েছিলো।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সদস্যরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার পরিবর্তন ঘটেছে। নগরীতে আগের মতো বড় বড় গাছ নেই, পুকুর ও খাল নেই। এসব কারণে বাতাসের সাথে আর্দ্রতা বহন করেনা। সবকিছু শুস্ক হয়ে যাওয়ায় গরমের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গরমে পানিশূন্যতাসহ নানান রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হঠাৎ গরম বেড়ে যাওয়ায় পেশাজীবী ও শ্রমজীবী মানুষ, বিশেষ করে রিকশা-ভ্যানচালকদের অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। তীব্র গরমে পানিশূন্যতা কিংবা হিটস্ট্রোক হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। এ ক্ষেত্রে তাদের একটানা কাজ না করে বিশ্রাম নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।




বেতাগীতে সরকারি চাল মিনিকেটের বস্তায়

বরিশাল অফিস:: বরগুনার বেতাগীতে ১৩৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মিনিকেটের বস্তায় প্যাকেটিংয়ের সময় সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করুণা গ্রামের আবদুল মান্নানের গোয়াঁল ঘর থেকে এই চাল জব্দ হয়।

আবদুল মান্নানের ভাষ্যমতে, সরকারি চাল তার মামাতো ভাই বেতাগী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. শামিম আহম্মেদের।

শামিম আহম্মেদ বলেন, এসব চাল খাদ্যগুদম থেকে আমার ক্রয় করা। যার বৈধ কাগজপত্র আছে।

সরকারি চাল ব্র্যান্ডিং প্যাকেট করা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এভাবেই করে আসছি। এসব ব্যাপারে থানা ও প্রশাসন জানেন।

বেতাগী সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেতাগী উপজেলার দক্ষিণ করুনা গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মিনিকেট ব্র্যান্ডের চালের বস্তায় সরকারি চাল বিক্রয়ের উদ্দেশ্যে প্যাকেটজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। চাল প্যাকেটিং কাজে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, চাল নিয়ে তদন্ত করছেন তারা। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।




বরিশাল প্রিজন সেলে আসামিকে হত্যা: ৩ কারা পুলিশ বরখাস্ত

বরিশাল অফিস:: বরিশাল শের-ই বাংলা হাসপাতালের প্রিজন সেলে আসামির হাতে আরেক আসামি হত্যার ঘটনায় তিন কারা পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা হয়েছে। ঘটনা তদন্তে দুটি কমিটিও গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায়।

রত্না রায় বলেন, প্রাথমিক তদন্তে কারা পুলিশ সদস্যদের দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদেরকে (কারা পুলিশের তিন সদস্য) সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত রোববার (১৪ এপ্রিল) ভোরে শেবাচিম হাসপাতালের নিচতলার প্রিজন সেলে হত্যার ঘটনা ঘটে। সেখানে চিকিৎসাধীন হত্যা মামলার আসামি মোতাহার (৬০) ও একটি চুরি মামলার আসামি অজিত মন্ডলের ওপর হামলা করেন আরেক হত্যা মামলার আসামি তরিকুল ইসলাম (২৫)। ঘটনার সময় দুই আসামিকে স্যালাইনের স্টিলের স্ট্যান্ড দিয়ে মারধর করেন তরিকুল ইসলাম। পরে আহতদের হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১টায় মোতাহারের মৃত্যু হয়।




সমৃদ্ধিতে বাংলাদেশ এগিয়ে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  স্বাধীনতা এবং সমৃদ্ধির সূচকে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত বিদেশি দুটি সংস্থা। যাতে দেখা গেছে, সমৃদ্ধিতে বাংলাদেশ এগোলেও স্বাধীনতার সূচকে বেশ অবনতি হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসে ইউনাইটেড স্টেটস্ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ইউএসএআইডি) এবং দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে আটলান্টিক কাউন্সিলের নতুন বৈশ্বিক স্বাধীনতা ও সমৃদ্ধি প্রতিবেদনের (গ্লোবাল ফ্রিডম অ্যান্ড প্রসপারিটির) ফলাফল জানাতে সম্মেলন করে। সেখানে তুলে ধরা হয় এসব তথ্য।

প্রতিবেদনে স্বাধীনতা সূচকে অন্তর্ভুক্ত আছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি উপাদান। সেই সূচকে ২২ বছর ধরে বাংলাদেশের অবনতি হচ্ছে। যেখানে বাংলাদেশের অবস্থান ১৬৪ দেশের মধ্যে ১৪১তম। স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ‘অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা বঞ্চিত’ ক্যাটাগরিতে।

অপরদিকে সমৃদ্ধি সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৪টি দেশের মধ্যে ৯৯তম। আর এ ক্ষেত্রে বাংলাদেশ রয়েছে ‘অধিকাংশ ক্ষেত্রে অসমৃদ্ধ’ ক্যাটাগরিতে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, প্রত্যেক দেশ দুর্নীতির বিরুদ্ধে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখার লড়াই করছে। কিন্তু মূল সমস্যাগুলো এড়িয়ে যাওয়া নয়, সক্রিয়ভাবে স্বীকার এবং মোকাবিলা করা।

সমৃদ্ধি ও সুশাসন সম্মেলনে সরকার, নাগরিক সমাজ, ব্যবসায়ী, দাতা, একাডেমিয়া এবং থিঙ্ক ট্যাঙ্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আটলান্টিক কাউন্সিলের ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি সেন্টারের পরিচালক জোসেফ লেমোইন। তিনি প্রতিবেদনটির মূল ফলাফল তুলে ধরেন।

লেমোইন বলেন, যেসব দেশে বেশি স্বাধীনতা রয়েছে, সেসব দেশে অধিকতর সমৃদ্ধিও দেখা যায়। অন্যদিকে যেসব দেশে কম স্বাধীনতা রয়েছে, সেখানে কম সমৃদ্ধি থাকার প্রবণতা রয়েছে। যেসব দেশ শক্তিশালী আইনি ব্যবস্থাসহ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতাকে উৎসাহিত করে, তারা বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি করে স্বাগত জানায়। এসব দেশ কম স্বাধীনতা থাকা দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি-বিদেশি বিনিয়োগ পায়।




চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন




প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে যে বার্তা দিচ্ছে ইসরায়েল




মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।