কলাপাড়ায় ১৩ বছরের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় আফছানা নামের ১৩ বছরের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের গাজী বাড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তাকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে। মৃত আফছানা ওই এলাকার নূরসায়েদ সিকদারের মেয়ে।

আরো পড়ুন : গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে এক তরুণীর অনশন

মৃতের ভাই আবু সাইদ জানান, প্রতিদিনের মতো বাজার করে এসে ঘরের ভিতর থেকে দরজা লাগানো দেখতে পায়। ডাকাডাকিতে কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে বোনের ঝুলন্ত পাঁ দেখতে পাই। সন্দেহ হলে বেড়া কেটে ঘরে ঢুকে বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। তবে, কি কারণে সে গলায় ফাঁস দিতে পারে তার সঠিক কোন কারন খুঁজে পাওয়া যায়নি।

কলাপাড়া থানার এসআই গোলাম মাওলা জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার থানার একটি ইউ ডি মামলা হয়েছে।




গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে এক তরুণীর অনশন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনুপম ভূইয়া (৩০) নামে এক যুবকের বাড়িতে অন্তরা রানী শীল (২২) নামে এক তরুণী অনশন করছেন।

বৃহস্পতিবার বিকেল থেকে গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গলাচিপা সরকারি হাসপাতালের দক্ষিণ পাশে শের-ই-বাংলা রোড এলাকায় অনশন করেন ওই তরুণী।

অভিযুক্ত অনুপম ভূইয়া ওই এলাকার অ্যাডভোকেট অরুন ভূইয়ার ছেলে এবং অনশনকারী অন্তরা রানী শীল বরিশাল ৩০ নম্বর ওয়ার্ডের বাশতলা, কাশিপুর নামক এলাকার কৃষ্ণ চন্দ্র শীলের মেয়ে।

আরো পড়ুন : জলকেলিতে মাতোয়ারা রাখাইন কিশোর-কিশোরীরা

অনশনকারী ওই তরুণী স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন। এ বিষয়ে তিনি সর্ব মহলের প্রশাসনকে অবহিত করেছেন এমনকি গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও চেয়েছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অন্তরা রানী শীল অভিযুক্ত অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থান করছেন।

জানা গেছে, বৃহস্পতিবার অন্তরা রানী শীল গলাচিপা পৌরসভায় আসেন এবং বিকেল থেকে অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থানসহ অনশন শুরু করেন। এ সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ওই বাড়িতে গভীর রাত পর্যন্ত স্থানীয়রা ভিড় করতে থাকেন।

অনশনকারী ওই তরুণী বলেন, ‘আমার মামা তাপস শীল এক সময় অনুপমের বাড়িতে ভাড়া থাকতেন। সেই সুবাদে তাদের বাসায় বেড়াতে যেতাম। যাওয়ার পর থেকে অনুপমের সাথে আমার পরিচয়। দীর্ঘ আট বছর ধরে অনুপমের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে এমনকি পর্যটন কেন্দ্র কুয়াকাটা আমাকে ঘুরতে নিয়ে যান অনুপম। ঘুরতে গিয়ে বরিশালের একটি মন্দিরে নিয়ে আমাকে শাখা-সিঁদুর পরিয়ে বিয়েও করেন।’

তিনি আরো বলেন, ‘বিয়ের আগে ও পরে তিনি (অনুপম) আমার সাথে অসংখ্যবার শারীরিকভাবে মেলামেশা করেছেন। তার প্রমাণ রয়েছে। এরপর হঠাৎ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেন অনুপম। সরকারি চাকরি করবে বলে বিয়ের কথা গোপন রাখতে মিথ্যে প্রলোভনও দেন অনুপম ভূইয়া। এরপর থেকে আজ নয় কাল করে বছরের পর বছর ঘুরাতে থাকে, অনুপমের অন্যেত্রে বিয়ের খবর শুনে আমি (অন্তরা রানী শীল) স্বামীর অধিকার নিয়ে বাড়িতে প্রবেশ করতে চাইলে অনুপমের পরিবার আমার সাথে খারাপ আচরণসহ বাড়ির বাহিরে বের করে দেয়ার চেষ্টা চালায় অনুপমের বাবা অরুন ভূইয়া।’

অন্তরা রানী শীল আরো বলেন, ‘স্বামীর অধিকার আদায়ের জন্য আমরণ অনশন করে আত্মহত্যা করবে বলে, খবরটি ইতোমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। আমার আর কোথায় ফিরে যাওয়ার সুযোগ নেই। অনুপমের স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুপমের বাড়িতে অনশন করছি।

আরো পড়ুন : জমে উঠেছে কমলাপুর ইউপি নির্বাচনী প্রচার

বর্তমানে অনুপম গা ঢাকা দিয়েছে। গলাচিপায় বিষয়টি এখন সবার মুখে মুখে।’

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম খান বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেয়ের সিকিউরিটির কথা চিন্তা করে মহিলা পুলিশ নিয়ে রাতে থানা হেফাজতে তরুণীকে রাখা হয়েছে। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন আল হেলাল জানান, ‘বিষয়টি অবগত আছি। দুই পরিবারকে ডেকে সমাধানের চেষ্টা করছি।’




বরিশালে হানিফ পরিবহনের চাঁপায় সিএনজি যাত্রী নিহত

বরিশাল অফিস : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার নামক এলাকায় শুক্রবার সকালে ঢাকাগামী বেপরোয়াগতির হানিফ পরিবহনের একটি বাসের চাঁপায় দুমড়ে মুচরে গেছে বরিশালগামী সিএনজি।

এতে ঘটনাস্থলেই গোলাম কিবরিয়া (৩৫)
নামের এক সিএনজি যাত্রী নিহত ও চালকসহ এক যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।

নিহত গোলাম কিবরিয়া বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ি মোড় এলাকার বাসিন্দা। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত ) তৌহিদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০ টার দিকের এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত যাত্রী জাহিদুল ইসলাম ও সিএনজি চালক মোস্তফা হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি হানিফ পরিবহনের ঘাতক বাসটি আটক করা হয়েছে।




বরিশালে ট্রাক ভর্তি আলু লুটের মামলার আসামি গ্রেপ্তার

বরিশাল অফিস : ট্রাক ভর্তি আলু লুটের মামলার আসামি সাইফুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করেছে জেলার গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে ডাকাতি ও প্রতারনার একাধিক মামলা রয়েছে।

শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানায় দায়েরকৃত মামলার আসামি সাইফুল বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পুলিশ সুপারের এমন বার্তা পাওয়ার পর মহাসড়কে চেকপোষ্ট বসানো হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় নবীনবরন পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সাইফুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার আব্দুল মাজেদের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তাজহাট থানার এসআই জিল্লুর রহমান জানান, গত ৪ এপ্রিল রংপুরের রিয়াজ নামের আলু ব্যবসায়ী সাতক্ষিরায় এক ট্রাক আলু প্রেরনের জন্য সাইফুল ইসলামের ট্রাক ভাড়া করেন। পরবর্তীতে ট্রাকে ২৩৫ বস্তা আলু ভর্তি করে পাঠানো হয়।

পরেরদিনও সাতক্ষিরায় আলু না পৌঁছানোর কারণে মোবাইল ফোনে সাইফুলের সাথে যোগাযোগের পর তিনি নানা তালবাহানা শুরু করেন। এমনকি ব্যবসায়ির কাছে ট্রাকের যে কাগজপত্র দেওয়া ছিলো তাও ভূয়া। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেন।

জিল্লুর রহমান আরও জানান, বুধবার ভোলা থেকে ট্রাক চালক মোক্তার হোসেন খন্দকারকে গ্রেপ্তার করা হয় এবং অপর আসামি সাইফুলকে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরনদী হাইওয়ে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

 




গরম আরও বাড়তে পারে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দেশের চার জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। এছাড়া বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এরমধ্যে শুক্রবার গরম আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সিলেট, চট্টগ্রাম ও বরিশালের দু’এক জায়গায় ঝড়-বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।




৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইতিহাসে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে দেশটির ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।



ভারতের লোকসভা নির্বাচন শুরু আজ




জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক : জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার অনুরোধে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের ওপর ভোট হয়।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১২টি দেশ পক্ষে ভোট দেয়। যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেয়।

যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত থাকে।

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিনের আবেদন প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে রাশিয়া।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ভেটো প্রয়োগ করে যুক্তরাষ্ট্র দেখিয়েছে, ফিলিস্তিনিদের সম্পর্কে তারা আসলে কী ভাবে।

তিনি বলেন, ওয়াশিংটন মনে করে, ফিলিস্তিনিরা নিজস্ব রাষ্ট্র পাওয়ার যোগ্য নয়।

দ্য গার্ডিয়ান ও আল জাজিরা




বিয়ের ৪০ দিনের মধ্যেই ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবদম্পতির

বরিশাল অফিস :: বিয়ের ৪০ দিনের মধ্যেই নবদম্পতি দুজনকেই তাদের স্ব স্ব জন্মস্থানে সরিয়ে নিয়েছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

ঝালকাঠির গাবখান টোল প্লাজায় বুধবার (১৭ এপ্রিল) সড়ক দুর্ঘটনায় ঢাকার ক্যান্টনমেন্টে কর্মরত বিমান বাহিনীর সদস্য ইমরান হোসেন (২৬) ও তার সদ্য বিবাহিত স্ত্রী নিপা আক্তারসহ পরিবারের ছয়জন সদস্যই নিহত হন।

ইমরানের সঙ্গে গত ৮ মার্চ রাজাপুর উপজেলার সাংগর গ্রামের আ. বারেকের মেয়ে নিপা আক্তারের বিয়ে হয়েছিল। বিমান বাহিনীর সৈনিক ইমরান রাঙামাটি জেলার বাহাপানা এলাকার নুরুল ইসলামের একমাত্র ছেলে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে সংরক্ষণ করা মরদেহ থানা পুলিশ ময়নাতদন্ত শেষে ইমরানের মরদেহ তার বাবার কাছে তুলে দেয়। তার মরদেহ বিমান বাহিনীর বিশেষ অ্যাম্বুলেন্স করে দাফনের জন্য রাঙামাটি নিয়ে যাওয়া হয়েছে এবং তার স্ত্রী নিপার মরদেহ তার পিত্রালয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা সম্পন্ন হয়েছে।

একই উপজেলার উত্তর সাউথপুর গ্রামের নিপা আক্তারের বড় বোন নাহিদা আক্তার সোনিয়া (২৮) তার স্বামী হাসিবুর রহমান (৩৩) এবং তাদের স্ত্রী, সন্তান তাকিয়া (সাড়ে ৪ বছর), তাহমিদের (৮ মাস) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া প্রাইভেটকারের চালক একই উপজেলার বাদুরতলা গ্রামের ইব্রাহিমেরও জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

ঝালকাঠির সদর হাসপাতালে মৃতদেহ নিতে আসা বিমান সৈনিক ইমরানের বাবা নুরুল ইসলাম পুত্র শোকে পাথর হয়ে গেছেন। তিনি জানান, তার এই একমাত্র পুত্র সন্তান ও চার ভাই-বোনের সবার ছোট ইমরান। তার মৃত্যুতে মা ও বোনরা পাগল প্রায়।

প্রসঙ্গত, ১৭ এপ্রিল দুপুর ২টার দিকে খুলনা-ঝালকাঠি মহাসড়কের গাবখান ব্রিজের টোল প্লাজায় টোলের টাকা পরিশোধ করছিল একটি প্রাইভেটকার। ঠিক সেই সময়ে ঝালকাঠি শহরমুখী একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা প্রাইভেটকারসহ তিনটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারসহ অন্য তিনটি ইজিবাইক ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। মুহূর্তেই ঝরে যায় নারী শিশুসহ ১৪ জনের প্রাণ। সেই প্রাইভেটকারের চালকসহ সাত আরোহীর সবাই নিহত হন।




ঝালকাঠিতে ১৪ মৃত্যু, পাশাপাশি কবরে শায়িত স্বামী-স্ত্রী ও ২ সন্তান

বরিশাল অফিস :: ঝালকাঠিতে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় নিহত প্রাইভেটকার ও অটোরিকশার ১৪ যাত্রীর মধ্যে চারজন একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার একইসঙ্গে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

এদিন সকাল ১০টায় ঝালকাঠি রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর দাখিল মাদরাসা চত্বরে জানাজা সম্পন্ন হয়। জানাজায় প্রায় দুই হাজার মানুষ অংশ নেন। সাউথপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল খালেক মাওলানা জানাজায় ইমামতি করেন। পরে বিকেল ৫টায় পারিবারিক কবরস্থানে চারজনের দাফন সম্পন্ন করা হয়। এর আগে, বুধবার রাতে তাদের মরদেহ নিজ বাড়িতে এসে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন- রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাউথপুর এলাকার মৃত মিজানুর রহমানের বড় ছেলে প্রিন্স হাসিবুর রহমান (৩২), তার স্ত্রী নাহিদা আক্তার (২৭), তাদের সন্তান তাকিয়া (সাড়ে চার বছর), ও তাহমিদ (১)।

সাউথপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য তাওহীদুল ইসলাম বলেন, নিহতের ছোট ভাই তানভীর দুবাই থাকেন। তিনি আজ সকালে ঢাকায় এসে পৌঁছান। সেজন্য সকালে জানাজা শেষে দাফন করা হয়নি। বাড়িতে আসার পর বিকেল ৫টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া যারা পঙ্গুত্বের শিকার হয়েছেন তাদের প্রত্যেককে তিন লাখ টাকা এবং আহতদের জন্য এক লাখ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।

উল্লেখ্য, বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে খুলনা-ঝালকাঠি মহাসড়কে গাবখান ব্রিজের টোল প্লাজায় টোলের টাকা পরিশোধ করছিল একটি প্রাইভেটকার। ঠিক সেই সময়ে একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি ইজিবাইক ও প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারসহ অন্য তিনটি ইজিবাইক ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। মুহূর্তেই নারী-শিশুসহ ১৪ জন মারা যান।