দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

বরিশাল অফিস :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞ।

রোববার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কেউ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করুক তা আমরা চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করা দরকার আমরা তা করব। আমাদের এটি সর্বদা মনে রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, আমরা সব সময় শান্তি চাই। আমাদের দেশ স্বাধীন ও সার্বভৌম। আমরা যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছি। যুদ্ধে জয়ী হয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা আমাদের ধরে রাখতে হবে।

সরকার প্রধান বলেন, বর্তমানে যুদ্ধও ডিজিটাল মাধ্যমে করা হচ্ছে। এজন্য দেশে আধুনিক, জ্ঞানভিত্তিক উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তোলা দরকার।

তিনি বলেন, আমরা চাই আমাদের সশস্ত্র বাহিনী আরও উন্নত, আরও দক্ষ এবং আরও প্রশিক্ষিত হবে এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু প্রয়োজনে সবসময় জনগণের পাশে রয়েছে, তাই এখন তারা জাতির কাছে আস্থার প্রতীক।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী পেশাগত দক্ষতা, কর্তব্যপরায়ণতা, অনুশীলন, প্রশিক্ষণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে তথ্যপ্রযুক্তি জ্ঞান সম্পন্ন চৌকস হতে হবে।

সেনাবাহিনীর সদস্যদের নেতৃত্বের প্রতি আস্থা ও আনুগত্য বজায় রেখে কর্তব্যপরায়ণতা, পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সঙ্গে দেশের গৌরব বজায় রাখতে কাজ করার আহ্বান জানান তিনি।

সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে তার সরকারের গৃহীত পদক্ষেপসমূহ সংক্ষেপে বর্ণনা করেন তিনি।

তিনি বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে সেনাবাহিনীতে অত্যাধুনিক বিমান, হেলিকপ্টার, ইউএভি, চতুর্থ প্রজন্মের ট্যাংক, এপিসি, ট্যাংক ধ্বংসের ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য যুদ্ধাস্ত্র সংযোজন করা হয়েছে।

দেশের কল্যাণে সেনাবাহিনীর সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ‘জনগণের আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী সুপ্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কাজের দক্ষতা ও পেশাদারিত্বের জন্য দেশে-বিদেশে ভূয়সী প্রশংসা করা হয়েছে।

তিনি বলেন, জাতিসংঘ মিশনগুলোতে অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক হালকা সাঁজোয়া যান এবং মাইন প্রতিরোধী অ্যামবুশ সুরক্ষিত যানবাহন কেনা হয়েছে।




বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস-চেয়ারম্যান পদে ২জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মনোনয়ন দাখিলের শেষ দিন আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীন শরীফ এর কাছে বিভিন্ন সময়ে প্রার্থীরা এ সব মনোনয়ন পত্র দাখিল করেন।

আরো পড়ুন : ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে স্ত্রী নিহত, স্বামী আহত

উপজেলা নির্বাচন অফিসার মো.শাহীন শরীফ জানান, নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা পরিষদের ২য় ধাপের তফসিল অনুযায়ী আজ রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই দিন পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোশারেফ হোসেন খান(বর্তমান ভাইস-চেয়ারম্যান) মোঃ মশিউর রহমান লাবলু ও সজল কুমার হালদার মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.আনিচুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদাক মো. মাহমুদ রাহাত(জামসেদ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. মরিয়ম বেগম নিশু (বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান) ও মোসা. ঝর্না বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরো পড়ুন : বাউফলে চিঠি লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

তফসিল অনুযায়ী এ উপজেলায় আগামী ২১ মে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ২ লাখ ৯৩ হাজার ৩২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৭৬৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৩ হাজার ৫৬০ জন।




বরিশালে বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীর কারাদণ্ড

বরিশাল অফিস:: পুলিশের কাজে বাধা ও হামলার দায়ে বরিশালের বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে দুই বছর ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রবিবার (২১ এপ্রিল) বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী কারাদণ্ড দেন।

দণ্ডিতরা হলেন, খেলাফত মজলিসের নগরীর হাজেরা খাতুন স্কুল সড়কের বাসিন্দা মুন্সী মোস্তাফিজুর রহমান, জামায়াতের পটুয়াখালী সদর থানার হকতুল্লাহ এলাকার মো. জাকির হোসেন, নিউভাটিখানা এলাকার আবরার হাসান, বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া এলাকার মো. মহিউদ্দিন, মহানগর স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম ইকু ও মহানগর যুবদলের মাসুদ হাসান সজিব।

অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের এপিপি অ্যাড. জামাল হোসেন বলেন, ‘দুই ধারায় ছয় আসামিকে দুই বছর ছয় মাস করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় তিন আসামি উপস্থিত ছিলেন। অপর তিন আসামি পলাতক রয়েছেন।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মামলা পরিচালনাকারী অ্যাড. আবুল কালাম আজাদ ইমন বলেন, ‘দণ্ডিতদের মধ্যে চারজন জামায়াত-শিবিরের নেতা ও দুজন বিএনপি ও ছাত্রদল নেতা।’

মামলার বরাতে অ্যাড. ইমন বলেন, ‘২০১৩ সালের ২৯ অক্টোবর ১৯ দলীয় নেতাকর্মীরা নগরীর বগুড়া রোড অক্সফোর্ড মিশন স্কুলের সামনে হরতালের সমর্থনে বিক্ষোভ-মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল করায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় এসআই মজিবুর রহমান বাদী হয়ে আটক সাতজনসহ নামধারী বিএনপি-জামায়াতের ৩৪ এবং অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে মামলা করে। কোতোয়ালি মডেল থানার এসআই আবু তাহের ২০১৫ সালের ৭ এপ্রিল বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ৬৩ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।’

বেঞ্চ সহকারী মো. সেলিম জানান, মামলায় ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়। অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে।




বরিশাল বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

বরিশাল অফিস:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ সংলগ্ন গ্রাউন্ড ফ্লোরের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টরসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া উপাচার্য হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদানের পরপরই ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনের প্রতি জোর দেন এবং এ লক্ষ্যে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায় বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় একটি দৃষ্টিনন্দন ফোয়ারা স্থাপন করা হয়েছে।
রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

এবিষয়ে উপাচার্য বলেন, একটি পরিচ্ছন্ন সুন্দর ক্যাম্পাস শিক্ষার পরিবেশকে বিকশিত করে। ক্যাম্পাস যদি অপরিচ্ছন্ন হয়, অসুন্দর হয় সেখানে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য যা যা করার আমি তা করব। আমার লক্ষ্য হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার পরিবেশকে উন্নত করা এবং এ বিশ্ববিদ্যালয়টিকে সামনের দিকে এগিয়ে নেয়া।




বরিশালে তরুণ-তরুণীদের বিপথগামী করার পাশাপাশি ব্ল্যাকমেইল

বরিশাল অফিস:: ফেসবুক পেজ-গ্রুপের মাধ্যমে তরুণ-তরুণীদের বিপথগামী করার পাশাপাশি তাদের ব্ল্যাকমেইলের অভিযোগে আবু বক্কর (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ এপ্রিল) রাতে বরিশাল নগরের কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বিকেলে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা।

তিনি জানান, আবু বকরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে। অন্য যারা মামলা দিতে চান, তারা পরিচয় গোপন রাখার শর্ত দিয়েছেন।

উপ-পুলিশ কমিশনার বলেন, আবু বকরকে গ্রেপ্তারের মাধ্যমে অপরাধ ঘটানোর লক্ষ্যে তৈরি পেজ-গ্রুপগুলো বন্ধ হবে, এটিই মূল কথা। এ ধরনের পেজ-গ্রুপ যদি আরও কেউ পরিচালনা করে থাকেন, তারা সতর্ক হোন, কারণ আইনের আওতায় আসতে হবে।

গ্রেপ্তার আবু বক্কর বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বারৈজ্জারহাট এলাকায় থাকেন। তিনি পটুয়াখালীর দশমিনার রনগোপালদী গ্রামের হেলাল গাজীর ছেলে।

উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ বলেন, আবু বক্কর একাধিক পেজ-গ্রুপের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তরুণীদের অসামাজিক কার্যক্রমে যুক্ত করতেন। তরুণীদের ছবি ও বাজে তথ্য পেজগুলোতে দিতেন। এসব দেখে ওই তরুণীদের সঙ্গে তরুণরা আবু বক্করের নির্ধারিত স্থানে টাকার বিনিময়ে অসামাজিক কাজে লিপ্ত হতেন।

তিনি বলেন, ব্যক্তিগত সময়ের স্পর্শকাতর ভিডিও ধারণ শেষে আবু বক্কর সহযোগীদের নিয়ে তরুণ তরুণীদের ব্ল্যাকমেইল করতেন। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াসহ পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেওয়ার ভয় দেখাতেন তারা।

এরপর ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করতেন আবু বক্করসহ সহযোগীরা। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পেজ-গ্রুপগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এসব ফাঁদে পা না দিতে সচেতন থাকার আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি থানা) নাফিছুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) প্রণয় রায় প্রমুখ।

সম্মিলিত সামাজিক আন্দোলন, বরিশালের সহ-সভাপতি রনজিৎ দত্ত বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের নানা ভালো দিক থাকলেও তরুণরা এর খারাপ দিকের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। ফলে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, যেটি রীতিমতো ভয়ের কারণ। অভিভাবকদের সচেতন হতে হবে।

জানা গেছে, বরিশাল নথুল্লাবাদ হোটেল নামে ২৫ হাজার সদস্যের একটি গ্রুপ খোলেন আবু বকর। সেখানে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালাতেন তিনি। টাকার বিনিময়ে নগরের বিভিন্ন হোটেলে চালানো হতো এসব অপকর্ম। আবু বক্করের ১০-১২ জন সহযোগী রয়েছেন। তাদের ধরতেও পুলিশি অভিযান চলছে।




ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে স্ত্রী নিহত, স্বামী আহত

পটুয়াখালীে প্রতিনিধি :: রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন স্বামী। তারা দু’জনই একটি গার্মেন্টসে কাজ করতেন।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আয়েশা আক্তার (২০)। তিনি পটুয়াখালী সদর উপজেলার চারবুনিয়া গ্রামে মোশারফ পেদার মেয়ে। থাকতেন টঙ্গীর চেরাগআলী এলাকায়।
গুরুতর আহত হয়েছেন আয়েশার স্বামী খায়রুল ইসলাম (২০)।

আরো পড়ুন : পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা

পুলিশ জানায়, আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসে গাজীপুর যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। পথে গুলিস্তানের জিরো পয়েন্টে আরেকটি গাড়ি তাদের বাসটিকে সজোড়ে ধাক্কা দেয়। এসময় বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।




মালদ্বীপে চলছে সংসদ নির্বাচন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মালদ্বীপে চলছে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (২১ এপ্রিল) শুরু হওয়া এই নির্বাচন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেননা, এই নির্বাচনের ফলাফলের ওপরেই অনেকটা নির্ভর করছে দ্বীপরাষ্ট্রটির সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক কেমন হবে।

মালদ্বীপের এই নির্বাচনের ওপর ভারত ও চীন দুই দেশই সতর্ক দৃষ্টি রাখছে। এই নির্বাচনের ফলই হয়তো বলে দেবে, ভারত মহাসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এই দেশটির ওপর আগামীতে কার প্রভাব কতটা থাকবে।

দীর্ঘদিন ধরে মালদ্বীপের ওপর ভারতের নিয়ন্ত্রণ অনেকটা একচ্ছত্র থাকলেও, গত বছরের সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ মুইজ্জু নির্বাচিত হওয়ার পর থেকেই সমীকরণ পাল্টে যেতে থাকে। নির্বাচনী প্রচারণার সময় থেকেই মুইজ্জু তার ভারতবিরোধী অবস্থান স্পষ্ট করে দেন।

নির্বাচনী ইশতেহারে মুইজ্জু মালদ্বীপকে ভারতের প্রভাব থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দেন, আর এটিই তাকে নির্বাচনে জয়ী হতে সাহায্য করে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই তিনি মালদ্বীপে থাকা ভারতীয় সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য নয়া দিল্লিকে চাপ দিতে থাকেন।

এবারের সংসদ নির্বাচনে নির্বাচনে মালদ্বীপের ২ লাখ ৮৪ হাজার নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ধারণা করা হচ্ছে, রোববার রাতেই নির্বাচনের ফলাফল পাওয়া যাবে। মালদ্বীপে সংসদের আসন সংখ্যা ৯৩টি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়টি রাজনৈতিক দলের ৩৬৮ জন প্রার্থী।

দেশটিতে প্রধান দুটি দল হচ্ছে মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মেদ ইব্রাহিম সলিহ’র নেতৃত্বাধীন মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। প্রেসিডেন্ট মুইজ্জু হলেও বর্তমান সংসদে অবশ্য এমডিপি’র আধিপত্য রয়েছে। অন্যদিকে, পিএনসি’র লক্ষ্য হলো একক অথবা জোটগতভাবে হলেও এমডিপি’র এই আধিপত্য শেষ করা।

সাদা সৈকত ও অসম্ভব সুন্দর রিসোর্টের পাশাপাশি একটি ভূ–রাজনৈতিক হটস্পটও হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যয়বহুল পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত মালদ্বীপ। নিরক্ষীয় অঞ্চলজুড়ে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) বিস্তৃত ১ হাজার ১৯২টি ক্ষুদ্র প্রবাল দ্বীপের মধ্য দিয়ে বৈশ্বিক পূর্ব–পশ্চিম শিপিং লেনগুলো অতিক্রম করে।




বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইন ক্লাস

বরিশাল অফিস :: তীব্র তাপদাহের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইন ক্লাস হবে এবং পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। রবিবার (২১ এপ্রিল) বিকাল ৪ টায় প্রকাশিত বিজ্ঞাপ্তিতে জানানো হয়,সারাদেশের উপর দিয়ে যে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে তার প্রভাবে হিট স্ট্রোকসহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে।

এ অবস্থায় বরিশাল বিশ্নবিদ্যালয়ের সকল ক্লাস আগামী ২২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে। উক্ত সময়ে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষাসমূহ যথারীতি চলমান থাকবে। ২১ এপ্রিল ২০২৪ তারিখ বিকাল ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। একইসাথে শিক্ষার্থীদের হল অথবা বাসায় থাকাসহ অন্যান্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনেরও পরামর্শ প্রদান করে কর্তৃপক্ষ। তবে নিরাপত্তাসহ বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কাজ যথারীতি চলমান থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম।

উল্লেখ্য, তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির ফলে ২৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এখন পর্যন্ত ঢাবি, জবি, নর্থ সাউথ, এশিয়া প্যাসিফিকসহ জাতীয় বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দেয়।




বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ২৫

বরিশাল অফিস :: বরিশালে অঞ্চলের নৌপুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমানে কারেন্ট জাল ও বিভিন্ন প্রজাতির মাছ সহ ২৫ জন জেলেকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল অঞ্চলের নৌপুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।

গত শনিবার (২০ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত বরিশালের কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ,মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত অভিযান পরিচালনা হয়।

এসময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো অবস্থায় ৫৭ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১৩০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ সহ ২৫ জন জেলেকে আটক করা হয়েছে।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, বরিশালের কীর্তনখোলা,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌপুলিশ পৃথক অভিযান চালায়। এসময় বিপুল পরিমান কারেন্ট জাল ও মাছ সহ মোট ২৫ জনকে আটক করা হয়।

পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরো বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




বানারীপাড়ায় আমড়া গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল অফিস :: বরিশালের বানারীপাড়ায় বাড়ির আমড়া গাছে ঝুলন্ত অবস্থায় জহিরুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব সৈয়দকাঠি গ্রাম থেকে মরদেহ লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের নুর ইসলামের ছেলে। জহিরুল ভাড়ায়মোটরসাইকেল চালাতেন।

জানা গেছে, রবিবার সকাল সাড়ে দশটার দিকে জহিরুল ইসলামকে বাড়ির আমড়া গাছের সাথে ঝুলতে দেখে স্বজন ও প্রতিবেশীরা এসে উদ্ধার করে বানারীপাড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মাসুদ রানাসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে যায়।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে উপার্জিত টাকা ঠিকমত সংসারে দিতোনা জহিরুল। মাদক সেবনও করতো সে। এ নিয়ে শনিবার রাতে বাবা-মায়ের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে জহিরুল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মাইনুল ইসলাম জানান, ইউডি মামলা নিয়ে জহিরুলের প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য তার মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।