তীব্র তাপদাহের কারণে ববি’র ক্লাশ হবে অনলাইনে

বরিশাল অফিস: : তীব্র তাপদাহের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সোমবার থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইন ক্লাস হবে। তবে সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সারাদেশের উপর দিয়ে যে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে তার প্রভাবে হিট স্ট্রোকসহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস সোমবার থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে। উক্তসময়ে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষাসমূহ সশরীরে উপস্থিত হয়ে যথারীতি চলমান থাকবে।

তিনি আরও বলেন, গত ২১ এপ্রিল বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একইসাথে শিক্ষার্থীদের হল অথবা বাসায় থাকাসহ অন্যান্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করে ২১ এপ্রিল বিকেলে বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়েছে। তবে নিরাপত্তাসহ বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কাজ যথারীতি চলমান থাকবে।




বরিশালে হিট স্ট্রোক প্রতিরোধে গণসচেতনতা

বরিশাল অফিস : হিট স্ট্রোক প্রতিরোধে জেলার গৌরনদীতে গণসচেতনতা বৃদ্ধি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট শাখার উদ্যোগে ইনস্টিটিউটের

ছাত্র- ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীরা গৌরনদী-আগৈলঝাড়া আঞ্চলিক সড়কে চলাচলরত যানবাহনের চালক, দিনমজুর ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।

এসময় ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির, রেড ক্রিসেন্ট সোসাইটির ইনচার্জ ইঞ্জিনিয়ার গোলাম ফজলে রাব্বি, লিডার আবু সাঈদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




ট্রেনের ভাড়া বাড়ছে ৪ মে

চন্দ্রদ্বীপ ডেস্ক : ট্রেনের যাত্রীদের ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে গেলে ভাড়ার ক্ষেত্রে ছাড় (রেয়াদ) দিতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু আগামী ৪ মে থেকে এ ছাড় প্রত্যাহার করায় বাড়ছে সব প্রকার ট্রেনের ভাড়া।

সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ রেলওয়ে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

রেলওয়ের মহাপরিচালক বলেন, আগামী ৪ মে থেকে রেয়াদ প্রত্যাহার করায় ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে। ভাড়ার হার রেলওয়ের বাণিজ্যিক শাখা নির্ধারণ করবে।

রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, ১০১ থেকে ১৫০ কিলোমিটার ভ্রমণে একজন যাত্রীর রেয়াত কর ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫ শতাংশ আর ৪০০ কিলোমিটারের ওপরে ৩০ শতাংশ।

বাংলাদেশ রেলওয়ে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশনভিত্তিক রেয়াতি প্রদান করা হয়। ২০১২ সালে ‘সেকশনাল রেয়াত’ রহিত করা হলেও দূরত্বভিত্তিক রেয়াত বলবৎ থাকে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে যাত্রীবাহী ট্রেনসমূহে ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তৎপ্রেক্ষিতে সব ধরনের যাত্রীবাহী ট্রেনে বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্তটি আগামী ৪ মে থেকে কার্যকর করা হবে।’

গত ১৬ মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী রেলের ভাড়া বাড়ছে বলে আভাস দিয়েছিলেন। তবে সেসময় ট্রেনের ভাড়া বৃদ্ধির গুঞ্জন ওঠার পর রেলমন্ত্রী জিল্লুল হাকিম গণমাধ্যমকে জানিয়েছিলেন, রেলের ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই।

আর রেলওয়েতে দূরত্বভিত্তিক রেয়াতি সুবিধা চালু হয়েছিল ১৯৯২ সালে। এর মধ্যে সেকশনভিত্তিক রেয়াত প্রত্যাহার করা হয় ২০১২ সালে।




ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র : হামাস

চন্দ্রদীপ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় সাত মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এমন অবস্থায় গাজায় ইসরায়েলি গণহত্যাকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেছে হামাস।

এমনকি মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে বলেও অভিযোগ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি। রোববার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে বলে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ গত শনিবার জানিয়েছেন।

তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ওয়াশিংটনের ভেটো কার্যকরভাবে তেল আবিবের কর্মকাণ্ডের রাজনৈতিক সুরক্ষা প্রদান করছে।

আনাদোলুর সাথে একান্ত সাক্ষাৎকারে ইসমাইল হানিয়াহ বলেন, ‘যুক্তরাষ্ট্রের অবস্থান প্রতারণামূলক, যদিও দেশটি বলে, তারা বেসামরিক লোকদের ক্ষতিগ্রস্ত করতে চায় না, তবে এটি তাদের একটি কৌশল। গাজায় নিহত সমস্ত বেসামরিক নাগরিক, হাজার হাজার শহীদ, মার্কিন অস্ত্র, মার্কিন রকেট, মার্কিন রাজনৈতিক সুরক্ষায় নিহত হয়েছেন। নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবে মার্কিন ভেটোর অর্থ কী? এর মানে হলো- গাজায় গণহত্যা ও হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র পূর্ণ সুরক্ষা দিচ্ছে।’

তিনি আরও বলেছেন, জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ সদস্যপদে মার্কিন ভেটো এটিই দেখায় যে- ওয়াশিংটন ইসরায়েলি অবস্থান গ্রহণ করেছে এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের বিরোধিতা করছে।

রাফাহতে সামরিক অভিযান গণহত্যার দিকে যেতে পারে

এদিকে হানিয়াহ রাফাহ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, এটি ফিলিস্তিনি জনগণকে গণহত্যার দিকে নিয়ে যেতে পারে।

তিনি বলেন, ‘আমি সমস্ত ভ্রাতৃপ্রতিম দেশকে, আমাদের মিসরের ভাইদের, আমাদের তুরস্কের ভাইদের, আমাদের কাতারের ভাইদের মধ্যস্থতাকারী হিসাবে এবং ইউরোপীয় দেশগুলোকে (ইসরায়েলি) আগ্রাসনকে দমন করতে এবং রাফাহ শহরে অভিযান প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নিতে এবং সেইসাথে গাজা উপত্যকা থেকে (ইসরায়েলি সেনাবাহিনীর) সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজায় হামলার সমাপ্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি।’

ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের কথা বলতে গিয়ে হানিয়াহ বলেন: ‘যদি জায়নবাদী শত্রু রাফাহতে প্রবেশ করে, ফিলিস্তিনি জনগণ সাদা পতাকা উত্তোলন করবে না। রাফাহ-এর প্রতিরোধ যোদ্ধারা নিজেদের রক্ষা করতে এবং আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত।




কলাপাড়ায় গৃহবধুর রজস্যজনক মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় নিপা আক্তার (১৯) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত নিপা ওই এলাকার শাওন সাজীর স্ত্রী।

আরো পড়ুন : পটুয়াখালীতে ডায়রিয়ায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামের বশির মিয়ার মেয়ে নিপা আক্তারের সঙ্গে পূর্ব হাজিপুর গ্রামের স্বপন সাজীর ছেলে শাওন সাজীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই নিপা আক্তারের উপর কুনজর পড়ে শশুর স্বপন গাজীর। এছাড়া যৌতুকের জন্য প্রায়ই তাকে নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকজন । বিষয়টি নিপা আক্তার বেশ কয়েকবার তার বাবার বাড়ির লোকজনকে অবহিত করেছিলো। সকালে শাওন সাজী সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যায়। পরে দুপুরে ওই বাড়ি থেকে নিপা আক্তারের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিপাকে হত্যা করা হয়েছে না নিজেই গলায় ফাঁস দিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।

আরো পড়ুন : দশমিনায় জেলেদের মাঝে চাল বিতরণ

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।




দশমিনায় জেলেদের মাঝে চাল বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি :: দশমিনা উপজেলায় তেতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর তীরবর্তী এলাকার জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় ০৪ নং দশমিনা ইউনিয়নে ১৮ শত ৩৬ জন জেলেদের মাঝে দুই মাসের ৮০ কেজি করে এ চাল বিতরন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহমুদ লিটন।

আরো পড়ুন : পটুয়াখালীতে ডায়রিয়ায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬

এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মামুন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হেলাল উদ্দিন ,ইউপি সদস্য মোঃ শাজাহান, মোঃ দেলোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য  মোসাঃ লাইজু বেগমসহ উপকারভোগী সামুদ্রিক জেলেরা।




পটুয়াখালীতে ডায়রিয়ায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় তাপদাহের কারণে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শুধু এপ্রিলেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৬ জন। আর আউটডোরে চিকিৎসা নিয়েছেন কয়েক হাজার মানুষ।

আরো পড়ুন : পটুয়াখালীতে প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মানবন্ধন

রোববার রাতে ডায়রিয়া আক্রান্ত হয়ে সত্তার ফরাজী (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আর কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন।

কলাপাড়া হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জে এইচ খান লেলিন জানান,  এ বছরের শুধু এপ্রিল মাসেই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৬ জন। এছাড়াও আক্রান্ত আরও কয়েক হাজার মানুষ আউটডোরে চিকিৎসা নিয়েছে।

তিনি আর জানান, কলাপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি হওয়ার পর থেকে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। কলাপাড়া হাসপাতালের বাইরেও উপজেলার মহিপুর ও কুয়াকাটা হাসপাতালেও পাঁচ শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

আরো পড়ুন : কুয়াকাটায় বাতিল হচ্ছে হোটেল-রিসোর্টের অগ্রিম বুকিং

উপকূলে বিশুদ্ধ পানি সংকট ও তাপদাহের কারণে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়লেও হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও ঔষধ সরবরাহ রয়েছে বলে জানান এই চিকিৎসক।




আইপিএলের চার-ছক্কায় শীর্ষে যারা 




তাপপ্রবাহ অব্যাহত, ৩ দিনের হিট অ্যালার্ট জারি

দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ সোমবার (২২ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলেও তাপপ্রবাহের সতর্কবার্তায় (হিট অ্যালার্ট) জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও সতর্কবার্তায় জানানো হয়েছে।

রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা কম ছিল। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৪২, টাঙ্গাইলে ৪০ দশমিক ৪, যশোরে ৪০ দশমিক ২, কুষ্টিয়ার কুমারখালীতে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন বজলুর রশিদ।

তিনি আরও জানান, মঙ্গলবার সিলেট অঞ্চলের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এবং বুধবার দিনের তাপমাত্রা বাড়তে পারে।




পটুয়াখালীতে প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মানবন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: ‘প্ল্যানেট বনাম প্লাস্টিক’ প্লাস্টিক দূষণ বন্ধ করার দাবীতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী, কুয়াকাটা ট্যুর গাইড, কুয়াকাটা তরুণ ক্লাব ও কুয়াকাটা বয়েস ক্লাব এর আয়োজনে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টায় পটুয়াখালীর মহিপুর থানাধীন চর চাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চর চাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলী আহম্মেদ বলেন, প্লাস্টিক ও পলিথিনের অতি ব্যবহারের কারণে মানুষ ক্যানসারসহ প্রাণঘাতী নানা রোগে আক্রান্ত হচ্ছে। তেমনি নদীনালা ভরাট হয়ে জলাবদ্ধতাসহ পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই পলিথিন নিষিদ্ধ আইনের কঠোর বাস্তবায়ন করার দাবি করেন।

আরো পড়ুন : কুয়াকাটায় বাতিল হচ্ছে হোটেল-রিসোর্টের অগ্রিম বুকিং

ধোলাই মার্কেট মৎস জেলে সমিতির সভাপতি ওবায়দুল বলেন, এক বছরে সাগরে ফেলা হয় ২২ কোটি পাউন্ড প্লাস্টিক বর্জ্য। দূষণের ক্ষেত্রে প্লাস্টিক বর্জ্য এমনিতেই ভয়াবহ। সমুদ্র দূষণের ক্ষেত্রে একক দূষক বস্তু হিসেবে এটি সবার ওপরে। এর কারনে মাছের আকাল পড়েছে।

ওয়াটারকিপার্স বাংলাদেশ কলাপাড়া প্রতিনিধি কামাল হাসান রনি বলেন, নির্বিচারে বৃক্ষ নিধন, বনভূমির ধ্বংস, কলকারখানা বৃদ্ধি, গ্রিনহাউজ গ্যাসসহ অন্যান্য ক্ষতিকারক গ্যাসের নিঃসরণ, ক্ষতিকারক কেমিক্যালের ব্যবহারের কারনে আজকের মাটি,পানি,বায়ু দূষণ, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া,জীববৈচিত্র্য বিলীন হচ্ছে, পাশাপাশি জীবন সংকটে রয়েছে উদ্ভিদ, প্রাণী ও অণুজীব।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিপিপি টিম লিডার জসিম উদ্দিন খলিফা, সমাজসেবক লুৎফুল হাসান রানা সহ প্রমুখ।
মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থী-সুধীজনরা, বিভিন্ন পেশার মানুষ বনাঞ্চলে সেই আগের মতো সবুজ বনানী আর নির্মল পরিবেশ ফিরিয়ে আনতে যার যার অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।