বরিশালে চোরাই বাইকসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

বরিশাল অফিস:: বরিশাল নগরী থেকে চুরি হওয়া মোটরসাইকেল (বাইক) পটুয়াখালীর বাউফল থেকে উদ্ধারসহ ৬ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে পুলিশ।

বাউফল উপজেলার বগা এলাকায় পুলিশী চেকপোষ্টে রোববার সকালে চোরাই বাইকসহ সামিদ (১৭) নামে এক কিশোর আটক হন। এরপর সামিদের দেওয়া তথ্যে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। এ অভিযানে বরিশাল নগরী থেকে আরও ৫ কিশোর গ্যাংয়ের সদস্যকে থেকে আটক করা হয়।

এ ঘটনায় সোমবার (২২ এপ্রিল) বরিশাল কোতয়ালী মডেল থানায় বাদী হয়ে মামলা করেছেন মোটর সাইকেলের (বাইক) মালিক শফিকুল ইসলাম। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ বারী। সংঘবদ্ধ এ কিশোরগ্যাংয়ের সদস্যরা সবাই বরিশাল নগরীর বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাইসহ একাধিক অপকর্ম করেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ৬ কিশোর হলেন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইজাও গ্রামের হাফিজুর রহমানের ছেলে সামিউল হাসান (১৫), পটুয়াখালী জেলার দাসপাড়া এলাকার সোহরাব হাওলাদারের ছেলে ও বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার বাসিন্দা আবির হোসেন সম্রাট (১৬), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কবির আকনের ছেলে জাহিদ সিকদার (১৬), বরিশাল জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের ইমরান চৌকিদারের ছেলে ইমন (১৪), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হদুয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৭) ও পটুয়াখালীর বাসিন্দা সামিউল হাসানের ছেলে মো. সামিদ (১৭)।

পটুয়াখালীর বাউফল থানার এএসআই সুমন হাওলাদার বলেন, রোববার সকালে বগা এলাকায় চেকপোস্ট চালাচ্ছিলাম। তখন সুজুকি কোম্পানির জিক্সার গাড়ি নিয়ে যাওয়ার সময় চালক সামিদকে দেখে আমার মনে সন্দেহ হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হয় সামিদ। তখন সামিদ স্বীকার করে, বাইকটি বরিশাল নগরীর চৌমাথা এলাকা থেকে চুরি করে বাউফলের কালাইয়া যাচ্ছিলো। এ ঘটনায় জড়িত বাকি সদস্যরা বরিশাল নগরীতে অবস্থান করছে বলে সে আমাকে জানায়। তারপর এ বিষয়টি বরিশাল কোতয়ালী মডেল থানায় জানালে পুলিশ আরও ৫ কিশোরকে আটক করে।

বরিশাল কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ বারী বলেন, বাইক চুরির ঘটনায় মোট ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আটক সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অলিউল হক রুমি

বরিশাল অফিস:: বরগুনায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। তিনি ক্যানসার আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে রুমির মরদেহ বরগুনা পৌরসভার পিটিআই সড়কে ভাইরের বাসায় পৌঁছায়। প্রিয় অভিনয় শিল্পীকে এক নজর দেখতে ভিড় করেন তার স্বজনরা।

পরে পৌনে ছয়টায় বরগুনার শহীদ আবুল হোসেন ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে বরগুনা পৌর গণকবরে তার মায়ের কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়।

এসময় তার সজকর্মী রাশেদ সিমান্ত, শফিক খান নীলুসহ তার সহকর্মী শিল্পীবৃন্দ, আত্মীয় স্বজনসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ভোর ৩টা ৫৮ মিনিটে ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর সকাল ৯টায় রাজধানী শহীদবাগ জামে মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন করে লাশ বরগুনা পৌর শহরের পিটিআই সড়কে ছোট ভাই জিয়াউল হক জুয়েলের বাড়িতে আনা হয়।

বরগুনা জেলার বামনা উপজেলায় জন্ম রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারে তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে রুমি মেজো। ভাইদের মধ্যে তিনি বড়। রুমির দুই সন্তান। মেয়ে আফরা আঞ্জুম রুজবা স্বামী সন্তান নিয়ে থাকেন কানাডায়। আর ছেলে ফারদিন হক রিতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি লেখাপড়া শেষ করেছেন।

রুমির অভিনয়ের শুরু থিয়েটার দিয়ে। বেইলি রোডের ‘এখনো ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে। সেটা ১৯৮৮ সালে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। এরপর থেকে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো- সাজেশন সেলিম, বোকাসোকা তিনজন, মেকআপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ-বেটা দৌড়ের ওপর, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, রতনে রতন চিনে, আকাশ চুরি, চৈতা পাগল, জীবনের অলিগলি, মেঘে ঢাকা শহর ইত্যাদি।




আরো ৩ দিন বাড়তে পারে তাপমাত্রা 

চন্দ্রদ্বীপ ডেস্ক :  দেশের বেশিরভাগ এলাকাজুড়ে বয়ে চলা মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে আরো তিন দিনের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ বজলুর রশিদ  বলেন, রোববারের মত সোমবারও তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

“আকাশে মেঘ আছে, তাই সামান্য কমতে পারে তাপমাত্রা; কালকে থেকে আবার বাড়বে৷ সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে৷ এছাড়া অন্য জায়গায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই৷”

চলমান তাপপ্রবাহ আরো ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, “বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে এ সময় গরমে অস্বস্তি বাড়তে পারে। সপ্তাহখানেক পর বড় ধরনের ঝড়বৃষ্টি হলে জনজীবনে স্বস্তি মিলতে পারে৷”

চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় শনিবার; সেদিন যশোরে থার্মোমিটারের পারদ উঠেছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রোববার তাপমাত্রা সামান্য কমলেও তাপপ্রবাহের বিস্তার বেড়ে ছড়িয়েছে ৫১ জেলায়। রোববার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকালে আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, পাবনা ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহ বইছে রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়ার ওপর দিয়ে।

এর বাইরে মৌলভীবাজার, চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার সারাদিনই এই ধারা চলতে পারে।

দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়। শনিবার তা কয়েক জেলায় অতি তীব্র তাপপ্রবাহের রূপ পায়।

তীব্র গরমের কারণে স্কুল-কলেজে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে রোববার মেহেরপুর, সিলেট ও নরসিংদীতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার মৃত্যু হয়েছিল অন্তত দুইজনের। হিট স্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে বলে চিতিৎসকদের ধারণা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃদ্ধি হতে পারে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মঙ্গল ও বুধবার তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে।




নাজিরপুরে কিশোরী ধর্ষনের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

বরিশাল অফিস:: পিরোজপুরের নাজিরপুরে কিশোরী (১৩) ধর্ষন ও সহযোগীতার অভিযোগে ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) রাতে ভুক্তভোগী ওই কিশোরীর মামা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আর ধর্ষনে সহযোগীতার অভিযোগে ধর্ষক মুমিন গাজীর (২২) সহযোগী কাওছার হোসেন হাওলাদার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত কাওছার উপজেলার সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের মৃত জব্বার হোসেন হাওলাদারের ছেলে। আর ধর্ষক মুমিন একই এলাকার ইউনুস গাজীর ছেলে। ভুক্তভোগী ও অভিযুক্তদের বাড়ি একই এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার (২০এপ্রিল) সন্ধ্যায় ধর্ষকের বাড়ির পিছনের বাগানে।

দায়ের হওয়া মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরীর সাথে পাশর্^বর্তী কলাতলা গ্রামের আনিছ হোসেনের ছেলে সাকিব হোসেনের সাথে প্রেমের সম্পর্ক ছিলো।

ওই দিন সকালে প্রেমিক সাকিব তাকে ফোন করে ওই এলাকায় যেতে বলে। কিন্তু প্রেমিক না গেলে ধর্ষক সহ অভিযুক্তরা তাকে প্রেমিক সাকিবের কথা বলে ডেকে নিয়ে যায়। সন্ধ্যার দিকে অন্যান্যের পাহারায় মুমিন গাজী তাদের বাড়ির পাশের বাগানে নিয়ে ওই তরুনীকে জোর করে ধর্ষন করে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।




চরফ্যাশনে সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্ভোগে জনসাধারণ

বরিশাল অফিস:: ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশেই দীর্ঘদিন ধরে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী, স্কুল কলেজের ছাত্র, ছাত্রী ও স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়ছেন।

সোমবার (২২ এপ্রিল) বাসস্ট্যান্ডের পাশেই ময়লার ভাগাড় ঘুরে দেখা যায়, সড়কের পাশ দিয়ে যানবাহন দিয়ে যাত্রীরা আসা-যাওয়ার সময় মুখ চেপে অতিবাহিত করছেন।

ময়লার ভাগাড় পার করে শিক্ষার্থীদের যেতে হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসায়, শিক্ষার্থীরা নাকমুখে কাপড় চেপে স্কুলে আসা-যাওয়া করছে। ময়লা-আবর্জনা ফেলার কারণে ময়লা-আবর্জনায় রাস্তার ওপরে উঁচু স্তুপে পরিণত হয়েছে।

এ মহাসড়কে নিয়মিত চলাচলকারী বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. সবুজ জানান, ময়লার ভাগাড়ে স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশের জন্য হুমকি স্বরূপ। আমরা যারা এ পথে প্রতিনিয়ত আসা যাওয়া করি রাস্তার পাশে ময়লার স্তুপ থেকে উৎকট গন্ধের কারণে অস্বস্তিতে পড়তে হচ্ছে।

বাসস্ট্যান্ডের পাশে চায়ের দোকান করা মো. সিরাজউল জানান, দীর্ঘদিন থেকে পৌরসভার পরিছন্নতা কর্মীরা পৌরবাজারের ময়লা-আবর্জনা এনে এ আঞ্চলিক মহাসড়কের পাশে ফেলে ভাগাড় বানিয়ে ফেলছে, জনসাধারণের ভোগান্তি লাঘবে দেখার কেউ নেই।

নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, এনিয়ে জনদুর্ভোগের বিষয়ে গতবছর স্থানীয় ও জাতীয় গণমাধ্যম সংবাদ প্রকাশিত হলেও কার্যকরী কোনো ব্যবস্থা নেয়া হয়নি এখনো পর্যন্ত, পৌর মেয়র মো. মোরশেদকে ময়লা অপসারণ করে ডাম্পিং স্টেশনের জন্য কয়েকদফা বলা হলেও তিনি এ বিষয়ে কোনো ব্যাবস্থা নেননি বলেও জানান তারা।

চরফ্যাশন সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, ময়লা-আবর্জনা থেকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। এর মধ্যে হাঁপানি, শ্বাসকষ্ট, ময়লার ভাগাড়ে লাগানো আগুন থেকে হেপাটাইটিস বিসহ স্থায়ীভাবে ময়লা ফেলার কারণে বিভিন্ন ককুর এবং বিভিন্ন জীবজন্তুর আনাগোনায় বড় ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে নিয়মিত চলাচলকারী জনসাধারণ।

এদিকে পৌর মেয়র মো. মোরশেদের মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এবং উপ-পরিচালক (অতিঃ দায়িত্ব), স্থানীয় সরকার, মোহাম্মদ কায়সার খসরু জানান, আমি নতুন জয়েন করেছি তাই বিস্তারিত কিছু বলতে পারব না, তবে আমি সরজমিনে গিয়ে দেখে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিব।

এবং জনস্বার্থে কি ধরনের ব্যবস্থা নেয়া যায় কিংবা অন্য কোথাও ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়া না যায় কিনা সে বিষয় সংশ্লিষ্টদের সাথে কথা বলবো।




বরিশালে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

বরিশাল অফিস:: একটানা তাপপ্রবাহে যারপরনাই নাকাল হয়ে পড়েছে দক্ষিণের জনপদ বরিশালের মানুষ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলছে। বাইরে আগুনে পোড়া গরমে জীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। অল্পতেই হাঁপিয়ে উঠছে শ্রমজীবী মানুষরা। যেখানে সেখানে ছায়া মানুষ বিশ্রাম নিচ্ছে, স্বস্তি পেতে ঠান্ডা শরবত বা ডাব খাচ্ছে। সব মিলিয়ে গরমে প্রভাব ফেলছে জীবনযাত্রায় এই তাপপ্রবাহ। যাদের দিন আয়ে দিন চালতে হয় তাদের কাজ না করতে পেরে বেগ পেতে হচ্ছে বেশ।

তারা বলেন, প্রচ- গরমে কাজে নামতে পারছে না, কাজ পেলেও আগের মতো করতে পারে না বলে মজুরিও কম পাচ্ছে। শিশু ও বৃদ্ধদের কাছে গরম এখন অসহনীয় অবস্থায়। আবার ঘরের ভেতরেও শান্তি নেই, গরমের কারণে সবাই ঘামছে, পানিশূন্যতা দেখা দিয়ে অনেকেই অসুস্থ বোধ করছেন। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন ধরে বরিশালের তাপমাত্রা বাড়ছে। সোমবার বেলা ১১ টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়ার্স। সামনে আরও তাপমাত্রা বাড়ার পাশাপাশি দুই এক দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৫৬০ জন। প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। অনেকে আক্রান্ত হচ্ছে জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায়। এদের মধ্যে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বৃদ্ধরা।




পটুয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন এলাকার মসজিদ-ই-নূর জামে মসজিদ মাঠে এ নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য মোনাজাত করা হয়। এর আগে দীর্ঘক্ষণ ধরে মসজিদে দোয়া-দরুদ পাঠ করেন নামাজে অংশ নেন মুসুল্লিরা।

আরো পড়ুন : পটুয়াখালীতে ডায়রিয়ায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬

বিশেষ নামাজের মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মোহাম্মদ আল আমিন ইউনুস।

মাওলানা ক্বারী মোহাম্মদ আল আমিন ইউনুস বলেন, ‘খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তাআলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে।’

তিনি আরও বলেন, ‘এই গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের ওপর বর্ষণ হয়, এজন্য আমরা ইসতিসকার নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা যাতে আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন এ জন্য দোয়া ইউনুস পড়েছি।’




সৌদি আরবে বৃষ্টির পানিতে ভেসে গেল গাড়ি

চন্দ্রদ্বীপ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছে, এমনকি গাড়িও ভেসে গেছে। ঝড়বৃষ্টির কারণে রোববার দেশটির বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। খবর গালফ নিউজের।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র বলেছে, রিয়াদ অঞ্চলে সোমবার পর্যন্ত প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এইসময়ে মাঝারি থেকে ভারী বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে।

প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রিয়াদ, দিরিয়াহ, হুরায়মালা, ধুরমা, আল কুবাইয়াহ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আসির, নাজরানসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ রাখা হয়।

কিং খালিদ ইউনিভার্সিটি, নাজরান ইউনিভার্সিটিসহ সৌদির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রশিক্ষণকেন্দ্রেও ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলের কিছু অংশ এবং উত্তর সীমান্তের পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, লোহিত সাগর ও আরব উপসাগর উত্তাল থাকতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। বজ্রঝড়ের সময় ঢেউয়ের উচ্চতা দুই মিটারের বেশি হতে পারে।

এর আগে ১৬ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তুমুল ঝড়বৃষ্টি হয়। রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে অচলাবস্থা দেখা দেয় বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে। বিমানবন্দরে অসংখ্য ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় সড়ক ডুবে যায়। সড়কে গাড়ি আটকা পড়ে থাকতে দেখা যায়।




বেনজীরের দুর্নীতি অনুসন্ধানে রিট: কাজ শুরু করেছে দুদক

চন্দ্রদ্বীপ ডেস্ক: পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগ্যান রিটটি করেন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে, আজ রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন জানিয়েছেন, বেনজীর আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি করে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খোরশেদা ইয়াসমীন বলেন, ৩১ মার্চ সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে একটি প্রতিবেদন একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যমে একই অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে।

খোরশেদা ইয়াসমীন আরও বলেন, গত ১৮ এপ্রিল দুদকে একটি সভা হয়। সেখানে গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিবেচনায় নিয়ে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। দুদক আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, হাইকোর্টে রিট প্রসঙ্গে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, তারা রিটের একটি কপি হাতে পেয়েছেন। সেখানে বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে দুদক চেয়ারম্যান, সচিবসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

এর আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ৩৪ বছর ৭ মাস চাকরি করে গত ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অবসরে যান। অবসরগ্রহণের পর দেখা যায়, বেনজীর আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম।




চার মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বরিশাল অফিস : ৫১ লাখ ৬৩ হাজার টাকার চেক ডিজঅনার মামলাসহ চারটি মামলায় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দীনবন্ধু বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দীনবন্ধু বিশ্বাস জেলার গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের ভঙ্গুরাম বিশ্বাসের ছেলে। এর আগে রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ও আমিনুল ইসলাম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি দীনবন্ধু বিশ্বাসকে গ্রেপ্তার করেছেন।

২০১৯ সালে মামলা হওয়ার পর থেকে দীনবন্ধু বিশ্বাস পলাতক ছিলো।