ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে সাহায্য করতে কিয়েভকে গোপনে উন্নত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এই অস্ত্রগুলি গত মার্চ মাসে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৩০০ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের অংশ ছিল। যা এ মাসে কিয়েভে পৌঁছেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে ইউক্রেন রাশিয়ার ক্রিমিয়াতে চালানো হামলায় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এদিকে জো বাইডেন নতুন করে ইউক্রেনকে সহায়তায় ৬১ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছে।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩০০ কিলোমিটার রেঞ্জের কিছু এটিএসিএমএস (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম) ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল।

তবে কতগুলো এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, ওয়াশিংটন আরও অস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে।

তিনি আরও বলেন, এটি পার্থক্য তৈরি করবে। আমি আগেই বলেছি- কোন রূপালী বুলেট নেই।




তীব্র গরমে প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২১ এপ্রিল ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ৭ দিন বন্ধের পর ২৮ এপ্রিল পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার কথা।

তবে তাপপ্রবাহ না কমায় এ ছুটি বাড়ছে নাকি ২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। অভিভাবকদের একটি অংশ এবং অভিভাবক ঐক্য ফোরাম নামে একটি সংগঠন অনলাইনে ক্লাস চালু রাখার দাবি তুলেছে। অনেকে আবার আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পক্ষে মত দিচ্ছেন।

এমন পরিস্থিতিতে কী ভাবছে শিক্ষা প্রশাসন? এমন প্রশ্নের অবশ্য সরাসরি জবাব মেলেনি। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া এবং বিকল্প উপায় নিয়ে আলাপ-আলোচনা চালানোর কথা জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান তদারককারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।

শিক্ষা প্রশাসন বলছে, তীব্র গরমে ছুটি বাড়ানো কিংবা অনলাইনে ক্লাস নেওয়া নিয়ে কোনো সিদ্ধান্তই এখনো হয়নি। শিক্ষামন্ত্রী বিদেশ সফরে থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ নিয়ে আলোচনা করেনি। আলোচনা চললেও প্রাথমিক বিদ্যালয় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও।

তবে মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে জোর আলোচনা রয়েছে। হাফ পিরিয়ড বা স্বল্প পরিসরে ক্লাস চালু করতেও মত দিচ্ছেন অনেকে। পাশাপাশি অ্যাসাইনমেন্টসহ ঘরে বসেই শিক্ষার্থীরা করতে পারে—এমন কাজ দেওয়ার নির্দেশনা দেওয়া নিয়ে চিন্তাভাবনা করছেন তারা।

তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা। তবে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা খোলা নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত।

তিনি বলেন, ‘ছুটি বাড়ানো, ক্লাস কমিয়ে হাফ পিরিয়ড বা স্বল্প পরিসরে নেওয়া কিংবা অনলাইনে ক্লাস চালু করা—সব বিষয় সামনে রেখেই আমরা চিন্তা-ভাবনা করছি। তবে কোনো সিদ্ধান্তই এখনো চূড়ান্ত হয়নি। শুক্রবার (২৬ এপ্রিল) বিষয়টি নিয়ে আলোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। যে সিদ্ধান্তই আসুক, তা শিক্ষার্থীদের জন্য অবশ্যই ইতিবাচক হবে। নেতিবাচক সিদ্ধান্ত সরকার নেবে না।’

অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি আর বাড়ছে না বলেই জানিয়েছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। তাপপ্রবাহ যদি না কমে, সেক্ষেত্রে অনলাইনে ক্লাস চালানোর নির্দেশনা দেওয়া হতে পারে। শিক্ষার্থীদের বেশি বেশি অ্যাসাইনমেন্ট দিয়ে অ্যাকটিভ (সক্রিয়) রাখার জন্যও শিক্ষকদের পরামর্শ দেওয়া হতে পারে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী  বলেন, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আলাপ-আলোচনা চলছে। ক্লাস একেবারে বন্ধ রাখার চেয়ে অনলাইন ক্লাস কিংবা বাড়ির কাজ (অ্যাসাইনমেন্ট) দিয়ে শিক্ষার্থীদের কীভাবে পড়ালেখার মধ্যে রাখা যায় সেটা নিয়েও চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে কোনো ব্যাপারেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু  বলেন, ‘আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। সার্বিক দিক চিন্তা করেই স্কুল-কলেজ বন্ধ আর না বাড়িয়ে অনলাইনে ক্লাস চালুর কথা বলেছি। নতুন কারিকুলামে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত বেশি হবে।’

শিশুদের সুরক্ষা নিশ্চিত করে ঘরে বসেই যেন পড়ালেখা চালিয়ে যেতে পারে, সে ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান অভিভাবক ঐক্য ফোরামের এ নেতা।




উপজেলা নির্বাচন: সব ডিসি-এসপির সঙ্গে ইসির বৈঠক আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার করণীয় নির্ধারণে সকল জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান ইতিমধ্যে সংশ্লিষ্টদের যথা সময়ে বৈঠকে উপস্থিত থাকার নির্দেশনা পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে সকল বিভাগীয় কমিশনার, রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের উপস্থিতিতে (২৫ এপ্রিল) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনারগণ, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

নির্দেশনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক, সকল বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, সকল ডিসি ও এসপিদের পাঠানো হয়েছে।

প্রথম ধাপের তফসিল অনুযায়ী, ১৫০ উপজেলায় নির্বাচন হবে আগামী ৮ মে।

এই ধাপের নির্বাচনে প্রচার চলছে। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে এক হাজার ৬৯৩ জন।

দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, বর্তমানে আপিল গ্রহণের কার্যক্রম চলছে। মনোনয়নপত্র দাখিল করেছেন দুই হাজার ৫৫ জন। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ প্রতীক বরাদ্দ ২ মে। আর ১৬১ উপজেলায় ভোট গ্রহণ হবে ২১ মে।

তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে। এই ধাপে ১১২ উপজেলায় ভোট হবে।

চতুর্থ ধাপে আগামী ৫ জুন ৫৫ উপজেলায় ভোট হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে।




ফ্রিতে এআই ব্যবহার করে ছবি-ভিডিও এডিট করবেন যেভাবে

 

 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি বেশ দাপটের সাথে রাজত্ব করেছে প্রযুক্তিবিশ্বে। যেকোনো জায়গায় যেকোনো কাজে মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এই প্রযুক্তি। এই পরিস্থিতিতে খ্যাতনামা সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি তাদের এআই বেসড্ ছবি এডিটিং অ্যাপ অ্যাডোবি এক্সপ্রেস মোবাইল চালু করল।

এই নতুন অ্যাপ্লিকেশনটি ইউজারদের ফায়ারফ্লাই জেনারেটিভ ফিল, টেক্সট-টু-ইমেজ এবং টেক্সট এফেক্টস্-এর মতো অপশনের পাশাপাশি মোবাইল ওয়ার্কফ্লোর জন্য দারুণ সব ছবি-ভিডিও এডিটিং ফিচার যুক্ত করা হয়েছে।

নতুন অ্যাপ উন্মুক্তের কথা জানিয়ে অ্যাডোবি এক্সপ্রেস এবং ডিজিটাল মিডিয়া সার্ভিসেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোবিন্দ বালাকৃষ্ণান বলেন, এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ইউজাররা নিজেদের আইডিয়া ও কন্টেন্টের প্রচারের জন্য এই ধরনের টুলের সাহায্য নিচ্ছেন।

এক্ষেত্রে অ্যাডোবি এক্সপ্রেস মোবাইল এখন থেকে ব্র্যান্ডের অ্যাডোবি এক্সপ্রেস ও ফায়ারফ্লাই জেনারেটিভ এআই –দুটি সার্ভিসকে মিলিয়ে মিশিয়ে ম্যাজিকাল ওয়েব বা মোবাইল কন্টেন্ট তৈরি করবে। এই বিষয়ে আগ্রহ বাড়াতে সংস্থাটি নতুন অ্যাপে উপলক্ষ্যে কিছু ফিচারের তালিকা সামনে নিয়ে এনেছে।

নতুন অ্যাপে যে-সব সুবিধা পাবেন

টেক্সট-টু-ইমেজ

এআই টুলে দীর্ঘদিন ধরেই এই ফিচার পাওয়া যাচ্ছে। এতে ইচ্ছেমতো শব্দ-বাক্য টাইপ করলেই ফায়ারফ্লাই স্বয়ংক্রিয়ভাবে সেই অনুযায়ী ছবি তৈরি করে। ব্যবহারকারীরা নির্দিষ্ট প্রম্পট দিয়ে যেকোনো আর্টিফিশিয়াল ছবি তৈরি করতে পারেন।

জেনারেটিভ ফিল

এটি ছবি থেকে কোনো অবজেক্ট মুছে ফেলা বা তাতে নতুন কিছু যুক্ত করার কাজে আসবে। এছাড়া যদি কোনো ছবির ফ্রেম বড় করতে হয় তাহলে সেটির বাকি অংশ ফিল করা যাবে এই ফিচারের সাহায্যেই।

টেক্সট ইফেক্ট

এই ফিচার এআইয়ের সাহায্যে টেক্সট স্টাইল প্রস্তুত এবং ইফেক্ট অ্যাপ্লাই বিকল্প দেবে।

ভিডিও

অ্যাডোবি এক্সপ্রেস, বেশ কিছু টেম্পলেট অফার করবে যা ভিডিও তৈরির সময় ছবি এবং মিউজিক একত্রিত করতে কাজে আসবে। এছাড়া এতে অ্যানিমেশন তৈরি এবং রিয়েল-টাইম ক্যাপশনে ভিডিও ক্লিপ যুক্ত করা যাবে।

কুইক অ্যাকশন

দ্রুত ছবি-ভিডিও এডিটের জন্য এই সহজ অপশন ব্যবহার করা যাবে। এমনকি এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে ছবি রিসাইজও করা যাবে।

 




গাজায় নতুন দুই ব্রিগেড সেনা পাঠাচ্ছে ইসরায়েল

 

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে আরও দুই ব্রিগেড সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বুধবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে, ১৪৬নং রিজার্ভ ব্রিগেড এবং ৬৭৯নং রিজার্ভ ব্রিগেডের সেনাদের উত্তর ইসরায়েলের লেবানন সীমান্ত থেকে গাজা উপত্যকা পর্যন্ত মোতায়েন করা হবে।

ইসরায়েলের সেনাবাহিনীর একটি ব্রিগেডে সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার সেনা থাকে।

গাজায় কেন নতুন করে আরও দুই ব্রিগেড সেনা পাঠানো হবে সেটি স্পষ্ট করে জানায়নি দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

তবে এমন সময় নতুন করে সেনা পাঠানোর ঘোষণা আসল যখন শোনা যাচ্ছে যে গাজার শেষ নিরাপদস্থল রাফাহতে অল্প কিছুদিনের মধ্যে হামলা চালাবে ইসরায়েলি সেনারা।

বর্তমানে রাফাহতে ১৩ লাখেরও বেশি ফিলিস্তিনি অবস্থান করছেন।

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, রাফাহতে হামলা না চালানো হলে গাজায় তারা পূর্ণ জয় পাবে না। কারণ রাফাহতে এখনো হামাসের চার ব্রিগেড যোদ্ধা রয়ে গেছে।

তবে ইসরায়েলের সবচেয়ে কাছের মিত্র যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো জানিয়েছে, রাফাহতে হামলার পক্ষে তারা নয়। কারণ সেখানে হামলা চালালে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালান হামাসের যোদ্ধারা। হামাসের ওই হামলার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে। ওই সময় তারা ঘোষণা দেয় গাজা থেকে হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তবে ২০০ দিনেরও বেশি সময় ধরে যুদ্ধ চললেও এখনো হামাসকে গাজার নিয়ন্ত্রণ থেকে সরাতে পারেনি ইসরায়েলি সেনারা।

 

সূত্র: আলজাজিরা




বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দেশের অধিকাংশ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমার কোনো সংকেত দেয়নি আবহাওয়ার অধিদপ্তর। ফলে চলতি সপ্তাহজুড়ে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ছে কী না, এমন প্রশ্নে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। তাপপ্রবাহ যদি আগামী সপ্তাহ পর্যন্ত এমন থাকে তাহলে অনলাইনে ক্লাস চালু রেখে সরাসরি ছুটি বন্ধ রাখা হতে পারে।

প্রাথমিক ও মাধ্যমিকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের তাপপ্রবাহের ছুটি আগামী শনিবার (২৭ এপ্রিল) শেষ হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় সিলেবাস শেষ করতে মাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি না বাড়িয়ে অনলাইন ক্লাস চালুর চিন্তা করছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আর প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি বাড়ছে নাকি ক্লাস কমিয়ে রোববার থেকে খুলছে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

যদিও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ছুটি না বাড়িয়ে অনলাইন ক্লাস চালুর চিন্তা রয়েছে। সেক্ষেত্রে দুয়েকদিনের মধ্যে মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ কর্তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন।

জানতে চাইলে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী বলেন, তাপপ্রবাহ অব্যাহত থাকলে ক্লাস বন্ধ না রেখে অনলাইন কিংবা অ্যাসাইনমেন্টের মাধ্যমে কীভাবে শিক্ষার্থীদের পড়ালেখার ভেতর রাখা যায়, সেই চিন্তা চলছে। তবে অনলাইন ক্লাসের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, আগামী রোববার থেকে ক্লাস খুলছে নাকি ছুটি বাড়ছে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী শুক্রবার (২৬ এপ্রিল) এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। যদি তাপপ্রবাহ না কমে তবে অনলাইন ক্লাস চালুর ভাবনা রয়েছে।

প্রাথমিক ও মাধ্যমিকে আগের মতো ছুটি চান না অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু বলেন, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও দেশের বিভিন্ন জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বহমান রয়েছে। এসব এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। কিন্তু ছুটি বাড়ালে সিলেবাস শেষ করতে সমস্যায় পড়তে হবে। এ অবস্থায় একেবারে ছুটি না দিয়ে অনলাইনে ক্লাস বা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হোক।

সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটি বাদে ১৮০ দিনের মতো প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা। এর মধ্যে তাপপ্রবাহের কারণে অনির্ধারিতভাবে পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে। এই ছুটি দীর্ঘায়িত হলে সিলেবাস শেষ করা অনিশ্চিত হয়ে পড়তে পারে। এসব চিন্তা করেই তাপপ্রবাহ অব্যাহত থাকলে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তা-ভাবনা চলছে।

সারা দেশের আবহাওয়া আগামী পাঁচদিনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে বুধবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়বে।




গলাচিপায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় পৃথক ঘটনায় ঈসা (২) ও সুমাইয়া (৩) নামের দুইটি শিশু পানিতে ডুবে মারা গেছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ঈসার বাড়ি দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেন্টার বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

শামিম বয়াতির দুই ছেলের মধ্যে ঈসা ছোট ছেলে।

জানা গেছে, শামিম বয়াতীর ঘরের সামনে উঠানে ঈসা খেলা করছিল। সবার চোখ ফাঁকি দিয়ে উঠানের সাথেই পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায় ঈসাকে দেখে পানি থেকে তীরে তুলে তাৎক্ষণিক গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

আরো পড়ুন : পরিবার পরিকল্পনা পরিদর্শিকার খামখেয়ালিপনায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের চেয়ারম্যান মো: নজির আহমেদ সরদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অপর দিকে গলাচিপা উপজেলায় রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের রাকিব মিয়ার মেয়ে সুমাইয়া (৩) নামের শিশু পানিতে পড়ে মারা যাবার খবর পাওয়া গেছে। সুমাইয়াকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত্যু ঘোষণা করে।




পরিবার পরিকল্পনা পরিদর্শিকার খামখেয়ালিপনায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

ঘটনাটি কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়– রোববার (২১ এপ্রিল) রাতে উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামের শাহআলমের মেয়ে শারমিন বেগমের সন্তান প্রসব বেদনা শুরু হলে পরিবারের লোকজন ওই প্রসূতিকে তাৎক্ষণিক নিকটস্থ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে গাইনি বিভাগে ডা. ফারহানা রহমান সুমীর শরণাপন্ন হন। তিনি রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে তার ও তার গর্ভের সন্তানের অবস্থা সংকটাপন্ন দেখে তাকে কলাপাড়া উপজেলা কমপ্লেক্সে রেফার্ড করেন এবং সেখানে ভর্তি থেকে রোগীকে সিজারের পরামর্শ দেন।

আরো পড়ুন : বাউফলে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে স্যালাইনের সংকটসহ নানা সমস্যা

স্বজনদের সূত্রে আরও জানা যায়, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগম প্রসূতি শারমিনের বাচ্চা নরমালে প্রসবের কথা বলে ৫ হাজার দর কষলে পরে ৩ হাজার টাকায় রাজি হন। দীর্ঘ ৫ ঘণ্টা নরমালে বাচ্চা প্রসবের চেষ্টা করে সে ব্যর্থ হলে প্রসূতির পরিবারের লোকজন প্রসূতিকে সিজারে নিতে চাইলে তিনি প্রসূতি নরমাল ডেলিভারির জন্য শারমিনকে মারধর করেন বলে ভুক্তভোগীর পরিবারে অভিযোগ রয়েছে। পরবর্তীতে রাত ১২টার দিকে তাহার ভুল ও অনভিজ্ঞ প্রচেষ্টার কারণে একটি মৃত্যু মেয়ে সন্তান প্রসব হয়। অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে প্রসূতি এখন মৃত্যু পথযাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগম একই স্থানে দীর্ঘ ২৮ বছর থেকে বীরত্বের আরও বহু এরকম ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নুরজাহান বলেন, গর্ভ থেকে মৃত বাচ্চা প্রসব হয়েছে। প্রত্যেকটা প্রসবই আমি একটি ফি নিয়ে থাকি। সেই অনুপাতে তাদের সঙ্গে তিন হাজার টাকা চুক্তিতে কাজ করেছি।

ডাক্তার ফারজানা রহমান সুমি বলেন, রোববার বিকেলে রোগী আমার কাছে আসলে আমি পরীক্ষা-নিরীক্ষা করে ক্রিটিক্যাল মোমেন্ট দেখতে পাই। আমি তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে সিজারের পরামর্শ দিয়েছি।

ফ্যামিলি প্লানিং মেডিকেল অফিসার মো. মেহেদী হাসান রনি বলেন, রোগীর অবস্থা ক্রিটিক্যাল হলে তিনি আমাদের অবগত করবে, সে যেটা করেছে এটা চরম অপরাধ, বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হলে তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




নতুন কারিকুলাম : এসএসসিতে থাকছে ৫০ শতাংশ লিখিত পরীক্ষা, সময় ৫ ঘণ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক : নতুন কারিকুলামে প্রথমবার এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। এ পরীক্ষার নাম ও মূল্যায়ন পদ্ধতি কেমন হবে, তা ঠিক করতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির সদস্যরা এ পরীক্ষার নাম ‘মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)’ রাখার পক্ষে মতামত দিয়েছেন।

একই সঙ্গে ৫০ শতাংশ লিখিত পরীক্ষা রাখাসহ কয়েকটি সুপারিশের খসড়া প্রস্তুত করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে—লিখিত মূল্যায়ন ৫০ শতাংশ, আর কার্যক্রমভিত্তিক মূল্যায়ন হবে ৫০ শতাংশ। ১০ বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম  বলেন, ‘মূল্যায়ন পদ্ধতি নিয়ে এনসিটিবিরও একটি কমিটি ছিল। সেই কমিটি একটি সুপারিশ মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের কমিটির কাছে জমা দিয়েছে। এগুলো এখনো চূড়ান্ত নয়। আরও পর্যালোচনা করে সুপারিশ চূড়ান্ত করা হবে।’

পরীক্ষার সময় ঠিক কত ঘণ্টা হবে, সে বিষয়ে সুপারিশ অংশে কিছু উল্লেখ করা হয়নি। কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, লিখিত ও কার্যক্রমভিত্তিক মূল্যায়ন মিলিয়ে মোট সময় হবে পাঁচ ঘণ্টা। এরমধ্যে লিখিত অংশের সময় কত ও কার্যক্রমভিত্তিক অংশের জন্য সময় কত হবে, তা বিষয়ের ওপর নির্ভর করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম গণমাধ্যমকে বলেন, নতুন কারিকুলামে পাবলিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির কিছু সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে। প্রতিবেদনটি শিগগির চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

 




ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইকৃত রড উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে ট্রাকচালক আল-আমিন (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় ছিনতাইকৃত নয় মেট্রিক টন রড উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার দাসপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একতা এন্টারপ্রাইজের গোডাউন থেকে রডগুলো উদ্ধার করে পুলিশ।

আত্মগোপনে থাকা একতা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মাসুদ রানা রডগুলো ট্রাকের হেলপার হাসানের কাছ থেকে ক্রয় করেছিলেন বলে জানা যায়। ছিনতাইকৃত রড ক্রয়-বিক্রয়ের মধ্যস্থতা করেন দশমিনার মজিবর নামের এক ঠিকাদার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৭ এপ্রিল চট্টগ্রামের আবুল খায়ের ইন্ডাট্রিজের কারাখানা থেকে ঢাকা মেট্রো -ট-১৬-৫১৩৮ নম্বরের ট্রাকটি ১৩ মেট্রিক টন রড নিয়ে বাউফলের কালিশুরী বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরের দিন ১৮ এপ্রিল কালিশুরীর খান এন্টারপ্রাইজে রডগুলো আনলোড করার কথা। কিন্তু ১৮ এপ্রিল ট্রাকচালক আল-আমিনকে ফোন করে বন্ধ পান তার মামা মো. সবুজ। ২০ এপ্রিল দশমিনার নদীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

আরো পড়ুন : বাউফলে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে স্যালাইনের সংকটসহ নানা সমস্যা

পরে মামা সবুজ খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওই লাশ তার ভাগ্নে আল-আমিনের। ময়নাতদন্ত শেষে আল-আমিনের লাশ পরের দিন চাঁদপুরে নিয়ে দাফন করা হয়। এ ব্যাপারে দশমিনা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন আল-আমিনের মামা সবুজ। এরপরই ঘটনার রহস্য উদঘাটনে নামে পুলিশের একাধিক টিম।

মামলার তদন্তকারী কর্মকর্তা দশমিনা নৌ পুলিশের এসআই আল মামুন বলেন, ট্রাকচালক আল-আমিনকে খুন করে ঘাতকরা রডগুলো কালাইয়া বাজারের একতা এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানার কাছে নগদ টাকায় বিক্রি করে দেয়। মাসুদ রানা ওই রডগুলো গুদামে রেখে দেন। তদন্তের একপর্যায়ে নিশ্চিত হয়েই রডগুলো মঙ্গলবার রাতে ওই গুদাম থেকে জব্দ করা হয়। আর আল-আমিন হত্যাকাণ্ডের মূল নায়ক আত্মগোপনে থাকা ট্রাকচালকের সহকারী হাসানকে আটকের জন্য অভিযান চলছে।

এদিকে, রড পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকটি পুলিশ বাকেরগঞ্জের বোয়ালিয়া বাহাদুরপুর এলাকা থেকে জব্দ করেছে।

আল-আমিনের মামা সবুজ জানান, ছোটবেলায় আল আমিনের বাবা-মা মারা যান। এরপর থেকে তার কাছেই বড় হয় আল-আমিন। মামা সবুজের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার লামছড়ি গ্রামে। বর্তমানে তিনি থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লা বউবাজার এলাকায়। সবুজ তার ভাগ্নেকে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে একটি ট্রাক কিনে দেন। মামার ট্রাক চালিয়ে আল-আমিন আয়-রোজগার করতেন। ১৭ এপ্রিল চট্টগ্রামের ট্রান্সপোর্ট ম্যানেজার রনজিৎ মজুমদারের সঙ্গে চুক্তি করে রডগুলো বাউফলের কালিশুরী বন্দরে পৌঁছে দেয়ার জন্য আবুল খায়ের ইন্ডাট্রিজের ফ্যাক্টরী থেকে রওনা দেয় আল-আমিন। সঙ্গে ছিলেন সহকারী হাসান । হাসানের বাড়ি পটুয়াখালী হওয়ায় এই রুট তার চেনা ছিল। আল-আমিন প্রথম এই রুটে ট্রাক নিয়ে আসেন।

তিনি আরো বলেন, আমার এতিম ভাগ্নেকে নির্মম ভাবে খুন করা হলো। আমি খুনিদের উপযুক্ত বিচার চাই।

এদিকে, কালাইয়া গুদাম থেকে ছিনতাই হওয়া রড জব্দ করা হলেও রহস্যজনক কারণে একতা এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানাকে আটক করেনি পুলিশ।

ছিনতাইকৃত রড ক্রয়ের ব্যাপারে মাসুদ রানা সাংবাদিকদের বলেন, আমি মজিবর নামের এক ঠিকাদারের কাছ থেকে রডগুলো ক্রয় করেছি। তিনি (মজিবর) আমার পূর্ব পরিচিত। রডগুলো ছিনতাইকৃত কি না তা আমার জানা ছিল না।

আরো পড়ুন :পটুয়াখালীতে মাদক অভিযানে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত

নাম প্রকাশ এ অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, আল-আমিনকে পরিকল্পিত ভাবে খুনের পর রড ছিনতাই করা হয়েছে। আর ছিনতাইকৃত রড পাওয়া গেছে একতা এন্টারপ্রাইজে। সুতরাং একতা এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানা কোনো ভাবেই দায় এড়াতে পারেন না।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, বিষয়টি দশমিনা থানার। রড উদ্ধারের সময় আমরা সহযোগীতা করেছি মাত্র। এর বাইরে আর কিছুই বলতে পারছি না।

এ প্রসঙ্গে পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, মামলার তদন্ত এখন পর্যন্ত শেষ হয়নি। তদন্তে যারা অপরাধী প্রমাণিত হবে তাদের প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে।