বরিশালে অবৈধ কারেন্ট জালসহ চক্রের সদস্য আটক

বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল চক্রের এক সদস্যকে আটক করেছে প্রশাসন। তার কাছ থেকে প্রায় ৩৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বড় জালিয়া ইউনিয়নের খুন্না বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ল্যাগেজ ভর্তি কারেন্ট জাল পরিবহনের সময় যাত্রীবেশে থাকা সাইদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার সোমেদ রাড়ীর ছেলে। আটক সাইদুলকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে যাত্রী সেজে ল্যাগেজ ভর্তি করে অবৈধ জাল নিয়ে এসে স্থানীয়ভাবে বিক্রি করছিল। অভিযানের মাধ্যমে ওই চক্রের প্রথম সদস্যকে আটক করা সম্ভব হয়েছে। খুব শিগগিরই চক্রের অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এর আগে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালানো হয়। ওই অভিযানে ২৬টি চায়না দুয়ারী জাল, ৬০টি চরঘেরা জাল, ছয় শতাধিক চরঘেরা জালের খুঁটি, ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং একটি ট্রলার জব্দ করা হয়।

পরে জব্দকৃত জাল ও খুঁটি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। জব্দ হওয়া ট্রলারটি নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




শুক্রবার ২৫৬ কেন্দ্রে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ)।

এ পরীক্ষা ঢাকাসহ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আট বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হবে।

বিপিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে। এরপর গেট বন্ধ হয়ে যাবে এবং কোনোভাবেই দেরিতে প্রবেশ করা যাবে না। আসন বিন্যাস, সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটকের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd)। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

প্রশ্নপত্রে থাকবে মোট ২০০টি এমসিকিউ। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.৫ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা। চারটি সেটে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে—১, ২, ৩ ও ৪। পরীক্ষার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন, সেই সেট নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে।

পরীক্ষার হলে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। এসব সামগ্রী নিয়ে হলে প্রবেশ করলে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক দেওয়া হবে এবং তারা প্রতি ঘণ্টায় ১০ মিনিট করে অতিরিক্ত সময় পাবেন। অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময় থাকবে প্রতি ঘণ্টায় ৫ মিনিট। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। প্রবেশপত্র হারিয়ে গেলে কমিশনের ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করতে হবে।

যেসব পরীক্ষার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন, তাদের জন্য আলাদা আসন বিন্যাস ও প্রশ্নপত্র ছাপানো হয়েছে। সেক্ষেত্রে ভার্সন পরিবর্তনের কোনো সুযোগ নেই।

বিপিএসসি আরও জানিয়েছে, পরীক্ষায় অনিয়ম, গরমিল বা অসদাচরণ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে গণশুনানিতে ৬ অসচ্ছল পরিবারকে সহায়তা দিল জেলা প্রশাসন

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত গণশুনানিতে অসচ্ছল ও অভাবী পরিবারগুলোর মাঝে স্বাবলম্বী হওয়ার উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ দোলার হোসেন তার দপ্তরে শতাধিক মানুষের নানা সমস্যা শোনার পাশাপাশি ছয়টি অসচ্ছল পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দেন।

এদিন তিনটি পরিবারের মাঝে সেলাই মেশিন এবং আরও তিনটি পরিবারকে ফেরি করে বিক্রির উপকরণ সরবরাহ করা হয়। এসব সহায়তা প্রদান করা হয় ‘এসএনডিসি’র আয়োজনে এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘৮৪ ইভেন্ট’ ও ‘আল সিফা মেডিকেল সার্ভিসেস’-এর সহযোগিতায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক ও ‘৮৪ ইভেন্ট’-এর আহ্বায়ক সাজ্জাদ পারভেজ এবং ‘আল সিফা মেডিকেল সার্ভিসেস’-এর পরিচালক সায়লা ফারজানা স্বর্ণা। জেলা প্রশাসক এ সময় আগত সাক্ষাৎপ্রার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ দোলার হোসেন জানান, গণশুনানিতে আগত অসহায় মানুষদের তাৎক্ষণিকভাবে সহায়তা করার পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বরিশালে প্রতি বুধবার জেলা প্রশাসকের দপ্তরে গণশুনানি অনুষ্ঠিত হয়, যেখানে সরাসরি মানুষের সমস্যা ও অভিযোগ শোনা হয় এবং দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বাবুল হত্যা মামলায় মুলাদীতে সাত আসামি গ্রেপ্তার

বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামে কৃষক বাবুল বেপারীকে (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এ হত্যাকাণ্ডে ২৭ জনকে আসামি করা হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের বড় ভাই আব্দুল জলিল বেপারী বাদী হয়ে মামলা দায়ের করার পর মৃধারহাট এলাকায় আত্মগোপনে থাকা সাতজনকে গ্রেপ্তার করা হয়।

এজাহারে বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের করিম মল্লিক ও তার সহযোগীরা বাবুল বেপারীর ওপর হামলা চালায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ওই সময় আলীম বেপারী ও রেশমা আক্তারসহ অন্তত ৭-৮ জন গুরুতর আহত হন।

মামলায় করিম মল্লিকসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি আরও ১৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন—বজায়শুলী গ্রামের করিম মল্লিক, তার ছেলে রফিক মল্লিক, শফিক মল্লিক, ইয়াসিন মল্লিক, ইউনুস সরদারের ছেলে রাজ্জাক সরদার, নজরুল সরদার এবং মুলাদী পৌরসভার চরডিগ্রি গ্রামের আব্দুল করিম খান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




উজিরপুরে রবি-সুজিতাদের পাশে মানবিক ইউএনও

বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দিনমজুর রবি রায় ও তার মা সুজিতা রানীর জীবন কাহিনি যেন এক মর্মস্পর্শী বাস্তবতা। ছেড়া-ফাটা পলিথিন দিয়ে বানানো দুটি ছাপরা ঘরে বসবাস করা পরিবারটি দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে। নানা রোগে আক্রান্ত রবি রায় কাজকর্ম করতে অক্ষম হয়ে পড়ায় তার পরিবারের আয়-রোজগার প্রায় বন্ধ। ফলে পাঁচ সন্তান স্কুলে যেতে পারছে না, পরিবার চলছে অর্ধাহারে-অনাহারে।

এই দুঃখজনক বাস্তবতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি নজরে আসে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজার। তিনি দ্রুত রবি রায়দের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন। জরাজীর্ণ পলিথিনে মোড়ানো ঘর দেখে ইউএনও আলী সুজা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেন।

ইউএনও আলী সুজা জানান, “এভাবে মানুষের থাকা কোনোভাবেই সম্ভব নয়। তাদের বসবাসের অবস্থা দেখে আমি নিজেও আবেগ ধরে রাখতে পারিনি। যেখানে দুর্গাপূজা সামনে, সেখানে তারা আনন্দ-উৎসবের বদলে ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে।”

প্রথম ধাপে রবি রায় ও তার পরিবারের জন্য খাদ্য সহায়তা, ঘর নির্মাণে সরকারি টিন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি বিষয়টি স্থায়ীভাবে সমাধানের জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনও আলী সুজার মানবিক পদক্ষেপ ভাইরাল হলে সর্বস্তরের মানুষ তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের আশা, প্রশাসনের এ উদ্যোগ তাদের জীবনে নতুন আলো জ্বালাবে এবং রবি-সুজিতাদের মতো অবহেলিত মানুষদের জন্য স্থায়ী সমাধান আসবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী সূত্র জানিয়েছে, বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় এবং পুরো সময়জুড়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা চলে। বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। অপরদিকে চীনা দূতাবাসের পক্ষ থেকে রাজনৈতিক শাখার পরিচালক মি. ঝ্যাং জিংও উপস্থিত ছিলেন।

রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




স্থান কাল পাত্র বিবেচনা করা হবে না হামাস যেখানেই থাকুক হামলা করা হবে নেতানিয়াহু

চন্দ্রদ্বীপ ‍ডেক্স:ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নেতাদের বিরুদ্ধে বিদেশে আরো হামলার হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন । গত সপ্তাহে কাতারে হামলার পর তিনি বলেন, হামাস নেতারা ‘যেখানেই থাকুক না কেন’ তারা কোনোভাবেই নিরাপদ নয়।

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, প্রত্যেক দেশেরই ‘নিজের সীমানার বাইরে গিয়েও আত্মরক্ষার অধিকার রয়েছে।’ খবর আল জাজিরার।

নেতানিয়াহুর এ মন্তব্য আসে এমন এক সময়ে, যখন হোয়াইট হাউস জানিয়েছিল যে ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন, ‘তাদের মাটিতে এমন ঘটনা আর ঘটবে না।’

কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে ইসরায়েলের হামলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দেয়। এ কারণে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে পড়ে।

হামাস জানায়, ওই হামলায় ছয়জন নিহত হলেও তাদের শীর্ষ নেতারা বেঁচে গেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র এই হামলায় কোনোভাবে যুক্ত ছিল কিনা জানতে চাইলে নেতানিয়াহু বলেন, ‘আমরাই করেছি। একেবারে একা।’

 




তিস্তায় ফের পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা চরাঞ্চলের অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে

 

চন্দ্রদ্বীপ ‍নিউজ: অতিবৃষ্টি ও উজানের ঢলে তিস্তায় পানি আবারও বেড়ে জনজীবনে দূর্ভোগ বাড়িয়ে ‍দিয়েছে। গতকাল সোমবার সকাল ৬টায় হাতীবান্ধা উপজেলার ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সন্ধ্যা ৬টায় তা কমে বিপৎসীমার নিচে নেমে যায়। পানির প্রবাহ বাড়তে থাকায় তিস্তা ব্যারাজের ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করে। তলিয়ে যায় আমন ধানসহ অন্যান্য ফসলের ক্ষেত। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ।

আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বাসিন্দারা জানান, রোববার গভীর রাত থেকে তিস্তায় পানি বাড়তে থাকে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোয় পানি উঠে যায়। গোবর্ধন এলাকার আব্দুর রাজ্জাক বলেন, ‘বাহে, চলতি বছরে চারবার বন্যা হইল। ঘরবাড়ি তলে যাচ্ছে।’ নদীপারের মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি থাকার আশঙ্কা থাকায় নিম্নাঞ্চলগুলোতে স্বল্পমাত্রার বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় জানান, উজানে বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়ছে। পানি ওঠানামার কারণে কোথাও কোনো ভাঙন দেখা দিলে ব্যবস্থা নেওয়া হবে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান হালদার জানান, পানি সাময়িক বাড়লেও শঙ্কা নেই। বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেবে।




কক্সবাজারের নতুন জেলা প্রশাসক উপসচিব মো.আবদুল মান্নান

চন্দ্রদ্বীপ নিউজ: ১২ সেপ্টেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক গোল্ড কাপ ফাইনালে উন্মত্ত দর্শক কর্তৃক বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বেপরোয়া ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা সামাল দিতে না পারার ব্যর্থতা তিন দিনের মধ্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মান্নান। তিনি জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের নিয়ম অনুযায়ী, উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। অন্যদিকে সদ্য সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জুলাই-আগস্ট বিপ্লবের পর জেলা প্রশাসক হিসেবে কক্সবাজারে নিয়োগ পান। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে যানজটের শহর কক্সবাজারে নতুন করে দেড় হাজার অটোরিকশা (টমটম) লাইসেন্স প্রদানে সহযোগিতা, বাঁকখালী নদী অবৈধ দখল উচ্ছেদের নামে দীর্ঘদিনের স্বত্ব দখলীয় বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

 




পিরোজপুরে আসমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আসমা আক্তার (৪৫) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা আদালত চত্বরে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে তারা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

নিহতের ছেলে শরিফুল ইসলাম অভিযোগ করেন, তার বড় ভাই বিদেশে অবস্থান করেন। এ সুযোগে তার ভাবি জান্নাতি আক্তার ফুফাতো ভাই কালাম হাওলাদারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে জান্নাতি ও কালাম পরিকল্পিতভাবে তার মা আসমা আক্তারকে কুপিয়ে হত্যা করেন। তিনি এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, হত্যাকারী কালামের পরিবার ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে, যা তাদের নিরাপত্তাহীনতায় ফেলেছে। তারা প্রশাসনের কাছে অবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫