স্থল অভিযানে রাফাহ’র দিকে এগোচ্ছে ইসরায়েলি বাহিনী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে এবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ’র দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। বুধবার (২৪ এপ্রিল) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে মিশরসহ বিভিন্ন দেশ। একই সতর্কতা উচ্চারণ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। তবে সেদিকে কোনো কর্ণপাত করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু সরকারের এক মুখপাত্র জানান, ইসরায়েল ‘স্থল অভিযান’ চালানোর জন্য এগিয়ে যাচ্ছে। তবে এই অভিযান কবে, কখন শুরু হয়ে কবে শেষ হবে, তা উল্লেখ করেননি তিনি।

আইডিএফের ওই কর্মকর্তা জানান, হামলা চালানোর আগে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ও নিরাপদে রাখতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪০ হাজার তাঁবু কিনেছে। এসব তাবুর প্রতিটিতে ১০ থেকে ১২ জন থাকতে পারবে।

অনলাইনে ছড়ানো ভিডিওগুলোতে দেখা গেছে, রাফাহ থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে খান ইউনিস শহরে বর্গাকার সাদা তাঁবুর সারি। তবে এ ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

তবে স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিস থেকে পাওয়া ছবিগুলো পর্যলোচনা করে রয়টার্স দেখেছে, খান ইউনিসের যে এলাকায় তাঁবুর সারি দেখা গেছে, সেটি কয়েক সপ্তাহ আগেও খালি ছিল।

ইসরায়েল সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, রাফাহ’র বেসামরিকদের স্থানান্তর অনুমোদনের জন্য নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভা আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠকে বসার পরিকল্পনা করেছে। এক মাসের মধ্যেই স্থানান্তর শুরু হতে পারে।

এদিকে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটন এখনো রাফাহ’র বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তরা খুব শিগগিরই বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রথমে উত্তর গাজায় নির্বিচারে হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল।




রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, বন্ধ অ্যাসেম্বলি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  তীব্র তাপপ্রবাহের মধ্যেই আগামী রোববার (২৮ এপ্রিল) খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন থেকে যথারীতি চলবে ক্লাস। তবে তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পাশাপাশি শ্রেণিকক্ষের বাইরের কোনো কার্যক্রম শিক্ষার্থীদের দিয়ে না করানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে সই করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার।

এতে বলা হয়েছে, ‘পবিত্র ঈদুল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপপ্রবাহের কারণে গত ২০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঘোষিত ছুটি শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ প্রজ্ঞাপনে চারটি সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো-

২৮ এপ্রিল রোববার থেকে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং শিক্ষার্থীদের সূর্যের সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে।

তাপপ্রবাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ এবং নতুন কারিকুলাম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। ২১ এপ্রিল ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার।

২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ঈদের ছুটি শেষে আরও এক সপ্তাহ বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তাপপ্রবাহ অব্যাহত থাকায় আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি জানান অভিভাবকদের একটি অংশ। কেউ কেউ অনলাইনে ক্লাস চালুর দাবিও তোলেন।তবে সার্বিক দিক বিবেচনায় ২৮ এপ্রিল থেকে ক্লাস চালুর নির্দেশনা দিলো সরকার।




মির্জাগঞ্জে গনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে ভোটারদের দরজায় কড়া নাড়তে শুরু করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনেচ্ছুক সম্ভাব্য প্রার্থীরা। হাট- বাজারের টং চায়ের দোকান থেকে শুরু করে অফিস পাড়া ছাপিয়ে কৃষকের মাঠ পর্যন্ত সর্বত্র আলোচনায় তিনটি পদে প্রার্থী হচ্ছেন কে কে?, প্রার্থীদের গ্রহনযোগ্যতা ও জয়-পরাজয়ের সমীকরন করছেন ভোটাররা।

নিজের প্রার্থীতা জানান দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্টার ও ছবি পোষ্ট করে দোয়া চাইছেন প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। “দোয়া ও সমর্থন কামনা” করে ইতোমধ্যে দু-চার জন প্রার্থীর পোষ্টারে ছেয়ে গেছে শহর-গ্রামের হাট-বাজারের সর্বত্র। এছাড়া শহর-গ্রামের হাট-বাজার, দোয়া-মাহফিল অনুষ্ঠান ও কুলখানি অনুষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে উপস্থিত হয়ে ভোটারদের সাথে করমর্দন ও আলিঙ্গন করে দোয়া চাইছেন প্রার্থীরা। বিগত নির্বাচন গুলোতে অংশ গ্রহনকারী প্রার্থীর চেয়ে এবারের উপজেলা নির্বাচনে প্রতিটি পদে প্রার্থীদের সংখ্যা বেশী হওয়ায় সরব হচ্ছেন ভোটাররা। ভোটাররা মনে করছেন এবারে উপজেলা পরিষদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আরো পড়ুন : বৃষ্টির কামনায় পটুয়াখালী ইসতিসকার নামাজ আদায়

এদিকে এবারের স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলগের দলীয় প্রতীক ও সমর্থন না থাকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী দলীয় সমর্থন পেতে লবিং, তদবীর শুরু করেছেন, সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাঁপ বাড়ছে জেলা ও কেন্দ্রে। দলীয় নেতা-কর্মীদের কোন বাঁধা নেই তাদের পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনায় যুক্ত হতে।

জানা যায়, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনেচ্ছু প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন – পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ আশ্রাফ আলী হাওলাদার ও ঢাকাস্থ পটুয়াখালী জেলা আইনজীবী কল্যান সমিতির সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী আলহাজ¦ মোঃ আব্দুস ছালাম খাঁন।

আরো পড়ুন : ট্রাক ড্রাইভার হত্যাকাণ্ডে আটক ৪, ছিনতাইকৃত রড উদ্ধার

ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন – উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জহিরুল ইসলাম (লোটাস সিকদার), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম (সোহাগ মৃধা), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম (রুমান), উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুল আলম (জাষ্টিচ মৃধা),এস এম রাসেল মোল্লা ও আলহাজ¦ মোঃ দুলাল ফকির, গাজী মোঃ ওমর ফারুক শাওন ও আমেরিকা প্রবাসী মোঃ নুরুজ্জামান।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন – বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাচিনা হাবিব, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আয়শা সিদ্দিকা ও পটুয়াখালী জেলা আওয়ামী মহিলা লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহবুবা মোর্শেদা (রানু)।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লক্ষ ১২ হাজার ৩৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৯শত ৬৮জন এবং মহিলা ভোটার ৫৫ হাজার ৭১ জন। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের কোন ভোটার নাই। ২০১৯ সালের ৩১ মার্চ মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। চলতি এপ্রিল মাসের ১৭ এপ্রিল নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী ৪র্থ ধাপে আগামী মে মাসের ২৯ তারিখে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে,মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ মে।




ট্রাক ড্রাইভার হত্যাকাণ্ডে আটক ৪, ছিনতাইকৃত রড উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় ট্রাক ড্রাইভার আল-আমিন (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত ৯ টন রড উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে বাউফলের দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একতা এন্টারপ্রাইজের গোডাউন থেকে রডগুলো উদ্ধার করে পুলিশ।

একতা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মাসুদ রানা রডগুলো আত্মগোপনে থাকা ট্রাকের হেলপার হাসানের কাছ থেকে ক্রয় করেছিলেন বলে জানা যায়। ছিনতাইকৃত রড ক্রয়-বিক্রয়ের মাধ্যম করেন দশমিনার মজিবর নামের এক ঠিকাদার।

আরো পড়ুন : বৃষ্টির কামনায় পটুয়াখালী ইসতিসকার নামাজ আদায়

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মাসের ১৭ তারিখ চট্টগ্রামের আবুল খায়ের ইন্ডাট্রিজ এর কারাখানা থেকে ঢাকা মেট্রো-ট-১৬-৫১৩৮ নম্বরের ট্রাকটি ১৩ মেট্রিক টন রড নিয়ে বাউফলের কালিশুরী বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরের দিন ১৮ এপ্রিল কালিশুরীর খান এন্টারপ্রাইজে রডগুলো আনলোড করার কথা। ১৮ এপ্রিল ট্রাকের ড্রাইভার আল আমিনকে ফোন করে বন্ধ পান তার মামা মো. সবুজ।

পরে ২০ এপ্রিল দশমিনার নদীতে দুহাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে দশমিনা নৌ পুলিশ। পরে মামা সবুজ খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওই মরদেহ তার ভাগ্নে আল আমিনের। ময়নাতদন্ত শেষে মরদেহ পরের দিন চাঁদপুরে নিয়ে দাফন করা হয়।

এ ব্যাপারে দশমিনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন আল-আমিনের মামা সবুজ। এরপরই ঘটনার রহস্য উদঘাটনে নামে পুলিশের একাধিক টিম।

এদিকে দাশপাড়া বাস স্ট্যান্ডের কাছে একতা এন্টারপ্রাইজের গুদাম থেকে ছিনতাই হওয়া রড জব্দ করা হলেও রহস্যজনক কারণে মালিক মাসুদ রানাকে আটক করে পুলিশ। তবে পুলিশ ওই এন্টারপ্রাইজের ম্যানেজার নান্নু (৪৫), কর্মচারী দিলিপ (৫০) ও শাহাদুলকে (৪০) এবং দশমিনা থেকে মজিবর নামের এক ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আল আমিন হত্যাকান্ডের মূল নায়ক আত্মগোপনে থাকা ট্রাকের হেলপার হাসানকে আটকের জন্য অভিযান চলছে। এদিকে রড পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকটি পুলিশ বাকেরগঞ্জের বোয়ালিয়া বাহাদুরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

আল আমিনের মামা সবুজ বলেন, ছোটবেলায় আল আমিনের বাবা মা মারা যান। এরপর থেকে আমার কাছেই বড় হন আল আমিন। আমার এতিম ভাগ্নেকে নির্মমভাবে খুন করা হলো। আমি খুনিদের উপযুক্ত বিচার চাই।

এদিকে কালাইয়া গুদাম থেকে ছিনতাই হওয়া রড জব্দ করা হলেও রহস্যজনক কারণে একতা এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানাকে আটক করেনি পুলিশ।

আরো পড়ুন : তীব্র তাপদহে বিপর্যস্ত উপকূলের জনজীবন

ছিনতাইকৃত রড ক্রয়ের ব্যাপারে মাসুদ রানা বলেন, আমি মজিবর নামের এক ঠিকাদারের কাছ থেকে রডগুলো ক্রয় করেছি। তিনি (মজিবর) আমার পূর্ব পরিচিত। রডগুলো ছিনতাইকৃত কিনা তা আমার জানা ছিল না। আল আমিন হত্যাকাণ্ডের বিষয় আমি কিছুই জানি না। আমি নির্দোষ।

মামলার তদন্তকারী কর্মকর্তা দশমিনা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, ট্রাকের ড্রাইভার আল আমিনকে খুন করে ঘাতকরা রডগুলো কালাইয়া বাজারের একতা এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানার কাছে নগদ টাকায় বিক্রি করে দেয়। মাসুদ রানা ওই রডগুলো গুদামে রেখে দেন। তদন্তের একপর্যায়ে নিশ্চিত হয়েই রডগুলো মঙ্গলবার রাতে ওই গুদাম থেকে জব্দ করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, বিষয়টি দশমিনা থানার, রড উদ্ধারের সময় আমরা সহযোগিতা করেছি মাত্র। এর বাইরে আর কিছুই বলতে পারছি না।

এ প্রসঙ্গে পটুয়াখালীর পুলিশ সুপার মো.সাইদুল ইসলাম বলেন, মামলার তদন্ত এখন পর্যন্ত শেষ হয়নি। তদন্তে যারা অপরাধী প্রমাণিত হবে তাদের প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে।




বরিশালের গৌরনদীতে সিএইচসিপি’র বদলীআদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বরিশাল অফিস :: বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ রিয়াজ হোসেনের বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণস্বাক্ষর ও ক্লিনিকে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৫) এপ্রিল সকালে কমিউনিটি ক্লিনিকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ক্লিনিকের জমিদাতা সিরাজ হাওলাদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নাছিমা বেগম, শাহে আলম সরদার, খোরদেশ আলম সহ অন্যান্যরা।

এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী সিএইচসিপি রিয়াজের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে কমিউনিটি ক্লিনিকে তালা ঝুলিয়ে দেন। ফলে নবাগত সিএইচসিপি সাথী বেপারী যোগদান করতে না পেরে ফিরে যান। সিইচসিপি সাথী বেপারী বলেন, গত ২১ এপ্রিল বাটাজোর ইউনিয়নের বংকুরা ক্লিনিক থেকে একই ইউনিয়নের বাসুদেবপাড়া ক্লিনিকে বদলী করেন। বৃহস্পতিবার যোগদান করতে গিয়ে দেখি ক্লিনিকে তালা ঝুলছে। ফলে যোগদান না করে ফিরে এসেছি। বিষয়টি সংশ্লিস্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সিএইচসিপি রিয়াজ হোসেন বলেন, ক্লিনিকে তালা মারা কিংবা মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই। গ্রামবাসী হয়তো ভালবাসার দিক থেকে এটা করেছে। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান জানান, বিষয়টি অবগত আছি। বদলির বিষয়টি সরকারি আদেশ। এই আদেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।




তামান্না ভাটিয়াকে তলব করেছে পুলিশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিপুল উৎসাহ-উদ্দীপনায় চলছে আইপিএলের ১৭তম আসর। বিশাল এ টুর্নামেন্টের খেতাব জয়ের আশায় ১০ দল প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে।

ক্রিকেট ভক্ত-অনুরাগীদের উন্মাদনার মাঝে এক বড় খবর। অবৈধভাবে আইপিএল সম্প্রচারকাণ্ডে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে তলব করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশের সাইবার বিভাগ। এই অবৈধ সম্প্রচারের জন্য আইপিএলের অনলাইন সম্প্রচারকারী প্রতিষ্ঠান ‘ভিয়াকম ১৮’র কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।

এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের আইপিএল অবৈধভাবে মহাদেব বেটিং অ্যাপের অংশ ফেয়ারপ্লে অ্যাপে সম্প্রচার করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তামান্নাকে ডেকে পাঠানো হয়েছে।

খবর অনুযায়ী আরেক বলিউড তারকা সঞ্জয় দত্তের নামও এ ঘটনায় জড়িয়েছে। তাকে এ সপ্তাহের শুরুর দিকেই জিজ্ঞসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তবে নিজের ব্যস্ত সূচি থেকে তিনি সময় বের করতে পারেননি। সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য অন্য একদিনের অনুরোধ করেছেন সঞ্জয় দত্ত।




তীব্র তাপদহে বিপর্যস্ত উপকূলের জনজীবন

পটুয়াখালী প্রতিনিধি :: তীব্র তাপদহে অতিষ্ঠ হয়ে উঠেছে উপকূলীয় জেলা পটুয়াখালীর জনজীবন। গতি কবল জেলার কলাপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.২ ডিগ্রী সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া ও কর্মজীবি মানুষ। একটু স্বস্তির আশায় অনেকেই আশ্রয় নিচ্ছেন গাছতলায়। ছুটছেন নদী তীরে। বেড়েছে ডাব, আখের রস, শরবত ও কাঁচা তালের চাহিদা।

প্রচন্ড খড়তাপে লোকসানে পড়েছেন বোরো ধান চাষী ও সবজি চাষীরা। আবাদির জমির অভ্যান্তরীন ছোটখাল-ডোবা-পুকুর শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। ফলে মৌসুমী সবজি চাষীদের খেতে দেখা পানি সংকট। পানির অভাবে আর রোড়ের তীব্রতায় গাছ মরে যাচ্ছে। এতে লোকসানের শংকায় পড়েছেন সবজি চাষীরা।

এদিকে সবজি খেতের এমন বেহাল দশায় বাজারে আমদানী কমেছে সবজির। ফলে বাজারে বেড়ে গেছে সবজির দাম।

কলাপড়ার নীলগজ্ঞের কৃষক জাকির বলেন, তীব্র রোদের তেজ থেকে আবাদি জমির ফসল রক্ষা করা এখন দরকার। এর উপড় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। নিরূপায় কৃষক। পুড়ে যাচ্ছে গাছ। ফলন কমে গেছে।

তীব্র তাপদহকে দু:সহনীয় করে তুলেছে বিদ্যুতের সীমাহীন লোডশেডিং। দিনে-রাতে বারবার বিদ্যুতের আসা-যাওয়া ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সকল বয়সী মানুষকে।

পর্যটন নগরী কুয়াকাটায় উল্ল্যেখযোগ্য সংখ্যক পর্যটক উপস্থিত থাকলেও তীব্রতাপদহে এসব পর্যটক হয়ে পড়েছেন হোটেল বন্দী। দর্শনীয় স্থানগুলোর কার্যত পর্যটক শূন্য।

মাদারীপুর থেকে পরিবার নিয়ে কুয়াকাটায় আসা পর্যটক সাবের আহমেদ জানান, তীব্র গরমে সী-বীচ বেশ উপ্তত্ত হয়ে আছে। জুতা পায়েও বীচে হাটা কস্টদায়ক। স্বন্ধ্যার পড়েও একই অবস্থা। তাই পরিবার নিয়ে হোটেলে অবস্থান করছি।

আরো পড়ুন : বৃষ্টির কামনায় পটুয়াখালী ইসতিসকার নামাজ আদায়

হোটেল ফেন্ডস পার্ক ইনের ব্যবস্থাপক আল-আমিন বলেন, মোটামুটি ভাল পর্যটের উপস্থিতি রয়েছে। কিন্তু এসব পর্যটক হোটেল থেকে বের হয়ে দ্রুতই হোটেলে ফিরে আসছেন। গরমে তারা বাহিরে টিকতে পারছেননা।

জেলার সকল হাসপাতাল গুলোতে বেড়েছে ডায়রিয়াসহ গরম জনিত রোগীর সংখ্যা। গত (বুধবার) ২৪ ঘন্টায় জেলার ৮ উপজেলায় ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৭৯ জন রোগী। কলাপাড়ায় জেলার বাউফল ও কলাপাড়া হাসপাতালে স্যালইনের তীব্র সংকট দেখা দিয়েছে। (২১ এপ্রিল) জেলার কলাপাড়া উপজেলায় সত্তার ফারাজী নামে একজন ডায়রিয়া আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। মৃত সত্তার ফরাজী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামের বাসিন্দা।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক তানজিলা হাসির তৃষা জানান, সত্তার ফরাজীকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তিনি ডায়রিয়া আক্রান্ত ছিলেন এবং তার কিডনি ড্যামেজ ছিলো। ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় এই চিকিৎসক সকলকে তেল জাতীয় খাবার পরিহার, প্রয়োজন ছাড়া ঘরের বাহির না হওয়া, বেশি বেশি পানি পান করা এবং পানি জাতীয় খাবার গ্রহনের পরামর্শ দিয়েছেন। পটুয়াখালীর বাউফলে হিটস্ট্রোকে মোহাম্মদ শাহ-আলম (৫০) খান নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

২২শে এপ্রিল রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায় (ডিবি) পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। মৃত শহআলম বাউফল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। শনিবার তিনি ছুটিতে গ্রামের বাড়ি বাউফলে আসেন। রাত নয়টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় তাকে বাউফল হাসপাতালে চিকিৎসা শেষে বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আবহাওয়া আফিস সূত্র জানিয়ে, আপতত বৃস্টির কোন সম্ভাবনা নেই। এই তাপদাহ আরো কিছদিন অব্যাহত থাকবে।




বৃষ্টির কামনায় পটুয়াখালী ইসতিসকার নামাজ আদায়

পটুয়াখালী প্রতিনিধি :: তীব্রতাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টি কামনায় পটুয়াখালীতে সালাতুল ই‌স্তিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় শেখ রা‌সেল শিশুপার্ক সংলগ্ন ঝাউতলার বালুর মাঠে (কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তরপা‌শে) ওলামা মাশায়েক পরিষদ এ নামাজের আয়োজন করেন। পটুয়াখালী সরকারি কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোতাসসিমবিল্লাহ জুনায়েদ নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন।

শহরের বিভিন্ন এলাকার সকল স্তরের মানুষ নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মোনাজাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানিতে এক হৃদয় আকিতি পরিবেশের সৃষ্টি হয়।




আগামীকাল থেকে চট্টগ্রামে রুদ্ধদ্বার অনুশীলন করবে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের রুদ্ধদ্বার অনুশীলন সেশন করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বিসিবির কর্মকর্তারা জানিয়েছে, আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এই অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামে সিরিজের প্রথম তিন ম্যাচ এবং ঢাকায় শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে রুদ্ধদ্বার অনুশীলন সেশনের পর সিরিজের জন্য মূল দল ঘোষণা করা হবে।
দেশের বাইরে থাকার কারণে প্রাথমিক দলে রাখা হয়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে থাকলেও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ।
আইপিএল শেষ না করেই ২ মে দেশে ফিরবেন মুস্তাফিজ। আর চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে সাকিবের।
আগামী ২৮ এপ্রিল ঢাকায় পৌঁছে  সরাসরি চট্টগ্রামে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।




বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বুধবার সকালে মরিশাসের পররাষ্ট্র, আঞ্চলিক সংহতি ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী মনিশ গোবিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি এ আহ্বান জানান। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে মরিশাসের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রতিমন্ত্রী।

নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে অনেক মিল রয়েছে উল্লেখ করে দুই দেশের সম্পর্ককে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন বলে মরিশাসের পররাষ্ট্র মন্ত্রীকে জানান তথ্য প্রতিমন্ত্রী।

বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে মরিশাসে আরও বেশি শ্রমিক ও পেশাজীবীদের নিয়োগ দেওয়ার ব্যাপারে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

এছাড়া মরিশাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা যাতে দ্রুত দেশে রেমিটেন্স পাঠাতে পারে সে ব্যাপারে মরিশাস সরকারের সহযোগিতা কামনা করেন মোহাম্মদ আলী আরাফাত।

মরিশাস আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার হওয়ায় মরিশাসে বাংলাদেশের বিনিয়োগের মাধ্যমে আফ্রিকা মহাদেশে বাংলাদেশি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনার কথা বৈঠকে তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী।

বৈঠক শেষে মরিশাসের পররাষ্ট্র মন্ত্রী মনিশ গোবিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী।

পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলে মাদক পাচার এবং মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ে প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য বর্তমানে মরিশাসে অবস্থান করছেন মোহাম্মদ আলী আরাফাত।