সিএইচসিপি’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন বিডিক্রাইম

বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ রিয়াজ হোসেনের বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণস্বাক্ষর ও ক্লিনিকে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী। আজ (২৫) এপ্রিল বৃহস্পতিবার সকালে কমিউনিটি ক্লিনিকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ক্লিনিকের জমিদাতা সিরাজ হাওলাদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নাছিমা বেগম, শাহে আলম সরদার, খোরদেশ আলম সহ অন্যান্যরা।

এসময় বিক্ষুব্ধ গ্রামবাসী সিএইচসিপি রিয়াজের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে কমিউনিটি ক্লিনিকে তালা ঝুলিয়ে দেন। ফলে নবাগত সিএইচসিপি সাথী বেপারী যোগদান করতে না পেরে ফিরে যান। সিইচসিপি সাথী বেপারী বলেন, গত ২১ এপ্রিল বাটাজোর ইউনিয়নের বংকুরা ক্লিনিক থেকে একই ইউনিয়নের বাসুদেবপাড়া ক্লিনিকে বদলী করেন। বৃহস্পতিবার যোগদান করতে গিয়ে দেখি ক্লিনিকে তালা ঝুলছে। ফলে যোগদান না করে ফিরে এসেছি। বিষয়টি সংশ্লিস্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।




জমে উঠেছে বরিশাল সদর উপজেলা নির্বাচন

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে জেলার বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। তীব্র গরমের মধ্যে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এবছর বরিশাল সদর উপজেলা নির্বাচনে হেভিওয়েটের পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চারজনই আওয়ামী লীগ নেতা। যেহেতু দল থেকে কাউকে মনোনয়ন দেয়া হয়নি তাই সকলেই স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী মাঠে সবর সবাই।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম জাকির হোসেন: এস এম জাকির হোসেন বরিশাল প্রেসক্লাবের তিন বারের নির্বাচিত সাধারণ সম্পাদক। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলরও ছিলেন। একই সাথে তিনি বরিশালের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। তিনি করোনা কালীন সময়ে সুবিধা বঞ্চিত মানুষকে রাতের খাবার সরবরাহ করে মানুষের মন জয় করেছেন। দীর্ঘদিনের অবহেলিত বরিশাল সদর উপজেলাকে ঢেলে সাজাতে এবছর নির্বাচনে অংশ নিয়েছেন এস এম জাকির হোসেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক পাওয়ার পর থেকেই তিনি বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে ব্যস্থ সময় পার করছেন। নির্বাচনের বিষয়ে তিনি জানান, নির্বাচন শতভাগ সুষ্ঠু হলে তিনি জয় লাভ করবেন। নির্বাচনে কেউ যাতে প্রভাবিত করতে না পারে সেজন্য তিনি নির্বাচন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
জাকির বলেন, গোটা বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে এগিয়ে যাচ্ছে ঠিক তখনি বরিশাল সদর উপজেলা পিছিয়ে রয়েছে। এখানে মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে তিনি কাজ করছেন।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে সদর উপজেলাকে একটি স্মার্ট সদর উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
বরিশাল মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন: মাহমুদুল হক খান মামুন বরিশাল সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। প্রতীক পাওয়ার পর থেকেই তিনি বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।
নির্বাচনের জয়ের বিষয়ে খান মামুন বলেন, আমি দীর্ঘদিন মানুষের উন্নয়নে কাজ করেছি। আমার বয়স প্রায় ৬০ বছর। এই বাকী জীবনে সদর উপজেলার উন্নয়নে ভূমিকা রেখে আমি কাজ করে যেতে চাই। 
মনিরুল আলম ছবি: মনিরুল আলম ছবি বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে সদর উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এবারের নির্বাচনে তিনি দোয়াত কলম মার্কা নিয়ে নির্বাচন করছেন। এরই মধ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন তিনি।
জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মনিরুল আলম ছবি বলেন, আমি সাধারণ মানুষের সাথে থেকে এলাকার উন্নয়ন করতে চাই। মানুষ যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তবে আমি সদর উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকবো।
মাহবুবুল আলম মধু: বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম মধু। তিনি আওয়ামী লীগের নেতা হিসেবেও পরিচিত। ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন তিনি। মধু বলেন, দীর্ঘদিন ধরে সদর উপজেলা মানুষের যেকোনো সুযোগ সুবিধা ও বিপদে-আপদে তিনি পাশে দাঁড়িয়েছেন। তাই মানুষও তাকে সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। নির্বাচিত হলে পূর্বেও যেমন মানুষের পাশে ছিলেন আগামীতেও থাকবেন বলে জানান।
আব্দুল মালেক: বরিশাল সদর উপজেলা নির্বাচনে লড়ছেন সাবেক শিক্ষক আব্দুল মালেক। তিনি কাপপ্রিজ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি ও তার সমর্থকেরা।
এদিকে, প্রথম ধাপে বরিশাল সদর উপজেলা নির্বাচন জমে উঠেছে। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলোতে মিছিল মাইকিং, উঠান বৈঠক করে নিজেদের জন্য ভোট চাইছেন। এতে করে নির্বাচনী আমেজে সাধারণ ভোটাররাও রয়েছেন বেশ ফুরফুরা মেজাজে।
বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলায় পাঁচ চেয়ারম্যান প্রার্থী, চার ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং চার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. জসিম উদ্দিন তালা, শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ-উড়োজাহাজ, মো. হাদিস মীর-টিউবওয়েল ও মো. মাহিদুর রহমান (মাহাদ) বই প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগম হাঁস, মারিয়া আক্তার ফুটবল ও মোসাম্মৎ হালিমা বেগম কলস প্রতীক বরাদ্দ পেয়েছেন। বরিশাল সদর উপজেলা নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিল করেন ১২ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। আগামী ৮ মে বরিশাল সদর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



চরফ্যাশনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিত করণ সভা বিডিক্রাইম

: চরফ্যাশন চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার বেলা ১১টায় উপজেলা বজ্রগোপাল টাউন হলে নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন।

সহকারী কমিশনার (ভূমি) সালেক মূহিত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন, আসলামপুর ইউপি চেয়ারম্যান একে এম সিরাজুল ইসলাম, রসুলপুর ইউপির চেয়ারম্যান জহির পন্ডিত, সোনালী ব্যাংক ব্যবস্থাপক জাকির হোসেন প্রমুখ। বক্তরা বলেন, সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন। এই গ্লোগান নিয়ে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই দেশের মানুষের বৃহৎ চিন্তা করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সর্বজনীন পেনশন স্কিম চালুর ঘোষণা দিয়েছেন।

প্রথম ধাপে প্রায় ৩/৪শ’ লোকদেরকে এই নিবন্ধনের আওয়তা আনা হবে। ১৮বছর বয়স থেকে ৫০বছর বয়সীরা জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট নাম্বার ব্যবহার করে প্রত্যেক মাসে ৫শ’ টাকা করে জমা রাখলে সরকার আপনাকে দিবে ৫শ’টাকা, আপনার এ্যাকাউন্টে জমা হবে ১০০০হাজার টাকা। এভাবে আপনী ৫০বছর পর্যন্ত মাসিক পেনশনের টাকা পেনশনের ব্যাংক একাউন্টে বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস একাউন্টে (যেমনঃ বিকাশ,নগদ ইত্যাদি) স্বয়াংক্রিয়ভাবে জমা রাখতে পারবেন।

বয়স ৬০বছর পূর্ণ হলে চাকুরীজীবিদের মত আপনিও অজীবন পেনশন ভোগ করবেন। পেনশন দাতা পেনশন পাওয়ার পূর্বে যদি মারা যায় তাহলে জমাকৃত অর্থ মুনাফাসহ নমিনী/নমিনীগনকে ফেরত দেয়া হবে। সোনালী ব্যাংকে ১০টাকা দিলে হিসাব খোলা যাবে ওই হিসাবেই টাকা জমা থাকবে। ছবিঃ সংযুক্ত ক্যাপশনঃ চরফ্যাশন সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিত করণ সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন।




ভোটারদের টাকা বিতরনের অভিযোগে দুই জনের কারাদন্ড

আমতলীর ১টি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনে বৃহস্পতিবার দুপুরে আচরন বিধি লঙ্ঘন করে ভোটারদের অবৈধ ভাবে টাকা বিতরন কালে ৪০ হাজার টাকাসহ দুইজনকে আটকের পর কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, আমতলী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ এপ্রিল অনিুষ্ঠিত হবে।

এ নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অটোরিকসা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধার ছোট ভাই রফিকুল ইসলাম বিথু ও রিয়াজ হাওলাদার আমতলী পৌরসভার এমইউস্কুল সড়কের একটি বাসায় বসে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরন করছিলেন।

এখবর পেয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান তারেক ওই বাসায় অভিযান পরিচালনা করে এর সত্যতা পেয়ে ঘটনাস্থল থেকে ৪০ হাজার টাকাসহ রফিকুল ইসলাম বিথু ও রিয়াজ হাওলাদারকে আটক করেন।

পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রফিকুল ইসলাম বিথুকে ১ মাসের এবং রিয়াজ হাওলাদারকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান তারেক বলেন, নির্বাচনে আচরন বিধি লঙ্গনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।




মে’র প্রথম সপ্তাহে বৃষ্টির আভাস

হিট অ্যালার্টের (তাপপ্রবাহের সতর্কবার্তা) মেয়াদ বাড়ছে আরও তিনদিন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিনদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, ‘আমরা এর আগে তিনদিনের যে হিট অ্যালার্ট জারি করেছিলাম তার মেয়াদ আজ শেষ হচ্ছে।

আগামীকাল থেকে আরও তিনদিনের হিট অ্যালার্ট জারি করা হবে। কারণ, আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই।’ তিনি বলেন, ‘আমরা হিট অ্যালার্ট জারি করে সরকারকে জানিয়ে দেই। সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। সংশ্লিষ্টরা তাদের করণীয় যা সেটা করবে।’ আজিজুর রহমান বলেন, ‘সারাদেশের তাপমাত্রা গতকালের থেকে আজ কিছুটা বেড়েছে। এপ্রিল মাসে তাপপ্রবাহ পুরোপুরি দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা দেখছি যে এটা মে মাসের ২-৩ তারিখ পর্যন্ত চলবে। এরপর হয়তো বিভিন্ন অঞ্চলে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। এর আগে পর্যন্ত বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই।

স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।’ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরও বলেন, ‘আপাতত দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার কোনো লক্ষণ দেখছি না। ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা আর খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।’ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে বলেও জানান হাফিজুর রহমান। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।




কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

পিরোজপুরের কাউখালীতে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী হাফিজিয়া নুরানী মাদ্রাসার মাঠে বৃষ্টির আশায় বিশেষ নামাজ ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারাদেশে প্রচন্ড তাপদাহ থেকে পরিত্রান পেতে খোলা আকাশের নিচে মুসল্লিরা এই বিশেষ সালাত আদায় করেছেন। এসময় শত শত ধর্মপ্রাণ মুসলমানরা এই নামাজে অংশ নেয়।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠ ঘাট কৃষি জমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে অতিষ্ঠ হয় উঠেছে সকল শ্রেণী পেশার মানুষ। আল্লাহর অশেষ রহমতের জন্য এই নামাজ আদায় করা হয়। এ সময় মাঠে মুসল্লিদের কান্নায় ভারী হয়ে ওঠে। তারা মহান আল্লাহর দরবারে বৃষ্টির প্রার্থনা করে নামাজ আদায় করে। নামাজের ইমামতি করেন নীলতী হাফিজিয়া নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ নজরুল ইসলাম।




ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের জনসমর্থন

বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিক বরাদ্ব দেওয়া হয়েছে কিছুদিন পূর্বে। প্রতিক বরাদ্বের পর থেকেই বেশ সর-গরম নির্বাচনী পরিবেশ। বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যানে’র পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সিটিকর্পোরেশনের উন্নয়নের রুপকার প্রয়াত মেয়র আলহাজ্ব শওকত হোসেন শওকত হোসেন হিরনের বিশ্বস্ত কর্মী মো: জসিম উদ্দিন ছাড়া মাঠে কারো’ই তেমন একটা জনপ্রিয়তা নেই বলে মনে করছেন বরিশাল সদর উপজেলাবাসী।

বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের স্কুল ছাত্রী মারিয়া আক্তার জানান, আমাদের ইউনিয়নে বেশ কিছু সমস্যার বিষয়ে আমরা ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম ভাইয়ার সাথে কথা বলছি। সে’ও (জসিম উদ্দিন) খুব মনযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছে। আমরা আশাকরি তিনি বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আমাদের এখানে সমস্যা গুলো তার মাধ্যমেই সমাধান করা সম্বব।

উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের গৃহবধূ সুমাইয়া আক্তার বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের নাম আমরা ছোট বেলা থেকেই শুনে আসছি। শুনেছি- সে অনেক ভালো মানুষ। ভালো মানুষকেই জনপ্রতিনিধি বানানো উচিৎ। তাতে আমাদের’ই লাভ। চরমনাই ইউনিয়নের একটি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান জানান, নির্বাচনে এমন ব্যাক্তিকে ভোট দেওয়া উচিৎ, যিনি সাধারন মানুষের যেকোন বিপদের কথা শুনলেই দ্রুত এগিয়ে আসতে পারেন। বয়স্ক লোক দ্বারা সাধারনত এখন আর সেটা হয়না।

জসিম উদ্দিন বয়সে অন্য প্রার্থীদের চেয়ে তরুন ও পরিশ্রমী। আমি দেখেছি, তার (জসিম উদ্দিনের) মধ্যে সাধারন মানুষের জন্য কিছু একটা করার ইচ্ছা ছোট বেলা থেকেই। আমি বিশ্বাস করি জসিম উদ্দিন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান হলে বরিশাল সদর উপজেরার চেহারা পাল্টে যাবে। সব মিলিয়ে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের জয়জয়কার সর্বমহলে।




সদর উপজেলাবাসীর ইজ্জতহানী হয় এমন কোন কাজ আমি করবো না : এসএম জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এসময় তিনি চরমোনাই ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি। এর আগে গতকাল (২৫ এপ্রিল) বৃহস্পতিবার চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠিতে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে পথসভা করেছেন বরিশাল সদর উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

এসময় তিনি উপস্থিত সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই. মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে যেভাবে উন্নয়ন করেছেন তারই ধারাবাহিকতায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের হাতকে শক্তিশালী করতে আমরা সকলে একত্রিত হয়ে কাজ করবো। এসএম জাকির বলেন, আপনারা যারা মাঠে নেমে নির্বাচনের জন্য কাজ করছেন আমি নির্বাচিত হতে পারলে তাদের ইজ্জত-সম্মান রাখবো, ইনশাআল্লাহ্। কারণ আমি নির্বাচিত হলে আপনাদের কেউ বলতে পারবে না যে চেয়ারম্যানকে কেউ পাশে পায় না, চেয়ারম্যান কোন কাজ করে না।

আপনাদের ইজ্জতহানি হয় এমন কাজ আমি করবোনা। শুধু আপনাদেরই নয়, বরিশাল সদর উপজেলাবাসীর ইজ্জতহানী হয় এমন কোন কাজ আমি করবো না। তিনি আরও বলেন, আমরা যে কজন প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের মাঝে কিন্ত কোনো দ্বন্দ নেই। আমি চাইনা আমার যারা সমর্থিত লোক আছেন তারা কোনো দ্বন্দে জড়ান। সাধারণ ভোটারদের প্রতি আমার আহ্বান যে প্রার্থীকেই আপনাদের যোগ্য মনে হবে, যাকে আগামী ৫বছর আপনাদের পাশে পাবেন এমন একজন প্রার্থীকেই আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এসএম জাকির বলেন, আমার কাছে সকলেই সমান, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই।

তিনি বলেন, বর্তমানে যেভাবে তাপপ্রবাহ বেড়েছে আপনারা আপনাদের নির্বাচনী প্রচারণা করার সময় বেশি বেশি পানি খাবেন এবং হিট স্ট্রোক এড়িয়ে চলার চেষ্টা করবেন। এসময় উপস্থিত ছিলেন, চরকাউয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে তিনি চরকাউয়ার জিরো পয়েন্ট, চাঁদপুরা ইউনিয়নের সোনালীপুল এলাকায় সাধারণ মানুষের সাথে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

এছাড়া তিনি চাদপুরা ইউনিয়নের রায়পুরা নিবাসী আজিজ খান ও চরমোনাই ইউনিয়নের পসুরীকাঠি বড় হাওলাদার বাড়ি নিবাসী শামচুল হক হাওলাদারের মৃত্যুর খবর শুনে তাদের বাড়িতে ছুটে যান এবং জানাযার নামাজে অংশগ্রহণ করেন। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় চরমোনাই বুখাইনগর বাজারে মোটরসাইকেল প্রতীকের নির্বাচন কার্যালয় উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।




আসামিকে খালাস, বাদী এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বরিশালের উজিরপুরে মাদক মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলায় অভিযুক্ত ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) এ রায় দেন বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক সালমা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী মো. সোহেল রানা।

খালাস পাওয়া আসামি হলেন- বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের মৃত তালেব আলী খানের ছেলে সাইদুর রহমান নান্নু খান।

বেঞ্চ সহকারী জানান, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম নারায়নপুর খান বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ির উঠান থেকে ৬৭ পিস ইয়াবাসহ নান্নু খানকে আটক করে ১ অক্টোবর উজিরপুর মডেল থানায় মামলা করেন এসআই শেখ ফরিদ।

একই থানা পুলিশের এসআই কামাল ওই বছরের ৭ ডিসেম্বর নান্নুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। কিন্তু বিচারক ৯ জনের সাক্ষ্য নিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পেয়ে খালাস দেন

বেঞ্চ সহকারী সোহেল বলেন, রায়ে নান্নুকে খালাস দেওয়া হয়েছে। আর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মামলা করায় এসআই শেখ ফরিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই আদেশ বরিশাল জেলা পুলিশ সুপার, ডিআইজি ও আইজির কাছে পাঠানো হবে।




বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৭ এপ্রিল

 বরিশাল অফিস:: জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক (চ.দা.) মো. ফয়সাল মাহমুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যেখানে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যাও জানিয়ে দেওয়া হয়েছে।

যেখানে ২৭ এপ্রিল (শনিবার) এ ইউনিটের পরীক্ষা বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওইদিন মোট পাঁচ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৯০৭ জন ও বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এক হাজার ৪৩১ জন অংশ নেবেন।

৩ মে শুক্রবার বি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওইদিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট তিন হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

১০ মে শুক্রবার সি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওইদিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৯৪৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে আসন সংখ্যা এক হাজার ৫৭০টি।