দুমকীতে ২৪টি কেউটে সাপের বাচ্চা হত্যা ও মা সাপ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকী উপজেলায় একটি বসত ঘর থেকে ২৪টি বাচ্চাসহ একটি বিষধর কেউটে সাপ ধরা পড়েছে।বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দুমকী গ্রামের গাজী আব্দুল হামিদ এর মেয়ে নাসিমা বেগমের বসত ঘর থেকে এই বাচ্চা ও মা সাপ উদ্ধার করা হয়েছে।

নাসিমা’র ভাই আবু বকর গাজী জানান, সকাল ৮ টার দিকে তার ছেলে ও ভাগ্নী বোনের বাসার সামনের বারান্দায় খেলা করতে গিয়ে কেউটে সাপের বাচ্চা চলাচল করতে দেখে। এ কথা তাকে জানালে বাসার খাটের নিচে ও শোকেসের আড়াল খোঁজ করে কেউটে সাপের বাচ্চা গুলো বের করে আনা হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় বাচ্চাগুলো মেরে ফেলা হয়। পরে জেলা শহর থেকে সাপুড়েরা এসে চেষ্টা চালিয়ে বিকেলে মা সাপকে জীবিত অবস্থায় ধরতে সক্ষম হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় সাপ আতংক বিরাজ করছে।

আরো পড়ুন : আধুনিকতার ছোঁয়ায় বিশ্ববাজারে পটুয়াখালীর মৃৎ শিল্প

এ সময় সকলকে সচেতন হতে বলে তিনি আরও বলেন, বাসার চিপাচাপা সহ বিভিন্ন কোনাকানায় পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং বিশেষ করে বাসার মা-বোন ও বাচ্চাদের সতর্ক হতে হবে। প্রতি বছর এ সময় বিষাক্ত সাপের ছোবলে অনেকেই নিহত হন।




বরিশাল নগরে সড়ক দখল করে দোকান

বরিশাল অফিস :: বরিশাল নগরের সরু সড়কগুলোতে দু’পাশের ফুটপাত দখল করে স্থাপিত হয়েছে অস্থায়ী দোকান। এতে সড়কগুলো আরও সরু হয়ে গেছে। এ ছাড়া গভীর রাতে চুরি হয়ে যাচ্ছে ড্রেনের ঢাকনা। এ দুই সমস্যায় ফুটপাত দিয়ে পথচারীদের চলা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোনো কোনো এলাকার ভুক্তভোগীরা সিটি করপোরেশনে (বিসিসি) অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না।

কয়েকটি সড়ক ঘুরে দেখা গেছে, অস্থায়ী অনেক দোকানঘর তোলা হয়েছে। জানা গেছে, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের ছত্রছায়ায় দোকান গড়া হয়েছে। এগুলো থেকে ভাড়াও নিচ্ছেন তারা। নগরীর সিঅ্যান্ডবি রোড থেকে কাজীপাড়া সড়কে প্রবেশের সময় দেখা গেছে জনস্বাস্থ্য প্রকৌশলীর দপ্তর পর্যন্ত দুই পাশে টিন দিয়ে তৈরি অসংখ্য দোকান। সেগুলো ভাড়া দিচ্ছে স্থানীয় ছাত্রলীগ নামধারীরা।

একই চিত্র দেখা গেছে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের বিপরীতে ত্রিশ গোডাউনে প্রবেশ সড়ক, বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন কেডিসি সড়ক, মুন্সি গ্যারেজ থেকে গোরস্তান রোড, নিউ সার্কুলার রোডের মোড়সহ বিভিন্ন এলাকায়। কোথাও টিনশেড আবার কোথাও টংঘর তোলা হয়েছে। এতে বিঘ্ন হচ্ছে যানবহন চলাচল।

কাজীপাড়ার বাসিন্দা আবু সাঈদ খান বলেন, তাদের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। তার ওপর দুই পাশ দখল করে স্থাপনা গড়ে ওঠায় চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী স্থানীয় কাউন্সিলর এবং মেয়রের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
২২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর রেশমী বেগম বলেন, কাজীপাড়া সড়কটি অবৈধ দখলের বিষয় তিনি জানেন না। কারা দখলদার কিংবা ভাড়া নিচ্ছে তাও জানা নেই। তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে পদক্ষেপ নেবেন।

এদিকে নগরের বিভিন্ন এলাকায় সড়কের পাশে থাকা ফুটপাতে ড্রেনের ঢাকনা রাতের আঁধারে উধাও হয়ে যাচ্ছে। প্রায় এক মাস আগে এ উপদ্রব শুরু হয়েছে বলে জানা গেছে। এতে ঝুঁকিতে পড়ছেন পথচারীরা। সাম্প্রতিক সময়ে বগুড়া রোড, সদর রোড ও হাসপাতাল রোডের বিএম কলেজ এলাকায় লোহার ঢাকনা চুরির ঘটনায় জড়িত কয়েকজনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন বিসিসির পরিচ্ছন্নকর্মীরা। এর পরও থেমে নেই চুরির ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক পরিচ্ছন্ন বিভাগের এক কর্মকর্তা বলেন, প্রতিদিনই কোনো না কোনো সড়কে ড্রেনে লোহার ঢাকনা চুরির খবর আসছে।

বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রুমেল বলেন, কিছু কিছু সড়কে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। খুব শিগগির সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু হবে। এর আগে এগুলো উচ্ছেদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তবে কিছু সড়ক নগরের মধ্যে হলেও অন্য সরকারি দপ্তরের। সেগুলোর জটিলতা নিরসনে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। সড়কের ড্রেনের ঢাকনা চুরির বিষয়টি কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে চোর আটক ও মামলা হয়েছে। সরকারি সম্পদ চুরির ঘটনা রোধ বা সম্পদ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।




ভোলার পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা

বরিশাল অফিস :: ভোলার আলীনগর ও চরসামমাইয়া ইউনিয়নের মধ্যবর্তী এলাকার সুকদেব ডাকঘরটি সরকারি প্রতিষ্ঠান হলেও ব্যবহার হচ্ছে পোস্টমাস্টারের ব্যক্তিগত ব্যবসায়িক সেন্টার হিসেবে। ডাকঘর ভবনের দুটি কক্ষেই রয়েছে দুটি বিশাল আকারের ডিপফ্রিজ। ফ্রিজের মধ্যে সংগ্রহ করে রাখা হয় আইসক্রিম। এখান থেকে প্রতিদিন আইসক্রিম নিয়ে তা বাজারে বিক্রি করা হয়।

সরেজমিনে পোস্ট অফিসে গিয়ে দেখা যায় দুটি কক্ষে তালা ঝুলছে। ডাকটিকিট নেওয়ার পকেট স্থানটি ধুলাবালিতে ঢাকা। নামেমাত্র পোস্ট অফিস হলেও ব্যবহার হচ্ছে না কোনো কিছুই। ধুলাবালির আস্তরণে ঢাকা পড়েছে আসবাবপত্র। অফিসে নেই পোস্টমাস্টার ও পোস্টম্যান।

তাদেরকে না পাওয়া গেলেও দেখা মেলে পোস্টমাস্টার মো. মনিরুল ইসলামের ছেলের। সে জানায়, তার বাবা বাজারে তাদের দোকানে দোকানদারি করছেন। পোস্ট অফিসের ভেতর রাখা ফ্রিজ দোকানের।

পোস্টমাস্টারকে তার মোবাইল ফোনে কল দিলে জানান, রোগী দেখতে তিনি ভোলা হাসপাতালে গেছেন। আসতে দেরি হবে।

ওই অফিসে সংযুক্ত ডাকপিয়ন অমল কৃষ্ণ দে জানান, চিঠি থাকলে তিনি কেবল তা বিতরণ করেন। তিনি ৩টি পোস্ট অফিসের দায়িত্বে থাকায় একদিন পরপর আসেন।

এ বিষয়ে জেলার প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. কামরুল আহসান বলেন, পোস্ট অফিসের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় নেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি। মনিরুল ইসলাম যে কাজ করছেন তা সঠিক নয়। তার বিরুদ্ধে যথানিয়মে ব্যবস্থা নেওয়া হবে।

ওই দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, সরকারের কোনো অফিস কারও ব্যক্তিগত কাজে বা ব্যবসা সেন্টার হতে পারে না। জরুরি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।




আমতলীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর পেটের ভূরি বের করলো স্বামী !

বরিশাল অফিস :: আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে বুধবার গভীর রাতে নেশার টাকা না পেয়ে স্ত্রী শাহনাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে স্বামী মাহতাব হাওলাদার। দায়ের কোপে শাহনাজ বেগমের পেটের নারী-ভূরি পেটের বাইরে বের হওয়ায় তাকে শেবাচিমে ভর্তি করা হয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাহতাব হাওলাদারকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

জানা গেছে, আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মৃত মো. আমির আলী হাওলাদারের ছেলে মো. মাহতাব হাওলাদারের সাথে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত মনু গাজীর মেয়ে শাহনাজ বেগমের সাথে ২০০৪ সালে বিয়ে হয়। স্বামী মাহতাব নেশাসক্ত হওয়ায় তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। এরই মধ্যে শাহনাজের কোলজুড়ে আসে দুটি ছেলে সন্তান। নেশার কারনে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

এ নিয়ে স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে মামলাও করেন শাহনাজ বেগম। ঘটনার দুই দিন আগে সোমবার রাতে শাহনাজ বেগমকে মারধর করেন স্বামী মাহতাব হাওলাদার। মাহতাবের এ নেশার কাজে সহায়তা করেন তার মা নূরজাহান বেগম ও তার ভাই মাহবুব হাওলাদার। ঘটনার দিন বুধবার সন্ধ্যায় শাহনাজ বেগমমের কাছে নেশার টাকা দাবী করেন স্বামী মাহতাব।

টাকা না পেয়ে তাকে সন্ধ্যায় লাঠি দিয়ে ব্যাপক মারধর করে ঘরের বাইরে চলে যান। এরপর গভীর রাতে ফিরে এসে স্ত্রীর নিকট আবার টাকা দাবী করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে মাহতাব শাহনাজ বেগমকে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। দায়ের কোপে শাহনাজ বেগমের পেটের ভূরি বের হয়ে যায়। শাহনাজ বেগমের ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে মাতাবকে আটক করে। দায়ের কোপে শাহনাজ বেগমের শরীর থেকে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে।

আহত শাহনাজ বেগমের মা রোকেয়া বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, মোর মাইয়াডারে আহত শাহনাজ বেগমের মামা মো. নাসির হাওলাদার জানান, মাহতাব নেশার টাকার জন্য আমার ভাগ্নিকে প্রায়ই মারধর করতো।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিৎসক ডা. লুনা বিনতে হক জানান, শাহনাজের অবস্থা খুবই আশঙ্কাজনক। দায়ের কোপে তার পেটের ভূরি বাইরে চলে এসেছে। তার শরীরে ২০-২৫টি কোপের চিহ্ন রয়েছে।

আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, আহত শাহনাজ বেগমের স্বামী মাহতাব হাওলাদার একজন মাদকাসক্ত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই হতো।

আমতলী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, শাহনাজ বেগম নামে এক নারীকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় আহত শাহনাজ বেগমের স্বামী মাহতাবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।




চরফ্যাসনে সাপের কামড়ে শিশুর মৃত্যু

বরিশাল অফিস:: ভোলার চরফ্যাসনে বিষাক্ত সাপের কামড়ে ইয়ামিন(৫) বছর বসয়ী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডর এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের নুর উদ্দিনের ছেলে।

ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মেলেটারী জানান, শিশু ইয়ামিন নিজবাড়ির পুকুরে মামার সাথে মাছ শিকারে যান। ওই সময় পানির থেকে শিশু ইয়ামিনকে বিষাক্ত সাপে কামড় দেয়। শিশুর চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্বজনরা পুকুর থেকে উদ্ধার করে তাকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাসন হাসপাতালে কর্মরত সাব- অ্যাসিন্টেট কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই শিশুটি বিষাক্ত সাপের কামড়েই মৃত্যু হয়েছে।




তীব্র গরমে শরীরে পানি ঘাটতি পূরণ করবে যেসব ফল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  এই অসহ্য গরমে জনজীবন অতীষ্ট হয়ে উঠেছে। প্রচণ্ড গরমে ঘেমে নেয়ে সবাই একাকার। আর এ কারণে অনেকের শরীরে পানিশূন্যতাও দেখা দিচ্ছে। আসলে ঘামের সঙ্গে শরীরের প্রয়োজনীয় পানি অনেকটাই বের হয়ে যায়। সেই ঘাটতি পূরণ না হলে দেখা দিতে পারে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা।

তবে শুধু গরমের কারণেই নয়, ডায়রিয়া, বমি, জ্বর ইত্যাদির জন্যও দেখা দিতে পারে শরীরে পানির ঘাটতি। বিশেষজ্ঞদের মতে, শরীরে পানির ঘাটতি দেখা দিলে পানির পাশাপাশি খনিজ পদার্থেরও ঘাটতি হয়। তাই এ সময় ডাব, স্যালাইন ইত্যাদি পান করতে পারেন।

আবার পটাশিয়ামের অভাব পূরণের জন্য নিয়মিত পাকা কলাও খেতে পানে। তবে এড়িয়ে চলতে হবে কফি খাওয়া। অতিরিক্ত কফি শরীরে পানিশূন্যতার সৃষ্টি করে। তাই গরমে কফি ও তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন। তবে বেশ কিছু ফল আছে, যা আপনার শরীরের পানির ঘাটতি পূরণ করতে পারবে। যেমন-

লেবু

গরমে প্রশান্তি পেতে কমবেশি সবাই লেবুর শরবত পান করেন। ভিটামিন সি যুক্ত এই ফলের রস আপনাকে সতেজ অনুভূতি দেবে সারাদিন। তবে লেবুর শরবতে খুব বেশি চিনি মেশাবেন না।

লেবুতে থাকা পটাশিয়াম শরীর সুস্থ রাখতে সাহায্য করে। ঘামের কারণে শরীরে খনিজের যে ঘাটতি তৈরি হয় তার অনেকটাই পূরণ করে লেবু। লেবুর প্রায় ৮৮ শতাংশই পানি।

তরমুজ

গ্রীষ্মকালীন ফল তরমুজ। বাজারে বেশ সহজলভ্য ফলটি। গরমে একটু স্বস্তি পেতে খেতে পারেন এই ফল। এটি শরীরে জলের অভাব পূরণ করে। তরমুজে শতকরা ৯০ ভাগের বেশি পানি থাকে। 

ফলে পানিশূন্যতা রোধে এটি হতে পারে একটি উপকারী খাবার। সঙ্গে আছে ফাইবার, ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টি অক্সিডেন্ট লাইকোপিন ও ম্যাগনেসিয়াম। যা তীব্র গরমেও আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে।

টমেটো

টমেটো এখন প্রায় সারাবছরই পাওয়া যায়। টমেটো রান্না কিংবা কাঁচা, যেভাবেই খাবেন তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। তবে সবচেয়ে বেশি উপকার পাবেন কাঁচা খেলে।

এতে আছে ভিটামিন এ, ভিটামিন বি ২, ভিটামিন সি, ক্রোমিয়াম, ফোলেট, ফাইবার, পটাশিয়াম ও ফাইটোকেমিক্যালের উপকারী পুষ্টি। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টমেটো খেলে ক্যানসার, হৃদরোগ ও অটোইমিউন ডিসঅর্ডারের ঝুঁকিও কমতে পারে।

শসা

গরমের আরেকটি সেরা ফল হল শসা। এটি পানিশূন্যতা রোধ করতে সাহায্য করে। শসায় আছে ভিটামিন কে, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। শসার প্রায় ৯৫ শতাংশই পানি।

এই ফলের সবচেয়ে উপকারী গুণ হলো, এতে ক্যালোরির পরিমাণ খুবই কম।নিয়মিত শসা খেলে দূর হয় শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ। এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে। শসা খেলে গরমে শরীর ঠান্ডা থাকে।

সূত্র: বোল্ডস্কাই




ভোলায় পুকুরে মিলল দেশীয় প্রজাতির আড়াই কেজির তেলাপিয়

বরিশাল অফিস :: ভোলার লালমোহন উপজেলায় বসত বাড়ির পুকুরে মিললো অন্তত আড়াই কেজি ওজনের দেশীয় প্রজাতির তেলাপিয়া মাছ। শুক্রবার দুপুরে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আনিছল হক মিয়া বাড়ির পুকুর থেকে ওই মাছটি ধরা হয়।

ওই বাড়ির বাসিন্দা সাংবাদিক অপু হাসান বলেন, আমাদের বাড়ির পুকুরটি বহু পুরনো। বিভিন্ন সময় আমাদের আত্মীয়-স্বজনরা এই পুকুরটিতে নানা প্রজাতির মাছ ছাড়েন। বছরের বিভিন্ন সময় ওই পুকুর থেকে মাছ ধরা হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার পুকুরটিতে মাছ ধরতে গেলে জালে অন্যান্য মাছের সঙ্গে প্রায় আড়াই কেজি ওজনের দেশীয় প্রজাতির একটি তেলাপিয়া মাছও ধরা পড়ে। মাছটি ধরার পর নিজেদের খাওয়ার জন্য রেখে দিয়েছি। পুকুরটিতে এ ধরনের আরো বেশ কিছু মাছ রয়েছে।




বরিশালে তাপদাহ থেকে বাঁচতে বিনোদন কেন্দ্রে মানুষের ভীড়

বরিশাল অফিস :: অসহ্য তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর মধ্যে কিছুটা শান্তি এনে দিয়েছে নগরীর বিনোদন কেন্দ্রগুলো। সারাদেশের ন্যায় বরিশালেও তাপদাহের সাথে বেড়েছে লোডশেডিং।

তাইতো গরম থেকে বাঁচতে সারাদিনই পরিবার নিয়ে নগরীর ৩০ গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক, ডিসি লেকের পাড় সহ বিভিন্ন নদী ও জলাশয় সংলগ্ন স্থান গুলোতে নগরবাসিকে অবস্থান করতে দেখা গেছে। ট্রলার ও নৌকা নিয়ে নদীতে বেড়াতে যেতে দেখা গেছে পরিবার ও প্রিয়জনসমেত নগরীর বাসিন্দাদের। আলাপে তারা জানিয়েছে, ঘরে-বাইরে কোথাও স্বস্বি মিলছে না প্রচন্ড গরমে।

তাই নদীতে ঘুরে নির্মল হাওয়ায় কিছুটা শান্তির খোঁজে এসেছেন। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনটিতে এই চাপ ছিলো নগরীর প্রতিটি নদী সংলগ্ন বিনোদন কেন্দ্রগুলোতে। অন্যদিকে বিনোদন কেন্দ্রের লোক বাড়ায় গরমের মধ্যেও বেশ ফুরফুরে মেজাজে ছিলেন সেখানকার জীবিকা নির্বাহের তাগিদে থাকা পথ খাবারের দোকানদার ও পানি বিক্রেতারা। তারা জানিয়েছেন গরম বাড়ায় বেড়েছে মানুষের চাপ। ট্রলারে ঘুরতে যাওয়া লোকজনের সংখ্যাই বেশি।

পরিবার নিয়ে শুক্রবার বেলা ৩টার দিকে ডিসি লেকের পাড়ে অবসরযাপন করতে আসা ফেরদৌস ওয়াহিদ জানান, প্রচন্ড গরমে ঘরে থাকা দায়। ছুটির দিনে লোডশেডিং এ গরম বাড়িয়েছে কয়েক গুন। সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ওদের নিয়ে বেড়াতে এসেছেন ডিসি লেকের পাড়ে। এই জায়গার পরিবেশ বেশ শীতল। এখানে থাকা শতবর্ষি দুই বৃক্ষের ছায়ায় বেশ স্বস্তিতে সময় কাটে। এরপর বিকেল হলে যাবেন ৩০ গোডাউনে।

৩০ গোডাউন এলাকা থেকে ট্রলারে ভ্রমণে যাওয়া গৃহিনী রোজিনা আক্তার জানান, সপ্তাহে ছুটির দিনে সর্বদাই বেড়াতে আসেন তারা। আজ প্রচন্ড গরম তাই একটু নির্মল পরিবেশ উপভোগ করতে পরিবার নিয়ে ট্রলারে ঘুরতে যাচ্ছেন।
৩০ গোডাউন এলাকার ট্রলার চালক ইউনুস মিয়া জানান, গরম বাড়ার পর থেকে ৩০ গোডাউন নদীর পাড়ে গোসল ও ট্রলারে বেড়াতে আসা লোকজনের সংখ্যা বেড়েছে কয়েকগুন। কেউ কেউ ঘন্টা হিসেবে কেউবা আবার সারাদিনব্যাপী ট্রলার রিজার্ভ করে পরিবার নিয়ে নদীতে ঘুরতে যাচ্ছেন।

গরম যতদিন থাকবে এমন চাপ অব্যাহত থাকবে বলে মনে করেন ৩০ গোডাউনের অস্থায়ী ফলের রস ও লেবুর শরবত বিক্রেতা রানা। তিনি বলেন, প্রচন্ড গরমে মানুষ প্রচুর পরিমানে পানি জাতীয় খাবার খাচ্ছে। বেচা-কেনা বেশ ভালো।




গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মুখপাত্রের পদত্যাগ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিত পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনে এক পোস্টে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন তিনি।



লবনাক্ত জমিতে কোলেস্টেরল মুক্ত তৈলের হাতছানি দিচ্ছে হাইব্রিড সূর্যমুখী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় ভোজ্য তেলের ঘাটতি পূরনের জন্য সূর্যমুখী হাইসান ৩৩ ফসলের মাঠ পরিদর্শন, ফসল কর্তন ও মাঠ দিবস পালন উপলক্ষে কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও মহাপরিচালক (বীজ) বীজ অনুবিভাগ মো. আবু জোবায়ের হোসেন বাবলু বলেন, লবনাক্ত জমিতে ফসল উৎপাদন কোন বাধা হতে পারেনা যদি লবন ক্ষয়িষ্ণু বীজ রোপন করা যায়৷ দক্ষিণাঞ্চলে এ মৌসুমে ৩৫ হেক্টর জমি অনাবাদি থাকে। এ অনাবাদি জমি আবাদিতে রুপান্তর করতে স্বপ্ন দেখাচ্ছে ব্রাক সিড। ব্রাকের উৎপাদিত সূর্যমুখী হাইসান ৩৩ এ অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটাচ্ছে। আমদানি নির্ভরতা কমিয়ে এনে নিজেদের উৎপাদিত তেল নিজেরা ব্যবহার করাই এখন আমাদের মূল লক্ষ।

শুক্রবার (২৬এপ্রিল) বিকেলে ব্র্যাক সিড অ্যাড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে মোয়াজ্জেমপুরে সূর্যমুখী হাইসান ৩৩ ফসলের সূর্যমুখী উৎপাদন পরবর্তী প্রক্রিয়াজাতকরন উদ্যোগ, এডাপটেশন ক্লিনিক পরিদর্শন, সূর্যমুখী মাঠ পরিদর্শন, ফসল কর্তন ও মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : আধুনিকতার ছোঁয়ায় বিশ্ববাজারে পটুয়াখালীর মৃৎ শিল্প

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএডিসির সদস্য পরিচালক ( বীজ ও উদ্যান) মো. মুস্তাফিজুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ও বিএডিসি মোহাম্মদ নজরুল ইসলাম, ব্র্যাক এন্টারপ্রাইজের ঊধ্বর্তন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান, বরিশাল এসিআই সীড বিজনেস ডাইরেক্ট সুধীর চন্দ্র নাথ, এ্যডভান্টা সীড ইন্টারন্যাশনাল কান্ট্রি ম্যানেজার ডঃ এবিএম জিয়াউর রহমান,কলাপাড়া উপজেলা কৃষি অফিসার মো. আরাফাত হোসাইনসহ প্রমূখ।

উপজেলার তথ্যমতে, এ উপজেলার প্রায় ১হাজার ৯৫০হেক্টর জমিতে সূর্যমূখী আবাদ হয়েছে। সে হিসাবে প্রায় ১৩৬৫ মেট্রিকটন তেল উৎপাদন হবে। প্রতি কেজি ৩’শত টাকা করে মূল্য নির্ধারণ করলে সেক্ষেত্রে ৪০ কোটি ৯৫ লক্ষ টাকার তেল কৃষকরা বিক্রি করবে।

লতিফপুরের স্থানীয় কৃষক মো. নুর ইসলাম আকন বলেন, এবারি প্রথম ২.৫ বিঘা জমিতে হাইব্রিড হাইসান ৩৩ এর বীজ রোপন করলাম। ভালো ফলন হয়েছে। আশা করি ২০ থেকেন ২২ মন বীজ পাব। বীজ থেকে যে তৈল পাব তা দিয়ে আমার সংসারের পুরো বছরে আর তৈল ক্রয় করতে হবে না।

আরো পড়ুন : পটুয়াখালীতে পথচারীদের পানির বোতল ও স্যালাইন দিচ্ছেন রেড ক্রিসেন্ট

মো. নেওয়ামুর নাসির বলেন, ব্রাকের অর্থায়নে আমাদের পতিত জমিতে লবন ক্ষয়িষ্ণু হাইব্রিড হাইসান ৩৩ বিজ দিয়েছি। আমাদের জমি সারা বছরে একবার ফসল উৎপাদন করতে পারি কিন্তু এবারেই প্রথম ব্রাকের সহায়তায় আমি ১০ বিঘা জমিতে হাইব্রিড হাইসান ৩৩ চাষ করে প্রায় ৫০ মনের বেশি বীজ পাব। যা বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হতে পারব।

বিশেষ অতিথি বিএডিসির সদস্য পরিচালক ( বীজ ও উদ্যান) মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিজটি এই অঞ্চলের জন্য আর্শীবাদ। লবনের সাথে যুদ্ধ করে বেড়ে উঠে। আমাদের আর যেন তেল আমদানি না করা লাগে। সেই লক্ষে সূর্যমুখীর চাষ বেড়ে গেছে। আমাদের খাদ্য ও পুষ্টি যোগান দিবে।