চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালসহ টিভিতে যা দেখবেন




দিল্লিকে সহজে হারালো কলকাতা

চন্দ্রদ্বীপ ডেস্ক : মাঝারি লক্ষ্যকে আরও সহজ বানিয়ে জয়ে ফেরলেন কলকাতার ব্যাটাররা। দিল্লি ক্যাপিটালসের দেওয়া লক্ষ্য খুব সহজে পার করে কেকেআর। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সোমবার (২৯ এপ্রিল) দিল্লিকে সাত উইকেটে হারিয়েছে কলকাতা।

আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে দিল্লি।

জবাবে ১৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১৫৭ রান করে কলকাতা।

রান তাড়ায় ঝড়ো গতির শুরু এনে দেন কেকেআরের দুই ওপেনার। ফিল সল্ট ও সুনিল নারিনের উদ্বোধনী জুটিতে ৩৭ বলে আসে ৭৯ রান। ১০ বলে ১৫ রান করা নারিনকে সাজঘরে ফেরান অক্ষর প্যাটেল।

এর মধ্যেই অর্ধশতক তুলে নেন সল্ট। ৩৩ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৬৮ রান করেন তিনি। বোল্ড করে তাকেও ফেরান অক্ষর।

 

দুই ওপেনার ফেরার পর কেকেআরকে জয়ের দিকে এগিয়ে নেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। মাঝে ১১ বলে ১১ রান করে লিজাড উইলিয়ামসের বলে আউট হন রিঙ্কু সিং। রিঙ্কু ফিরে গেলেও ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে শ্রেয়াস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

শ্রেয়াস অপরাজিত থাকেন ২৩ বলে ৩৩ রানে। ভেঙ্কটেশের ব্যাট থেকে আসে ২৩ বলে অপরাজিত ২৬ রান। দিল্লির পক্ষে অক্ষর দুটি এবং লিজার্ড এক উইকেট পান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা দিল্লির শুরুটা ভালো হয়নি। দলীয় ৩০ রানের মধ্যে হারায় দুই ওপেনার পৃথ্বি শ ও ফ্রেসার ম্যাকগার্কের উইকেট। সাত বলে ১৩ রান করেন শ, ম্যাকগার্ক সাত বল খেলে করেন ১২। ভৈভব অরোরার শিকার হন শ, ম্যাকগার্ককে ফেরান মিচেল স্টার্ক। ওয়ানডাউনে নামা অভিষেক পোরেলও খুব বেশি করতে পারেননি। ১৫ বলে ১৮ রান করে হারশিত রানার বলে বোল্ড হন।

শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি দিল্লি। অধিনায়ক ঋষভ পন্ত ২০ বলে ২৭ রান করে ইঙ্গিত দিয়েছিলেন ভালো কিছু করার। তাকে টিকতে দেননি ভরুণ চক্রবর্তী। এরপর আসা যাওয়ার মিছিলে থাকে বাকিরা। শেষ দিকে কুলদীপ যাদবের ২৬ বলে অপরাজিত ৩৪ রানে ভর দিয়ে দিল্লি পার করে দেড়শর ঘর। ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ রান আসে কুলদীপের ব্যাট থেকেই।

কলকাতার পক্ষে চার ওভারে ১৬ রানে তিন উইকেট নেন ভরুণ। ২৭ রান দিয়ে দুই উইকেট পান রানা, ভৈভবও নেন দুটি।




এনজিওর চাকরি ছেড়ে মাশরুম চাষে সফল পটুয়াখালীর মিলন

পটুয়াখালী প্রতিনিধি :: এনজিওর চাকরি ছেড়ে মাশরুমের চাষ শুরু করেন অতিউর রহমান মিলন। শুরুর গল্পটা ছিল চ্যালেঞ্জের। কিন্তু চার বছরের ব্যবধানে পাল্টাতে শুরু করে ভাগ্যের চাকা। আড়াই হাজার স্কয়ার ফিটের জায়গায় এখন তিনটি শেড। বাজারজাত করছেন মাশরুমের আচার, স্যুপ পাউডার, টুথ পাউডারসহ নানান পণ্য। চার লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা আসছে অন্তত ৯০ হাজার টাকা।

বিনিয়োগের তুলনায় লাভ বেশি হওয়ায় মাশরুম চাষে ঝুঁকছেন পটুয়াখালীর উদ্যোক্তারা। তবে দরকার যথাযথ প্রশিক্ষণ আর ব্যাংক ঋণ।

প্রযুক্তির সহযোগিতায় বছর জুড়েই চাষাবাদ হয় মাসরুমের। কাঠের গুড়া, গমের ভুষি, ধানের কুড়া ও খড় দিয়ে চাষাবাদও সহজ। মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগেই শুরু করা যায় চাষাবাদ। লাভও মেলে ৬০ শতাংশ পর্যন্ত। তাই আগ্রহ বাড়ছে তরুণদের।

আরো পড়ুন : খালে পাওয়া ‘টর্পেডো’ উদ্ধার করল নৌবাহিনী

পুষ্টিগুণের পাশাপাশি রয়েছে বাণিজ্যিক চাহিদা, রপ্তানি হতে পারে দেশের বাইরেও। নানামুখি চ্যালেঞ্জে কাজে লাগানো যাচ্ছে না সম্ভাবনার পুরোটা। যদিও চাষিদের প্রশিক্ষণসহ সরকারি নানা উদ্যোগের কথা জানান পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.নজরুল ইসলাম।

জেলায় আগের চেয়ে বাড়ছে মাশরুম চাষ। যেখান থেকে পাওয়া যাচ্ছে প্রতি মাসে অন্তত ১৫ টন মাশরুম।




আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা

চন্দ্রদ্বীপ ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ আহ্বান করা হয়েছে৷ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷




হার্ভার্ডে উড়ল ফিলিস্তিনি পতাকা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমেই বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। আর মধ্যেই বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। সোমবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট ও এনডিটিভি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যদিকে কর্তৃপক্ষ সপ্তাহান্তে প্রায় ২৭৫ জনকে গ্রেপ্তার করেছে। এক সপ্তাহেরও বেশি আগে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে।

এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের কারণে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া এই ফিলিস্তিনপন্থি বিক্ষোভ অব্যাহত থাকার পাশাপাশি পুলিশি দমন-পীড়ন এবং গ্রেপ্তার অভিযানও অব্যাহত রয়েছে।

চলমান প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা ক্যাম্পাসের ভেতরেই ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন। ক্যাম্পাসের আইভি লিগ স্কুলের সামনে যেখানে এই পতাকা উত্তোলন করা হয় সেই জায়গাটি সাধারণত যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার জন্য সংরক্ষিত।

এছাড়া তারা ওয়াশিংটন হিলটন হোটেলের ওপরের ফ্লোরের জানালা থেকেও একটি বিশালকার ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছিল। এটি মূলত হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির বার্ষিক নৈশভোজের স্থান।




তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ

বরিশাল অফিস:: তীব্র তাপদাহে পরিবেশ বিপর্যয়ে যখন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে একপ্রকার মরতে বসেছে ঠিক সেই সময়ে ভোলার তজুমদ্দিনে সড়কের ৮৫৬টি গাছ কাটার সকল বন্দোবস্ত সম্পন্ন করা হয়েছে। তাপদহের এ দুঃসময়ে গাছ কাটার খবর ছড়িয়ে পরায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জানা যায়, ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মুচিবাড়িরকোনা বাজার টু দক্ষিণ খাশেরহাট বাজার পর্যন্ত প্রায় ৫.৪৩ কিলোমিটার রাস্তা চওড়া করার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। যার বরাদ্দ নির্ধারণ হয়েছে প্রায় ১১কোটি ৮৫ লাখ টাকা। রাস্তাটি টেন্ডারের মাধ্যমে কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মেসার্স ইউনুছ এ- ব্রাদার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। আগে ওই রাস্তাটি ১২ ফুট চওড়া ছিলো। এখন তা বাড়িয়ে করা হবে প্রায় ১৮ ফুট। রাস্তা চওড়া করার জন্য দুই পাশের প্রায় ৮৫৬টি গাছ কেটে ফেলার জন্য সকল প্রক্রিয়া শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

ইতিমধ্যে ভোলা জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে গাছগুলো ক্রয় করেছে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। খুব শীঘ্রই গাছ কাটার কাজ শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

সারা দেশে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যখন বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন, তখন উন্নয়নের নামে গাছ কাটার খবর প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা।

সড়ক এলাকার বাসিন্দা কৃষক মোস্তাফিজ, আবু তাহের, আফসার, মনিরসহ অনেকে জানান, রাস্তার পাশে থাকা গাছগুলোর ছায়ায় কৃষক ও শ্রমজীবী শ্রেণির মানুষ মাঠে কাজের ফাঁকে একটু বিশ্রাম নেন। এ তীব্র তাপপ্রবাহের মধ্যে এখন রাস্তার দুপাশের বিশালাকৃতির গাছগুলো কাটা হলে মরুভূমিতে পরিণত হবে এলাকাটি। তাই এলাকাবাসীর দাবি করেন, গাছগুলো রক্ষা করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যেন বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়।

রাস্তার পাশে অবস্থিত পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, গরমের কারণে অনেকদিন আমাদের স্কুল বন্ধ ছিলো। এখন স্কুল খুললেও গরমে স্কুলে অনেকেই অসুস্থ হয়ে পরছেন। গাছগুলোর জন্য মাথার ওপর ছাতা না থাকলেও আরামে স্কুলে যাতায়াত করতাম আমরা। গাছগুলো কাটা হলে আমরা ভিষণ অসুবিধায় পরবো।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির জানান, কতিপয় দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারদের পকেট ভারী করার জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ না করে উন্নয়নের নামে নির্বিচারে সারা দেশে গাছ নিধনের মহাযজ্ঞ চলছে। উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ নেওয়ার আগে পরিবেশবিদ, উদ্ভিদ বিজ্ঞানী ও পরিকল্পনাবিদদের পরামর্শ না নেওয়ার কারণে উন্নয়নের নামে গাছ কেটে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। রাস্তা সম্প্রসারণের নামে ভোলার তজুমদ্দিনের প্রায় ৮৫৬ টি গাছ কাটার খবর শুনে আমি খুবই মর্মাহত। গাছগুলো কাটা হলে মানুষ,পশু, পাখি সহ বিভিন্ন প্রাণিকুল বড় ধরনের বিপর্যয়ে পরবে। গাছগুলো রক্ষা করতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর পক্ষ থেকে কর্তৃপক্ষ অনুরোধ জানানো হবে। প্রয়োজনে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে গাছ রক্ষার জন্য জোড়দার কর্মসূচি গ্রহণ করা হবে।

ভোলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহাবুব আলম জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে আমরা গাছের পরিমাণ ও দাম নির্ধারণে সহযোগিতা করেছি। পরিবেশ রক্ষায় তীব্রতাপদহের মধ্যে এই গাছগুলো না কাটাই উত্তম হবে। গাছগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবো।

এলজিইডি ভোলা এর নির্বাহী প্রকৌশলী জানান, রাস্তাটি সম্প্রসারণের জন্য দুপাশের গাছগুলো কাটা হবে। রাস্তার কাজ সম্পন্ন হলে রাস্তার দুপাশে পূণরায় চারা গাছ রোপন করা হবে।




বরিশালের নদীতে রাক্ষুসে জালসহ জেলে আটক

বরিশাল অফিস :: বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রাক্ষুসে জাল সহ দুই জেলেকে আটক করা হয়েছে।

আজ সোমবার দুপুরে মুলাদী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, রোববার দিনভর আড়িয়াল খা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ছয় লাখ টাকা মূল্যের ছয়টি রাক্ষুসে বেহুন্দি জাল জব্দ ও দুই জেলেকে আটক করা হয়।

একইদিন রাতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করার পাশাপাশি আটককৃত দুই জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে চার হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দীন। এসময় মুলাদীর সেলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।




কাউখালী তাপদাহে মুরগি খামারিয়া চরম বিপাকে

বরিশাল অফিস :: পিরোজপুরের কাউখালীত তাপদাহে প্রায় দুই শতাধিক মুরগি খামারীরা আতঙ্কের মধ্যে রয়েছে। অতিরিক্ত তাপদাহের ফলে খামারের মুরগিগুলো মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। মুরগি প্রাপ্ত বয়স ও বিক্রয় উপযুক্ত হওয়ার পূর্বে কম মূল্যে পাইকারি ব্যবসায়ীদের কাছে মুরগি বিক্রয় করার হিড়িক লেগেছে।

মুরগির খামারি উপজেলার দাশেরকাঠী গ্রামের মাহবুব হোসেন জানান, অতিরিক্ত গরমের কারণে লোকশান দিয়ে তার খামারে সকল মুরগি বিক্রি করে দিয়েছেন এবং নতুন করে জেনারেটরের মাধ্যমে অতিরিক্ত ফ্যান ব্যবহার করে ছোট বাচ্চা মুরগী আবার খামারে তুলেছেন। ইতোমধ্যে অনেক খামারিরা এভাবে কম মূল্যে বিক্রি করায় লক্ষ লক্ষ টাকায় লোকশানে পড়ছেন। আর যারা বিক্রিয় করছেন না তাদের মুরগিগুলো মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

উপজেলার দাসেরকাঠি গ্রামের খামারের মালিক সুলতান হোসেন, সোনাকুর গ্রামের শ্যামল ও হরিণধারা গ্রামের রিপন জানান, প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে, এ কারণে লোকসানে আমাদের মুরগিগুলো বিক্রি করতে হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা কিনে তারা ঠিকই লাভ করছে। অল্প আয়ের খামারিরা বলেন আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছি এখন আমাদের পুঁজি প্রায় শেষ পর্যায়ে, আমাদের পথে নামা ছাড়া আর কোন উপায় নেই।

এছাড়াও উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের গবাদিপশুর এক খামারির অতিরিক্ত তাপদাহের ফলে হিট স্টোকে দুটি উন্নত জাতের গরু মারা গেছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রানা মিয়া জানান, খামারিদেরকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে পরামর্শ দেওয়া হয়েছে এবং লিফলেট প্রদান করে করনিয় বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে।




বরিশালের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়

বরিশাল অফিস ::  প্রথমধাপের বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন তার নির্বাচনী পথসভায় বলেছেন, এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবেন।

আপনারা কারো কথায় বা প্রলোভনে পড়বেন না। আপনারা নিজে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবেন। বিগতদিনের ভোট এবং এবারের ভোট পুরোটা ভিন্ন। এবারের নির্বাচনে কোনো প্রার্থী পেশী শক্তি প্রয়োগ করতে পারবেনা।

সোমবার  দুপুরে চরকাউয়া ইউনিয়নের চরকরমজি এলাকায় অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ব্যাপক জোরালো ভূমিকা রয়েছে। বরিশালের মানুষও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। নিজের পক্ষে ভোট চেয়ে চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন বলেন, আমি কথায় নয়; কাজে বিশ্বাসী। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমার মোটরসাইকেল মার্কায় ভোট প্রদান করবেন। আমি কথা দিচ্ছি, আমাকে নির্বাচিত করা হলে বিভাগীয় শহরের বরিশাল সদর উপজেলাকে দেশের মধ্যে প্রথম স্মার্ট উপজেলা হিসেবে উপহার দিবো।

তালা মার্কার পথসভা ॥ একইদিন বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার পথসভায় তালা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ জসিম উদ্দিন বলেছেন, নির্বাচনের পূর্বে এক কথা, আর নির্বাচনের পরে ভিন্নরূপ ধারন করার ব্যক্তি আমি নই। আমি যখন যেটা বলি, খুব হিসেব করে বলি এবং যেটা বলি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি। এক একসময় এক এক ধরনের কথা বলার মানুষ আমি পছন্দ করিনা।

আমার ভরসা জনগন। আপনাদের উপরে ভরসা করে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, আমি বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে চেষ্টা করবো লোক দেখানো ফটোসেশন না করে সাধারণ মানুষের জন্য কাজ করতে। যাতে সাধারণ মানুষ আমার কাজের দ্বারা উপকৃত হয়।




বরিশালে ছাত্রলীগের হামলায় আইএইচটি’র দুই শিক্ষার্থী আহত

বরিশাল অফিস :: ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) বরিশালের শিক্ষার্থী ২ ছাত্রলীগ কর্মীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ অভিযোগ বরিশাল নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আইএইচটি-এর সাবেক ছাত্রলীগ নেতা আরিফুর রহমান শাকিলসহ তার ২০-২৫ অনুসারীর বিরুদ্ধে।

গতকাল রোববার সন্ধ্যায় বান্দ রোড ও বঙ্গবন্ধু উদ্যান থেকে ওই দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে চাঁনমারি এলাকায় আটকে মারধর করা হয়।

এমন অভিযোগ তুলে সোমবার (২৯ এপ্রিল) সকালে বরিশাল কোতয়ালী মডেল থানায় আহতরা দুইটি পৃথক অভিযোগ দিয়েছে। তারা দুজন বর্তমানে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক। আহতদের একজন শাহরিয়ারের অভিযোগ, আইএইচটি’র সাবেক ছাত্রলীগ নেতা শাকিলের সঙ্গে রাজনীতি না করায় এ হামলা চালানো হয়েছে।

আহতরা হলো- আইএইচটি বরিশালের রেডিওলজি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী তাহমিদুল হক, একই ব্যাচের ল্যাবরেটরি শিক্ষার্থী মো. শাহরিয়ার।

আহত তাহমিদুল হক থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, আরিফুর রহমান শাকিল, সম্রাট, সুমন, ফরহাদ ও অপুসহ ২০-২৫ জন মোটরসাইকেলে এসে তাহমিদুলকে তুলে নিয়ে যায়। এরপর চাঁনমারী এলাকার ইটখোলায় নিয়ে মারধর ও টাকা দাবি করা হয়। এসময় জীবননাশের হুমকিও দেয় বলে অভিযোগে বলা হয়েছে।

এদিকে আহত অপর শিক্ষার্থী শাহরিয়ার জানিয়েছেন, আসন্ন উপজেলা নির্বাচনে নিজেদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য রোববার সন্ধ্যায় নগরীর সার্কিট হাউজের সামনের অফিস যান। সেখানে থেকে নেতাদের সাথে দেখা করে নগরীর চাঁদমারি এলাকার বান্দরোড সংলগ্ন একটি হোটেলে নাস্তা করেন। নাস্তা করে ক্যাম্পাসে ফেরার সময় আরিফুর রহমান শাকিলের নেতৃত্বে ১০-১৫ টি মোটরসাইকেল এসে তাহমিদকে তুলে নিয়ে যায়।

আহত শাহরিয়ার আরও বলেন, এরপর রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু উদ্যান এলাকা থেকে তাকেও (শাহরিয়ার) এলাকায় তুলে নিয়ে মারধর করা হয়। আমরা আইএইচটি’র সাবেক ছাত্রলীগ নেতা শাকিলের রাজনীতি না করায় এ হামলা চালানো হয়েছে। তিনি (শাকিল) এখন যুবলীগ নেতা তার সঙ্গে ছাত্রলীগের ছেলেরা কেন রাজনীতি করবে?

এ বিষয়ে প্রধান অভিযুক্ত আরিফুর রহমান শাকিল বলেন, এ অভিযোগ মিথ্যা। তারা নিজেদের মধ্যে ঝামেলা করে আমাদের বিরুদ্ধে দায় চাপাচ্ছে। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এ কথা বলে বেড়াচ্ছে।

ওসি আরিচুল হক বলেন, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই গ্রুপে আগে থেকেই বিরোধ রয়েছে। অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।