ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে গেছে : ক্যামেরন




হঠাৎ উত্তাল বঙ্গোপসাগর, নিখোঁজ জেলে

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলার থেকে পড়ে মো. হাসান (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের রামনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকা থেকে ১৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন দুর্ঘটনার শিকার ট্রলারমালিক মো. বেল্লাল হোসেন কাজী।

নিখোঁজ জেলে হাসান ভোলা জেলার চরফ্যাশনের চর আফজাল এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুরের এফবি তিমুল ফারজানা ট্রলারে মিস্ত্রির (ইঞ্জিন চালক) কাজ করেন।

জানা যায়, ৫ দিন আগে আলীপুর থেকে মাছ শিকারের উদ্দেশে বঙ্গোপসাগরে যান ১৪ জেলে। এরপরে বঙ্গোপসাগরের বিভিন্নস্থানে মাছ শিকার করে তারা। মঙ্গলবার কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে পৌঁছালে হঠাৎ সমুদ্র উত্তাল হলে ঢেউয়ের আঘাতে ট্রলারের কিনারে বসে থাকা জেলে হাসান সমুদ্রে পড়ে তলিয়ে যান।

এফবি তিমুল ফারজানার মালিক মো. বেল্লাল হোসেন কাজী বলেন, ‘ঘটনার পরপরই আমরা চার-পাঁচটা অতিরিক্ত ট্রলার জেলে হাসানকে খুঁজতে পাঠানো হয়। সারারাত খোঁজাখুঁজি করা হয়। আজ সকালে আরও একটি ট্রলার পাঠিয়েছি কিন্তু এখনও তার সন্ধান পাওয়া যায়নি। ওই জেলের স্বজনরা এসেছেন, তারা থানায় সাধারণ ডায়রি করেছেন।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, জেলে নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহায়তায় নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছি।




বরিশালের হিজলায় ৯ জেলে সহ জাল-ট্রলার জব্দ

বরিশাল অফিস :: বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অবৈধ ভাবে মৎস্য শিকারের সময় অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক এবং জাল-ট্রলার জব্দ করা হয়েছে। মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ সদস্যরা যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন।

বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল, একটি চর ঘেরা জাল ও একটি ট্রলার জব্দ এবং ৯ জেলেকে আটক করা হয়।

পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৯ জেলের প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত ট্রলার ৭০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। এসময় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলী আজম
উপস্থিত ছিলেন।




গৌরনদীতে গাছের সাথে বেঁধে শিশু নির্যাতনের অভিযোগ

বরিশাল অফিস :: টর্চ লাইট চুরির কথিত অভিযোগ তুলে হাসিব প্যাদা (১৪) নামের এক শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত শিশুর স্বজনরা তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামের।

আহত শিশুর পিতা জুয়েল প্যাদা অভিযোগ করে বলেন, চর্ট লাইট চুরির কথিত অভিযোগ তুলে মঙ্গলবার সকাল সাড়ে এগারটার দিকে বসতঘর থেকে ডেকে নিয়ে শিশু হাসিবের হাত-পা বেঁধে অকথ্য নির্যাতন চালায় একই বাড়ির গফুর প্যাদা ও তার ছেলে আল আমিন প্যাদা এবং জিয়ারুল প্যাদা।

এ সময় শিশুর ডাকচিৎকার শুনে আমার অসুস্থ স্ত্রী রোকসানা বেগম এগিয়ে আসলে তাকেও কিল-ঘুসি মেরে আহত করা হয়। তবে গফুর প্যাদা ও তার ছেলেরা ঘটনাটি সম্পূর্ন মিথ্যে বলে দাবী করেছেন।

অভিযোগ প্রাপ্তির তথ্যে নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




বরিশালে গৌরনদীতে চার কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

বরিশাল অফিস :: বরিশালের গৌরনদীতে গাঁজা ও ইয়াবা সহ মাদক ব্যবসায়ি জসিম ফকির (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড বড় কসবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম ওই এলাকার আব্দুল মজিদ ফকিরের ছেলে।

বরিশাল গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে এসআই হৃদয় চাকলাদার, ইলিয়াস মাহমুদ, এএসআই সুজন ও ফিরোজ রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা ও ১০৩ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ি জসিমকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।




কমে আসবে তাপমাত্রা, মিলবে স্বস্তির বৃষ্টি

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলমান দাবদাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি আনতে পারে বৃষ্টি।  এমন প্রেক্ষাপটে সকলের অপেক্ষা বৃষ্টির। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাষ অনুযায়ী আর বেশিদিন বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে না।

আজ আবহাওয়াবিদ আব্দুর রহমান খান অধিদপ্তরে এক ব্রিফিংয়ে বলেন, ‘বৃহস্পতিবার থেকে অনেক জায়গার তাপমাত্রা কমে আসার সম্ভাবনা আছে৷  ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ এবং কুমিল্লা অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার৷  তবে দেশের উত্তর-পশ্চিম ও পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা শুক্রবার পর্যন্ত আগের মতই থাকবে।




গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ‘টেকসই উন্নয়নের জন্য সংলাপের মাধ্যমে ঐক্য ও সংহতি বৃদ্ধি’ প্রতিপাদ্যে গাম্বিয়ার বানজুলে ওআইসি শীর্ষ সম্মেলনের ১৫তম অধিবেশনের প্রস্তুতিমূলক বৈঠক শুরু হয়েছে। দুই দিনব্যাপী ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বৈঠকে যোগ দিয়েছে বাংলা‌দেশ।

বুধবার (১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, দুই দিনব্যাপী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. জাবেদ পাটোয়ারী, নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার ও গাম্বিয়ায় বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার মাসুদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

বৈঠকে অর্থনৈতিক, মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং মুসলিম উম্মাহর ওপর প্রভাব ফেলতে পারে এমন নারী ও যুবকদের বিষয়ে আলোচনা হবে।




পটুয়াখালীতে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু

চন্দ্রদ্বীপ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বজ্রপাতে এক কৃষকের তিনটি গরু মারা গেছে। মঙ্গলবার (৩০ মে) রাত ২টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তীব্র গরমের কারণে গরুগুলো রাতে মাঠেই বেঁধে রাখা হয়েছিল। এ সময় বজ্রপাতে দরিদ্র কৃষক মো. আব্দুর রাজ্জাক হাওলাদারের (রাজা মিয়া) তিনটি গরু এক সঙ্গে মারা যায়।

চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, যার গরু মারা গেছে তিনি গরিব কৃষক। মারা যাওয়া গরুগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকার বেশি। ক্ষতিগ্রস্ত ওই কৃষককে সহায়তা দেওয়া হবে।




পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য এক ডজনেরও বেশী প্রার্থী মাঠে

পটুয়াখালী প্রতিনিধি :: আসছে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক ডজনেরও বেশী সম্ভাব্য প্রার্থী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা রাত-দিন হাট বাজারে, গ্রামে-গঞ্জে ও বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে দোয়া ও ভোট কামনা করছেন।

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী ১৮ এপ্রিল তফসিল ঘোষনা মোতাবেক পটুয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন ২৯ মে (বুধবার) অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন : বিদেশি প্রকৌশলী নির্ভরতা কমাতে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ

এ নির্বাচনে রির্টানিং অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের নিকট অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ মে বৃহষ্পতিবার, মনোনয়নপত্র বাছাই ৫ মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ে রির্টানিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের ৬-৮ মে, আপিল নিষ্পত্তি ৯-১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে রবিবার, প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহন ২৯ মে বুধবার।

উক্ত নির্বাচনে এ রিপোর্ট লেখা পর্যন্ত এক ডজন সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে দোয়া ও ভোট চাচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা মোঃ রেজাউল করিম সোয়েব, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যন মোঃ মিজানুর রহমান (মনির খান) ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (কালাম মৃধা)।

ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সদস্য মোঃ আফজাল সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাসান সিকদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় বণিক সুমন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম এবং জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন মাস্টার ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দড়িতালুক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দুলাল।

আরো পড়ুন : কুয়াকাটা খালের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে নকশা কর্মশালা

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোসাঃ নাসিমা আক্তার। এ ছাড়াও রয়েছেন কামরুন্নাহার শিমুল এবং ফৌজিয়া ইয়াসমিন।

এ উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২,৯৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন।




তীব্র দাবদাহ এক ডাবের দাম ১২০ টাকা!

বরিশাল অফিস :: কিশোরগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা কালিবাড়ি মোড়ে ডাব বিক্রি করছিলেন তিন ব্যবসায়ী। এ সময় এক ডাব ব্যবসায়ীকে এক ক্রেতা এসে দুইটি ডাব দিতে বলেন। ডাব বিক্রেতা ডাব কেটে ব্যাগে দিয়ে দেন। ডাব হাতে নিয়ে এবারডাবের দাম কত দিতে হবে? জানতে চান ক্রেতা। এবার দাম শুনে হতবাক হয়ে যান। দুইটি ডাবের দাম চাওয়া হয় ২৪০ টাকা।

এ নিয়ে ডাব ক্রেতা আলামিন বলেন, আমি এখানকারই বাসিন্দা। হঠাৎ করেই তীব্র গরমে বাসায় একজনের পাতলা পায়খানা হয়েছে। আমি ভেবেছিলাম ডাবের দাম ৬০-৭০ টাকা হবে। ১২০ টাকা পিস ডাব! কী বলব, ভাষা হারিয়ে ফেলেছি। বাধ্য হয়ে একটা ডাব নিলাম। দুটো ডাব কেনার মতো অবস্থা নেই।

এবার কথা হয় ডাব বিক্রেতার সঙ্গে। তিনি বলেন, কিছুদিন আগেও ডাবের এতো চাহিদা ছিল না। এখন গরমও অনেক পড়েছে।তাই ডাবের চাহিদাও বেড়েছে। আমরা ৯০ টাকা থেকে ১০০ টাকা করে এভারেজে ডাব কিনি। তাই বড় ডাব গুলি ১১০-১২০ টাকায় বিক্রি করি।আর ছোট গুলি ৯০-১০০ টাকায় বিক্রি করছি। বেশি দামে ডাব কিনতে হচ্ছে। এ কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তিনি আরো বলেন, আমার কাছে তিন কোয়ালিটির ডাব আছে- ১২০ টাকা, ১০০ টাকা আর ৯০ টাকা। আরেক ডাব বিক্রেতা সুরুজ আলী বলেন, বড় ডাব তিনি ১২০ টাকা পিস, মাঝারিটা ১০০ থেকে ৯০ টাকা আর ছোটটা ৯০ থেকে ৮০ টাকা দামে বিক্রি করছেন।

জানা যায়, চৈত্রের খরতাপে পুড়তে থাকা শ্রমজীবী দের ডাব খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসাকরা। তাই শহরের বিভিন্ন এলাকায় ওষুধের পাশাপাশি ডাবের ব্যবসাও বেশ জমজমাট। কিন্তু ডাব কিনতে গিয়ে দিশেহারা রোগী ও রোগীর স্বজনরা। শহরের কালিবাড়ি,কাচারিবাজার সহ বিভিন্ন এলাকায় অন্তত ১০ জন ডাব বিক্রেতার দেখা মেলে। যাদের কেউ অস্থায়ী ভ্যানে আবার কেউ স্থায়ী দোকানে ডাব বিক্রি করছেন। বরাবরের মতোই এখানে ফলের সঙ্গে ডাবের দামও বেশ চড়া। শনিবার এলাকায় এক পিস ডাব ১২০ টাকা পর্যন্ত দামে বিক্রি করতে দেখা গেছে। যেখানে রোগীর কথা চিন্তা করে বাধ্য হয়েই বেশি দামে ডাব কিনছেন ক্রেতারা।

তবে এ বিষয়ে একাধিক সূত্র বলছে, পাইকারি পর্যায়ে ডাবের দাম বৃদ্ধি পেলেও এতো অস্বাভাবিকভাবে বাড়েনি। পাইকারিতে ১০০ টাকার নিচেই ডাব কেনাবেচা হচ্ছে। খুচরা পর্যায়ে তা ১২০ টাকায় যাওয়ার যৌক্তিকতা নেই।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারি-পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, ‘ডাব কৃষিপণ্য। এটা কীভাবে এতো দামে বিক্রি হয় বিষয়টি নিয়ে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব’।